📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামী সভ্যতায় পরিবেশের অধিকার

📄 ইসলামী সভ্যতায় পরিবেশের অধিকার


আল্লাহ তায়ালা এই দুনিয়াতে নির্মল-কোমল, কল্যাণকর ও পবিত্র এক পরিবেশ সৃষ্টি করেছেন। আর তা মানুষের অনুকূল করে দিয়েছেন এবং তা হেফাজতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও তিনি নিয়েছেন। অনুরূপভাবে তিনি এই মহাজাগতিক সুন্দরের সৃষ্টির বিষয়ে চিন্তা-ভাবনাও করতে বলেছেন। আল্লাহ তায়ালা বলেন- “তারা কি তাদের উপরে আসমানের দিকে তাকিয়ে দেখে না, কিভাবে আমি তা সৃষ্টি করেছি এবং তা সুশোভিত করেছি? তাতে কোনো চিহ্নও নেই। আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালার ভার স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক প্রকারের নয়নাভিরাম উদ্ভিদ উদগত করেছি।”

মানুষ এবং পরিবেশ: এভাবে একজন সুস্থ রুচির মানুষ ও তার চারপাশের সজীব ও জীবন্ত পরিবেশের সাথে এক মায়া-মুহাব্বত ও সখ্যতা গড়ে ওঠে। মানুষকে যথাযথ পরিবেশ সংরক্ষণ করতে হয়। কেননা, এটা দুনিয়াতে তাদের জন্যই উপকারী। এর মাধ্যমে একটি সাচ্ছন্দ্যকর সুন্দর জীবন লাভ করা যায়। আর আখিরাতেও তাদের জন্য রয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ প্রতিদান। পরিবেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে দৃষ্টিভঙ্গি, তা মহাবিশ্বের ব্যাপারে পবিত্র কুরআনের দৃষ্টিভঙ্গিকে আরও নিশ্চিত করে। যা মানুষ এবং প্রকৃতির মাঝে পারিবারিক সম্পর্ক ও মৌলিক বন্ধন তৈরী করেছে। আর এ বন্ধনের মূল ভিত্তি হলো ঈমান। যদি কোন ব্যক্তি প্রকৃতির কোন উপাদানকে অপব্যবহার করে বা তা ধ্বংস করে ফেলে, তাহলে এর দ্বারা সেই বিশ্বই সন্ত্রাসীর ক্ষতিগ্রস্থ হবে, যেখানে সে বসবাস করছে।

পরিবেশ রক্ষায় ইসলামী শরীয়তের কিছু নমুনা: ইসলামী শরীয়ত এই পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি মানুষের জন্য একটি ব্যাপক নীতিমালা ঘোষণা করেছে, তা হলো- “এই মহাবিশ্বের কোন ধরণের ক্ষতি না করা।” যেমন- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “ইসলাম কারো ক্ষতি হওয়া এবং কারো ক্ষতি করা কোন কোনটাকই পছন্দ করে না।”

ইসলামী শরীয়ত পরিবেশ নষ্ট করা এবং দূষিত করার ব্যাপারে সতর্ক হওয়ার নির্দেশ প্রদান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তোমরা তিনটি অভিশপ্ত কাজ হতে বিরত থাকো। সেগুলো হলো- ১. পানির ঘাটে ২. চলার পথে ৩. কোনো কিছুর ছায়ায় পায়খানা করা।”

পরিবেশ রক্ষার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে কদায়ক বস্তু সরিয়ে ফেলারও অধিকার সাব্যস্ত করেছেন। হযরত আবু সাঈদ খুদরী হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তোমরা রাস্তার উপর বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম বললেন, এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কেননা, এটা আমাদের উঠাবসার জায়গা। এখানে বসে আমরা কথাবার্তা বলে থাকি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- তোমাদের যদি রাস্তার উপর বসতেই হয়, তাহলে রাস্তার অধিকার আদায় করে বসবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাস্তার অধিকার কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-... কদায়ক বস্তু সরিয়ে ফেলা।” এখানে কদায়ক বস্তু দ্বারা এ সকল বস্তুকেই বুঝানো হয়েছে, রাস্তায় চলাচলের সময় যা মানুষের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কষ্টের কারণ হয়।

