📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 হিম্মত করতে হবে

📄 হিম্মত করতে হবে


আবারও বলছি, ফেৎনাটির মোকাবেলা করার জন্য আমাদের হিম্মত করতে হবে। আল্লাহর ওপর ভরসা করে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে, আমি পারবো ইনশাআল্লাহ। আমার রবের সন্তুষ্টির জন্য ভার্চুয়াল দুনিয়ার এই চাকচিক্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এই ভাবে প্রত্যয়ী হবেন, পাশাপাশি গুরুত্ব ও সতর্কতার সঙ্গে কিছু আমল ও পদক্ষেপও গ্রহণ করতে হবে।

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 ঘুরে দাঁড়াতে হবে

📄 ঘুরে দাঁড়াতে হবে


আমি বলছি না যে, এক দিনেই আপনি আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বোস্তামী বনে যাবেন; বরং এত দিনের এই অভ্যাস থেকে পুরোপুরী বের হওয়াটা হয়তো সঙ্গে সঙ্গে হয়ে উঠবে না। সে-ই যেদিন থেকে ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়েছিলেন, সেদিন থেকে হয়তো এর অপব্যবহার করে যাচ্ছেন। এখন রাস্তা পরিবর্তন করতে গিয়ে হয়তো মাঝে মধ্যে হোঁচট খাবেন। তবুও আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। হোঁচট খাওয়ার পর পড়ে থাকলে তো চলা শেখা হবে না; বরং দোয়া তাওয়াক্কুল সতর্কতা আমল ও পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে হবে।

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 মুজাহাদা করতে হবে

📄 মুজাহাদা করতে হবে


চিকিৎসা পেলাম, বাঁচার কৌশলও জানলাম কিন্তু কেবল জেনেই গেলাম, সতর্ক হলাম না, হিম্মত করলাম না, পদক্ষেপ নিলাম না তাহলে মনে রাখবেন, যদি কেউ নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে তাকে বাঁচাবে কে! কেউ যদি আগুনে ঝাঁপ দিতে চায় তাহলে তাকে কে আছে রক্ষা করবে! এজন্য আবারও বলছি, মুজাহাদা করতে হবে। আত্মপ্রত্যয়ী হতে হবে। আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করে সামনে বাড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি রহমতের দৃষ্টি দিবেন এবং এই ভার্চুয়াল অপশক্তির মোকাবেলা করতে পারবেন। আল্লাহ তাআলা বলেছেন—

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্য অবশ্যই আমার পথে পরিচালিত করবো। অবশ্যই আল্লাহ সৎকর্ম-পরায়ণদের সঙ্গে আছেন। ১৬

টিকাঃ
১৬ সূরা আনকাবুত : ৬৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00