📘 ইসলামের শাস্তি আইন > 📄 চুরিকৃত বস্তু ‘মাল’ হওয়া

📄 চুরিকৃত বস্তু ‘মাল’ হওয়া


হানাফী ও শাফি'ঈ ইমামগণের মতে, চুরিকৃত জিনিস যদি মাল না হয় (যেমন মানব শিশু), তাহলে চুরির হদ্দ কার্যকর হবে না। তবে তার সাথে যদি নিসাব পরিমাণ বা তার অধিক মূল্যের দামী কাপড়-চোপড় বা অলঙ্কার থাকে, তা হলেও অধিকাংশ হানাফী ইমামের মতে হাত কাটা হবে না। তাঁদের বক্তব্য হল, এ ক্ষেত্রে কাপড়-চোপড় বা অলঙ্কার শিশুর অনুবর্তী হিসেবে ধর্তব্য হবে। তবে ইমাম আবূ ইউসূফ (রহ)-এর মতে চোরের হাত কাটা হবে। তাঁর কথা হলঃ শিশু ছাড়াও যদি কেউ নিসাব পরিমাণ বস্তু চুরি করে, তাতে হদ্দ প্রযোজ্য হয়। তা হলে কেউ শিশুসহ নিসাব পরিমাণ বস্তু চুরি করলে তাতে তো আরো অধিক কঠোরভাবে হদ্দ প্রযোজ্য হবার কথা। ইমাম মালিকের (রহ) মতে, যদি কোন ঘরে সংরক্ষিত অবস্থা থেকে কোন শিশু চুরি করা হয়, তাহলে চোরের হাত কাটা হবে। তাঁর দলীল হল : বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে জনৈক ব্যক্তিকে উপস্থিত করা হল, যে শিশুদের চুরি করে নিয়ে অন্য জায়গা বিক্রি করে দিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার হাত কাটতে নির্দেশ দিয়েছিলেন।
অধিকাংশ হানাফীর মতে, কুর'আন শরীফ বা অন্য কোন ধর্মীয় বই-পুস্তক- যদিও তার গাত্রে নিসাব পরিমাণ মূল্যের সাজসরঞ্জাম থাকে- চুরি করলে চোরের ওপর হদ্দ কার্যকর করা যাবে না। কেননা কুর'আন শরীফ কিংবা ধর্মীয় বই-পুস্ত ক হস্তগতকারী এরূপ ব্যাখ্যা করতে পারে যে, সে তা পড়ার জন্য নিয়েছে। তবে মালিকী ও শাফি'ঈগণ এবং হানাফীগণের মধ্যে ইমাম আবূ ইউসূফ (রহ)-এর মতে, যেহেতু লোকেরা সচরাচর কুর'আন শরীফ ও ধর্মীয় বই-পুস্তককে উৎকৃষ্ট মাল হিসেবে গণ্য করে, তাই কেউ এগুলো চুরি করলে তাতে হাত কাটার বিধান প্রযোজ্য হবে, যদি ঐগুলোর মূল্য নিসাব পরিমাণ হয়।

টিকাঃ
২৫. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১৪০, ১৬১; ইবনুল হুমাম, ফাতহুল কাদীর, খ.৫, পৃ. ৩৬৯-৭০; আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৬৭; হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ৯, পৃ.১৪৭- ৮; ইবনু মুফলিহ, আল-ফুরু', খ.৬,পৃ.৬৩৮
২৬. মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ. ৫৩৮; বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ.১৮০
২৭. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১৫২; শাফি'ঈ, আল-উম্ম, খ. ৮, পৃ, ৩৭০; যাকারিয়া আল-আনসারী, আসনাল মাতালিব, খ.৪, পৃ. ১৪০

📘 ইসলামের শাস্তি আইন > 📄 চুরিকৃত বস্তুর আর্থিক মূল্য থাকা

📄 চুরিকৃত বস্তুর আর্থিক মূল্য থাকা


বস্তুর আর্থিক মূল্য থাকার অর্থ হল তা এমন হওয়া যা কেউ নষ্ট করলে কিংবা ক্ষতিগ্রস্ত করলে তার মূল্য পরিশোধ করা ওয়াজিব হয়। অতএব শরী'আতের দৃষ্টিকোণ থেকে যে সব বস্তুর কোন মূল্য নেই (যেমন- শূকর, মাদক দ্রব্য, মৃতপ্রাণী, বাদ্য যন্ত্র, অশ্লীল বই-পুস্তক, ক্রস চিহ্ন ও মূর্তি) তা কেউ চুরি করলে হাত কাটা যাবে না।
হানাফী ও হাম্বলী ইমামগণের মতে ক্রসের চুরিতে হাত কাটা হবে না, যদি তার মূল্য নিসাব পরিমাণও হয়। তবে মালিকীগণ এবং হানাফী ইমামগণের মধ্যে ইমাম আবূ ইউসূফ (রহ)-এর মতে, যদি ক্রসের মূল্য নিসাব পরিমাণ হয় এবং তা যদি কারো হিফাযতে থাকে, তা চুরি করা হলে হাত কাটা হবে। অনুরূপভাবে পাত্রসহ কেউ মদ চুরি করলে এবং পাত্রের মূল্য যদি নিসাব পরিমাণ হয়, তাহলে হাত কাটা হবে। শাফি'ঈ ইমামগণের মতে, ক্রস, মূর্তি, বাদ্যযন্ত্র ও মদের পাত্র প্রভৃতি বস্তু ভেঙ্গে ফেলার পর মূল্য যদি নিসাব পরিমাণে পৌঁছে, তা হলে হাত কাটা হবে।