আরেকটি আগে বেড়ে পরিবেশ রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদান লাভের সুসংবাদও দিয়েছেন। তিনি বলেন- “আমার নিকট আমার উম্মতের ভালো-মন্দ সব আমল পেশ করা হয়েছে। আমি তাদের ভালো আমলগুলোর মধ্যে দেখলাম, অন্যতম একটি ভালো আমল হলো- রাস্তা থেকে কদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর মন্দ আমলগুলোর মধ্যে দেখলাম, অন্যতম একটি মন্দ আমল হলো- মসজিদে শুধু ফেলে পা পরিষ্কার না করা।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্বীপের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশ দিয়ে বলেন- “আল্লাহ তায়ালা পবিত্র; তিনি পবিত্রতাকে ভালোবাসেন। তিনি পরিষ্কার; পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। ... অতএব তোমরা তোমাদের ঘরবাড়ীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো। আর তোমরা ইহুদীদের সাদৃশ অবলম্বন করোনা।”

পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত ইসলামী শরীয়তের এতসব চমৎকার নীতিমালা এবং উত্তম শিক্ষা মানুষকে সব ধরণের অপরিচ্ছন্নতা থেকে বেঁচে থাকতে উৎসাহ প্রদান করে। আর এর মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিক প্রশান্তিদায়ক সুন্দর একটি জীবন লাভ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক বক্তব্যে পরিবেশ সুন্দর রাখা এবং সর্বদা পরিপাটি হয়ে থাকার উপর উৎসাহ প্রদান করা হয়েছে। একবার এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন- হে আল্লাহর রাসূল! যদি আমি সুন্দর জামা আর সুন্দর জুতা পরি, তাহলে এটা কি অহংকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন- “আল্লাহ তায়ালা সুন্দর; তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। আর অহংকার তো হলো দম্ভ করে সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ করা।” আল্লাহ তায়ালা যে চমৎকার এবং নির্মল পরিবেশ দান করেছেন, এ পরিবেশের যত্ন নেয়া নিঃসন্দেহে সৌন্দর্যের অন্তর্ভুক্ত। যে সৌন্দর্যকে আল্লাহ তায়ালা ভালোবাসেন।

অনুরূপভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যে দেখতে পাই- সুগন্ধিসমূহ পছন্দ করা, মানুষের মাঝে তা ছড়িয়ে দেয়া, পরস্পরকে তা উপহার দেয়া এর মাধ্যমে পরিবেশকে মোহিত করা এবং দুর্গন্ধ দূর করা খুবই উৎকৃষ্ট কাজ। তিনি বলেন- “যার নিকট কোনো সুগন্ধি ফুল পেশ করা হয়, সে যেনো তা ফিরিয়ে না দেয়। কেননা, তা ওজনে হালকা আর ঘ্রাণে উত্তম।”

পরিবেশ সংরক্ষণ আইন-কানুনগুলো ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। জমিতে চারা রোপণ করা এবং জমি চাষাবাদ করার উপর ইসলাম বিশেষভাবে উৎসাহ প্রদান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “কোনো মুসলমান একটি ফলের চারা রোপণ করলো, এরপর এই গাছ থেকে যেসব ফল খাওয়া হবে, এগুলো তার পক্ষ হতে সদকা। এই গাছ থেকে যা চুরি হবে, সেগুলোও সদকা। বন্য পশুরা যা খাবে, তাও সদকা। পাখিরা যা খাবে, তাও সদকা। কেউ এসে অন্যায়ভাবে যা নিবে, তাও তার পক্ষ থেকে সদকা।” অন্য এক বর্ণনায় আছে, এই সদকা কিয়ামত পর্যন্ত চলবে।”

ইসলামের অন্যতম একটি মাহাত্ম্য হলো- পরিবেশ রক্ষার্থে যেসব চারা রোপণ করা হয়, যতদিন পর্যন্ত এসব চারা থেকে উপকার লাভ হয়, ততদিন পর্যন্ত তার সওয়াব হতে থাকবে। যদিও এর মালিকানা এই রোপণকারীর হাত থেকে অন্য কারও হাতে চলে যায় অথবা এই রোপণকারী বা চাষাবাদকারী মারা যায়। কোনো ব্যক্তি যদি গাছ রোপণ করে, বীজ ফেলে বা পানি সিঞ্চন ইত্যাদির মাধ্যমে কোনো অনাবাদী জমিতে আবাদ করে তোলে, তাহলে এ ব্যাপারেও রয়েছে ইসলামী শরীয়তের উত্তম দিকনির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “যদি কেউ অনাবাদী জমিনকে আবাদ করে, তাহলে সে জমিন তার। আর পশু-পাখি সেখান থেকে যা খাবে, এটা হবে তার পক্ষ থেকে সদকা।”

