📄 উন্নত মানসিকতা (Growth mindset)
যারা মনে করেন যে, কঠোর পরিশ্রম, সঠিক কৌশল এবং আশেপাশের মানুষের কাছ থেকে শিখে নিজেদের কর্মদক্ষতাকে আরও বাড়ানো সম্ভব, তারাই মূলত উন্নত মানসিকতার অধিকারী। অপরদিকে যারা মনে করেন, দক্ষতা জন্মগত বিষয়, একে বাড়ানো বা কমানোর সুযোগ নেই—তাদের এই মানসিকতাকে বলা হয় Fixed mindset বা আবদ্ধ মানসিকতা। তারা সর্বক্ষেত্রে পিছিয়ে পড়েন। গ্রোথ মাইন্ডসেটের অধিকারী মানুষদের মূল লক্ষ্য থাকে সর্বদাই নতুন কিছু শেখা। তারা তাদের শ্রম ও সময় শেখার পেছনে ব্যয় করেন। বাহ্যিকভাবে তাদেরকে কেমন দেখাচ্ছে, তা নিয়ে বিশেষ মাথাব্যথা থাকে না।
কর্মচারীদের মতে, যখন কোনো প্রতিষ্ঠানে গ্রোথ মাইন্ডসেট বিষয়টির প্রচলন হয়ে যায়, তখন তারা কাজে অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ অনুভব করেন। যেকোনো সমস্যা সমাধানে বা প্রতিষ্ঠানের কোনো নতুন আইডিয়া বাস্তবায়নে তারা অনেক বেশি সহায়তা পান। অথচ, কূপমণ্ডুক মানুষ দ্বারা পরিবেষ্টিত কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে কর্মচারীদের মুখোমুখি হতে হয় হাজার রকমের বিব্রতকর পরিস্থিতির। কর্মচারীদের মাঝে প্রতারণা, ধোঁকাবাজির মতো ঘটনা যেন তাদের রোজকার বিষয় হয়ে দাঁড়ায়। তাই কর্মক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেটের গুরুত্ব ও ভূমিকা অনেক।
ইসলামি আকীদা অনুসারে, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসে। আবার আল্লাহর পক্ষ থেকে আসবে—এই ভেবে বেকার বসে থাকাও ইসলামি শিক্ষা পরিপন্থি। আল্লাহর ওপর যথাযথ ভরসা করে নিজ কাজে এগিয়ে যাওয়া রাসূল ﷺ-এর শিক্ষা। এক হাদীসে রাসূল ﷺ বলেছেন,
"তোমরা যদি আল্লাহ তাআলার ওপর ভরসা করার মতো ভরসা করতে, তাহলে তিনি তোমাদেরকে ওইরূপ রিযিক দিতেন, যেমনভাবে পাখিদেরকে দিয়ে থাকেন। পাখিগুলো সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয় এবং বিকেলে পেট পূর্ণ করে ফিরে আসে।”[৭৩]
পাখিরা আল্লাহর ওপর ভরসা করে বাসায় বসে থাকে না। বরং তারা আল্লাহর ওপর ভরসা করে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। এটাও প্রাণীদের মধ্যে গ্রোথ মাইন্ডসেটের একটা উদাহরণ।
আবার রাসূল ﷺ প্রতিনিয়ত সাহাবিদের ঈমান, আমল ও আখলাক উন্নত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গেছেন। এসবকিছুই গ্রোথ মাইন্ডসেটের আওতায় পড়বে। আপনি চিন্তা করুন, কোন টেইনিংয়ের ফলে উমরের মতো একজন রাখাল অর্ধপৃথিবী শাসনের উপযুক্ত হয়ে গেলেন?
উন্নত মানসিকতা ও আবদ্ধ মানসিকতার মৌলিক পার্থক্যগুলো হলো:
**আবদ্ধ মানসিকতা**
* দক্ষ হওয়ার বিষয়টি জন্মগত।
* চেষ্টার কোনো মূল্য নেই, জন্মগত প্রতিভাই সব।
* নিজেকে ঝুঁকির মাঝে ফেলার কোনো মানে হয় না। ঝুঁকি নেওয়া মানে ব্যর্থতাকে নিজের জন্যে অবধারিত করে ফেলা।
* ব্যর্থ হওয়া মানেই হলো আপনাকে দিয়ে ক্রিয়েটিভ কিছু সম্ভব নয়।
* অন্যের ফিডব্যাক নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। বরং এটা নিজের জন্যে একপ্রকার হুমকি।
**উন্নত মানসিকতা**
* দক্ষ হতে হলে কঠোর পরিশ্রমের প্রয়োজন।
* আল্লাহর ওপর ভরসা করে চেষ্টা করা খুবই গুরুত্বপূর্ণ।
* নিজেকে সমৃদ্ধ করতে চাইলে ঝুঁকি নেওয়ার বিকল্প নেই।
* ব্যর্থতা মানে নতুন কিছু শেখার প্রথম ধাপ।
* অন্যের ফিডব্যাক আপনাকে আরও দক্ষ হয়ে উঠতে সাহায্য করে।
**উন্নত মানসিকতা গড়ে তুলব কীভাবে?**
১. নিজের ও অন্যের অসম্পূর্ণতাগুলো সম্পর্কে জানুন এবং এগুলো মেনে নেওয়ার চেষ্টা করুন। নিজের কোনো অসম্পূর্ণতার কারণে হীনম্মন্যতায় ভোগা উচিত নয়। বরং বিষয়টা এভাবে ভাবা উচিত যে, "আমার মাঝে এই দুই-একটি বিষয়ে অসম্পূর্ণতা থাকলেও আরও অনেক দক্ষতা রয়েছে, যা হয়তো অন্যদের নেই।” তা ছাড়া সকল মানুষকে আল্লাহ তাআলা একরকম যোগ্যতা দিয়ে তৈরি করেন না। এটিও আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি দেখতে চান-কে অক্ষমতা নিয়ে সবর করে, আর কে দক্ষতাকে কাজে লাগিয়ে আল্লাহর নিয়ামতের হক আদায় করে।
২. নিজের সমস্যাগুলো সাহসিকতার সাথে মোকাবিলা করতে শিখুন। যদি দেখেন, কোনো ভয়াবহ বিপদের মুখোমুখি এসে আপনি আতঙ্কিত হয়ে পড়ছেন, তবে পুরো পরিস্থিতিকে আপনার মাথায় নতুন করে ঢেলে সাজান। বিপদের এই মুহূর্তটিকে সুযোগ হিসেবে বিবেচনা করুন। দৃষ্টিভঙ্গিকে এভাবে সামান্য পরিবর্তন করে নেওয়ার মাধ্যমে আপনি নিজেকে যেকোনো পরিস্থিতির সামনে দাঁড় করাতে পারবেন।
৩. নিজের কথা ও কাজের দিকে লক্ষ রাখুন। আপনি কী বলছেন, এমনকি কী ভাবছেন—সেটাও লক্ষ করুন। আপনার কথাবার্তা যদি কর্কশ বা আঘাত করার মতো হয়, তবে তার ফলাফলও সেরকমই হবে। এমনকি কর্কশতা থেকে আল্লাহও তাঁর রাসূল -কে সতর্ক করেছেন,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَا نْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ )
“অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতে, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর যখন সংকল্প করবে, তখন আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন।”[৭৪]
