📄 শিক্ষামূলক ও দৃষ্টান্তমূলক
ইসলামে বড় বড় অপরাধের শাস্তি শুধু কঠোরই নয়; শিক্ষামূলক ও দৃষ্টান্ত মূলকও। আজ পর্যন্ত দুনিয়ায় এটাই দেখা গেছে যে, জনগণকে যে কাজ থেকে বিরত রাখা কাম্য, তা করার অপরাধের শাস্তি সাধারণত প্রকাশ্যেই কার্যকর করা হয়েছে। শাস্তি যতই শিক্ষামূলক ও দৃষ্টান্তমূলক হবে, অপরাধের প্রবণতা সমাজে ততই বাধাগ্রস্ত হবে। এ কারণেই ইসলামে বড় বড় অপরাধের শাস্তিসমূহ গোপনে নয়; প্রকাশ্যভাবে ও জনগণের উপস্থিতিতে কার্যকর করার ব্যবস্থা করেছে।
তবে তা'যীরী অপরাধসমূহের ক্ষেত্রে অপরাধীর অবস্থা ও পরিবেশ বিবেচনা করে নিবর্তনমূলক শাস্তি দান অর্থাৎ প্রয়োজনে অপরাধীকে জনসমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে কয়েদ করা রাখার ব্যবস্থাও ইসলামে রয়েছে। কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে, বর্তমান কালে কারাগারগুলোর অবস্থা অত্যন্ত নৈরাশ্যজনক। বলতে গেলে এ যুগের কারাগারসমূহ অপরাধ বিজ্ঞানের সুদৃঢ় প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। প্রাথমিক পর্যায়ের কোন অপরাধী কিছুকাল কারাজীবন লাভ করতে পারলে সে একজন অতীব দক্ষ ও পাকাপোক্ত এবং দুঃসাহসী অপরাধী হয়ে বের হয়ে আসে। তাই বিষয়টি এখন গভীরভাবে পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। অপরাধীকে অপরাধবিমুখ এবং সমাজকে অপরাধমুক্ত বানাতে হলে বর্তমান অবস্থার প্রেক্ষিতে কোন কোন তা'যীরী অপরাধের জন্যও হুদূদের মতো নিবর্তনমূলক শাস্তির চাইতে দৃষ্টান্তমূলক দৈহিক শাস্তিদানের কথা বিবেচনা করা যেতে পারে।