📘 ইমোশনাল ইন্টেলিজেন্স নববী দর্পণে সমকালীন ধারণা > 📄 স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা আধ্যাত্মিক বুদ্ধিমত্তা

📄 স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স বা আধ্যাত্মিক বুদ্ধিমত্তা


ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক গবেষণা-আলোচনা হলেও এই স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা একদমই অপ্রতুল। গার্ডনার (১৯৮৩) তার বইয়ে প্রথম 'existential intelligence' নামে একটা টার্ম নিয়ে আসেন। পরবর্তীকালে অনেকে সেটিকে 'Spiritual intelligence' নাম দেওয়ার চেষ্টা করেন। এই শব্দটি 'spirituality' এবং 'intelligence' শব্দ থেকে এসেছে। 'spirituality' শব্দটি মূলত 'spirit' শব্দ থেকে এসেছে, যার অর্থ 'রুহ' বা আত্মা। ইসলামে আধ্যাত্মিকতা 'রুহানিয়াত'-এর প্রতিনিধিত্ব করে, যার অর্থ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ।

ইসলামি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক বা রুহানি বুদ্ধিমত্তার মানে হচ্ছে, বান্দা এবং আল্লাহর মধ্যকার সম্পর্ককে উপলব্ধি করা। এই ইন্টেলিজেন্স মানে এক অতিন্দ্রীয় সত্তাকে ভয় করে চলা। যাকে ইসলামিক পরিভাষায় আমরা 'তাকওয়া' বলে থাকি।

মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্সকে প্রভাবিত করার জন্য, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের উন্নতি দরকার। একটা সংগঠন কিংবা প্রতিষ্ঠান যদি তার সদস্য কিংবা কর্মীদের জীবনের অর্থ খুঁজতে এবং বুঝতে সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে এটি প্রত্যেক সদস্যদের ইমোশনাল ইন্টেলিজেন্সে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

মুসলিম জনগণ আল্লাহ এবং তাঁর রাসূল ﷺ-এর উপদেশের অনুসারী। দোলনা থেকে কবর পর্যন্ত সকল কাজের জন্য পবিত্র কুরআন ও হাদীস হলো মুসলিমদের গাইডলাইন। ইসলামি ধারণা এবং আদর্শ—উভয়ই সমস্ত মুসলিম উম্মতের ওপর বড় প্রভাব ফেলে। ইসলামের বিভিন্ন নীতি-আদর্শ, আচার-আচরণ এবং আল্লাহভীতি—তাদের মাঝে একটি দৃঢ় চেতনা সৃষ্টি করে এবং আরও ভালো কাজে জন্য উৎসাহ যোগায়। ইসলামি মূল্যবোধ এবং অনুভূতি কীভাবে তাদের জীবনের আধ্যাত্মিক এবং মানসিকভাবে চালিত করে, সে বিষয়টি সাইকোলজিক্যাল এক সাংগঠনিক আচরণ অধ্যয়নের দৃষ্টিকোণ থেকে বোঝা অত্যাবশ্যক। তাই মুসলিম পরিচালকদের আধ্যাত্মিকভাবে উদ্‌বুদ্ধ করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনোবিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বিশেষজ্ঞদের গবেষণায়, কর্মক্ষেত্রে আধ্যাত্মিক বুদ্ধিমত্তা এবং EI এর গুরুত্ব নিশ্চিত হয়েছে।

ইসলামি স্পিরিচুয়ালিটি সর্বশক্তিমান আল্লাহর উপস্থিতি উপলব্ধি করতে সহায়তা করে—যাকে আমরা 'তাকওয়া' বলে থাকি। তাকওয়া ব্যক্তির অভ্যন্তরীন আত্মসচেতনতা, চিন্তাভাবনা, অনুভূতি এবং প্রতিক্রিয়াকে উন্নত করতে সহায়তা করে। 'তাকওয়া' মানে আল্লাহর প্রতি অনুগত ও নিষ্ঠাবান হওয়া। আল্লাহর ভয়ে হারাম জিনিস থেকে নিজেকে দূরে রাখা।