উন্নত মানসিকতা গড়ে তুলতে চাইলে মনের নেতিবাচক চিন্তাগুলোকে আরও ভালো কোনো চিন্তা দিয়ে স্থানান্তরিত করুন। কারও সম্পর্কে হুট করে নেতিবাচক সিদ্ধান্তে না গিয়ে বরং তার ভালো দিকগুলো নিয়ে চিন্তা করুন। ঘৃণার বদলে ভালোবাসুন। আপনি যদি নিজের নৈতিক অবস্থান সম্পর্কে নেতিবাচক বা অপমানজনক ধারণা পোষণ করে থাকেন, তবে আপনার সিদ্ধান্তেও এর বহিঃপ্রকাশ ঘটবে।
৪. অন্যের স্বীকৃতির আশায় থাকা বন্ধ করুন। উন্নত মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে মানুষের স্বীকৃতি বরং অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। অন্যকে নয়, সর্বদা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। এতে আপনি নিজেও আত্ম-তুষ্টি পাবেন। আর মানুষকে সন্তুষ্ট করার আশায় দৌড়ালে শুধু হতাশই হতে হবে।
৫. স্বকীয়তাকে আরেকটু গভীরভাবে উপলব্ধি করুন। আপনি যা নন—তা হওয়ার ভান করার অর্থ হলো মূলত নিজেই নিজেকে অপমান করা। এ ধরনের চেষ্টা মানুষকে কৃত্রিম করে তোলে। এটি আপনার ব্যক্তিত্বকে ধ্বংস করে দেবে। নিজের সমস্ত অকত্রিমতাকে ঝেড়ে ফেলতে সময় ও অনেক বেশি আত্মোপলব্ধির প্রয়োজন। আপনি যখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন এবং নিজের প্রকৃত সত্তাকে মূল্যায়ন করা শিখবেন, তখন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ আপনার কাছে আয়নার মতো স্বচ্ছ মনে হবে। উন্নত মেজাজ গড়ে তোলার জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।
৬. নিজের দক্ষতাগুলো খুঁজে বের করুন, তার সঠিক মূল্যায়ন করুন। দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে থাকুন। এই প্রচেষ্টাগুলো আপনাকে উন্নত মানসিকতা- সম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে।
৭. আপনাকে ঘিরে চলতে থাকা সমালোচনা-পর্যালোচনাকে উপহার হিসেবে গ্রহণ করুন। আপনি যা করছেন—তা আপনার চেয়ে আপনার আশেপাশের অন্যান্য ব্যক্তিরা ভালোভাবে পর্যালোচনা করতে পারবে। কেননা একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম। ভিন্নভাবে চিন্তা করতে পারার কারণে তারা হয়তো আপনার কাজের কৌশলে উপকারী কিছু পরামর্শ যোগ করতে পারবে। এ কারণে, যেকোনো পরামর্শ খোলামনে গ্রহণ করুন। এতে করে আপনি সহজেই নিজের মাঝে উন্নত মেজাজ তৈরি করতে পারবেন।
৮. ফলাফলের চেয়ে কাজের প্রক্রিয়াকে বেশি মূল্যায়ন দিন। মনে রাখবেন, কোনো কাজ সফল করার পেছনে আপনার প্রচেষ্টাটুকুই বড় বিষয়, সবক্ষেত্রে সফল হওয়াটা মূল নয়।
৯. অন্যের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন। আপনি যদি অন্যদের ভুল থেকে শিখতে পারেন, তবে নিজের ক্ষেত্রে হয়তো ভুল কিছুটা কম হবে। নতুন কিছু করার সময় আপনার ভয়ের মাত্রাও তখন অনেকাংশে কমে যাবে। একে উন্নত মানসিকতা গড়ে তোলার মূল চাবিকাঠি বললেও ভুল হবে না।
১০. এখনই সফল হতে না পারাতে লজ্জিত হওয়ার কিছু নেই। মনে রাখবেন, কেউই শুরুতেই সব বিষয়ে দক্ষ হয়ে উঠতে পারে না। তবে আপনি যদি লেগে থাকেন, তবে সময় ও অধ্যবসায়ের মাধ্যমে নিজের মাঝে অনেক উন্নতি আনতে পারবেন।
১১. কাজে ঝুঁকিগ্রহণ করুন। এ কাজে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে খুব বেশি সফলতা আশা করবেন না। বাকিদের সামনে কোনো ভুল হয়ে গেলে, তা সহজভাবে মেনে নিন। যখন আপনি শিখছেন, তখন ভুল হওয়াটাই স্বাভাবিক। তা ছাড়া, অন্যদের সামনে ভুল করতে করতেই একসময় আপনি এ বিষয়ে দক্ষ হয়ে উঠবেন।
১২. বাস্তববাদী হোন। এর জন্যে সময়ের প্রয়োজন। কখনো কখনো কোনো নতুন কিছু শিখতে, নতুন কোনো দক্ষতা অর্জন করতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। এই বিষয়টি মেনে নিলে আপনার জন্যে কাজ করা সহজ হয়ে উঠবে। নতুন কিছু শিখতে কিংবা প্রথমবারের মতো কোনো কাজ করতে হলে, সাময়িক ব্যর্থতা যেন আপনাকে দমিয়ে রাখতে না পারে।
১৩. কোনো কাজ দ্রুত শেষ করতে পারাটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। উন্নত মানসিকতার একটি বড় বৈশিষ্ট্য হলো, ফলাফলকেই সফলতা নির্ণয়ের একমাত্র মাপকাঠি মনে না করা। আপনি আপনার সমস্ত শ্রম, প্রচেষ্টা দিয়ে যাবেন। কত সময় লাগছে—সেটা বড় বিষয় নয়। বরং, আপনি যেহেতু আপনার পূর্ণ প্রচেষ্টা এ কাজের পেছনে দিয়ে যাচ্ছেন, সেহেতু আশাতীত কোনো ফলাফল পেয়ে যেতেই পারেন। না পেলেও সমস্যা নেই। আপনি বরং নিজের কাছে সৎ থাকলেন। কারণ, আপনি সর্বোচ্চ চেষ্টাটুকুই করেছেন।
১৪. সর্বদা শেখার মেজাজে থাকুন। প্রতিটি ছোট-বড় অভিজ্ঞতা থেকে শিখুন। যেকোনো নেতিবাচক পরিস্থিতি সামলে নেওয়ার পর প্রয়োজনে নোটবুকে লিখে রাখুন—এখান থেকে কী কী শিখলেন। কর্মক্ষেত্রে কিংবা ব্যবসার প্রতিটি খুঁটিনাটি থেকে শেখার চেষ্টা করুন। শিখুন অভিজ্ঞতা থেকে, অন্যের থেকে, বই থেকে ও নেট দুনিয়া থেকে।