পানি হলো প্রাকৃতিক পরিবেশের এক অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাই পানিকে পরিমিত ব্যয় করা এবং তা সংরক্ষণ করা ইসলামের দু'টি গুরুত্বপূর্ণ বিষয়। পানি যদি প্রচুর পরিমাণেও মজুদ থাকে, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পরিমিতভাবে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এর পাশ দিয়ে যাচ্ছিলেন- যখন তিনি ওযু করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “হে সাদ! এই অপচয় কেনো? সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন- পানির মধ্যেও অপচয় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- হ্যাঁ, যদিও তুমি প্রবাহিত নদীতে ওযু করো।”

অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ পানিতে পেশাব করে পানি নষ্ট করতেও নিষেধ করেছেন। এই ছিলো পরিবেশ রক্ষায় ইসলামী সভ্যতার সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি। যে দৃষ্টিভঙ্গিটি পারিপার্শ্বিক পরিবেশকে সুস্বাস্থ্য-সুন্দর ও নিরাপদ রাখতে সহায়তা করে। আল্লাহ তাআলার সৃষ্টি সুন্দরের পৃথিবী এবং সুন্দর পরিবেশ বজায় থাকে পৃথিবীতে পরস্পরে পরস্পরের প্রতি সাহায্য-সহযোগিতা এবং সহমতের মাধ্যমে। আর এই সুন্দর পরিবেশ রক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব করা হয়েছে।

টিকাঃ
৭১. সূরা কাফ, আয়াত নং-৬-৭
৭২. মুসনাদে আহমাদ, হাদীস নং- ২৭২৯ আবূ মুকাদ্দামাক হিল হাকেম, হাদীস নং-২৫৪৬
৭৩. আবূ মুকাদ্দামাক হিল হাকেম, হাদীস নং- ৫৯৪
৭৪. সহীহ বুখারী, হাদীস নং- ২০০০ সহীহ মুসলিম, হাদীস নং-২১২১
৭৫. সহীহ মুসলিম, হাদীস নং- ৫৫০ মুসনাদে আহমাদ, হাদীস নং-২৭৯৮
৭৬. জামে তিরমিযী, হাদীস নং-২৭৯৮
৭৭. সহীহ মুসলিম, হাদীস নং- ৮৯ মুসনাদে আহমাদ, হাদীস নং-২৭৯৮
১৬৬. সহীহ মুসলিম, হাদীস নং-২২৯৩ জামে তিরমিযী, হাদীস নং-২৭১৯
১৬৭. সহীহ মুসলিম, হাদীস নং-১৫৫২ মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৪০১
২০০. সুনানুন নাসায়ী, হাদীস নং-৫৭৯৬ মুসনাদে আহমাদ, হাদীস নং-১৮৬১০
১৬৪. তাঁর পুরা নাম- সাদ ইবনে আবী ওয়াক্কাস ইবনে উহাইব আয় যুহরী। তিনি ছিলেন আশারা মুবাবশারার একজন। (উসদুল গাবাহঃ২/৪৩০)
১৬৫. সুনানু ইবনে মাজাহ, হাদীস নং-৪২৩ মুসনাদে আহমাদ, হাদীস নং-৭০৬৫
২০০. সহীহ মুসলিম, হাদীস নং-২৮১ সুনানু আবী দাউদ, হাদীস নং-৬৯

📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামী সভ্যতায় ধর্মের স্বাধীনতা

📄 ইসলামী সভ্যতায় ধর্মের স্বাধীনতা


ধর্মের স্বাধীনতায় ইসলামের মৌলিক নীতিঃ ইসলামে ধর্মের স্বাধীনতার বা বিশ্বাসের স্বাধীনতা নিয়ে অত্যন্ত সুস্পষ্ট ও মৌলিক নীতিমালা বর্ণনা করে স্বয়ং আল্লাহ তা'আলা বলেন- “দ্বীন বা ধর্ম গ্রহণের ক্ষেত্রে কারও কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়াত আর ভ্রষ্টতা স্পষ্ট হয়ে গেছে।”

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরবর্তী মুসলমানগণ কাউকেই জোর করে মুসলিম হতে বাধ্য করেননি। আবার যারা মৃত্যুর ভয়ে বা শাস্তি থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণের ভান ধরেছে, তাদেরকেও প্রশ্রয় দেননি। আর এটা তাঁরা কিভাবে করবেন? কেননা, তারা তো জানেন যে, বাধ্য হয়ে লোক দেখানো ইসলাম গ্রহণের পরকালে কোনোই মূল্য নেই। অথচ এই আখেরাতের জন্যই তো মুসলমানের সকল চেষ্টা-প্রচেষ্টা!

