📄 স্মল ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স করপোরেশন
এ প্রতিষ্ঠান ক্ষুদ্র শিল্পকে পুঁজি সরবরাহ করার জন্য গঠন করা হয়েছিল। প্রথমে সুদের উপর ঋণ প্রদান করত। তারপর 'ইসলামী নযরিয়াতী কাউন্সিল' মুরাবাহা, ইজারা ইত্যাদির মাধ্যমে বিনিয়োগের সুপারিশ করে।
📄 হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (H.B.F.C)
এ প্রতিষ্ঠান 'হাউস বিল্ডিং ফাইন্যান্সিং' অর্থাৎ গৃহ নির্মাণ বা ক্রয় করার জন্য পুঁজি সরবরাহ করত। পাশ্চাত্য ধাঁচের প্রতিষ্ঠান তো এ উদ্দেশে সুদের উপর ঋণ দান করে এবং বাড়ি রেহেন রেখে দেয়।
'ইসলামী নযরিয়াতী কাউন্সিল' হাউস ফাইন্যান্সিং-এর জন্য যে প্রস্তাব পেশ করেছিল তা ছিল একটি নতুন ধরনের চুক্তি, যাকে ক্রমহ্রাসমান মালিকানা (شركة متناقصة (Decreasing Partnership) বলে। এর সারকথা হল, বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং গ্রাহক (Client) অর্থাৎ গৃহ নির্মাণে ইচ্ছুক ব্যক্তির যৌথ পুঁজি দ্বারা গৃহ ক্রয় বা নির্মাণ করা হবে। উভয়ের নিজ নিজ পুঁজি অনুপাতে গৃহের শরিক মালিকানা ‘شرکت ملك হবে। যেমন ২৫ ভাগ মূলধন গ্রাহকের এবং ৭৫ ভাগ প্রতিষ্ঠানের হলে গৃহ উভয়ের মাঝে চার অংশে যৌথ হবে। এক চতুর্থাংশ হবে গ্রাহকের এবং তিন চতুর্থাংশ প্রতিষ্ঠানের। গৃহ নির্মাণ হয়ে যাওয়ার পর গ্রাহক করপোরেশনের অংশে ভাড়াটে হিসেবে থাকবে এবং করপোরেশনকে ভাড়া পরিশোধ করবে। সে সাথে বিভিন্ন দফায় করপোরেশনের অংশ অল্প অল্প করে ক্রয়ও করতে থাকবে। এ উদ্দেশে করপোরেশনের অংশকে কয়েকটি ইউনিট বানানো যেতে পারে। যেমন করপোরেশনের অংশ দশ ইউনিটে ক্রয় করা হবে। ক্রয় করার ফলে করপোরেশনের যে অংশ কমতে থাকবে সে অনুপাতে ভাড়াও কমতে থাকবে। যখন গ্রাহক করপোরেশনের সকল অংশ ক্রয় করে নেবে তখন করপোরেশনের মালিকানা শেষ হয়ে গ্রাহক পুরো বাড়ির মালিক হয়ে যাবে। এখন ভাড়াও দেয়া বন্ধ হয়ে যাবে।
ফিকহী দৃষ্টিভঙ্গির আলোকে এখানে তিনটি আকদ (চুক্তি) হয়েছে- ১. যৌথ মালিকানা ২. ভাড়া ৩. বিক্রয়। এ তিনটি আকদ কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়া পৃথক পৃথক হলে তা জায়েয হবার ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু কার্যত এখানে এক চুক্তিতে তিন আকদ একটা অপরটার সাথে শর্তযুক্ত বা শর্তযুক্তের মতো হবে। আর এভাবে চুক্তি ছাড়া উপায়ও নেই। এ অবস্থা ফিকহী দৃষ্টিভঙ্গির আলোকে বিবেচ্য। এখানে বুঝা দরকার, এক আকদের পিঠে অন্য আকদের শর্তারোপ করা তখন নাজায়েয যখন এক আকদের ভিত্তিতে অন্য আকদের শর্তারোপ করা হয়, কিন্তু অবস্থা যদি এরূপ হয়, একবারে কতগুলো আকদের একত্রে এমনভাবে চুক্তিবদ্ধ করা