IQ Intellectual intelligence serial processing left brain
SQ spiritual intelligence synchronous processing whole brain
EQ emotional intelligence parallel processing right brain

[picture]

আধ্যাত্মিক বুদ্ধিমত্তা EQ এবং IQ—উভয়ের সাথেই কাজ করে। আধ্যাত্মিক বুদ্ধিমত্তা মস্তিষ্কের একটি শারীরিক প্রক্রিয়া, যার সাথে দুটি ভিন্ন দিক সংযুক্ত—বুদ্ধি এবং আবেগ। আধ্যাত্মিক বুদ্ধিমত্তা মূলত মন এবং শরীর, যুক্তি এবং আবেগের মধ্যকার গুরুত্বপূর্ণ সংলাপ। রাসূল ﷺ-এর জীবনে এ তিন বুদ্ধিমত্তার অসংখ্য উদাহরণ আমরা পাই। যেমন, হিজরি অষ্টম সনের একটি ঘটনাই ধরুন।

সেসময় মক্কা বিজয়ের প্রস্তুতি শুরু হয়। বিষয়টি যাতে প্রতিপক্ষ কুরাইশরা জানতে না পারে, সেজন্য রাসূলুল্লাহ ﷺ সকলকে সতর্ক করে দেন। হযরত হাতিব মক্কায় বসবাস না করলেও কুরাইশদের সাথে পুরাতন বন্ধুত্ব ছিল। তিনি মদীনাবাসীদের এই গোপন প্রস্তুতির খবরসম্বলিত একটি পত্র-সহ এক মহিলাকে মক্কার দিকে পাঠান। এর বিনিময়ে মহিলাটিকে তিনি নির্ধারিত মজুরি দেবেন বলে চুক্তি হয়। পত্রখানি মাথার চুলের বেণির মধ্যে লুকিয়ে মহিলাটি মক্কার দিকে যাত্রা করে। এদিকে ওহির মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ সব খবর অবগত হলেন। সাথে সাথে তিনি মহিলাটির পিছু ধাওয়া করে পত্রটি উদ্ধারের জন্য আলি, যুবাইর ও মিকদাদকে নির্দেশ দিলেন। তাঁরা তিনজন খুব দ্রুত সাওয়ারি দাবড়িয়ে 'খালীকা' মতান্তরে 'রাওদাতু খাক' নামক স্থানে মহিলাটিকে ধরে ফেলেন।

প্রথমে তাঁরা তার বাহনে সন্ধান করে কিছুই পেলেন না। তারপর হযরত আলি মহিলাকে বললেন, 'আমি আল্লাহর নামে কসম করে বলছি, রাসূলুল্লাহ-কে মিথ্যা খবর দেওয়া হয়নি এবং আমাদেরকেও মিথ্যা বলা হয়নি। হয় তুমি নিজেই পত্রটি বের করে দাও, নয়তো আমরা তোমাকে উলঙ্গ করে তালাশ করব।' তাঁদের এ কঠোরতা দেখে মহিলা বলল, 'তোমরা একটু সরে যাও।' তাঁরা সরে দাঁড়ালেন। সে তার মাথার বেণি খুলে তা থেকে পত্রটি বের করে দিলো। তাঁরা তিনজন পত্রটি নিয়ে রাসূলুল্লাহ ﷺ এর খিদমতে হাজির হলেন।