সময়ের সাথে চলমান স্কিলগুলো জানা ও শেখার চেষ্টা করুন। এমন নয় যে, সব বিষয়েই আপনাকে মাস্টার হতে হবে। আপনি মাস্টার হবেন আপনার কাজের ক্ষেত্রেই, কিন্তু কাজের সাথে জড়িত পরোক্ষ অন্যান্য বিষয়েও আপনার জ্ঞান থাকতে হবে। জানাশোনার পরিধি যত বাড়বে, নিজের দক্ষতা ও যোগ্যতাও তত বাড়বে।
সংক্ষেপে এগুলোই হলো উঁচু মানসিকতা গড়ে তোলার প্রধান হাতিয়ার।
**নবি-রাসূল এবং সাহাবিদের জীবনে উন্নত মানসিকতা**
উন্নত মানসিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটি পুকুর কিংবা ডোবার মতো স্থির নয়; বরং উত্তাল সমুদ্রের মতো সদা বহমান। এরকম মানুষজন নিজেকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখে না। বরং নিজেকে মেলে ধরা এবং বিকশিত করার জন্য যা যা করণীয়—সবই করে। যেমন ধরুন, সূরা আল-কাহফে মুসা এবং খাযির-এর জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দেখতে পাই। মূসা সেই সময়কার আল্লাহর প্রেরিত নবি হওয়ার সুবাদে তাঁর মধ্যে এই ধারণা জন্মে যে, তিনি এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কিন্তু আল্লাহ তাঁকে জানান যে, প্রত্যেক জ্ঞানীর ওপর জ্ঞানী আছে। মূসা যখন তাঁর চেয়ে জ্ঞানী পিযির সম্পর্কে জানতে পারেন, তখন তিনি তাঁর কাছ থেকে জ্ঞান আহরণের জন্য ব্যাকুল হয়ে যান। তাঁকে রাজি করিয়ে তাঁর সফরসঙ্গী হন। এতে মূসা-এর উচ্চ মনোবলের পরিচয় পাওয়া যায়।
অপরদিকে সাহাবিদেরকে রাসূল উচ্চ মনোবলের প্রশিক্ষণ দিতেন। আবু হুরায়রা জ্ঞান অর্জনের জন্য মসজিদে নববির বারান্দায় পড়ে থাকতেন। কিছু সাহাবিকে রাসূল বিদেশি যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য দূরদেশে পাঠান। রাসূল নিজেও সালমান ফারিসি-এর পারস্য যুদ্ধকৌশলের কদর করেন এবং আহযাবের যুদ্ধে সেটা কার্যকর করেন। এসবই বিচক্ষণতার চমৎকার উদাহরণ।
টিকাঃ
[৭৩] তিরমিযী: ২৩৪৪, সহিহ
[৭৪] সূরা আলে ইমরান, ৩:১৫৯
📄 সকল ঝঞ্ঝা কাটিয়ে ওঠা (Stress Management)
বর্তমানে সমগ্র দুনিয়াজুড়ে যে কয়টা সমস্যা মানুষকে ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাচ্ছে, সেগুলোর একটা হলো ধকল। বলা যেতে পারে অনিয়ন্ত্রিত ধকল। তাই ধকল কাটানোর নানাবিধ তত্ত্ব দিন দিন উদ্ভাবিত হচ্ছে এবং হবে। তবে মুসলিম হিসেবে আমাদের সৌভাগ্য বলতেই হবে। কারণ, মানসিক চাপ সামলিয়ে ওঠার বেশ কিছু টিপস আমাদের নবিজি আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা যদি সেগুলো যত্নের সাথে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আল্লাহর অনুগ্রহে কোনো স্ট্রেস আমাদেরকে কাবু করতে পারবে না। আর এতকিছুর পরেও যদি প্রয়োজন হয়, তবে চিকিৎসকের পরামর্শ নিতেও সমস্যা নেই। কারণ, চিকিৎসা নেওয়াও নবিজির শিক্ষা।
একজন মুসলিম হিসেবে আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখার সাথে সাথে রুহের দেখভালের গুরুত্বও অস্বীকার করতে পারি না। ধকল কাটানোর সমকালীন তত্ত্বগুলো শুধুমাত্র শারীরিক ও মানসিক দিক থেকে করণীয়গুলো বাতলে দেয়। আর ইসলাম শারীরিক ও মানসিকের পাশাপাশি আত্মিক বা আধ্যাত্মিক দিক থেকে করণীয়গুলোও বলে দেয়। অর্থাৎ ধকল কাটানোর সার্বিক শিক্ষা ইসলামের মধ্যেই রয়েছে।
একবার আল্লাহর রাসূল সাদ বিন উবাদার অসুস্থতার কথা জানতে পেয়ে তাঁকে দেখতে গেলেন। রাসূল -এর সাথে আবদুর রহমান বিন আউফ, সাদ বিন আবু ওয়াক্কাস এবং আবদুল্লাহ বিন মাসউদ ছিলেন। আল্লাহর রাসূল কাঁদতে শুরু করলেন। এই দৃশ্য দেখে সাহাবিগণের চোখ থেকেও পানি পড়তে শুরু করল। রাসূল বললেন,
أَلا تَسْمَعُونَ إِنَّ اللَّهَ لَا يُعَذِّبُ بِدَمْعِ العَيْنِ، وَلَا بِحُزْنِ القَلْبِ، وَلَكِنْ يُعَذِّبُ بِهَذَا وَأَشَارَ إِلَى لِسَانِهِ أَوْ يَرْحَمُ
"তোমরা কি শোনোনি যে, আল্লাহ তাআলা চোখের অশ্রু এবং অন্তরের দুঃখের কারণে শাস্তি দেন না?" এরপর তিনি নিজের জিভের দিকে ইঙ্গিত করে বললেন, "কিন্তু তিনি এটার কারণে শাস্তি দেন অথবা দয়া করেন।”[৭৫]
কাজেই, সঠিক আকীদা ও দৃঢ় ঈমান আমাদের মানসিক চাপ সামলানোর ব্যাপারে অমূল্য সম্পদ হিসেবে কাজ করতে পারে।
টিকাঃ
[৭৫] সহিহুল বুখারি: ১৩০৪; সহিহ মুসলিম: ৯২৪
📄 সকল কঠিনোর ইসলামি নির্দেশনা
আল্লাহ ও তাকদিরের ওপর ঈমান
নিজ রবের প্রতি বিশ্বাসী ব্যক্তি খুব ভালোভাবেই জানে—দুনিয়ার জীবন পরীক্ষা ছাড়া কিছুই নয়। কেননা, আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেছেন,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَ الثَّمَرَتِ وَبَشِّرِ الصَّبِرِينَ
"আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে। তবে, তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও।"[৭৬]
অর্থাৎ জাগতিক সকল বিপদাপদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি হবে—এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষাস্বরূপ, অথবা আমাদের পাপের শাস্তি ও সংশোধনের বার্তা। আল্লাহ ছাড়া অন্য কেউ সবকিছুর ওপর নিয়ন্ত্রণাধীন নয়। এই বিষয়টি একজন মুমিন ব্যক্তির জন্যে একধরনের নিয়ামত-স্বরূপ। আমরা কেবল নিজেদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি!
