📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 কোম্পানি জায়েয-নাজায়েয (৩টি দৃষ্টিভঙ্গি)

📄 কোম্পানি জায়েয-নাজায়েয (৩টি দৃষ্টিভঙ্গি)


কোম্পানির স্বরূপ জানার পর এখন এর শরয়ী ভিত্তি সম্পর্কে আলোচনা যুক্তিসংগত। এ সংক্রান্ত আলোচনাকে দু'ভাগে ভাগ করা যায়- ১. মৌলিক ও নীতিগতভাবে কোম্পানি জায়েয-নাজায়েযের আলোচনা। ২. কোম্পানি সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়ের আলোচনা।

১. কোম্পানি জায়েয-নাজায়েযের আলোচনা:
পূর্বের আলোচনায় কোম্পানির যে বৈশিষ্টগুলো সামনে এসেছে সে আলোকে প্রতীয়মান হয় যে, কোম্পানি শিরকতের প্রসিদ্ধ প্রকারসমূহের কোনোটির মধ্যেই পড়ে না। ফুকাহায়ে কেরাম শিরকতের চার প্রকার উল্লেখ করেছেন। মুদারাবাকেও তার সাথে অন্তর্ভুক্ত করে নিলে পাঁচ প্রকার হয়। 'কোম্পানি' এ পাঁচ প্রকারের কোনোটির মধ্যেই পুরোপুরিভাবে অন্তর্ভুক্ত নয়। তাই কোম্পানির ব্যাপারে সমকালীন আলেমদের তিনটি দৃষ্টিভঙ্গির অবতারণা ঘটেছে:-

প্রথম দৃষ্টিভঙ্গি: যেহেতু শরয়ীভাবে শিরকত এ পাঁচ প্রকারের মধ্যে সীমাবদ্ধ, আর কোম্পানি এগুলোর কোনোটির মধ্যেই পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত নয় তাই কোম্পানি শরিয়তসম্মত নয়।

দ্বিতীয় দৃষ্টিভঙ্গি: শিরকতের পাঁচ প্রকারে অন্তর্ভুক্ত না হওয়ার ভিত্তিতে কোম্পানিকে না- জায়েয বলা যায় না। কারণ, ফুকাহায়ে কেরাম যে প্রকারসমূহ বর্ণনা করেছেন তা সরাসরি কোরআন-হাদিস থেকে গৃহীত নয়, বরং ফকীহগণ সমাজে প্রচলিত শিরকতের পদ্ধতিগুলোর আলোকেই শিরকতের শ্রেণীবিভাগ করেছেন। সুতরাং শিরকতের কোনো পদ্ধতি যদি এ প্রকার সমূহের মধ্যে না পড়ে এবং নছ দ্বারা সাব্যস্ত শিরকতের মূলনীতির পরিপন্থীও না হয়, তাহলে সেটা জায়েয হবে।

তৃতীয় দৃষ্টিভঙ্গি: হযরত হাকীমুল উম্মত থানবী রাহ. বলেন, কোম্পানি তার প্রকৃত সত্তা হিসেবে শিরকতে ইনানের অন্তর্ভুক্ত। যদিও কোম্পানির এমন কিছু বৈশিষ্ট্য আছে যা স্বাভাবিক শিরকতে ইনানে পাওয়া যায় না- কিন্তু সেগুলো কোম্পানিতে থাকার কারণে কোম্পানি শিরকতে ইনান থেকে বের হয়ে যায় না।

টিকাঃ
১. ইমদাদুল ফাতাওয়া, খণ্ড: ৩, পৃষ্ঠা ৪৬৪।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 আইনগত সত্তার বিশ্লেষণ

📄 আইনগত সত্তার বিশ্লেষণ


প্রথম বিষয়: আইনগত সত্তা
শিরকতের স্বতন্ত্র কোনো আইনগত অস্তিত্ব হয় না, কিন্তু কোম্পানির নিজস্ব স্বতন্ত্র আইনগত অস্তিত্ব হয়ে থাকে- যাকে বলা হয় আইনসম্মত ব্যক্তিসত্তা। এখন প্রশ্ন হচ্ছে, আইনগত সত্তার ধারণা শরীয়তে বৈধ কি-না। অনুসন্ধান করে এমন মনে হয় যে, শরীয়তে 'আইনগত সত্তা' পরিভাষাটি ব্যবহৃত না হলেও এর দৃষ্টান্ত বিদ্যমান আছে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 শরীয়তে আইনগত সত্তার দৃষ্টান্তসমূহ

📄 শরীয়তে আইনগত সত্তার দৃষ্টান্তসমূহ


* ওয়াকফ (وقف): 'ওয়াকফ' এর জন্য যদিও 'আইনগত সত্তা' পরিভাষাটি ব্যবহার হয় না, কিন্তু প্রকৃতপক্ষে তা একটি আইনগত সত্তা। কারণ ওয়াকফ সত্তা মালিক হয়। ওয়াকফ ঋণীও হয়। আদালতে মামলা হলে ওয়াকফ বাদী বা বিবাদী হয়, আর মুতাওয়াল্লী তার প্রতিনিধিত্ব করে। মালিক হওয়া, ঋণদাতা হওয়া, ঋণী হওয়া, বাদী-বিবাদী হওয়া ব্যক্তিসত্তার বৈশিষ্ট্য।