পত্রটি পড়ে রাসূলুল্লাহ বিস্ময়ের সাথে প্রশ্ন করেন, 'ওহে হাতিব, তুমি এমন কাজ কেন করলে?' হাতিব বললেন, 'ইয়া রাসূলাল্লাহ, আমার ব্যাপারে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না। যদিও আমি কুরাইশ বংশের কেউ নই, তবুও জাহিলি যুগে তাদের সাথে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। যেহেতু মুহাজিরদের সকলে তাদের মক্কাস্থ আত্মীয়-বন্ধুদের সাহায্য সহায়তা করে থাকেন, এজন্য আমার ইচ্ছে হলো, আমার আত্মীয়-স্বজনদের সাথে কুরাইশরা যে সদ্ব্যবহার করে থাকে—তার কিছু প্রতিদান কমপক্ষে আমি তাদেরকে দান করি। এ কাজ আমি মুরতাদ হয়ে বা ইসলাম ত্যাগ করে অথবা কুফরকে ইসলামের ওপর প্রাধান্য দেওয়ার কারণে করিনি।'

অন্য একটি বর্ণনায় এসেছে, হাতিব বললেন, 'ইয়া রাসূলাল্লাহ! আমার পরিবার-পরিজন তাদের মধ্যে রয়েছে। আল্লাহ ও তাঁর রাসূল ﷺ-এর জন্য ক্ষতিকর হবে না-এমনটি মনে করেই আমি চিঠিটি লিখেছি। ইসলাম গ্রহণের পর থেকে আল্লাহ সম্পর্কে আমার মনে কোনো সন্দেহ দেখা দেয়নি। কিন্তু মক্কায় আমি ছিলাম একজন বহিরাগত এবং সেখানে আমার মা, ভাই ও ছেলেরা রয়েছে।

হাতিবের বক্তব্য শোনার পর রাসূলে কারীম উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন, 'সে সত্য কথাটি প্রকাশ করে দিয়েছে। এ কারণে কেউ যেন তাকে গালমন্দ না করে।'

উমর আরজ করলেন, 'ইয়া রাসূলাল্লাহ! সে আল্লাহ, রাসূল ও মুসলিমদের প্রতি আস্থাহীনতার কাজ করেছে। অনুমতি দিন, আমি এ মুনাফিকের গর্দান উড়িয়ে দিই।' রাসূলুল্লাহ বললেন, 'সে কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেনি? আল্লাহ বদরের যোদ্ধাদের অনুমতি দিয়েছেন, "তোমরা যা খুশি করো, জান্নাত তোমাদের জন্য অবধারিত।” রহমাতুল লিল আলামীন দয়ার নবির এ অপূর্ব উদারতায় উমরের দুচোখ সজল হয়ে ওঠে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই পবিত্র কুরআনের এ আয়াত নাযিল হয়, 'ওহে, তোমরা যারা ঈমান এনেছো, আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ কোরো না। তোমরা তাদের সাথে বন্ধুত্বের আচরণ করো, অথচ তোমাদের নিকট যে সত্য এসেছে, তা তারা অস্বীকার করেছে।

এ ঘটনা থেকে হাতিব-এর মনস্তাত্ত্বিক অবস্থা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব, তাঁর পরিবারের প্রতি তাঁর প্রগাঢ় ইমোশন। সাথে সাথে বুদ্ধি খাটিয়ে মহিলার চুলের বেণির ভেতরে চিঠি পাঠানো। কিন্তু তিনি বুঝতেও পারেননি, কত বড় ভুল মুসলিম কমিউনিটির সাথে হতে যাচ্ছিল।

অপরদিকে রাসূল ﷺ-এর প্রতি আমরা লক্ষ্য করলে দেখব, হযরত আলি, মিকদাদ এবং যুবাইরের মতো সাহাবিকে এই কাজের জন্য নিয়োগ এবং তৎক্ষণাৎ মক্কার অভিমুখে পাঠানো তাঁর প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার পরিচায়ক। সাথে একজন বদরি সাহাবির প্রতি তাঁর দয়াও চোখে পড়ার মতো। আবার এত বড় অপরাধ করার পরও বদরি সাহাবিদের ব্যাপারে আল্লাহর নির্দেশনাকে মাথা পেতে নিয়ে এবং তাঁর পূর্ববর্তী কাজের স্বীকৃতি হিসেবে রাসূল ﷺ তাঁকে বেকসুর খালাস দিয়ে দেন। এখানে রাসূল ﷺ ইন্টেলেকচুয়াল, ইমোশনাল এবং স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের মিলিত প্রকাশ দেখিয়েছেন।

