📄 ২. দায় বীমা বা تأمين المسئولية (Third Party Insurance)
ভবিষ্যতে আরোপিত হতে পারে এমন সম্ভাব্য দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য যে বীমা করা হয় তাকে ‘দায় বীমা’ বলে। যেমন গাড়ি রাস্তায় নামানোর পর দুর্ঘটনা ঘটে অন্যের ক্ষতি হতে পারে। এমতাবস্থায় গাড়ি চালকের উপর আর্থিক ক্ষতিপূরণ ধার্য হবে। তাই এর বীমা করা হয় যাতে দুর্ঘটনা ঘটলে বীমা কোম্পানি এর ক্ষতিপূরণ পরিশোধ করে। একে সাধারণত Third Party Insurance (থার্ডপার্টি ইনস্যুরেন্স) বলে। আমাদের দেশে গাড়ি রাস্তায় নামানোর জন্য এ ইনস্যুরেন্স আইনগতভাবে জরুরি। কোনো কোনো পাশ্চাত্য দেশে কেউ নিজ আঙিনার বরফ পরিষ্কার না করার কারণে কোনো পথচারী বরফে পা ফসকে পড়ে গিয়ে আহত হলে ঐ গৃহমালিকের বিরুদ্ধে মামলা করে তার থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ আদায় করা হয়। এ আশঙ্কা থেকে বাঁচার জন্যও বাড়ির মালিক বীমা করে। এটিও تأمين المسئولية -এর একটি রূপ।
📄 ৩. জীবন বীমা বা تأمين الحياة (Life Insurance)
বীমা চুক্তিতে নির্ধারিত মেয়াদের মধ্যে বীমা গ্রাহক মৃত্যুবরণ করলে ধার্যকৃত টাকা উত্তরাধিকারীদের প্রদান করার চুক্তিকে ‘জীবন বীমা’ বলে। এর অনেক ধরন হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে সময় নির্দিষ্ট থাকে। নির্ধারিত সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে বীমার টাকা উত্তরাধিকারীরা পেয়ে যায়। আর নির্ধারিত সময়ের মধ্যে মৃত্যুবরণ না করলে মেয়াদ শেষ হওয়ার দ্বারা বীমা শেষ হয়ে যায় এবং সুদসহ সম্পূর্ণ টাকা গ্রাহক ফেরত পায়। আবার কখনো কোনো প্রকারে মেয়াদ নির্দিষ্ট থাকে না। গ্রাহক যখনই মৃত্যুবরণ করুক উত্তরাধিকারীরা সর্বদাই বীমার অর্থ পেয়ে যায়।
تأمين الأشياء এবং تأمين الحياة এর মৌলিক পার্থক্য হচ্ছে, تأمين الأشياء এর ক্ষেত্রে যদি দুর্ঘটনা না ঘটে তাহলে যে কিস্তি (প্রিমিয়াম) আদায় করা হয়েছিলো সে টাকা ফেরত পাওয়া যায় না। আর تأمين الحياة এর ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের ভিতর মৃত্যুবরণ না করলেও প্রদত্ত টাকা সুদসহ পাওয়া যায়।