📄 ফেৎনার জামানায় আমল করার ফজিলত
রাসূলুল্লাহ কত চমৎকারভাবে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে ফজিলত বাজেট করিয়ে নিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে শুনাচ্ছেন যে—
إِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامُ الصَّبْرِ الصَّبْرُ فِيهِنَّ كَقَبْضِ عَلَى الْجَمْرِ لِلْعَامِلِ فِيهَا أَجْرُ خَمْسِينَ قَالُوا يَا رسول اللهِ أَجْرُ خمسين منهم أَو خمسينَ مِنَّا قَالَ خمسينَ مِنْكُمْ
তোমাদের পর এমন যুগ আসবে, যখন দীনের ওপর সবর করে থাকা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখার মতো কষ্টকর হবে। ওই সময় দীনের ওপর আমলকারীর প্রতিদান হবে পঞ্চাশ জন পুরুষের সমান প্রতিদান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! পঞ্চাশ জন পুরুষ তাদের মধ্য থেকে না আমাদের মধ্য থেকে? নবীজি উত্তর দিলেন, বরং তোমাদের মধ্য হতে! ১৫
সুতরাং মনে রাখতে হবে, সব কিছুর আগে আমরা মুমিন।
টিকাঃ
১৫ সুনান আবু দাউদ: ৪৩৪১
📄 আমার সবচেয়ে বড় পরিচয়
আলী রাযি. বলতেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম এবং মুহাম্মদ ﷺ-এর উম্মত। আমরাও সব সময় একথাটা মনে রাখবো। এটাই আমাদের প্রধান পরিচয়। সুতরাং আমরা এই ফেৎনার কাছে হার মানবো না, শয়তানের গোলাম হবো না। হে আল্লাহ! আপনি আমাদের হিম্মত বাড়িয়ে দিন আমীন।
📄 হিম্মত করতে হবে
আবারও বলছি, ফেৎনাটির মোকাবেলা করার জন্য আমাদের হিম্মত করতে হবে। আল্লাহর ওপর ভরসা করে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে, আমি পারবো ইনশাআল্লাহ। আমার রবের সন্তুষ্টির জন্য ভার্চুয়াল দুনিয়ার এই চাকচিক্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এই ভাবে প্রত্যয়ী হবেন, পাশাপাশি গুরুত্ব ও সতর্কতার সঙ্গে কিছু আমল ও পদক্ষেপও গ্রহণ করতে হবে।
📄 ঘুরে দাঁড়াতে হবে
আমি বলছি না যে, এক দিনেই আপনি আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বোস্তামী বনে যাবেন; বরং এত দিনের এই অভ্যাস থেকে পুরোপুরী বের হওয়াটা হয়তো সঙ্গে সঙ্গে হয়ে উঠবে না। সে-ই যেদিন থেকে ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়েছিলেন, সেদিন থেকে হয়তো এর অপব্যবহার করে যাচ্ছেন। এখন রাস্তা পরিবর্তন করতে গিয়ে হয়তো মাঝে মধ্যে হোঁচট খাবেন। তবুও আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। হোঁচট খাওয়ার পর পড়ে থাকলে তো চলা শেখা হবে না; বরং দোয়া তাওয়াক্কুল সতর্কতা আমল ও পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে এগিয়ে যেতে হবে।