* রাজকোষ (بَيْتُ الْمَالِ): বাইতুল মালের সম্পদে সকল জনসাধারণের অধিকার সংশ্লিষ্ট বটে, কিন্তু কেউ স্বতন্ত্রভাবে নিজের মালিকানার দাবি করতে পারে না। বরং সমুদয় সম্পত্তির মালিক বাইতুল মালই হয়। বাইতুল মালের প্রতিটি বিভাগ স্বতন্ত্র আইনগত সত্তা। ইমাম যাইলায়ী রহ. লিখেছেন, যদি রাজকোষের এক বিভাগে অর্থ না থাকে, তাহলে প্রয়োজনের মুহূর্তে অন্য বিভাগ থেকে ঋণ গ্রহণ করা যাবে।

* পুরোপুরি ঋণে জর্জরিত পরিত্যক্ত সম্পত্তি (تَرِكَةٌ مُسْتَغْرِقَةٌ بِالدِّينِ): মৃত ব্যক্তির সমস্ত সম্পদই যদি ঋণের দায়ে দায়গ্রস্ত থাকে তাহলে তাকে ঋণী বলা যায় না। এখানে ঋণগ্রস্ত বলে গণ্য হবে 'পরিত্যক্ত সম্পত্তি'- যা 'আইনগত সত্তা' হিসেবে বিবেচ্য।

* যৌথ সম্পত্তি (خلطة الشيوع): অন্য তিন ইমামের মাজহাব অনুযায়ী যাকাতের সম্পত্তি যৌথ মালিকানায় থাকলে যাকাত ব্যক্তিগত অংশের উপর নয়; বরং সমষ্টির উপর ফরয হয়। এতে বুঝা যায়, তিন ইমামের নিকট যৌথ মালিকানা একটি আইনগত সত্তা।

এসব দৃষ্টান্ত থেকে বুঝা যায়, 'আইনগত সত্তা'-এর ধারণা মৌলিকভাবে কোনো না-জায়েয ধারণা নয়। ইসলামী ফিকহের জন্য কোনো অপরিচিত ধারণাও নয়। তবে এ পরিভাষাটি অবশ্যই নতুন।

টিকাঃ
১. তবিইয়ীনুল হাকায়েক, কিতাবুস সিয়ার।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 সীমিত দায়ের বিশ্লেষণ

📄 সীমিত দায়ের বিশ্লেষণ


কোম্পানির দ্বিতীয় বৈশিষ্ট্য যা শরয়ী দৃষ্টিতে বিশ্লেষণীয়, তা হলো Limited Liability অর্থাৎ 'সীমাবদ্ধ দায়'।
এখানে শরয়ী দৃষ্টিভঙ্গির আলোকে মূল আপত্তি হলো, মুদারাবার ক্ষেত্রে রব্বুলমালের দায় তো সীমাবদ্ধ, কিন্তু মুদারিবের দায় তো সীমাবদ্ধ নয়। সুতরাং ঋণদাতাগণ রব্বুলমাল কর্তৃক প্রদত্ত মূলধনের অতিরিক্ত ঋণ মুদারিব থেকে আদায় করতে পারে। পক্ষান্তরে কোম্পানির ডাইরেক্টরদের দায় সীমাবদ্ধ। স্বয়ং কোম্পানি নামক আইনগত সত্তার দায়ও সীমাবদ্ধ। তাই কোম্পানির সম্পত্তির অতিরিক্ত ঋণ হয়ে গেলে তা পরিশোধের কোনো পথ থাকবে না।

এ আপত্তির কারণে সমকালীন কিছু আলেমের অভিমত হলো, সীমাবদ্ধ দায়ের ধারণা শরয়ীভাবে সঠিক নয়। কিন্তু বিষয়টা অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে প্রতীয়মান হয়- কোম্পানির সীমাবদ্ধ দায়ের ধারণাটি মূলত আইনগত সত্তার ধারণার ভিত্তিতে প্রতিষ্ঠিত। 'আইনগত সত্তা' স্বীকার করার পর 'সীমাবদ্ধ দায়' মেনে নিতে কোনো বাঁধা থাকে না। বিশেষত কোম্পানির সাথে লেনদেনকারী যখন বোঝে-শুনে লেনদেন করে যে- “এ কোম্পানি লিমিটেড। তাই সকল দায় শুধু কোম্পানির সম্পত্তি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।” এ কারণে সমকালীন অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো, ‘সীমাবদ্ধ দায়’ বৈশিষ্ট্যটির কারণে কোম্পানি নামক শিরকত চুক্তিকে ফাসিদ বলা যায় না।

ফন্ট সাইজ
15px
17px