পূর্বোক্ত আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে- হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহিলী যুগে যদি কোনো মহিলার সন্তান বেঁচে না থাকতো, তাহলে সে এভাবে মানত করতো- “যদি এবার তার সন্তান বাঁচে, তাহলে তাকে ইহুদী ধর্মে দীক্ষিত করাবো।” পরে যখন ইহুদী গোত্র বনু নাজিরের উচ্ছেদ করা হয়, তখন তাদের মধ্যে আনসারদের এমন ইহুদী সন্তানরাও ছিলো। ফলে আনসাররা বললো- আমরা আমাদের সন্তানদেরকে ইহুদিদের সাথে ছাড়বো না। পরে আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করেন- “দ্বীন বা ধর্ম গ্রহণের ক্ষেত্রে কারও কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়াত আর ভ্রষ্টতা স্পষ্ট হয়ে গেছে।”

ঈমান ও মানুষের ইচ্ছাঃ ইসলামে ঈমান আনা এবং না আনাকে মানুষের ইচ্ছা ও আন্তরিক অভিপ্রায়ের উপর ছেড়ে দিয়েছে। আল্লাহ তা'আলা বলেন- “যে চায় সে ঈমান আনুক, আর যে চায় সে কুফরী করুক।”

পবিত্র কুরআনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিকে এই বাস্তবতার দিকেই ফিরিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে স্পষ্ট বলা হয়েছে- “তার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। মানুষকে জোরপূর্বক ইসলামে দাখিল করা তার দায়িত্ব না।” পবিত্র কুরআনে বলা হয়েছে- “আপনি কি মানুষকে বাধ্য করবেন, যাতে তারা মুমিন হন?” আরও বলা হয়েছে- “আপনি তাদের উপর বলপ্রয়োগকারী নন।” আরও বলা হয়েছে- “আর যদি তারা ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে আমি তো আপনাকে তাদের রক্ষক হিসেবে পাঠাইনি। (বরং শুধু) দাওয়াত পৌঁছে দেওয়াই আপনার দায়িত্ব।”

এগুলোর দ্বারা স্পষ্ট হয় যে, মুসলিম সংবিধান ‘বিশ্বাসের স্বাধীনতা’ বা ‘ধর্মীয় স্বাধীনতা’কে নিশ্চিত করেছে। আর কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করাকে কঠিনভাবে নিষেধ করেছে।

ইসলামে ধর্মীয় সহনশীলতাঃ ধর্মীয় স্বাধীনতার অর্থ হলো ধর্মীয় সহনশীলতাকে স্বীকৃতি প্রদান করা। মদীনার প্রথম সংবিধানে ধর্মীয় সহনশীলতাকে স্বীকৃতি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তব নমুনা পেশ করেছেন। তিনি ইহুদীদেরকে এমন স্বাধীনতা দিয়েছিলেন যে, তারা মুসলমানদের সাথে এক জাতি হিসেবে বসবাস করতো। মক্কা বিজয়ের সময় তিনি শক্তিশালী এবং বিজয় লাভ করা সত্ত্বেও কুরাইশদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি। বরং তিনি তাদেরকে বলেছেন- “যাও তোমরা আজকে স্বাধীন।”

তার পদাঙ্কে অনুসরণ করে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুও জেরুজালেমের খৃষ্টানদেরকে তাদের জীবন, গির্জা এবং ক্রুশের নিরাপত্তা দিয়েছিলেন। তাদের কারও কোনো ক্ষতি করা হয়নি। তাদের ধর্মের কারণেও তাদেরকে কোনো রকম জবরদস্তি করা হয়নি।”

বরং ইসলাম প্রতিপক্ষকে ধোঁকা ও অবজ্ঞা না করে বস্তুনিষ্ঠভাবে তাদের সাথে দ্বীন বিষয়ে আলোচনা করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন- “হে নবী! আপনি আপনার রবের দিকে মানুষকে আহ্বান করুন হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে। আর তাদের সাথে বিতর্ক করুন সুন্দরতম পন্থায়।”

সুতরাং এই সহনশীল নীতির ভিত্তিতে মুসলমান ও অমুসলমানদের মাঝে কথাবার্তা হওয়া উচিত। আহলে কিতাবদের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রেও পবিত্র কুরআন এই আয়াতের দিকেই আহ্বান করেছে। কুরআনে বলা হয়েছে- “হে নবী আপনি বলুন, হে আহলে কিতাবগণ! তোমরা এমন কথার দিকে আসো, যা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমান। তা হলো- আমরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করবো না। তার সাথে কোনো কিছুকে শরীক করবো না। আর আল্লাহ ছাড়া আমরা কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করবো না। তারপর যদি তারা বিমুখ হয়, তবে বলে দেন- তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান।”

