📄 হজ
৬৫. হযরত ইবন উমর, আবু বকর এবং ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الْحَجَّ الْحَجَّ وَالنَّج .
অর্থঃ 'সর্বোত্তম হজ (অংশ) হলো কণ্ঠস্বর উচ্চ করা (তালবিয়া পাঠ করার সময়) এবং তার পরবর্তী কাজ (কুরবানিকৃত পশুর রক্ত প্রবাহিত করা)।' (সুনানে তিরমিজী, ইবন মাজা এবং আবু ইয়ালা)
৬৬. ইবন আব্বাস (রা)-কে বলতে শোনা গেছে,
كَانَ أَهْلُ الْيَمَنِ يَحُجُونَ وَلَا يَتَزَوَّدُونَ وَيَقُولُونَ نَحْنُ الْمُتَوَكِّلُونَ فَإِذَا قَدِمُوا مَكَّةَ سَأَلُوا النَّاسَ فَأَنْزَلَ اللهُ تَعَالَى . وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوى .
অর্থ: 'ইয়েমেনের লোকেরা হজ করতে আসার সময় তাদের পাথেয় সঙ্গে আনত না। তারা বলত আমরা আল্লাহর ওপর ভরসা করছি। ফলে তারা মক্কায় পৌঁছানোর পর লোকদের নিকট ভিক্ষা করত। এরপর মহান আল্লাহ নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন (ভাবার্থ) তোমরা তোমাদের সঙ্গে পাথেয় গ্রহণ কর, যদিও সর্বোত্তম পাথেয় হলো আল্লাহর ভয়। (সহীহ আল-বুখারী, খ-২, পৃ-৩৪৮, ৩৪৯ নং ৫৯৮, সুনানে আবু দাউদ, খ-২, পৃ-৪৫৪নং ১৭২৬)
টিকাঃ
৫০. (সূরা আলহাজ্জ- ২২: ৩৭) আল্লাহ বলেন- لَنْ يَنَالُ الله
'তাদের গোস্ত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছায় না বরং তোমাদের আল্লাহ ভীতিই পৌঁছায়।
৫১. সূরা আল-বাকারা (২: ১৯৭) এ হাদীস থেকে স্পষ্ট বুঝা যায় যে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে তারপর আল্লাহর ওপর ভরসা করতে হবে।
📄 হিজরত
৬৭. ইবন উমার (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الْمُهَاجِرِينَ مَنْ هُجَرَ مَا نَهَى اللَّهُ تَعَالَى عَنْهُ، وَأَفْضَلُ الْجِهَادِ مَنْ جَاهَدَ نَفْسَهُ فِي ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ
অর্থ : 'সর্বোত্তম মুহাজির (ত্যাগী) হলো ঐ ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ কার্যাবলি ত্যাগ করেছে, সর্বোত্তম জিহাদ (সংগ্রাম) হলো যে ব্যক্তি মহান ও পরাক্রমশালী আল্লাহর জন্য নিজ প্রবৃত্তি ও চাহিদার বিরুদ্ধে সংগ্রাম করে।' (আত্তাবারানী আল-কাবীর, এর এক অংশ বুখারীতে রয়েছে। সহীহ আল-বুখারী, খ-১, পৃ-১৮ নং ৯, সুনানে আবু দাউদ, খ-২, পৃ-৬৮৫, ৬৮৬, নং ২৪৭৫, দেখুন মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-১৫, ১৬ এবং খ-১, পৃ-৮১৩, ৮১৪)
📄 কৃপণতা
৬৮. মহান আল্লাহ আরো বলেনঃ
وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا أَتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرٌ لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا يَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ .
অর্থ : 'ঐ সব কৃপণ লোক যাদেরকে আল্লাহ তায়ালা সম্পদ দিয়েছেন নিজ অনুগ্রহে এবং তা আঁকড়ে ধরে আছে একে তারা যেন নিজেদের জন্য উত্তম মনে না করে বরং এটা হলো তাদের জন্য খারাপ। কেননা তাদের এই কৃপণতার সম্পদ কিয়ামতের দিন তাদের ঘাড়ে চাপিয়ে উঠানো হবে।' (সূরা আলে -ইমরান- ৩: ১৮০)
📄 উত্তরাধিকার
৬৯. আবু কাতাদা (রা) থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেন:
خَيْرُ مَا يُخَلَّفُ الْإِنْسَانُ بَعْدَهُ ثَلاَتٌ : وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ ، وَصَدَقَةً تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهُ، وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ مِنْ بَعْدِهِ
অর্থ : 'মানুষ সর্বোত্তম হিসেবে যে সব জিনিস তার (মৃত্যুর পর) পিছনে রেখে যায়, সেগুলো হলো- ক. সৎ সন্তান, যে তার জন্য দুয়া করে। খ. সদকায়ে জারিয়া যার প্রতিদান সে পেতে থাকে। গ. ঐ জ্ঞান যার দ্বারা তার পরবর্তী লোকেরা উপকার পেতে থাকে (এর মধ্যে ভাল বই ক্রয় করা, লেখা ও প্রকাশ অথবা বিক্রি করাও অন্তর্ভুক্ত রয়েছে।)
(সুনানে ইবনে মাজা, খ-১, পৃ-১৩৭ নং ২৪১, ইবনে হিব্বান ৩০২৬ প্রায় এ ধরনের শব্দ দ্বারা সহীহ মুসলিম। সহীহ মুসলিম, খ-৩, পৃ ৮৬৭ নং ৪০০৫, সুনানে আবু দাউদ, খ-২, পৃ-৮১২ নং ২৮৭৫, মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-৫০)