হয় যে, বর্তমানে কোনো আকদ (চুক্তি) সম্পাদন হচ্ছে না। বর্তমানে শুধু তা সম্পাদিত হওয়ার চুক্তি করা হচ্ছে। তারপর সে আকদগুলো স্ব-স্ব স্থানে এবং স্ব-স্ব সময়ে সম্পাদিত হবে। তারপর যখন তা থেকে কোনো আকদ কার্যকর হতে থাকবে তখন অন্য আকদের কোনো শর্ত থাকবে না। এ অবস্থায় 'صفقة في صفقة' (চুক্তির মধ্যে চুক্তি) অথবা 'بیع و شرط' (শর্তযুক্ত বিক্রি)-এর হুকুম চালু হবে না। এর নজির হল, 'بيع بالوفاء', এ ব্যাপারে ফকীহদের মতভেদ আছে। বিশুদ্ধ অভিমত হল, ‘وفاء'-এর শর্ত বিক্রয়চুক্তির পিঠে হলে জায়েয হবে না। আর যদি বিক্রয় শর্তমুক্ত হয় এবং 'وفاء' এর বিক্রয়চুক্তি পৃথকভাবে করা হয় তাহলে জায়েয হবে। আর অঙ্গীকার পূরণ আইনগতভাবেও অত্যাবশ্যক হবে। বিক্রির পর 'ওফার' বৈধতা অনেক ফকীহ লেখেছেন। বিক্রির পূর্বে 'وفاء' বা অঙ্গীকার পূরণের কার্যকারিতাও جامع الفصولين' গ্রন্থে সুস্পষ্ট ব্যক্ত রয়েছে।¹ এ দ্বারা বুঝা গেল, এক আকদের পিঠে অন্য আকদের শর্ত আরোপ করা জায়েয নেই।
তবে আকদের পূর্বে অথবা পরে অন্য আকদের চুক্তি করা জায়েয আছে। শর্তারোপ এবং অঙ্গীকারের মধ্যে পার্থক্য হল, আকদের পিঠে শর্ত আরোপ করায় বিক্রি সম্পাদনই দ্বিতীয় আকদের সাথে সংশ্লিষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি দ্বিতীয় আকদ হয় তাহলে বিক্রয় সম্পাদন হবে নইলে সম্পাদন হবে না। আর বিক্রয় এমন আকদ যা সংযুক্তি গ্রহণ করে না। পৃথকভাবে অঙ্গীকার করার অবস্থায় বিক্রয়ের সংযুক্তি অত্যাবশ্যক হয় না। এ ব্যাখ্যার আলোকে شركت متناقصة )ক্রম হ্রাসমান অংশীদারিত্ব)-এর বৈধতা আছে বলে বুঝা যায়। কারণ, প্রথমে একবারে তিন আকদের চুক্তি হয়ে যায়। তারপর কোনো শর্ত ছাড়াই প্রত্যেক আকদ স্ব-স্ব সময়ে হতে থাকে।
সুতরাং আলোচ্য প্রস্তাব অনুসারে যদি 'হাউস বিল্ডিং ফাইন্যান্স'-এর সাথে চুক্তি করা হয় তাহলে জায়েয হবে, কিন্তু এখানেও ধারাবাহিক তত্ত্বাবধানের অভাবে শরীয়তের দৃষ্টিতে কার্যত বহু ধরনের দোষত্রুটি সৃষ্টি হয়ে থাকে। সুতরাং হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এ মুহূর্তে যেভাবে কাজ করছে তাতে শরীয়তের দৃষ্টিতে কয়েকটি ত্রুটি বিদ্যমান।
হাউস ফাইন্যান্সিংকে আরবিতে التمويل العقاری বলে। এ বিষয়ে بحوث في قضايا فقهية معاصرة নামক গ্রন্থে প্রকাশিত হয়েছে।
কানাডায় 'হাউস বিল্ডিং ফাইন্যান্সিং'-এর জন্য একটি 'কো-অপারেটিভ সোসাইটি' প্রতিষ্ঠা করা হয়েছে। মানুষ তার সদস্য হয় এবং সদস্যগণই সোসাইটি থেকে মূলধন সংগ্রহ করে গৃহ ক্রয় বা নির্মাণ করে। এর লাভ হল, সোসাইটির মুনাফা পুনরায় সদস্যরাই পায় এবং সদস্যদেরই উপকার হয়।
টিকাঃ
جلد اول ص ٢٣٦ الفصل الثامن عشر.