📄 অপরাধ সম্পন্ন করা
অপরাধ সম্পন্ন করলেই হদ্দ কার্যকর করা হবে। অপরাধের কাজ শুরু করার মুহূর্তে কেউ ধরা পড়লে হদ্দ জারি করা যাবে না। যেমন কেউ যদি ঘরের দরজা ভেঙ্গে বা সিঁদ কেটে ঘরে ঢুকবার পূর্ণ ব্যবস্থা করার পর ঘরের লোকেরা টের পেয়ে যায় অথবা পাহারাদারের চোখে পড়েছে মনে করে চুরি করা থেকে ফিরে যায়, তাহলে তার ওপর হদ্দ জারি করা যাবে না। তবে সাধারণ দণ্ড প্রয়োগ করা যাবে।৪৭
টিকাঃ
৪৭. আওদাহ, আবদুল কাদের, আত-তাশরী'উল জিনা'ঈ আল-ইসলামী, বৈরূত : মু'আসসাতুর রিসালাহ, ১৪০১হি., খ.১, পৃ.৩৫০-১
📄 অপরাধ ইসলামী রাষ্ট্রে সংঘটিত হওয়া
অপরাধ ইসলামী রাষ্ট্রে সংঘটিত হতে হবে। অমুসলিম রাষ্ট্রে কোন মুসলিম হদ্দযোগ্য কোন অপরাধ করলেও সে জন্য হদ্দ কার্যকর করা যাবে না। কারণ, ইসলামী শরী'আ আইনে হদ্দ কার্যকর করার একমাত্র বৈধ অধিকারী হলেন ইসলামী সরকার বা তার প্রতিনিধি। অমুসলিম রাষ্ট্রে যেহেতু ইসলামী সরকারই নেই, তাই সেখানে হদ্দ কায়েম করা যাবে না।৪৮ তবে কোন অমুসলিম কিংবা গণতান্ত্রিক রাষ্ট্রে যদি মুসলিমদের জন্য পৃথক শরী'আ আইন ও আদালত কার্যকর থাকে, তা হলে মুসলিম কাযীগণই হদ্দযোগ্য অপরাধের জন্য হদ্দ কার্যকর করার যাবতীয় শর্ত বিবেচনায় এনে অপরাধীদের ওপর হদ্দ প্রয়োগ করতে পারবে।
টিকাঃ
৪৮. আল-কাসানী, বদা'ই, খ.৭, পৃ.৯২