এর অর্থ হলো- অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে যখন কোনো ফল পাওয়া যায় না, তখন তাদেরকে আপন ধর্মের উপরেই ছেড়ে দেওয়া হবে। যা নিয়ে তারা সন্তুষ্ট থাকে। আর এই বিষয়গুলিকেই স্পষ্টভাবে বলা হয়েছে সূরা কাফিরুনের শেষ আয়াতে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথার মাধ্যমে মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার পরিসমাপ্তি ঘটেছে, তা হলো- “তোমাদের জন্য তোমাদের ধর্ম, আর আমার জন্য আমার ধর্ম।”

টিকাঃ
১৬৭. সূরা বাকারাহ, আয়াত নং-২৫৬
১৬৮. সুনানু আবী দাউদ, হাদীস নং-২৬৪৮
১৬৯. সূরা কাহাফ, আয়াত নং-২৯
১৬৯. সূরা ইউনুস, আয়াত নং-৯৯
২০০. সূরা গাশিয়াহ, আয়াত নং-২২
২০১. সূরা শুরা, আয়াত নং-৪৮
২০২. সীরাতে ইবনে হিশাম: -৪৬১/২ আল বিদায়াহ ওয়ান নিহায়াহ:৩৩৯/৪
২০৩. তাফসিরুল উলামি মুফরাহঃ ৩/১৫৫
২০৪. সূরা নাহল, আয়াত নং-১২৫
২০৫. সূরা আল ইমরান, আয়াত নং-৬৪
২০৬. সূরা কাফিরুন, আয়াত নং-৬

📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামী সভ্যতায় চিন্তার স্বাধীনতা

📄 ইসলামী সভ্যতায় চিন্তার স্বাধীনতা


ইসলামে চিন্তার মূল্যায়ন: ইসলামে চিন্তার স্বাধীনতাকে নিশ্চিত করেছে এবং একে বিশেষভাবে মূল্যায়ন করেছে। স্বয়ং ইসলামী সভ্যতাই এর বাস্তব সাক্ষী। এ বিষয়টা আরও স্পষ্ট হয় তখন, যখন দেখা যায় ইসলাম সমগ্র বিশ্ব এবং আসমান-জমিন নিয়ে চিন্তার আহ্বান জানিয়েছে এবং এর উপর খুব উৎসাহ প্রদান করেছে। এক্ষেত্রে স্বয়ং আল্লাহ তাআলার বাণী– “আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর জন্য দুজন অথবা একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখ…”

তিনি আরও বলেন- “তারা কি জমিনে ভ্রমণ করেন? (যদি করতো) তাহলে তাদের হতো এমন হৃদয়, যা দ্বারা তারা উপলব্ধি করতে পারতো এবং হতো এমন কান, যা দ্বারা তারা শুনতে পারতো। মূলত চোখ তো অন্ধ হয় না, অন্ধ হয় বুকের মধ্যে থাকা হৃদয়।”

ইসলাম বিবেক ও যৌক্তিক প্রমাণে উৎসাহিত করে: ইসলাম ঐ সমস্ত লোকদেরকে দোষী সাব্যস্ত করেছে, যারা তাদের বিবেক এবং অনুভূতিশক্তিকে কাজে না লাগিয়ে অলস বানিয়ে রেখেছে। ইসলাম তাদের মর্যাদাকে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিচে নামিয়ে দিয়েছে। স্বয়ং আল্লাহ তাআলা বলেন- “তাদের অন্তর আছে, কিন্তু তা দ্বারা তারা বুঝে না। চোখ আছে, কিন্তু তা দ্বারা তারা দেখে না। কান আছে, কিন্তু তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তারা অধিক পথভ্রষ্ট। আর তারাই হচ্ছে গাফেল।”

ইসলামে চিন্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে, যারা শুধু ধারণা আর অনুমান নিয়ে পড়ে থাকে। তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন- “তারা তো কেবল ধারণারই অনুসরণ করে। আর নিশ্চয়ই ধারণা সত্যের মোকাবেলা কোনোই কাজে আসে না।”

ইসলাম তীব্র নিন্দা জানিয়েছে ঐ সমস্ত লোকদেরকেও, যারা তাদের বাপ-দাদা এবং পূর্বপুরুষদের অনুসরণ করে। কিন্তু চিন্তা করে না যে, তারা কি হকের উপর আছে, না বাতিলের উপর। পবিত্র কুরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে- “(কিয়ামতের দিন) তারা বলবে, হে আমাদের রব! আমরা তো আমাদের সর্দার এবং বড়দের অনুসরণ করেছি। আর তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে।”

