📘 ইমোশনাল ইন্টেলিজেন্স নববী দর্পণে সমকালীন ধারণা > 📄 শেষ কথা

📄 শেষ কথা


ইমোশনাল ইন্টেলিজেন্স তামাম দুনিয়ায় উল্লেখযোগ্যভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। একজন ব্যক্তির নিজের আবেগ পরিচালনা এবং অন্য লোকেদের পরিচালনা করার ক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স এর গুরুত্ব সীমাহীন। এটি বিশ্বাস করা হয় যে উচ্চ বুদ্ধিমত্তাবান লোকেরা কেবল নিজেদের জানা এবং বোঝার ক্ষেত্রেই ভাল নয়, অন্য মানুষের আবেগকে উপলব্ধি করতে এবং সম্মান করতেও তারা সমানভাবে দক্ষ এবং সক্ষম। এটাকে এমন একটা মিসিং লিংক হিসেবে ধরা যায় যা ব্যক্তির ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়।

আমরা সবাই আল্লাহর রাসূল সঃ এর সাথে গভীরভাবে ব্যক্তিগত কানেকশন অনুভব করি। বিশেষ করে যখন আমরা সীরাত অধ্যয়ন করি। আমরা বিশ্বের যেখানেই থাকি না কেন এবং বিভিন্ন বর্ণ, জাতিগত এবং সাংস্কৃতিক পটভূমি নির্বিশেষে সবার কাছে তিনি “আমার নবি”, এমনকি যে পাপী শয়তানের প্ররোচনায় পাপ করে ফেলে তার কাছেও তিনি “আমার নবি”, “প্রিয় নবি”!

একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই আমাদের প্রিয় নবি -এর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সর্বশক্তিমান আল্লাহ তাঁকে মানবজাতির কাছে পাঠিয়েছেন এবং নীতি ও আচার-আচরণে সর্বোত্তম হতে শিখিয়েছেন যাতে আমরা তাঁর মধ্যে সবচেয়ে সম্পূর্ণ এবং সর্বোত্তম উদাহরণ খুঁজে পাই।

নবি -এর পরে আমাদের জীবনকে গঠন এবং পরিচালনা করার ক্ষেত্রে, অবশ্যই আমাদের সতর্ক হতে হবে। বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জ্ঞান নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল -এর কষ্টিপাথরে যাচাই করে দেখে নিতে হবে। ভালো এবং মানবতার জন্য কল্যাণকর যে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। আধুনিক বিশ্বের বিভিন্ন তত্ত্ব এবং গবেষণা মানবজাতির জন্য অনেকক্ষেত্রে আশীর্বাদ এবং অনেকক্ষেত্রে অভিশাপও বয়ে নিয়ে আসছে। নববি ফিল্টার যদি আমরা যথাযথভাবে এবং যথাযথ জায়গায় প্রয়োগ করতে পারি তাহলে মানবজাতি সত্যিকার অর্থেই উপকৃত হবে।

রাসূল -এর সীরাতের মধ্যে আমরা বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, সৎগুণ, আবেগের যথাযোগ্য প্রয়োগ এবং আধ্যাত্মিক সুখানুভূতির এক অসাধারণ মিশ্রণ পাই। সফলতার একেকটি সোপান হয়ে এগুলো আমাদের সামনে ধরা দেয়। পাশাপাশি ইমোশনাল ইন্টেলিজেন্সের আধুনিক তত্ত্ব এবং গতিধারাগুলোর সাথে যদি আমরা নববি শিক্ষার যথাযথ সংমিশ্রণ ঘটাতে পারি, তাহলে চমৎকার কিছু দিক-নির্দেশনা আমরা পাই। এগুলো আমাদের মাঝে ব্যক্তিগতভাবে আধ্যাত্মিকতার এক নতুন অভিজ্ঞতা সঞ্চার করবে, পাশাপাশি পুরো সমাজকেও প্রভাবিত এবং গতিশীল করবে, ইনশাআল্লাহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00