আল্লাহ আরও বলেন,
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدُكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
"আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চান, তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর আল্লাহ যদি তোমার কল্যাণ করতে চান, তাহলে তাঁর অনুগ্রহ রদ করার কেউ নেই। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে চান অনুগ্রহ দিয়ে ধন্য করেন। তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু।"[৭৭]
তাই দুনিয়ার জীবন ও দুনিয়াবি বিপদাপদের ব্যাপারে সঠিক জীবনদর্শনই হতে পারে ধকল কাটানোর প্রথম ও প্রধান হাতিয়ার。
• আল্লাহর নিয়ামত উপলব্ধি এবং এর জন্যে কৃতজ্ঞতা প্রকাশ
আল্লাহ তাআলা বলেন,
لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
"যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য (আমার নিয়ামত) বৃদ্ধি করে দেবো...।"[৭৮]
ইতিবাচক সবকিছুর শুরুটা হয় একটি কৃতজ্ঞ অন্তর আর পজিটিভ মস্তিষ্ক থেকে। বারবার কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়টি আমাদের মনকে হালকা রাখে, মনের চাপ দূর করে। এই কৃতজ্ঞতা শুধু আল্লাহর প্রতি নয়; বরং আমাদের প্রতি মানুষের সাহায্য ও অনুগ্রহের জন্যও আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। রাসূল বলেছেন, “যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।” রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ ، إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ، وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ، إِنْ أَصَابَتْهُ سَرَاءُ شَكَرَ، فَكَانَ خَيْرًا لَهُ ، وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ، صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ
“মুমিনের ব্যাপারগুলো ভারি অদ্ভুত। সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ব্যতীত অন্য কারও জন্য এ কল্যাণ লাভের ব্যবস্থা নেই। সে আনন্দ লাভ করলে শোকরিয়া জ্ঞাপন করে, তা তার জন্য কল্যাণকর হয়। আবার দুঃখকষ্টে আক্রান্ত হলে ধৈর্যধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর হয়।”[৭৯]
তুলনা করার মানসিকতা খুব সহজে মানুষের ইতিবাচক মনোভাবকে ধ্বংস করে দেয়। নিজের জীবন, ধনসম্পদ, সন্তান, জীবনসঙ্গী, বন্ধু-বান্ধব, সফলতা, শিক্ষা-সবকিছুতেই আমাদের তুলনা করার মানসিকতা!
আল্লাহর রাসূল বলেন,
انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللهِ
“তোমরা পার্থিব ব্যাপারে তোমাদের চেয়ে কম সমৃদ্ধশালী লোকেদের প্রতি দৃষ্টি দাও এবং তোমাদের চেয়ে অধিক সমৃদ্ধিশালী লোকেদের প্রতি তাকিয়ো না। তাহলে তোমাদেরকে দেওয়া আল্লাহর নিয়ামত তোমাদের নিকট তুচ্ছ মনে হবে।”
• আল্লাহর ফয়সালার ব্যাপারে আশা ও ভালো ধারণা পোষণ
জাবির বিন আবদুল্লাহ কর্তৃক বর্ণিত, 'আমি রাসূল -কে তাঁর মৃত্যুর তিনদিন আগেও বলতে শুনেছি,
لَا يَمُوتَنَّ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ عَزَّ وَجَلَّ
“তোমরা আল্লাহর সম্পর্কে সুধারণা না নিয়ে মৃত্যুবরণ কোরো না।”
আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي
আল্লাহ তাআলা বলেন, 'আমি আমার বান্দার কাছে ঠিক তেমন, যেমনটা সে আমাকে মনে করে।' অর্থাৎ, সে আমার কাছে যা পাওয়ার আশা রাখে, আমি তাকে তা দেওয়ার ক্ষমতা রাখি。
আপনার ওপর যে বিপদই আসুক না কেন, তার কারণে আপনার ভেতরে মানসিক চাপের সৃষ্টি হবে। মনে রাখবেন, আল্লাহ হয় আপনাকে শক্ত বানাচ্ছেন, নতুবা তিনি চাচ্ছেন এই বিপদের মাধ্যমে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাক। আর মুমিন হিসেবে আপনার অবস্থান আরও উন্নীত হোক। আল্লাহ তাআলা বলেন,
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ .
“আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তা-ই পায়, যা সে উপার্জন করে এবং তা-ই তার ওপর বর্তায়, যা সে করে।"[৮২]
আপনার আশেপাশের সবকিছু যখন তছনছ হয়ে যেতে থাকবে, তখন শুধু মনে রাখবেন, কল্যাণের আশাই পারে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমরা আল্লাহ সম্পর্কে যেমনটা ধারণা রাখি, আল্লাহ তেমনভাবেই আমাদেরকে অনুগ্রহ করবেন। কাজেই, কল্যাণের সর্বোচ্চ ধারণা রাখুন। আল্লাহই সব পূরণ করে দেবেন। দৃঢ় বিশ্বাস আপনার ইচ্ছাশক্তির জন্যে এক শক্তিশালী বিষয় হয়ে দাঁড়াতে পারে।
قُلْ يَعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَّحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ .
"হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হোয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"[৮৩]
ভালো ধারণা পোষণ আমাদের অন্তরে কেবল আমাদের রব সম্পর্কেই ইতিবাচক ধারণার জন্ম দেয়—তা নয়; বরং আমাদের আশেপাশের মানুষদের ব্যাপারেও এ চিন্তা করার অবকাশ এনে দেয়।
আল্লাহ চান, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে আত্মনিয়ন্ত্রিত উম্মত হই। আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ :
"ভালো কাজ এবং মন্দ কাজ সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা। ফলে তোমার সাথে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতন।"[৮৪]
কুরআন আমাদেরকে শেখায় মন্দকে ভালো দিয়ে প্রতিহত করার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ করতে। মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করা আল্লাহর আদেশ নয়, ইসলামের শিক্ষাও নয়。
- দুআর সাহায্য নিন
একজন মুমিনের জন্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ يَسُرُّهُ أَنْ يَسْتَجِيبَ اللهُ لَهُ عِنْدَ الشَّدَائِدِ وَالكَرْبِ فَلْيُكْثِرِ الدُّعَاءَ فِي الرَّخَاءِ
“কেউ যদি চায় যে, বিপদ-আপদ ও দুঃখের সময়ে আল্লাহ তার দুআ কবুল করবেন, তবে যেন সে সুখ-স্বাচ্ছন্দ্যের সময় বেশি করে দুআ করে।”[৮৬]
নিচে কিছু দুআর তালিকা দেওয়া হলো, যেগুলো বিপদাপদ, দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা, নেতিবাচকতা ও মানসিক চাপের মুহূর্তগুলোর জন্যে অত্যন্ত উপকারী।
এখানে বিশুদ্ধ হাদীস থেকে প্রাপ্ত কয়েকটি দুআ দেওয়া হলো—যেগুলো ধকল চলাকালীন সময়ে রাসূল আমাদেরকে পড়তে বলেছেন।
لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ رَبِّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
অর্থ : আল্লাহ, যিনি আল আযিম ও আল হালিম, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। মহান আরশের রব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আসমান, জমিন ও সম্মানিত আরশের রব আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
হে আল্লাহ! আমি আপনার রহমতের প্রত্যাশী। আমাকে এক পলকের জন্যও আমার দায়িত্বে ছেড়ে দেবেন না। এবং আমার সকল অবস্থা সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
হে আল্লাহ! আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি মহা পবিত্র এবং আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম।[৮৯]
اللهُ اللهُ رَبِّي لَا أُشْرِكْ بِهِ شَيْئًا
আল্লাহ, আল্লাহ আমার রব, আমি তাঁর সাথে কিছুই শরিক করি না।[৯০]
• নামাজের দিকে ফিরে আসুন
বিপদ ও চাপের মুখে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া সরাসরি আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন,
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلُوةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَشِعِينَ
“আর তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন...।” [৯১]
বিপদে পড়ার পর অধিকাংশ মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, অনর্থক হা- হুতাশ করে। এই বিচ্ছিন্নতা মানুষকে মুহূর্তের মধ্যে হতাশার অতল গহ্বরে তলিয়ে দিতে পারে। বিপদের সময়গুলোতে নামাজ পড়তে ইচ্ছা না করলেও নামাজে দাঁড়িয়ে পড়ুন। হাদীসে এসেছে, যখনই কোনো কারণে রাসূল কষ্ট পেতেন, তিনি নামাজ পড়তেন。
যদি কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি মানসিক চাপ অনুভব করেন, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারার নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন। যে স্থানগুলোতে গেলে আল্লাহর কথা বেশি স্মরণ হয়, সেসব জায়গায় যাওয়ার অভ্যাস করুন। এ ক্ষেত্রে মসজিদে বেশি বেশি অবস্থানের অভ্যাস করতে পারেন। সেখানে দেখবেন, কেউ কেউ আল্লাহর ইবাদত করছে, তাঁর কাছে কান্নাকাটি করে দুআ করছে, ইমামের খুতবা শুনছে। এই দৃশ্যগুলো স্রষ্টার সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করবে ইনশাআল্লাহ।
রাসূল -এর ওপর দরুদ পাঠ
উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, 'আমি বললাম, “হে আল্লাহর রাসূল! আমি (আমার দুআতে) আপনার ওপর দরুদ বেশি পড়ি। অতএব আমি আপনার প্রতি দরুদ পড়ার জন্য (দুআর) কতটা সময় নির্দিষ্ট করব?” তিনি বললেন, “তুমি যতটা ইচ্ছা করো." আমি বললাম, "এক চতুর্থাংশ?” তিনি বললেন, "যতটা চাও। যদি তুমি বেশি করো, তবে তা তোমার জন্য উত্তম হবে।" আমি বললাম, "অর্ধেক (সময়)?” তিনি বললেন, "তুমি যা চাও; যদি বেশি করো, তাহলে তা ভালো হবে।” আমি বললাম, "দুই তৃতীয়াংশ?” তিনি বললেন, "তুমি যা চাও (তা-ই করো)। যদি বেশি করো, তবে তা তোমার জন্য উত্তম।" আমি বললাম, "আমি আমার (দুআর) সম্পূর্ণ সময় দরুদের জন্য নির্দিষ্ট করব!” তিনি বললেন, "তাহলে তো (এ কাজ) তোমার দুশ্চিন্তা (দূর করার) জন্য যথেষ্ট হবে এবং তোমার পাপকে মোচন করা হবে।" [৯২] এজন্য দুশ্চিন্তার মুহূর্তে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। ইনশাআল্লাহ এতে মানসিক চাপ থেকে আমরা রক্ষা পাব。
• ইস্তিগফার ও আল্লাহর স্মরণ বাড়িয়ে দিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
إِنَّهُ لَيْغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ
'আমার অন্তর আল্লাহর স্মরণ থেকে অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। এ কারণে আমি দিনে একশ বার আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই। [৯৩]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন,
مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَمِنْ كُلِّ هَمْ فَرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
