📄 স্বীকারোক্তি ফিরিয়ে নেয়া
যে সব হদ্দে আল্লাহর হকের প্রাবল্য রয়েছে (যেমন যিনা, চুরি ও মদ্যপানের শাস্তি) তা যদি অপরাধীর স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণিত হয়, সে সব ক্ষেত্রে অপরাধী যদি পরবর্তীতে নিজের স্বীকারোক্তি ফিরিয়ে নেয়, তাহলেও হদ্দ কার্যকর করা যাবে না। বর্ণিত রয়েছে, হযরত মা'ইয (রা) যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট যিনার কথা স্বীকার করেছিলেন, তখন তিনি তাকে স্বীকারোক্তি থেকে ফিরে আসার জন্য বারংবার উৎসাহিত করেছিলেন।৩৫ এ থেকে জানা যায়, যদি স্বীকারোক্তি থেকে ফিরে আসার কারণে হদ্দ রহিত হয়ে না যায়, তাহলে তাঁর বারংবার উৎসাহ দেবার পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে! তদুপরি স্বীকারোক্তি থেকে ফিরে আসার কারণে অপরাধে লিপ্ত হবার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়ে থাকে।
তবে যিনার অপবাদে যেহেতু আল্লাহর হকের সাথে বান্দাহর হকও জড়িত রয়েছে, তাই কিসাসের মত এ ক্ষেত্রেও স্বীকারোক্তি ফিরিয়ে নিলে হদ্দের বিধান কার্যকর হবে। অনুরূপভাবে যে সব তা'যীরাতের সাথে বান্দাহর হক জড়িত, তাতে স্বীকারোক্তি ফিরিয়ে নিলেও তা'যীরের বিধান কার্যকর হবে।৩৬
উল্লেখ্য যে, স্বীকারোক্তি থেকে প্রত্যাবর্তন স্পষ্ট ভাষায়ও হতে পারে, ইঙ্গিতাকারেও হতে পারে। এ কারণেই স্বেচ্ছায় স্বীকৃতিদানকারী ব্যভিচারীকে লোকেরা যদি প্রস্তর নিক্ষেপ করতে শুরু করে আর সে যদি পালিয়ে যায় এবং ফিরে না আসে, তা হলে তার পিছু গমন করা যাবে না। অনুরূপভাবে স্বেচ্ছায় স্বীকৃতিদানকারী অপরাধীকে বেত্রাঘাত শুরু করার পর পালিয়ে গেলে তারও পিছু গমন করা যাবেনা। কেননা এমতাবস্থায় পালিয়ে যাওয়ার একটি অর্থ এ হতে পারে যে, সে তার স্বীকারোক্তি থেকে ফিরে এসেছে।৩৭
টিকাঃ
৩৫. সহীহ আল বুখারী, (কিতাবুল মুহারিবীন), হা.নং: ৬৪৩৮; মুসলিম, (কিতাবুল হুদূদ), হা.নং: ১৬৯২, ১৬৯৩
৩৬. আস-সারাঙ্গী, আল-মাবসূত, খ.৯, পৃ. ৯২-৩; আল-বাজী, আল-মুস্তকা, খ.৭, পৃ. ১৪৩; আল- মাওসু'আতুল ফিকহিয়্যাহ, খ. ১৭, পৃ. ১৩৪-১৩৫
৩৭. আল-মাওসু'আতুল ফিকহিয়্যাহ, খ. ১৭, পৃ. ১৩৪-১৩৫
📄 সাক্ষীদের মৃত্যু বা সাক্ষ্য ফিরিয়ে নেয়া
অপরাধের সাক্ষীরা বিচারকের নিকট সাক্ষ্য দেয়ার আগেই যদি মৃত্যুবরণ করে, তাহলেও হদ্দ কার্যকর করা যাবে না।৩৮ তাছাড়া বিচারের পর শাস্তি কার্যকর করার আগেই যদি সাক্ষীরা সকলেই কিংবা প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী নিজেদের সাক্ষ্য ফিরিয়ে নেয়, তা হলেও হদ্দ কার্যকর করা যাবে না।৩৯
টিকাঃ
৩৮. আল-কাসানী, বদা'ই আস-সনা'ই, খ.৭, পৃ.৩৩,৬৭, ২৩৩
৩৯. ইবনু নুজায়ম, আল-বাহরুর রা'ইক, খ.৫, পৃ.২৪-২৫; আল-মাওসু'আতুল ফিকহিয়্যাহ, খ. ২২, পৃ. ১৫১
📄 মিথ্যা প্রতিপন্ন করা
মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমেও অনেক সময় হদ্দের বিধান রহিত হয়ে পড়ে। যেমন- কোন পুরুষ যদি স্বেচ্ছায় কোন মহিলার সাথে যিনা করার কথা স্বীকার করে, কিন্তু তার ওপর হদ্দ জারি করার আগে মহিলাটি যদি তার কথাকে মিথ্যা বলে দাবী করে, তাহলেও হদ্দ কার্যকর করা যাবে না।৪০
টিকাঃ
৪০. আল-মাওসু'আতুল ফিকহিয়্যাহ, খ. ১৭, পৃ. ১৩৬