ইসলামী আকীদা-বিশ্বাস প্রমাণ করার ক্ষেত্রে ইসলাম যৌক্তিক প্রমাণের অনুমোদন দিয়েছে। এজন্য ইসলামী চিন্তাবিদগণ বলেন- আক্বল বা বিবেক হলো নকলের (কুরআন-হাদীস) ভিত্তি। সুতরাং আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়টি প্রমাণ হয় আক্বলের মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের বিষয়টিও প্রথমে প্রমাণ হয়েছে আক্বলের মাধ্যমে। এরপর বিভিন্ন মোজেজা তার সত্য নবী হওয়ার উপর প্রমাণ হিসেবে এসেছে। এই হলো ইসলামে চিন্তা বা আক্বলের মর্যাদা।

ইসলামে চিন্তার মূল্যায়ন: ইসলামে দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা হলো দ্বীনের একটি অংশ। সর্ববিষয় চিন্তামুক্ত থাকা একজন মুসলমানের জন্য ভালো নয়। দ্বীনি বিষয়ে চিন্তা-ফিকির করার জন্য ইসলামে এক বিশাল দিগন্ত খুলে দিয়েছে। কেননা, জীবন-ঘনিষ্ট নতুন নতুন বিষয়ের শরয়ী সমাধান বের করার জন্য চিন্তা ও গবেষণা করতে হয়। ইসলামী চিন্তাবিদগণ এর নাম দিয়েছেন- ইজতিহাদ অর্থাৎ শরয়ী হুকুম উদ্ভাবনের ক্ষেত্রে গবেষণামুলক চিন্তা-ভাবনা।

ইজতিহাদের মূলনীতি-যা ইসলামে চিন্তার স্বাধীনতাকে নিশ্চিত করে-মুসলমানদের আইনশাস্ত্রে এর বিরাট প্রভাব রয়েছে। আর তা ঐ সকল মাসআলা-মাসায়েলের দ্রুত সমাধান দেয়, যা ইসলামের প্রাথমিক যুগে ছিলো না। এখান থেকে কয়েকটি প্রসিদ্ধ ফিকহী মাযহাবও তৈরি হয়েছে। তখন থেকে আজ পর্যন্ত মুসলিম বিশ্ব তাদের অনুসরণ করে আসছে। এভাবে মুসলমানদেরকে তাদের দুনিয়া এবং দ্বীনের এ সকল বিষয়ে চিন্তা-ভাবনা করার অনুমোদন দেওয়া হয়েছে, যে সকল বিষয়ে কুরআন-হাদীসে স্পষ্ট কিছু নেই। এটা হলো ইসলামের সুদৃঢ় যৌক্তিক অবস্থানের প্রথম স্তম্ভ। এই অবস্থানটি সেই ভিত্তির মতো, যার মাধ্যমে ইসলামের ইতিহাস জুড়ে মুসলমানগণ তাদের সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছিলো।

টিকাঃ
১১৯. সূরা সাবা, আয়াত নং-৪৬
১২০. সূরা নাহল, আয়াত নং-৪৩
১২১. সূরা আ'রাফ, আয়াত নং-১৮৬
১২২. সূরা নাজম, আয়াত নং-২৮
১২৩. সূরা আহযাব, আয়াত নং-৬৭

📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা

📄 ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা


ভূমিকা: ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা বলতে বুঝায়- “প্রত্যেক ব্যক্তি সরকারি বা বেসরকারি যেকোনো বিষয়ে তার পছন্দমত মতামত গ্রহণ করতে পারে, এবং জনসম্মুখে তা প্রচার করতে পারে। এটা তার নিজস্ব চিন্তা-ভাবনা এবং অনুভূতি প্রকাশের ব্যক্তিগত অধিকার। যতক্ষণ পর্যন্ত এর মাধ্যমে অন্য কারও অধিকারে বিঘ্নতা সৃষ্টি না হবে।”

মত প্রকাশের স্বাধীনতা মুসলমানের অধিকার: ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা হলো একজন মুসলমানের নিশ্চিত অধিকার। কেননা, ইসলামী শরীয়ত এ অধিকারকে শুধু মুসলমানদের জন্যই নিশ্চিত করেছে। আর ইসলামী শরীয়ত যখন কারও জন্য কোনো বিষয় নির্দিষ্ট করে, তখন অন্য কেউ তা হ্রাস করা, দূর করা বা অস্বীকার করার কোনো অধিকার রাখে না। শুধু তাই নয়, বরং স্বাধীন মত প্রকাশ করা একজন মুসলমানের জন্য ওয়াজিব। এর থেকে বিরত থাকা তার জন্য জায়েয নেই। কেননা, আল্লাহ তাআলা মুসলমানদের উপর ওয়াজিব করেছেন- অন্যের কল্যাণ কামনা করা, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। আর এই ওয়াজিবগুলো পালন করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা না পাবে। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা হলো এসব ওয়াজিব আদায়ের অন্যতম একটি মাধ্যম। আর যে জিনিস ব্যতীত ওয়াজিব আদায়ে করা সম্ভব হয় না, সে জিনিসটাও ওয়াজিব হয়ে যায়। সে হিসেবে মত প্রকাশের স্বাধীনতাও ওয়াজিব।

সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়সহ দুনিয়াবী সকল বিষয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইসলাম। এ বিষয়ে একটি বাস্তব নমুনা- খন্দকের যুদ্ধের পূর্বে মদীনার এক তৃতীয়াংশ খেজুরের বিনিময়ে গাতফানীদের সাথে সন্ধি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন মুয়ায ও হযরত সাদ বিন উবাদাহর সাথে পরামর্শ করেছিলেন। এ ব্যাপারে হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু বলেন- “একবার হারেস গাতফানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, হে মুহাম্মাদ! মদীনার খেজুর আমাদের সাথে ভাগাভাগি করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- আমি সাদদের সাথে পরামর্শ করে নেই। এরপর তিনি হযরত সাদ ইবনে মুয়ায, সাদ ইবনে উবাদাহ, সাদ ইবনে রাবী, সাদ ইবনে খেসাম এবং সাদ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহুমের নিকট লোক পাঠিয়ে বললেন- আমি জানি যে আরব তোমাদেরকে এক ধনুক থেকে বের করে দিয়েছেন। এখন হারেস গাতফানী চায় তোমরা মদীনার খেজুরগুলোকে তার সাথে ভাগাভাগি করে নাও। এখন তোমরা যদি এই বছরেই তাকে দিতে চাও, তাহলে তা ভেবে দেখতে পারো। জবাবে তারা বললো- হে আল্লাহর রাসূল, এটা কি আসমান থেকে আসা ওহী; যা আমাদেরকে মানতেই হবে, না আপনার নিজস্ব কোনো মতামত; যা আমাদেরকে অনুসরণ করতে হবে? আপনি যদি আমাদের মতামতের উপর বিষয়টি ছেড়ে দেন, তাহলে আল্লাহর কসম করে বলছি, এ ব্যাপারে আমাদের মতামত হলো- তারা আতিথেয়তা আর অনুগ্রহ ছাড়া আমাদের কাছ থেকে একটি খেজুরও পাবে না।”

কল্যাণ কামনা, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ: অপরের কল্যাণ কামনা করা, সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করার ব্যাপারে কুরআন-হাদীসে অনেক বক্তব্য এসেছে। আল্লাহ তাআলা বলেন- “আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে।” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “প্রকৃত দ্বীন হলো- অন্যের কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বললাম- হে আল্লাহর রাসূল! কার জন্য কল্যাণ কামনা করা? তিনি বললেন- আল্লাহ তাআলার জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিম ইমামদের জন্য এবং জনসাধারণের জন্য।”

এই হাদীসের ব্যাখ্যায় ইমাম নববী রহ: বলেন- “মুসলিম ইমামদের কল্যাণকামিতার অর্থ হলো- তাদের ভুল শোধরাতে সহায়তা করা, তাদের আনুগত্য করা, অন্যায়ে বাধা দেয়া, তাদের বিরোধিতা করতে নিষেধ করা, সুরুচির সাথে তাদের আলোচনা করা, আর মুসলমানদের যেসব অধিকার আদায়ে তারা গাফেল হয়ে যায়, সেসব ক্ষেত্রে তাদের অবগত করা।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “কোনো মানুষের ভয় যেনো কাউকে জেনে-বুঝে সত্য বলা থেকে বিরত না রাখে।” তিনি আরও বলেন- “অত্যাচারী বাদশাহর সামনে হক কথা বলা উত্তম সংগ্রাম।”

সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করার আবশ্যকতা মত প্রকাশের স্বাধীনতাকে আবশ্যিক করে দেয়। আর আল্লাহ তাআলা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করাকে ওয়াজিব করেছেন। এর মানে তিনি মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। অনুরূপভাবে আমীরের জন্য মাশওয়ারা বা পরামর্শ করা ওয়াজিব হওয়ার বিষয়টি, যাদের সাথে পরামর্শ করবে, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে ওয়াজিব করে। কেননা, তারা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, তাহলে আমীর তাদের সাথে কী পরামর্শ করবে!