টিকাঃ
২৮. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১৫২-৫; আল-কাসানী, বদাই, খ. ৭, পৃ. ৬৮-৯; শাফি'ঈ, আল-উম্ম, খ. ৬, পৃ, ১৫৯; হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ৯, পৃ.১২৮; ইবনু মুফলিহ, আল-ফুরূ', খ.৬, পৃ.১২৬; আল-মরদাভী, আল-ইনসাফ, খ.১০, পৃ. ২৬০-১; মালিক, আল-মুদাওয়ানাহ, খ.৪, পৃ. ৫৩০ ও আল-মুস্তকা, খ.৭, পৃ.১৫৭

📘 ইসলামের শাস্তি আইন > 📄 চুরিকৃত মাল তুচ্ছ বস্তু না হওয়া

📄 চুরিকৃত মাল তুচ্ছ বস্তু না হওয়া


তুচ্ছ বস্তু বলতে এমন মালকে বোঝানো হয় যা সচরাচর লোকেরা গুরুত্বের সাথে হিফাযত করে না (যেমন-মাটি, ঘাস, ভুষি, বাঁশ ও লাকড়ি প্রভৃতি)। এ ধরনের কোন মাল চুরি করা হলে তাতে হাত কাটার বিধান প্রযোজ্য হবে না। তবে শিল্পজাত করে যদি এ সব মালকে দামী সামগ্রীতে পরিণত করা হয়, তবেই হাত কাটার বিধান প্রযোজ্য হবে। তবে মালিকীগণ এবং হানাফীগণের মধ্যে ইমাম আবূ ইউসূফ (রহ)-এর মতে মাল তুচ্ছ কিংবা গুরুত্বপূর্ণ যে ধরনেরই হোক না কেন, তা যদি সংরক্ষিত অবস্থায় থাকে এবং নিসাব পরিমাণ হয়, তা চুরি করা হলে হাত কাটা হবে। কেননা যা বেচাকেনা করা বৈধ এবং যা নষ্ট করা হলে ক্ষতিপূরণ দিতে হয়, তা চুরি করা হলে হাত কাটার বিধান প্রযোজ্য হবে।

টিকাঃ
২৯. আস-সারাখসী, আল-মাবসূত, খ.৯, পৃ. ১৪৩, ১৫৩, ১৮০; আল-কাসানী, বদা'ই, খ. ৭, পৃ. ৬৭-৮; দাসূকী, আলহাশিয়াতু 'আলাশ শারহিল কাবীর, খ.৪, পৃ. ২৩৪; সাভী, বুলগাতুল সালিক, খ.৪, পৃ. ৪৭২

📘 ইসলামের শাস্তি আইন > 📄 চুরিকৃত বস্তু সংরক্ষণযোগ্য হওয়া

📄 চুরিকৃত বস্তু সংরক্ষণযোগ্য হওয়া


চুরিকৃত মাল যদি অসংরক্ষণযোগ্য দ্রুত পচনশীল দ্রব্য হয়, তা হলেও হদ্দ কার্যকর হবে না; বরং তা'যীরের আওতায় শাস্তি দেয়া হবে। তবে মালিকীগণ এবং হানাফীগণের মধ্যে ইমাম আবূ ইউসূফ (রহ)-এর মতে, দ্রুত পচনশীল দ্রব্যও যদি নিসাব পরিমাণে চুরি করা হয়, তাতেও হাত কাটার বিধান প্রযোজ্য হবে। অনুরূপভাবে গাছে ঝুলন্ত ফল চুরির জন্যও হাত কাটার বিধান প্রযোজ্য হবে না। এমন কি যদিও হিফাযত করার উদ্দেশ্যে তাকে মাচায় বেঁধে রাখা হোক কিংবা ঘেরা দেয়া হোক। কেননা ফল যে যাবত গাছে থাকে, ততক্ষণ নষ্ট হবার আশঙ্কা লেগেই থাকে। তবে আড়তে সংরক্ষিত ফল চুরি করা হলে তাতে হাত কাটার বিধান প্রযোজ্য হবে, যদি তা ভালভাবে শুকিয়ে যায়। কেননা এমতাবস্থায় তা সংরক্ষণের উপযোগিতা লাভ করেছে এবং তা সহজেই নষ্ট হবে না। যদি তা ভালভাবে না শুকায়, তাহলে যেহেতু এমতাবস্থায় তা সংরক্ষণ করে রাখার পূর্ণ উপযোগিতা অর্জন করে নি, তাই তা চুরি করা হলেও হাত কাটা যাবে না।

টিকাঃ
৩০. আল-হাদ্দাদী, আল-জাওহারাহ, খ.২, পৃ. ১৬৬; হায়তমী, তুহফাতুল মুহতাজ, খ৯, পৃ.১৩১; দাসুকী, আলহাশিয়াতু 'আলাশ শারহিল কাবীর, খ.৪, পৃ. ২৩৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00