📄 সময়ের পূর্বে পরিশোধ করায় ঋণ কমিয়ে দেয়া
ঋণগ্রহীতা যদি তার ঋণ নির্ধারিত সময়ের পূর্বে পরিশোধ করে দেয় তাহলে সুদী ব্যবস্থায় সুদ হ্রাস পায়। প্রশ্ন হল, এরূপ অবস্থায় মুরাবাহার মূল্য হ্রাস করা যায় কিনা? এ মাসআলার দুটি দিক:
১. একদিক যাকে ফকীহগণ 'ضع و تعجل' বলে ব্যক্ত করেন। অর্থাৎ ঋণগ্রহীতা তার ঋণদাতাকে বলবে, তুমি ঋণ কমিয়ে নির্ধারিত সময়ের আগে উসুল করে নাও। এর বিধান সম্পর্কে ফকীহদের ঘোর মতবিরোধ আছে, কিন্তু অধিকাংশের মতে এটা নাজায়েয এবং এটাই বিশুদ্ধ (বিস্তারিত দলিল ‘احكام البيع بالتقسيط’ গ্রন্থে আছে)।
২. পরবর্তী কিছু হানাফী আলেম মুরাবাহা মুআজ্জালার মধ্যে নির্দিষ্ট সময়ের পূর্বে পরিশোধের ক্ষেত্রে মূল্য হ্রাস করা জায়েয বলেছেন। কিন্তু ব্যাংকগুলোকে যদি এর অবাধ সুযোগ দেয়া হয় তাহলে মুরাবাহা এবং সুদী ব্যবস্থার মধ্যে কোনো পার্থক্য অবশিষ্ট থাকবে না। তাই এটাই যুক্তিযুক্ত হবে, চুক্তির মধ্যে স্পষ্ট থাকবে না, আগে পরিশোধ করলে মূল্য কমে যাবে, কিন্তু যদি কোনো ব্যক্তি সময়ের আগে পরিশোধ করে দেয় তাহলে তখন কোনো পূর্ব সিদ্ধান্ত ব্যতীত কমিয়ে দেয়া হলে ক্ষতি নেই।