ইসলামী ইতিহাসজুড়ে মত প্রকাশে স্বাধীনতার অনেক বাস্তব নমুনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী হযরত হাব্বাব বিন মুনযির রাদি আল্লাহু আনহু বদরের যুদ্ধে মুসলমানদের অবস্থানের ব্যাপারে নিজস্ব মতামত পেশ করেছিলেন, যা ছিলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতামতের বিপরীত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতামতকেই গ্রহণ করলেন। অনুরূপভাবে ইফকের ঘটনার সময় কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মতামত দিয়েছিলেন- যাতে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দেন। পরে পবিত্র কুরআন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দোষ সাব্যস্ত করেছে। এছাড়াও আরও অনেক ঘটনা এমন আছে, যেখানে দেখা যায়, হযরত সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী লোকগণ স্বাধীনভাবে নিজস্ব মতামত পেশ করেছেন।

এমন আলোচনার দ্বারা এটা স্পষ্ট যে, ইসলামী শরীয়তে স্বাধীনভাবে নিজস্ব মতামত পেশ করাটা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। সুতরাং স্বাধীন মত প্রকাশের কারণে কাউকে শাস্তি দেওয়া জায়েয নেই। কেননা, এই অধিকার তাকে শরীয়তই দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদের মিম্বারে বসে মহিলাদের মহর নিয়ে আলোচনা করলেন। এক মহিলা তা প্রত্যাখ্যান করে বসলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন- “তাকে কিছু বলো না। এর দ্বারা তিনি স্বীকার করে নিলেন, এই মহিলাই সঠিক বলেছে। এরপর তিনি বললেন- এই মহিলা সঠিক মাসআলা বলেছে আর উমর ভুল করেছে।”

মত প্রকাশে আমানতদারী ও সততাঃ প্রত্যেক মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- মত প্রকাশে ক্ষেত্রে আমানতদারী এবং সততাকে ঠিক রাখবে। যা তিনি সঠিক মনে করেন, তাই বলবেন। যদিও সঠিক বলাটা তার জন্য অনেক কষ্টকর হয়। কেননা, স্বাধীন মত প্রকাশের দ্বারা উদ্দেশ্য হলো- সত্য ও সঠিক বিষয়টা সামনে আসা এবং শ্রোতা এর থেকে উপকার লাভ করা। ধোকা, প্রতারণা এবং সত্য গোপন করা স্বাধীন মত প্রকাশের উদ্দেশ্য নয়। মত প্রকাশের সময় কল্যাণের প্রতি খেয়াল রাখবে। শুধু নিজের সুনাম-সুখ্যাতি, সঠিক ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা, বাতেলকে হকের চাদরে ঢেকে দেওয়া, মানুষের অধিকারের অবমূল্যায়ন করা, আমীরদের খারাপ বিষয়কে বড় করা, আর তাদের ভালো বিষয়গুলোকে ছোট করা, তাদের ব্যক্তিত্বকে খাটো করা, তাদের সুখ্যাতিকে কমিয়ে দেওয়া এবং মানুষকে তাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য মত প্রকাশ করবে না। এসব শর্তের ভিত্তিতেই ইসলামী শরীয়ত মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করেছে। এটি হলো একটি সভ্যতার উন্নতির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সাথে সাথে এটা নিজের ব্যক্তিত্ব প্রকাশেরও অন্যতম হাতিয়ার।

টিকাঃ
১২৫. আবূ দাঊদ, মুসতাদরাক আল হাকিম, হাদিস নং-৪৫৬৮; মাজমাউজ জাওয়াইদ, হাদিস নং-১১৯/৬
১২৬. সুরা তাওবাহ, আয়াত নং-৭১
১২৭. সহীহ মুসলিম, হাদিস নং-৯২; সুনানু আবী দাউদ, হাদিস নং-৪৯৪৪; সুনানুন নাসাঈ, হাদিস নং-৪১৫৭
৭১৩. তাঁর নাম- মুহিউদ্দীন আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শারফ আন-নববী। তার অন্যতম প্রসিদ্ধ কিতাব হলো- আল মিনহাজ ও রিয়াজুস সালেহীন।
৭১৪. আল মিনহাজ-৩/২
৭১৫. ইবনে হিশামী, হাদীস নং- ২১৬৯ সুনানু ইবনে মাজাহ, হাদীস নং-৪০৯৭
৭১৬. ইবনে হিশামী, হাদীস নং- ২১৯৪ সুনানু আবী দাউদ, হাদীস নং-৪৩৪৪
৭১৯. তাফসীরে কুরতুবী: ৯৬/৫

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00