📘 ইসলামে হালাল হারামের বিধান > 📄 পিতামাতাকে গালাগাল দেয়ার কারণ ঘটানোও কবীরা গুনাহ্

📄 পিতামাতাকে গালাগাল দেয়ার কারণ ঘটানোও কবীরা গুনাহ্


এর চাইতেও বড় কথা হচ্ছে, নবী করীম (স) পিতামাতাকে গালি খাওয়ানর কারণ ঘটানকেও হারাম ঘোষণা করেছেন। বরং তা হচ্ছে কবীরা গুনাহ। তিনি বলেছেন:
পিতামাতাকে অভিশাপ দেয়াও সবচাইতে বড় কবীরা গুনাহ। কোন বুদ্ধিমান ঈমানদার মানুষ পিতামাতাকে অভিশাপ দিতে পারে— অথচ তাদের দরুণই তার জীবন ও অস্তিত্ব লাভ সম্ভবপর হয়েছে— তা লোকদের বোধগম্য হলো না। তারা বিস্ময় সহকারে প্রশ্ন করল : কেমন করে একজন লোক তার পিতামাতাকে অভিশাপ দিতে পারে? জবাবে রাসূলে করীম (স) বললেন : একজন অপর কারো পিতাকে গাল দেয়, সেও এর পিতাকে গাল দেয়। একজন অপর কারো মা'কে গালমন্দ বলে, সে-ও এর মা'কে গাল-মন্দ বলে— এভাবেই অভিশাপ দেয়ার কাজ সম্পন্ন হয়ে থাকে। (বুখারী, মুসলিম)

তাহলে যে লোক নিজেই তার পিতামাতাকে তাদের সম্মুখে গালাগাল করে, তার সম্পর্কে কি বলা যায়?

📘 ইসলামে হালাল হারামের বিধান > 📄 পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া

📄 পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে যাওয়া


পিতামাতার অনুমতি ছাড়া জিহাদে চলে যাওয়াও হারাম করে দেয়া হয়েছে। কেননা ইসলামের দৃষ্টিতে পিতামাতার সন্তুষ্টি অধিক গুরুত্বপূর্ণ- অধিক কাম্য। তার তুলনায় জিহাদ হচ্ছে কম নফল কাজ, যদিও তাতে অনেক বেশি সওয়াব নিহিত রয়েছে, যা সারা রাত নামায পড়ে ও সারা বছর রোযা থেকেও পাওয়া যায় না।

হযরত আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আ'স (রা) বলেছেন: এক ব্যক্তি রাসূলে করীম (স)-এর কাছে এসে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। তিনি জিজ্ঞেস করলেন: তোমার পিতামাতা জীবিত আছেন? বললেন, হ্যাঁ। তখন নবী করীম (স) বললেন: তাহলে তুমি তাদের খেদমতে প্রাণপাত করে দাও। (বুখারী, মুসলিম)

অপর এক বর্ণনায় বলা হয়েছে, এক ব্যক্তি রাসূলে করীম (স)-এর কাছে এসে বললেনঃ আমি আপনার কাছে হিজরত ও জিহাদ করার বায়'আত করব, তা করে আমি আল্লাহর কাছ থেকে সওয়াব পেতে চাই।

নবী করীম (স) জিজ্ঞেস করলেন: তোমার পিতামাতার মধ্যে কেউ বেঁচে আছেন? বলল: হ্যাঁ, দুজনই বেঁচে আছেন। নবী করীম (স) জিজ্ঞেস করলেন: তুমি কি সত্যই আল্লাহর কাছ থেকে সওয়াব লাভ কাতে চাও। বলল: হ্যাঁ, চাই, তখন নবী করীম (স) বললেনঃ তাহলে তুমি তোমার পিতা-মাতার কাছে ফিরে যাও এবং তাদের সাথে উত্তম সাহচর্য গ্রহণ কর। (মুসলিম)

অপর এক হাদীসের ভাষা এরূপ:
এক ব্যক্তি রাসূলে করীম (স)-এর কাছে এসে বলল: আমি আপনার কাছে হিজরতের বায়'আত করার উদ্দেশ্যে এসেছি আর আমার পিতামাতাকে ক্রন্দনরত অবস্থায় ফেলে রেখে এসেছি। একথা শুনে নবী করীম (স) বললেন: তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং যেমন তুমি তাঁদের কাঁদিয়েছ, তেমনি তাদের মুখে হাসি ফোটাও। (মুসলিম)