'যে ব্যক্তি সব সময় গুনাহের জন্যে মাফ চাইতে থাকে (আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে), আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমনসব উৎস থেকে রিযিক দেন-যা সে কল্পনাও করতে পারে না।'
সুবহানাল্লাহ! তাই আমাদেরকে বেশি বেশি তাওবা ও ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন,
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ إِلَّا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
"যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর প্রশান্ত হয়।[৯৪]
তবে এই অন্তরের শান্তি পাওয়ার পূর্বশর্ত হলো—আল্লাহর প্রতি ঈমান, যা আল্লাহ এই আয়াতের শুরুতেই বলে দিয়েছেন。
অতিরিক্ত পার্থিব ভাবনা থেকে সরে আসুন
অতিরিক্ত দুনিয়াবি চিন্তায় মগ্ন হয়ে থাকার কুফল সম্পর্কে রাসূল ﷺ বলেন,
مَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ، فَرَّقَ اللهُ عَلَيْهِ أَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتِ الْآخِرَةُ نِيَّتَهُ، جَمَعَ اللهُ لَهُ أَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِي قَلْبِهِ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ
"পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন, দরিদ্রতা তার নিত্যসঙ্গী হবে। আর সে পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে, যতটুকু তার তাকদিরে লিপিবদ্ধ আছে। অপরদিকে যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু সুষ্ঠু করে দেবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে।"[৯৫]
আখিরাতকে উদ্দেশ্য বানানোর অর্থ দুনিয়াকে পরিত্যাগ করে বৈরাগ্য বেছে নেওয়া নয়। বরং হালাল জীবিকা উপার্জন ও পরিবারের ভরণপোষণের জন্য কাজ করে যাওয়া ইসলামে একটি প্রশংসনীয় ও মহান ইবাদত। কিন্তু এটি করতে গিয়ে আখিরাতকে ভুলে হালাল-হারাম বাছবিচার না করে বল্গাহীন জীবনযাপন করা ইসলামে চরমভাবে নিন্দিত। কাজেই একজন মুমিন তার পরকালীন লক্ষ্যকে স্থির রেখে দুনিয়ায় সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করে যাবে। কোনো কারণে সে লক্ষ্যচ্যুত হলেও এ কথা নিশ্চিত জানবে যে, এই না পাওয়াটুকু তাকে আল্লাহর নির্দেশনা ও নূরের দিকেই অকপটে এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন。
• মনে রাখুন, পৃথিবীর সবকিছুই অস্থায়ী
আল্লাহর রাসূল ﷺ বলেছেন,
'আল্লাহর বিধানসমূহের খেয়াল রাখবে, তাহলে তাঁকে তোমার সম্মুখে পাবে। সুখের সময় আল্লাহকে স্মরণ করবে, তবে তিনি দুঃখ ও কষ্টের সময় তোমাকে মনে রাখবেন। আর জেনে রাখো, যে সুখ-দুঃখ তোমার তাকদিরে নেই, তা তোমার নিকট পৌঁছবে না। আর যা তোমার তাকদিরে লেখা আছে, তা পৌঁছতে একমুহূর্ত দেরি হবে না। মনে রাখো, বিজয় বা সাহায্য আছে ধৈর্যের সাথে, মুক্তির উপায় আছে কষ্টের সাথে এবং কঠিনের সঙ্গে সহজ জড়িত আছে।[৯৬]
দৃষ্টিভঙ্গি বদলে দেখুন, মৃত্যুর মতো শোকাবৃত এক শব্দকেও আল্লাহর সাথে সাক্ষাতের অসাধারণ এক সুযোগ বলে মনে হবে। আপনি বা এই পৃথিবীর কোনোকিছুই চিরস্থায়ী নয়। এমনকি আপনার দুঃখকষ্ট, হতাশাগুলোও নয়। এই চিন্তাটাই আপনার অন্তরে স্বস্তি এনে দেবে। দুশ্চিন্তার যে কালোছায়া আপনাকে এতদিন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, তা নিমিষেই ধুলোর সাথে উড়ে যাবে।
আল্লাহ আমাদের সহায় হোন।
টিকাঃ
[৭৬] কুরআন, ২: ১৫৫
[৭৭] সূরা ইউনুস, ১০: ১০৭
[৭৮] সূরা ইবরাহীম, ১৪: ৭
[৭৯] সহিহ মুসলিম: ২৯৯৯
[৮০] সুনানু ইবনি মাজাহ: ৪১৪২
[৮১] সহিহ মুসলিম: ২৮৭৭
[৮২] সহিহুল বুখারি: ৭৪০৫
[৮৩] সূরা বাকারা, ২: ২৮৬
[৮৪] সূরা যুমার, ৩৯: ৫৩
[৮৫] সূরা ফুসসিলাত, ৪১:৩৪
[৮৬] সুনানুত তিরমিযী: ৩৩৮২
[৮৭] সহিহুল বুখারি: ৬৩৪৫; সহিহ মুসলিম: ২৭৩০
[৮৮] সুনানু আবি দাউদ: ৫০৯০; সহিহ ইবনু হিব্বান : ৯৭০
[৮৯] সুনানুত তিরমিযী: ৩৫০৫
[৯০] আবু দাউদ: ১৫২৫, ইবনু মাজাহ : ৩৮৮২
[৯১] সূরা বাকারা, ২: ৪৫
[৯২] সুনানুত তিরমিযী: ২৪৫৭
[৯৩] সহিহ মুসলিম: ২৭০২
[৯৪] সূরা রা'দ, ১৩:২৮
[৯৫] ইবনু মাজাহ: ৪১০৫
[৯৬] সুনানুত তিরমিযী: ২৫১৬; মুসনাদে আহমাদ: ২৮০৩
📄 সবর (Patience)
সবর ইসলামের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। অনেকগুলো ভালো গুণের উৎস এই সবর। সবর নিছক সহনশীলতা কিংবা ধৈর্যকে বলে না। বরং আত্মনিয়ন্ত্রণের অনুশীলন হিসেবে এটা তার চেয়ে বেশি কিছু। ইমাম ইবনুল জাওযী বলেছেন,
"আল্লাহ সবরকে সর্বোত্তম দান বানিয়েছেন। যে কাজগুলো করলে অথবা যে আমলগুলো পরিত্যাগ করলে আখিরাতে শাস্তি পেতে হবে, দুনিয়াতে এমন মোহময় কাজ থেকে আত্মাকে নিয়ন্ত্রণ করা এবং কষ্টকর হলে আদিষ্ট কাজগুলো অবশ্যই করার নাম হলো 'সবর'।"[৯৭]
ইসলাম সবরকে এতই গুরুত্ব দিয়েছে যে, সবরচর্চা করা এবং পরস্পরকে সবরের উপদেশ দেওয়াকে মানবজাতির মুক্তির অন্যতম পাথেয় বলে চিহ্নিত করেছে। আল্লাহ তাআলা বলেন,
وَالْعَصْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَتِ وَ تَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
কসম সময়ের! নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়-যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।"[৯৮]
আল্লাহ আরও বলেন, " مَا أُوتِيتُمْ مِنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيَوةِ الدُّنْيَا وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَ أَبْقَى لِلَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وَالَّذِينَ يَجْتَنِبُونَ كَبِيرَ الْإِثْمِ وَ الْفَوَاحِشَ وَإِذَا مَا غَضِبُوا هُمْ يَغْفِرُونَ وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلوةَ وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَهُمْ يُنْفِقُونَ اللَّهِ وَالَّذِينَ إِذَا أَصَابَهُمُ الْبَغْرُ هُمْ يَنْتَصِرُونَ )
