📘 ইসলামের শাস্তি আইন > 📄 প্রচণ্ড ঠাণ্ডা বা গরম

📄 প্রচণ্ড ঠাণ্ডা বা গরম


প্রচণ্ড ঠাণ্ডা বা গরমের মধ্যে বেত্রাঘাত জাতীয় হদ্দসমূহ দেরিতে কার্যকর করা ওয়াজিব। কেননা এ অবস্থায় হদ্দ কায়িম করা হলে তাদের প্রাণ নাশের আশঙ্কা থাকে।৫৮

টিকাঃ
৫৮. আল-কাসানী, বদা'ই, খ.৯, পৃ. ১৮৪; আল-হাদ্দাদী, আবূ বকর, আল-জাওহারাতুন নাইয়িরাহ, খ.২, পৃ.১৭০

📘 ইসলামের শাস্তি আইন > 📄 রোগ-ব্যাধি

📄 রোগ-ব্যাধি


রুগ্ন ব্যক্তির রোগ থেকে সুস্থ হবার আশা থাকলে তাকে রোগাবস্থায় বেত্রাঘাতের হদ জারি করা যাবে না; বরং সুস্থ হবার পরেই হদ্দ কার্যকর করা যাবে। তবে রোগ থেকে সুস্থ হবার আশা না থাকলে দেরি না করেই হদ্দ কার্যকর করতে হবে।৫৯

টিকাঃ
৫৯. আল-কাসানী, বদা'ই, খ.৯, পৃ. ১০১

📘 ইসলামের শাস্তি আইন > 📄 গর্ভধারণ ও নিফাস

📄 গর্ভধারণ ও নিফাস


নিফাস ক্ষরণের সময় বেত্রাঘাতের হদ্দ জারি করা যাবেনা। তদ্রূপ গর্ভবতী মহিলাকেও সন্তান প্রসব এবং নিফাস থেকে পবিত্র হবার আগে বেত্রাঘাতের হদ্দ জারি করা যাবে না। সন্তান প্রসবের পর নিফাস বন্ধ হয়ে গেলে সাথে সাথে হদ্দ কার্যকর করা যাবে, যদি মহিলা শক্তিশালী হয় এবং হদ্দ প্রয়োগে তার জীবন নাশের কোন আশঙ্কা না থাকে। যদি নিফাস বন্ধ হবার পর মহিলা এতোই দুর্বল ও ক্ষীণা হয় যে, যদি হদ্দ কার্যকর করা হয় তাহলে তার জীবন নাশের আশঙ্কা থাকে, এরূপ অবস্থায় নিফাস থেকে পবিত্র হয়ে পরিপূর্ণ শক্তিশালী হবার পরেই হদ্দ কার্যকর করা যাবে।৬০
তবে প্রস্তর নিক্ষেপ পর্যায়ের হদ্দ জারী করার ক্ষেত্রে একমাত্র গর্ভবতী মহিলা ছাড়া কারো জন্য দেরি করার সুযোগ নেই। গর্ভবতী মহিলা হলে সন্তান প্রসবের পর পরই প্রস্তর নিক্ষেপের হদ্দ জারী করা যাবে।৬১ তবে সন্তানকে দুগ্ধ পান করানোর মত কাউকে পাওয়া না গেলে অথবা কেউ তাকে দুগ্ধ পান করানোর দায়িত্ব গ্রহণ না করলে দুধ ছাড়ানো পর্যন্ত শাস্তি বিলম্বিত করতে হবে।৬২ গর্ভবতী মহিলার ক্ষেত্রে কিসাস ও ধর্মত্যাগের হদ্দের বিধানও অনুরূপ।

টিকাঃ
৬০. আল-কাসানী, বদা'ই, খ.৯, পৃ. ৭৪; যায়ল'ঈ, তাবয়ীন, খ.৩, পৃ.১৭৫; আল-বাবরতী, আল-'ইনায়াহ, খ.৫.পৃ.২৪৫
৬১. কারো কারো মতে, বাচ্চাকে শালদুধ পান করানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৬২. বর্ণিত রয়েছে যে, গামিদ গোত্রের জনৈকা মহিলা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দরবারে উপস্থিত হয়ে চারবার যিনার স্বীকারোক্তি করলে তিনি তাকে রজমের নির্দেশ দেন; কিন্তু গর্ভ খালাস ও সন্তানের দুধপানকাল শেষ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর করা স্থগিত রাখেন। (সহীহ মুসলিম, (কিতাবুল হুদূদ), হা.নং: ১৬৯৫)

📘 ইসলামের শাস্তি আইন > 📄 অভিভাবকদের অনুপস্থিতি/ অপ্রাপ্ত বয়স্ক হওয়া

📄 অভিভাবকদের অনুপস্থিতি/ অপ্রাপ্ত বয়স্ক হওয়া


কিসাসের ক্ষেত্রে অভিভাবকরা যদি উপস্থিত থাকে, তা হলে দেরী করার সুযোগ নেই। তবে অভিভাবকরা যদি অপ্রাপ্ত বয়স্ক হয় কিংবা অনুপস্থিত থাকে, তাহলেই ছোটরা বয়ঃপ্রাপ্ত হওয়া পর্যন্ত এবং অনুপস্থিতরা হাজির হওয়া পর্যন্ত কিসাসের বিধানকে বিলম্বে কার্যকর করা যাবে।৬০

টিকাঃ
৬০. আল-মাওসু'আতুল ফিকহিয়‍্যা, খ.১৬, পৃ.২৯৫-৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00