📄 ব্যাংকের ১ম কাজ : ঋণদান বা অর্থায়ন (Financing)
ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষকে তাদের প্রয়োজনে (বিশেষ করে ব্যবসায়িক প্রয়োজনে) ঋণ প্রদান করা। ব্যাংক কখনো দীর্ঘমেয়াদী ঋণ চালু করে। এরূপ ঋণকে আরবীতে ائتمان طويل الأجل এবং ইংরেজিতে Long Term Credit বলে। আবার কখনো স্বল্পমেয়াদী ঋণ চালু করে- যা সাধারণত ৩ থেকে ৬ মাস মেয়াদী হয়। একে আরবীতে ائتمان قصير الأجل এবং ইংরেজিতে Short Term Credit বলে।
📄 ব্যাংক থেকে ঋণ গ্রহণের মৌলিক তিনটি উদ্দেশ্য
ব্যাংক থেকে মানুষ মৌলিক তিন উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে:
১. দৈনন্দিন ব্যবসায়িক প্রয়োজনে- যেমন বিল বা বেতন পরিশোধের জন্য ঋণ গ্রহণ করে- একে Over Head Expenses বলে।
২. কারবারের চলমান ব্যয়- যেমন ব্যবসায়িক পণ্য, কাঁচামাল ইত্যাদি ক্রয় করার জন্য ঋণ গ্রহণ করে- একে আরবীতে رأس المال العامل এবং ইংরেজিতে Working Capital বলে।
৩. বৃহৎ কোনো প্রকল্পের জন্য ঋণ গ্রহণ করে- যাকে আরবীতে تمويل المشاريع এবং ইংরেজিতে Project Financing তথা 'প্রকল্প ঋণ' বলে।
📄 ঋণদানের প্রক্রিয়া
যেখানে যত ইচ্ছা ঋণ প্রদান করবে- ব্যাংকের এরূপ অবাধ ক্ষমতা থাকে না; বরং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটি সীমা বেধে দেয়া হয়। এ সীমার মধ্যে থেকে ব্যাংক ঋণ প্রদান করতে পারে। এ সীমাকে আরবীতে سقف الاعتماد এবং ইংরেজিতে Credit Ceiling বলে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা অনুযায়ী ব্যাংক তার আমানতের নির্দিষ্ট অংশ রিজার্ভ রেখে বাকি অংশ বিভিন্ন খাতে ঋণ দিতে পারে। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের সম্পদ ও ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করে একটি সীমা নির্দিষ্ট করে দেয়, যাকে Sanction of the Limit বলে। সীমা নির্দিষ্ট করার পর গ্রাহকের নামে একাউন্ট খোলা হয় যেখান থেকে গ্রাহক প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন ও জমা করতে পারে। ব্যাংক মূলত গ্রাহকের ব্যবহৃত টাকার মেয়াদের ওপর ভিত্তি করে সুদ গ্রহণ করে।
টিকাঃ
১. Credit Ceiling হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের সীমা, আর Sanction of the Limit হলো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক গ্রাহকের জন্য নির্ধারিত ঋণের সীমা।
📄 ব্যাংকের শ্রেণীবিভাগ (বিনিয়োগ হিসেবে)
ব্যাংক কয়েক প্রকার। কিছু ব্যাংক বিশেষ ক্ষেত্রে আর কিছু ব্যাংক ব্যাপক ক্ষেত্রে অর্থের যোগান দেয়। সে হিসেবে ব্যাংকের প্রকারগুলো নিম্নরূপ:
১. কৃষি ব্যাংক (Agricultural Bank): এ ব্যাংক কৃষি খাতে ঋণ প্রদান করে।
২. শিল্প ব্যাংক (Industrial Bank): এ ব্যাংকের কাজ হচ্ছে শিল্প উন্নয়নের জন্য ঋণ সরবরাহ করা।
৩. উন্নয়ন ব্যাংক (Development Banks): কোনো একটা বিভাগের উন্নয়নমূলক কাজের জন্য ঋণ প্রদান করে।
৪. সমবায় ব্যাংক (Co-operative Bank): পরস্পর সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় এবং এর কার্যপরিধি সদস্যদের মাঝেই সীমাবদ্ধ থাকে।
৫. বিনিয়োগ ব্যাংক (Investment Bank): যেখানে সাধারণত নির্দিষ্ট মেয়াদী ঋণ প্রদান করা হয় এবং কারেন্ট একাউন্ট থাকে না।
৬. বাণিজ্যিক ব্যাংক (Commercial Bank): এমন ব্যাংক যা কোনো বিভাগকে নির্ধারণ না করে সকল খাতেই অর্থ বিনিয়োগ করে।