📄 ফুযাইল ইবনু ইয়ায রহ.
ফুযাইল ইবনু ইয়ায রহ. এক দিন হুসাইন ইবনু যিয়াদ রহ.-এর হাত ধরে বলেন, শোনো হুসাইন!
يَنْزِلُ اللَّهُ تَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ الرَّبُّ : كَذَبَ مَنْ ادَّعَى مَحَبَّتِي إِذَا جَنَّهُ اللَّيْلُ نَامَ عَنِّي ؟ أَلَيْسَ كُلُّ حَبِيبٍ يُحِبُّ خَلْوَةَ حَبِيبِهِ ؟
আল্লাহ তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে আসেন। তারপর বলতে থাকেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসার দাবী করে অথচ রাতের গভীরে ঘুমিয়ে থাকে; সে মূলত মিথ্যা দাবী করল। প্রত্যেক প্রেমিক কি তার প্রেমাস্পদের সঙ্গে একান্ত সময় কামনা করে না! ৩৪
চিন্তা করুন, যে ঘুমিয়ে থাকে আল্লাহ তাআলা তাকেই বলেন, আমার প্রতি তোমার ভালোবাসার দাবী মিথ্যা। আর আমরা তো ঘুমিয়ে থাকি না; বরং নিশাচর প্রাণীর মত জেগে থাকি। কী নিয়ে জেগে থাকি? এসব ডিভাইস সঙ্গে নিয়ে জেগে থাকি; তাহলে আল্লাহ তাআলার প্রতি আমাদের ভালোবাসার দাবী কতটুকু সত্য?
টিকাঃ
৩৪ হিলইয়াতুল আউলিয়া: ৮/৯৯, ১০০
📄 ঘুমানোর সময় তাহাজ্জুদের নিয়ত করে নিন
এ জন্যই বলি, ভোর রাতে দোয়ার অভ্যাস করুন। আগে আগে ঘুমিয়ে পড়ুন তাহলে ওঠা সহজ হবে। ঘুমানোর সময় তাহাজ্জুদের নিয়ত করে নিন। তাহলে বাস্তবে রবের সঙ্গে একান্ত সময় কাটাতে না পারলেও অন্তত নিয়তের দিক থেকে হলেও তাঁর একান্ত সঙ্গ অনুভব করতে পারবেন। এটা আপনাকে বহু গুনাহ থেকে হেফাজত করবে।