📄 ফ্লোট (Float) এর মাধ্যমে মুদ্রা-সম্প্রসারণ
ব্যাংকের মুদ্রা সম্প্রসারণের ক্ষেত্রে ফ্লোট (Float) বড় ভূমিকা পালন করে। কখনো টাকা-পয়সা ব্যাংকে একটি সময় পর্যন্ত ব্যবহার হওয়া সত্ত্বেও তা ব্যাংকের ডিপজিট হিসেবে গণ্য হয় না এবং ব্যাংককে তার সুদ দিতে হয় না। যেমন: ড্রাফট ইস্যু করার পর তা ক্যাশ না হওয়া পর্যন্ত সময়, গ্যাস বা বিদ্যুতের বিল জমা নেয়ার পর তা কোম্পানিতে পৌঁছানোর মধ্যবর্তী সময়, বা এল.সি. খোলার সময় আমদানিকারক থেকে নেয়া টাকা। এই সময়গুলোতে ব্যাংক উক্ত অর্থ কোনো ব্যয় ছাড়াই ব্যবহার করতে পারে যা ব্যাংকের মূলধন বৃদ্ধিতে সহায়তা করে।
টিকাঃ
১. গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদির বিল ব্যাংকে জমা হওয়ার পর ব্যাংক সাধারণত ১-৩ মাস পর সংশ্লিষ্ট কোম্পানিকে প্রদান করে।
📄 কেন্দ্রীয় ব্যাংক (Central Bank)-এর পরিচয়
যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ব্যাংক সকল বাণিজ্যিক (Commercial) ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন পাকিস্তানে 'স্টেট ব্যাংক অব পাকিস্তান', বাংলাদেশে 'বাংলাদেশ ব্যাংক' হলো কেন্দ্রীয় ব্যাংক।
টিকাঃ
১. একাত্তর সালের মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশ সরকার ঢাকায় অবস্থিত 'স্টেট ব্যাংক অভ পাকিস্তানের' ঢাকা শাখাকে 'বাংলাদেশ ব্যাংক' নাম দিয়ে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করে। ১৯৭২ সালে অধ্যাদেশ পাশের মাধ্যমে এটি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর বলে ঘোষিত হয়। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রের পক্ষে ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ, মুদ্রানীতি নিরূপণ এবং বৈদেশিক মুদ্রা ও বিনিময় হার নির্ধারণ করে থাকে।
📄 কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী
কেন্দ্রীয় ব্যাংক অনেক কাজ সম্পাদন করে থাকে। যেমন:
১. কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে কাজ করে এবং সরকারকে প্রয়োজনে ঋণ দেয়।
২. এটি সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় পরামর্শদাতার ভূমিকা পালন করে।
৩. বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও বাজার নিয়ন্ত্রণ করে।
৪. বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ ও তদারকি করে।
📄 কেন্দ্রীয় ব্যাংকের ১ম গুরুত্বপূর্ণ কাজ : বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে:
১. ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন প্রদান।
২. বিশেষ খাতে পুঁজি বিনিয়োগে বাণিজ্যিক ব্যাংককে বাধ্য করা।
৩. আমানতকারীদের স্বার্থে রিজার্ভের হার নির্ধারণ।
৪. নিকাশ ঘর বা Clearing House এর মাধ্যমে ব্যাংকগুলোর পারস্পরিক লেনদেন নিষ্পত্তি।
৫. বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য সংকটে ঋণের শেষ আশ্রয়স্থল (Lender of the last Resort) হিসেবে কাজ করা।