হযরত আবু সায়ীদ (রা) থেকে বর্ণিত হয়েছে, একজন ইয়ামেনী লোক হিজরত করে নবী করীম (স)-এর কাছে উপস্থিত হলেন। তিনি তাঁকে জিজ্ঞেস করলেন, ইয়ামেনে তোমার কেউ আছে? বলেলেন: আমার পিতামাতা রয়েছেন। নবী করীম (স) জিজ্ঞেস করলেন: তাঁরা কি তোমাকে অনুমতি দিয়েছেন। বললেন: না। তখন নবী করীম (স) আদেশ করলেন: তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং তাদের অনুমতি চাও, যদি তারা অনুমতি দেয়, তাহলে জিহাদে যাও নতুবা তাদের খেদমতে আত্মনিয়োগ করে থাক। (আবূ দাউদ)

📘 ইসলামে হালাল হারামের বিধান > 📄 মুশরিক পিতামাতার সাথে ব্যবহার

📄 মুশরিক পিতামাতার সাথে ব্যবহার


যেহেতু ইসলাম পিতামাতার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করে এজন্যে তারা মুশরিক হলেও তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা ও তাদের প্রতি খারাপ আচরণ অবলম্বন করাকেও ইসলাম হারাম ঘোষণা করেছে। এমন কি তারা যদি শিরক কাজে খুব বেশি বাড়াবাড়ি করে, শিরক কাজের প্রতি আহ্বান জানায়, তার প্রচারকও হয় এবং তাদের মুসলিম পুত্রকে সেই শিরক কাজে নিয়ে যেতে চায়, তবুও তাদের সাথে কোনরূপ খারাপ ব্যবহার করা বা সম্পর্ক ছিন্ন করা যাবে না। কুরআন মজীদে বলা হয়েছে:

তুমি শোকর কর আমার এবং তোমার পিতামাতার। ফিরে আমার কাছেই যেতে হবে। তারা দুজন যদি তোমাকে আমার সাথে শিরক করতে তোমার ওপর জোর প্রয়োগ করে, যে বিষয়ে তোমার কিছুই জানা নেই, তাহলে তাদের আনুগত্য করবে না। তবে তাদের সাথে ইহজীবনে ভাল সাহচর্য ও আচরণ অবলম্বন করবে। আর যে আমার দিকে একান্ত আত্মনিবেদিত, তুমি তার পথই অনুসরন কর। পরে আমার কাছেই তোমাদের সকলকে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদের জানিয়ে দেব তোমরা কি সব কাজকর্ম করছিলে? (সূরা লোকমান : ১৪-১৫)

এ আয়াত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে যে, মুশরিক পিতামাতা শির্ক করতে বললে ও সেজন্যে বল প্রয়োগ করলে তাদের আনুগত্য করা বা তাদের আদেশ পালন করা যাবে না। কেননা আল্লাহর নাফরমানী হয় অপর যারই আনুগত্য করলে, তা কখনই করা যেতে পারে না। আল্লাহর সাথে শিরক করার তুলনায় বড় গুনাহ কি হতে পারে? কিন্তু তা সত্ত্বেও মুশরিক পিতামাতার সাথে দুনিয়ার জীবনে ভাল ব্যবহার করার আদেশ দেয়া হয়েছে। তাদের ঈমানী অবস্থা কি সেদিকে ভ্রূক্ষেপ করা যাবে না বরং কেবলমাত্র আল্লাহর হুকুম বরদার নেককার লোকদের পথই অনুসরণ করতে থাকতে হবে। কেননা আল্লাহই হচ্ছেন সবচাইতে বড় হুকুমদাতা, বড় বিচারক- সেদিন যেদিন পিতামাতা সন্তানের কোন কাজে আসবে না, কোন সন্তানও কোন উপকার করতে পারবে না তার পিতামাতার।

বস্তুত উদারতা, ক্ষমাশীলতা ও ন্যায়বিচারের এ এমন এক উচ্চ উন্নত দৃষ্টান্ত, যার কোন তুলনাই দুনিয়ার অপর কোন ধর্ম কোন মতাদর্শই পেশ করতে পারবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00