অতএব, তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী। তাদের জন্যে, যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার ওপর ভরসা করে। যারা বড় গোনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে এবং রাগান্বিত হয়েও ক্ষমা করে। যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামায কায়েম করে। পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে। এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে। আর যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে।"[৯৯]
এখানে আল্লাহ ক্রোধের মুহূর্তে ক্ষমা করার কথা বলেছেন। মূলত ক্রোধের মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখা ও ক্ষমা করতে পারা সবরেরই একটি রূপ। এটা আত্মনিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার। ক্রোধের মুহূর্তে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর রাসূল ﷺ এর ভাষায় সেই প্রকৃত বীর。
যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে-এর বাখ্যায় মুফাসসিরগণ বলেছেন: এরা হল ওই সকল ব্যক্তি, যারা তাদের ওপর কোনো যুলুম হলে প্রতিশোধ নিতে পারে। কিন্তু তা সত্ত্বেও তারা যালিমকে ক্ষমা করে দেওয়া বেছে নেয়。
এভাবে প্রতিশোধ নেওয়ার বৈধ কারণ থাকা সত্ত্বেও সবর করা এবং ক্ষমা করে দেওয়া আত্মনিয়ন্ত্রণ অর্জনের অন্যতম মাধ্যম。
একবার এক লোক এসে রাসূল-কে বলল, "আমাকে উপদেশ দিন।” রাসূল ﷺ বললেন, "তুমি রাগ করবে না।” লোকটি একথা তিনবার বললে প্রতিবারই রাসূল ﷺ বললেন, "তুমি রাগ করবে না।”[১০০]
ভিন্ন হাদীসে রাসূল ﷺ বলেন, “সেই ব্যক্তি প্রকৃত বীর নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করতে পারে। বরং সেই প্রকৃত বীর, যে কিনা রাগের মুহূর্তে নিজেকে সংবরন করতে পারে।”[১০১]
তাহলে কীভাবে আমরা সবরের চর্চা করতে পারি? চলুন, কিছু উপায় জেনে নিই।
**আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ**
আমাদের জীবনের প্রতিটি বিষয় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। এই বিষয়টি বুঝতে শেখা এবং মেনে নেওয়াটা একজন মুমিনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল। কিন্তু আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরিভাবে সমর্পিত করে দেওয়ার মাধ্যমে আমরা নিজেদের দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারি। তাঁর ওপর পরিপূর্ণ ভরসা করার মাধ্যমে হতে পারি শক্তিশালী।
কুরআনের ৯০ টির বেশি জায়গায় আল্লাহ তাআলা সবর করার বিষয়টি উল্লেখ করেছেন। আইয়্যুব এবং ইয়াকুব এর এর মতো নবিদের জীবনের সবরের ঘটনাগুলো কুরআনের বেশকিছু জায়গায় উল্লেখিত হয়েছে। অসুস্থতার মাধ্যমে, কখনো ধন-সম্পদের লোকসানের মাধ্যমে, কখনো প্রিয়জনকে হারানোর শোকের মাধ্যমে তাঁদের পরীক্ষা নেওয়া হয়েছে। কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কীভাবে এই নবিরা বারবার তাঁর অনুগ্রহের কাছেই ফিরে এসেছেন, তাঁর কাছেই বিপদ থেকে নিষ্কৃতির দুআ করেছেন। তারা একাগ্রচিত্তে সবর করে গেছেন, আল্লাহর ভালোবাসার ওপর বিশ্বাস করে গেছেন। অন্যভাবে বলা যায়, জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছেও তারা আল্লাহর ওপর ভরসা করেছেন পরিপূর্ণভাবে। তাদের এই ভরসা আর সবরই তাদেরকে এই পরিস্থিতির মধ্য দিয়ে পার হতে সাহায্য করেছে এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন,
وَاسْمَعِيلَ وَإِدْرِيسَ وَذَا الْكِفْلِ كُلٌّ مِّنَ الصَّابِرِينَ * وَأَدْخَلْنَاهُمْ فِي رَحْمَتِنَا إِنَّهُمْ مِنَ الصَّالِحِينَ ..
"স্মরণ কর ইসমা'ঈল, ইদরীস ও জুল-কিফল এর কথা, তাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল। আমি তাদেরকে আমার রাহমাতের অন্তর্ভুক্ত করেছিলাম, কারণ তারা ছিল সৎকর্মশীল।"[১০২]
**একমাত্র আল্লাহ তাআলাই জানেন কোনটি সর্বোত্তম**
অনাকাঙ্ক্ষিত বিপদ-আপদ, হতাশা এমনকি ছোটখাটো কোনো কারণে মনে কষ্ট পেলেও এই কথাটি নিজেকে স্মরণ করিয়ে দিন। আপনার জীবনে যা-ই ঘটুক না কেন, তার জন্যে এই কথাগুলো প্রযোজ্য। এক আল্লাহর ইবাদতে মশগুল হোন এবং এর পেছনেই আপনার মূল্যবান সময় ব্যয় করুন। একইসাথে আপনি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে আপনার স্থান দুটোই অর্জন করতে পারবেন।
আল্লাহ বলেছেন,
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَ هُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَ هُوَ شَرٌّ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
"পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো-বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জান না।" [১০৩]
আয়াতগুলো কতটা স্বস্তিদায়ক, সুবহানাআল্লাহ! আপনি যে পরিস্থিতিতেই পড়ুন না কেন, তা আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তিনি খুব ভালোভাবেই জানেন, আপনার জীবনে কী প্রয়োজন। বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারলে আপনি খুব সহজেই আপনার অন্তরের নেতিবাচক চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে পারবেন। আর এভাবেই আপনি একজন ধৈর্যশীল মানুষে পরিণত হতে পারবেন।
**আল্লাহ তাআলা আপনার সমস্ত দুঃখ-কষ্টের কথা শুনতে চান**
আল্লাহ আপনাকে ভালোবাসেন। তিনি চান, যত যা-ই হোক, দিনশেষে আপনি আপনার দুঃখ-কষ্টের ভারটুকু আল্লাহকে বলেই ভারমুক্ত হন। ঠিক যেমনটা করেছিলেন, নবি ইয়াকুব (আঃ)। তিনি তখনো জানতেন না, তাঁর পুত্রদের সাথে তাঁর আর কখনো দেখা হবে কি না! তিনি তাঁর হারানো সম্পদ ও পরিবার আর কখনো ফিরে পাবেন কি না! সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল— আদৌ আর কখনো তিনি সুস্থ হবেন কি না! আল্লাহ তাঁর কথা কুরআনে তুলে ধরেছেন এভাবে—
قَالَ إِنَّمَا أَشْكُوا بَنِي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
"তিনি বললেন, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি, তা তোমরা জান না।"[১০৪]
অনুসরণ করার জন্যে এরচেয়ে উত্তম আদর্শ আর কী হতে পারে?