টিকাঃ
[২১] https://sqi.co/definition-of-spiritual-intelligence/
[২২] সহিহুল বুখারি, কিতাবুল মাগাযী: ৪২৭৪।
[২৩] আল ইসাবা-১/৩০০ হায়াতুস সাহাবা-২/৪২৫
[২৪] সহিহুল বুখারী, ফদলু মান শাহেদা বদরান: ৩৯৮৩
[২৫] সূরা মুমতাহিনা-১

📘 ইমোশনাল ইন্টেলিজেন্স নববী দর্পণে সমকালীন ধারণা > 📄 ইমোশনাল ইন্টেলিজেন্সের নেতিবাচকতা

📄 ইমোশনাল ইন্টেলিজেন্সের নেতিবাচকতা


"যেকোনো দক্ষতার মতো, মানুষকে বুঝতে এবং পড়তে পারার ক্ষমতাও একসাথে ভালো বা মন্দের জন্য ব্যবহার করা যেতে পারে।" - এডাম গ্র্যান্ট

নতুন নতুন গবেষণাগুলো আমাদেরকে বলে, মানুষরা যখন তাদের মানসিক দক্ষতাকে উন্নত করে, তখন তারা অন্যদেরকে নিপুণভাবে পরিচালনা (Manipulate) করার ক্ষেত্রেও আরও চৌকশ হয়ে ওঠে। আপনি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন, আপনি তখন আপনার সত্যিকারের অনুভূতিগুলোকে মুখোশের আড়ালে ঢাকার কারুকার্য শিখে যাবেন। যখন আপনি জানেন যে, অন্যরা কী অনুভব করছে, কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, আপনি তাদেরকে হৃদয়ের টানে টানতে পারেন এবং তাদের নিজেদেরকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে অনুপ্রাণিত করতে পারেন। ইমোশনাল ইন্টেলিজেন্সের অন্ধকার দিকটি মানুষের মধ্যে ইমোশনাল ম্যানিপুলেশনের মাধ্যমে প্রকাশিত হয়।

এই ইমোশনাল ম্যানিপুলেশনের আচরণটি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। কারও আত্মবিশ্বাস, আত্ম-মূল্যায়ন, আত্ম-দক্ষতাকে নিজের সাময়িক ফায়দা হাসিলের জন্য নষ্ট করে দেওয়াও এক ধরনের ইমোশনাল ম্যানিপুলেশন। অনেক সময় কারও ইগোকে জাগিয়ে দিয়ে তার মধ্যে অহংবোধের জন্ম দিয়ে নিজের স্বার্থসিদ্ধিও ইমোশনাল ম্যানিপুলেশনের মধ্যেই পড়ে। আবার কাউকে অতিরিক্ত প্রশংসা এবং তোষামোদ করে তার মধ্য থেকে নিজের গোপন স্বার্থ হাসিল করাও এ ধরনের ম্যানিপুলেশনের ক্যাটাগরিতে পড়ে।

একটি কোম্পানিতে এই ইমোশনাল ম্যানিপুলেশনের বিষয়টি এভাবে কাজ করে যে, মানুষ যখন আরেকজনের আবেগ-অনুভূতি বুঝতে পারে এবং নিজের আবেগ প্রকাশ এবং নিয়ন্ত্রণে দক্ষ হয়—তখন সে কৌশলী পদক্ষেপে যেকোনো পরিস্থিতিতে ব্যক্তিগত লাভ হাসিলের পাঁয়তারা করে।

