📄 উপসংহার
মসজিদ হচ্ছে, আল্লাহর ঘর। যমীনে এর চাইতে পবিত্র স্থান আর নেই। এ ঘরের নিয়মিত আবাদকারীরাই এর বাসিন্দা। তারা ক্ষমা, রহমত এবং কল্যাণের স্রোতে অবগাহন করছে প্রতিনিয়ত। তাই মসজিদের সাথে প্রতিটি মুসলমানের নিয়মিত সংযোগ অত্যন্ত জরুরী।
মসজিদ যেহেতু সকল নেক ও ভাল কাজের উৎস, তাই সেখানে নামায শেষে তালা ঝুলিয়ে রাখলে চলবে না। মসজিদকে তার মূল ধারা ও ভূমিকায় পুনর্বহাল করতে হবে। তাহলেই আমরা মসজিদের সকল নেয়ামত ও ফযীলত লাভ করতে পারবো।
কিন্তু মসজিদের ইতিহাস আমাদের জানিয়ে দিচ্ছে যে, বর্তমান যুগের মসজিদ তার প্রথম দিনের ভূমিকা, লক্ষ্য ও উদ্দেশ্য থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে গেছে ও যাচ্ছে। মসজিদে নববীসহ প্রথম যুগে সাহাবায়ে কেরামের প্রতিষ্ঠিত মসজিদ থেকে বর্তমান যুগের মসজিদগুলো অনেক পেছনে সরে এসেছে এবং অত্যন্ত সংকীর্ণ ও সীমিত ভূমিকা পালন করছে।
আজ মসজিদকে তার সাবেক ভূমিকায় পুনঃ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন খালেস ও নিরলস উদ্যোগ এবং পর্যায়ক্রমিক যুক্তিসঙ্গত পদক্ষেপ। দেশের ওলামা সমাজ ও ইসলামী সংস্থাগুলোকে এ দায়িত্ব পালন করতে হবে। দেশের পুরো জনশক্তিকে মসজিদের আওতায় নিয়ে আসার বৃহত্তর পরিকল্পনা নিতে হবে।