**সান্ত্বনা খুঁজুন সালাতে**
বিপদ যখন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, তখন আমাদের ধৈর্য হ্রাস পেতে থাকে। হতাশা বাড়তে থাকে। যখন এমনটা হবে, তখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্যে সালাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। সালাতের আরেকটি বিশেষ দিক হলো এটি আপনাকে ধীরস্থিরভাবে পদক্ষেপ নিতে, বিনয়াবনত হতে এবং স্রষ্টার সাথে আপনার বন্ধনকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে। একজন মুসলিমকে দৈনিক পাঁচবার সালাত আদায় করতে হয়। আন্তরিকভাবে এই ইবাদত করতে পারলে আপনি উপলব্ধি করবেন যে, আল্লাহর সাহায্য ছাড়া কোনোকিছুই সম্ভব নয়।
**নিজ আবেগ ও কর্মক্ষমতার ওপর নিয়ন্ত্রণ**
দুঃখ-কষ্ট-হতাশা-অপ্রাপ্তির কারণে কারণে মানুষ নিজ অবস্থার উন্নয়নে মন দিতে পারে না। এতে করে কেবল দুশ্চিন্তার বোঝা বাড়ে এবং একসময় মানুষকে চূড়ান্ত দুঃখ-কষ্টের মাঝে ডুবিয়ে দেয়। আল্লাহ চান, এ ধরনের মুহূর্তগুলোতে আপনি তার কাছে ফিরে আসুন। সেইসাথে তিনি এটাও চান—আপনি আপনার জীবনের দায়-দায়িত্ব বুঝতে শিখুন। আপনার কর্মস্থল, নিজের ঘর, পরিবার-পরিজন বা অধীনস্তদের প্রতি দায়িত্ববান হোন। যদি এই কর্তব্যগুলো পালন না করে কেবল দুঃখবিলাসে গা ভাসিয়ে দেন, তবে হতাশা আপনাকে আরও গভীর অতলে নিয়ে যাবে।
**প্রতিকূল সময়ে গভীর চিন্তাভাবনা**
কিছুটা ধাতস্থ হয়ে আসার পর নিজ জীবনের দিকে ফিরে তাকান। আপনার জীবনের নিয়ামতগুলোর কথা চিন্তা করে দেখুন, যার জন্যে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। সেইসব মুহুর্তের কথা স্মরণ করুন, যেগুলো আপনাকে বর্তমান পরিস্থিতিতে সবর করতে সাহায্য করবে। এরপর আল্লাহ তাআলার কাছে আপনার যা যা প্রয়োজন, তা চেয়ে নিন। এটি আপনাকে বিনয়ী করবে এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে সাহায্য করবে।
**সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসে**
ভালো বা মন্দ যা-ই আসুক না কেন, তা আল্লাহই পাঠান। আমাদের পরীক্ষা করার জন্যেই এগুলো আমাদের ওপর আপতিত হয়। উদাহরণস্বরূপ, ধন-সম্পদ আমাদের জন্যে পরীক্ষা। এগুলো আমরা কোন পথে ব্যয় করছি, সেটাই আল্লাহ পরখ করতে চান। আপনি কি অন্যদের সাহায্য করছেন নাকি কেবল নিজের আখের গুছাচ্ছেন। ঠিক একইভাবে, আপনি যখন কোনো বিপদের মুখে পড়েন তখন সেটাও আপনার জন্যে পরীক্ষা। এই সময়ে আপনি আল্লাহকে স্মরণ করেন নাকি মুখ ফিরিয়ে নেন।মনে রাখতে হবে, ধৈর্যধারণ করা সহজ কাজ নয়। আল্লাহ তাআলা নিজেই এই কথা কুরআনে বলেছেন,
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
"নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের জন্যে কঠিন।"[১০৫]
কাজেই, ধৈর্য সহকারে সালাতে মনোনিবেশ করা এবং আল্লাহর কাছে চাওয়াটা সহজ কাজ নয়। বিশেষত বিপদের মুহূর্তগুলোতে তা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তবে স্বস্তির বিষয় হলো, আপনার রব জানেন আপনি লড়াই করে চলেছেন। তিনি জানেন, তার সন্তুষ্টির জন্যে, তার সাহায্যের জন্যে আপনি কতোটা কষ্ট করছেন!
নিজের ধৈর্যশক্তি বাড়ানোর জন্যে কুরআনে বর্ণিত আল্লাহর নির্দেশনাগুলো বা নবিজি ﷺ এর হাদীসগুলোকে মেনে চলুন। আপনার যদি মনে হয় আপনার সাহায্যের প্রয়োজন, তবে কাছের কোনো মসজিদে চলে যান এবং নসিহতের জন্যে কোনো আলেমের শরণাপন্ন হোন। অথবা, আপনার কোনো মুমিন বন্ধুর কাছে যান যারা আপনাকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বাতলে দিতে পারবে; তা না পারলেও অন্তত আপনার জন্য দুআ করতে পারবে।
টিকাঃ
[৯৭] ফাতহুল বারীঃ ১১/৩০৪
[৯৮] সূরা আসর, ১০৩:১-৩
[৯৯] সূরা আশ শুরা, ৪২: ৩৬-৩৯
[১০০] সহিহুল বুখারি: ৬১1৬
[১০১] সহিহুল বুখাবি: ৬১১৪
[১০২] সূরা আম্বিয়া, ২১:৮৫-৮৬
[১০৩] সূরা বাকারা, ২:২১৬
[১০৪] সূরা ইউসুফ, ১২:৮৬
[১০৫] সূরা বাকারা, ২:৪৫