📄 গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি নেক আমল
উল্লিখিত ১২টি পদক্ষেপ নেওয়ার পরেও গুনাহ হয়ে যেতে পারে। মাঝে মধ্যে হোঁচট খেতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে একটি নেক আমল করে নিবেন। বলতে পারেন, গুনাহ-টি হয় সাধারণত গভীর রাতে। তখন কী নেক আমল করবো? আমি বলবো, তখনই তো নেক আমল করার ব্যাপক সুযোগ। যেমন 'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়তে পারেন। আধা ঘণ্টা গুনাহ করেছেন, অন্তত পাঁচ মিনিট হলেও বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ।
📄 সর্বোত্তম নেক আমল
হাদীস শরীফে এসেছে, আবু জর গিফারী রাযি. রাসূলুল্লাহ ﷺ-এর কাছে আবেদন করেছিলেন—
يا رسولَ اللهِ علَّمني شيئًا يقربني من الجنَّةِ ويباعدني مِنَ النَّارِ
ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন কৌশল শিখিয়ে দিন, যা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে। তখন রাসূলুল্লাহ ﷺ তাকে বলেছেন—
إذا عملত سيِّئةً فأتبعها حسنةً
গুনাহ করে ফেললে সঙ্গে সঙ্গে একটি নেক আমল করে নিবে। আবু জর গিফারী রাযি. বললেন ইয়া রাসূলাল্লাহ!
أمن الحسَناتِ لا إله إلا الله ؟
লা ইলাহা ইল্লাল্লাহ-ও কি নেক আমল? রাসূলুল্লাহ ﷺ উত্তরে বলেছেন—
هيَ أَحْسَنُ الحسَناتِ
এটি তো সর্বোত্তম নেক আমল। ৩৯
টিকাঃ
৩৯ মুসনাদ আহমাদ: ২১৫২৫
📄 বার বার ইস্তেগফার করুন
অনুরূপভাবে গুনাহ হয়ে গেলে আরেকটি নগদ নেক আমলের নাম ইস্তেগফার। সুতরাং গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার করুন।
বলতে পারেন, গুনাহ বার বার হয়ে যায় তাহলে ইস্তেগফারও বার বার করবো? এই প্রশ্নটাই এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ-এর নিকট করেছিল, তখন কী উত্তর দিয়েছিলেন; হাদীসটি শুনুন—
أن رجلًا قال يا رسولَ اللهِ أحدُنا يُذْنِبُ الذَّنب قالَ يُكْتبُ عليه قال ثم يستغفر ويتوب قالَ يُغْفَرُ لَهُ ويتابُ عليهِ قالَ ثُمَّ يَعودُ فيذنبُ قَالَ يُكتبُ عليهِ قَالَ ثُمَّ يَسْتَغফِرُ ويَتَوبُ قَالَ يُغفَرُ لَهُ ويُتابُ عليه ولا يمل اللهُ حَتَّى تملوا
এক ব্যক্তি বলল ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি গুনাহ করে ফেলে? রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন, তাহলে গুনাহ-টি লিখে রাখা হয়। লোকটি বলল, যদি ওই ব্যক্তি ইস্তেগফার ও তাওবা করে নেয় তাহলে? রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তার তাওবা কবুল করে নেওয়া হয়। লোকটি পুনরায় বলল, যদি ওই ব্যক্তি আবার গুনাহ করে ফেলে? রাসূলুল্লাহ ﷺ আগের মত উত্তর দিলেন যে, তাহলে গুনাহ-টি লিখে রাখা হয়। লোকটি আবারও প্রশ্ন করল, যদি এবারেও ওই ব্যক্তি ইস্তেগফার ও তাওবা করে নেয় তাহলে? তখন রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তার তাওবা কবুল করে নেওয়া হয়। আর ইস্তেগফার করতে করতে তোমরা ক্লান্ত হতে পারো কিন্তু ক্ষমা করার ব্যাপারে আল্লাহ তাআলা ক্লান্ত হন না। ৪০
টিকাঃ
৪০ আল আমালি আল মুতলাকা: ১৩৪