📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যবসার প্রকারভেদ (Different Kinds of Business)

📄 ব্যবসার প্রকারভেদ (Different Kinds of Business)


এ অধ্যায়ে বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাঠামো নিয়ে আলোচনা করা হবে। আর ব্যবসার এ প্রকারীকরণ যে ধনতন্ত্রের আলোকে তা বলার অপেক্ষা রাখে না। কেননা, সমাজতান্ত্রিক ব্যবস্থায় সকল কার্যক্রম সরকারী তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় ব্যক্তিগত উদ্যোগের কোনো ব্যবসা কল্পনাই করা যায় না।

মালিকানার ভিত্তিতে ব্যবসা তিন প্রকার :
১. ব্যক্তি মালিকানাধীন' ব্যবসা / Private Proprietorship (প্রাইভেট প্রোপ্রাইটরশিপ)।
২. যৌথমূলধনী ব্যবসা / Partnership (পার্টনারশিপ)।
৩. কোম্পানি / Joint Stock Company (জয়েন্ট স্টক কোম্পানি)।

প্রথম দু'প্রকার ব্যবসা সমাজবদ্ধ বসবাসের শুরু থেকেই চলে আসছে। ফুকাহারাও প্রকারদ্বয়ের ব্যাখ্যা বিধানসহ উল্লেখ করেছেন। সেগুলোর বর্তমান প্রকৃতি অতীত থেকে মৌলিকভাবে ভিন্ন নয়। এজন্য এখানে সেগুলোর আলোচনা করা হবে না। এখানে 'কোম্পানি' নামক নব-উদ্ভাবিত ব্যবসা পদ্ধতি- যা পূর্ববর্তী ফুকাহায়ে কেরামের যুগে ছিলোই না- তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ।

টিকাঃ
১. বড় পরিসরে কোনো ব্যক্তি মালিকানাধীন ব্যবসায় বা প্রোপ্রাইটরশীপ গঠন করতে চাইলে একটি নাম ঠিক করে ইউনিয়ন/ পৌরসভা/ সিটি কর্পোরেশন হতে ট্রেড লাইসেন্স নিতে হয়। আর পার্টনারশিপের ক্ষেত্রে জুডিশিয়াল স্ট্যাম্প (Judicial Stamp) তথা আদালত সত্যায়িত টিকেট সম্বলিত কাগজে ব্যবসার মালিকানা ও মুনাফা বিষয়ে অঙ্গীকারনামা বা চুক্তিপত্র সম্পাদন করে একই নিয়মে ট্রেড লাইসেন্স নিতে হয়। ট্রেড লাইসেন্স না নিয়েও ব্যবসা শুরু করা যায়। কিন্তু এতে করে যে কোনো সময় আইনগত চাপ আসতে পারে। এছাড়াও জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে কোনো লেনদেন করতে গেলে অবশ্যই ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। আর কোম্পানি গঠন করতে হলে বিশেষ আইনগত নিবন্ধন করাতে হয়- যার পদ্ধতি সামনে আসছে।

ফন্ট সাইজ
15px
17px