গবেষকরা কিংবা বিজ্ঞানীরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কথা এবং গবেষণা প্রকাশ করলেও এর অন্ধকার দিকটি নিয়ে খুব একটা কাজ করেন না। আস্তে আস্তে যদিও এই ট্রেন্ড পরিবর্তন হচ্ছে এবং এখন অনেকে এর অন্ধকার দিক নিয়েও কথা বলা শুরু করেছেন।

সমাজবিজ্ঞানীরাও ইমোশনাল ইন্টেলিজেন্সের এই অন্ধকার দিকটি নিয়ে কাজ করতে শুরু করেছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোচেন মেন্সেসের নেতৃত্বে একদল তরুণ উদীয়মান গবেষক দল দেখিয়েছেন, যখন একজন নেতা আবেগে ভরা একটি মোটিভেশনাল বক্তৃতা দেন, তখন শ্রোতাদের মূল বক্তব্যটি যাচাই করার সম্ভাবনা একদমই কম থাকে। বক্তব্যের বিষয়বস্তুও কম মনে রাখে তারা। শ্রোতারা বক্তৃতা দ্বারা এতটাই অনুপ্রাণিত হয় যে, বক্তৃতার সত্য-মিথ্যার প্রতি খুব একটা মনোযোগ না দিয়ে বক্তৃতাটাই বেশি মনে রাখে।

আবেগের শক্তিকে স্বীকৃতি দিয়ে এক গবেষক বিশ শতকের কয়েকজন প্রভাবশালী নেতার বডি ল্যাংগুয়েজের প্রভাবগুলো অধ্যয়ন করতে গিয়ে কয়েক বছর কাটিয়েছেন। তিনি হিটলারের হাতের অঙ্গভঙ্গি অনুশীলন করা এবং তার নড়াচড়ার চিত্র বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসেন—এই জগদ্বিখ্যাত ব্যক্তিটি একজন জাদুকরী গুণসম্পন্ন পাবলিক স্পিকার। তিনি বক্তব্যে অন্যদের মধ্যে এক জাদুকরী আবহের সৃষ্টি করতেন। আর এই গুণটি এমন এক বিষয়—যা তিনি কঠোর সাধনা এবং অধ্যবসায় দ্বারা রপ্ত করতে পেরেছিলেন।

চৌকশ বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তিরা তাদের চারপাশের লোকদের সম্পর্কে এতটাই সচেতন যে, তারা অনেক সময় তাদের খারাপ আচরণগুলোকে সংশোধন করতে—এমনকি বলতেও অনীহা বোধ করে। তারা জানে যে, এমন কথা বলে তারা নিজেদের জনপ্রিয়তা হারাবে। এজন্য তারা এসব থেকে দূরে থাকে। একটা প্রতিষ্ঠান বা সংগঠনের ঊর্ধ্বতন কেউ যদি বেশি বুদ্ধিমত্তাগিরি দেখিয়ে তার অধীনস্থদেরকে শুধরে না দেয়, তাহলে যথাযথ কর্মী তৈরি হবে না। এই যে "Bad guy" না হওয়ার প্রবণতা—এটা ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা অন্ধকার দিক।

অপরদিকে নবি-রাসূলরা ছিলেন ভারসাম্যপূর্ণ ইন্টেলিজেন্সের অধিকারী। এই দুনিয়াতে নবিগণের আগমনের একটা মুখ্য মিশন হচ্ছে, সৎকাজের আদেশ করা এবং অসৎকাজে নিষেধ করা। 'কারও কাছে ভালো/খারাপ হব'—এই বিবেচনায় নবি-রাসূলরা কখনও দাওয়াত দেননি। তাঁরা সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ করে গেছেন। কাউকে খুশি করা কিংবা দুঃখিত করা তাঁদের ধর্তব্যে ছিল না। স্থান, কাল, পাত্রভেদে দাওয়াতি বক্তব্য মানুষের মধ্যে কীরূপ প্রভাব ফেলবে—এটা নিয়ে তাঁরা সচেতন ছিলেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00