📄 বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা
০৮. বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা: রাসূল ﷺ বলেন- “তোমারা স্বাদ বিনষ্টকারী বস্তুকে বেশি বেশি স্মরণ কর। যার নাম হলো, মৃত্যু।”
মৃত্যুকে স্মরণ করলে তা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে এবং কঠিন অন্তঃকরণকে নরম করে দেয়। কেউ যদি সংকট অবস্থায় মৃত্যুকে স্মরণ করে; তাহলে তার জন্য সবকিছু প্রশস্ত হয়ে যায়। মৃত্যুকে স্মরণ করার সহজ পন্থা হলো, কবর যিয়ারত করা। কবর যিয়ারত করতে রাসূল ﷺ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, "আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর যিয়ারত করতে পার। কেননা, তা অন্তরকে নরম করে দেয়। চক্ষুকে অশ্রুসিক্ত করে এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। তোমরা কবর যিয়ারত করা ত্যাগ করিও না।”
মুসলমানের জন্য কাফেরের কবর যিয়ারত করাও জায়েয। এর প্রমাণ সহীহ হাদীসে উল্লেখ হয়েছে। রাসূল ﷺ তাঁর মায়ের কবর যিয়ারত করেছিলেন। অতঃপর তিনি কাঁদতে শুরু করেন এবং আশপাশের সবাইকে কাঁদিয়েছিলেন (অর্থাৎ তাঁর কান্নায় সকলেই কেঁদেছেন)। অতঃপর তিনি বললেন, “আমি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেছিলাম যে, আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। এরপর আমি তাঁর কবর যিয়ারত করার অনুমতি চেয়েছিলাম। তখন আমাকে অনুমতি দেওয়া হয়। সুতরাং তোমরা কবর যিয়ারত কর। কেননা, তা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়।”
কবর যিয়ারত হলো অন্তঃকরণকে নরম করার বিরাট মাধ্যম। এর দ্বারা যিয়ারতকারী যেমন উপকৃত হোন, তেমনিভাবে কবরবাসীও উপকার লাভ করে থাকেন। কেননা, কবরবাসীর জন্য সেখানে দুআ করা হয়। রাসূল ﷺ কবরস্থানে গেলে এ দুআ পাঠ করতেন-
السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين ويرحم الله المستقدمين منا والمستأخرين وإنا إن شاء الله بكم للاحقون
“মুমিন মুসলমান কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের পূর্বে এবং পরে আগমণকারীদের প্রতি রহম করুন। আল্লাহ চাহেন তো আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হব।”
যে ব্যক্তি কবর যিয়ারতের ইচ্ছা পোষণ করবে, তাকে অবশ্যই এর আদব-কায়দা রক্ষা করতে হবে। অন্তঃকরণকে এ জন্য পরকালমুখী করতে হবে এবং আল্লাহর উদ্দেশ্যে বের হতে হবে। মাটির নিচে যারা চলে গেছে, তাদের কথা চিন্তা করতে হবে। তারা পরিবার-পরিজন ছেড়ে আজ কোথায় চলে গেছে! টাকা-পয়সা ধন-সম্পদ সব ফেলে রেখে গেছে! তাদের আরও কত আশা-আকাঙ্ক্ষা ছিল, তা কোথায় চলে গেছে! কবরের মাটি আজ তাদের ছেলে-মেয়েদেরকে ইয়াতীম করে দিয়েছে! স্ত্রীকে বিধবা করেছে... এসব চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে, কিভাবে মৃত ব্যক্তির পা অচল হয়ে গিয়েছে! চোখ দৃষ্টিহীন হয়ে গেছে, পোকা-মাকড় জিহ্বা ও শরীরকে খেয়ে ফেলেছে! মাটি তার সবকিছুকে মলিন করে দিয়েছে! যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, সে ব্যক্তি তিনটি জিনিস লাভে ধন্য হবে। ০১. দ্রুত তাওবা করা। ০২. অন্তরকে অল্পে তুষ্ট করা। ০৩. ইবাদতে আগ্রহী হওয়া। আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে, সে তিনটি বস্তু দ্বারা নিগৃহীত হবে। ০১. তাওবা করতে শৈথিল্যতা। ০২. তাকদীরে যা মিলে তাতে সন্তুষ্ট না হওয়া। ০৩. ইবাদতে অলসতা পয়দা হওয়া।
টিকাঃ
১১২. সুনানে তিরমিযী
১১৩. মুস্তাদরাকে হাকিম: ১/৩৭৬
১১৪. সহীহ মুসলিম: ৩/৬৫
১১৫. সহীহ মুসলিম: ৯৭৪
📄 পরকালের মনজিলের কথা স্মরণ করা
০৯. পরকালের মনজিলের কথা স্মরণ করা: ইমাম ইবনুল কাইয়্যিম রহ. বলেন, কারো যদি চিন্তাধারা সঠিক হয়; তাহলে তার দূরদৃষ্টি খুলে যাবে। এটি অন্তরের আলোকবর্তিকা। এর দ্বারা সে অনুধাবন করতে পারবে- জান্নাত-জাহান্নাম, আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের জন্য কী তৈরি করে রেখেছেন এবং তাঁর অবাধ্য বান্দাদের জন্য কী শাস্তির ব্যবস্থা রেখেছেন? সে অনুধাবন করবে- মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে কবর থেকে বের হচ্ছে, ফেরেশতাগণ তাদেরকে চারদিকে ঘিরে রেখেছে। মহান আল্লাহ তাআলা এসে উপস্থিত। তাঁর জন্য সিংহাসন তৈরি করে রাখা হয়েছে। সবার হাতে আমলনামা দেওয়া হবে। সাক্ষ্য-প্রমাণ হাজির, মিযান স্থাপন করা হয়েছে। বাদী-বিবাদী উপস্থিত। পাওনাদার উপস্থিত তার দাবি নিয়ে। পিপাসার্ত হয়ে সবাই দিশেহারা, হাউজে কাওছারে উপস্থিত। পুলসিরাত স্থাপন করা হয়েছে। আলো বণ্টন করা হয়েছে। কেউ কেউ তো অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। কত লোক পুলসিরাত থেকে জাহান্নামে ছিটকে পড়ছে। সে দেখতে পাবে- ক্ষণস্থায়ী দুনিয়ার চিত্র আর চিরস্থায়ী পরকালের অবস্থা।
কুরআন মাজীদে পরকালের বিভিন্ন চিত্র বর্ণিত হয়েছে। যেমন সূরা ক্বফ, ওয়াকিয়া, নাবা, মুতাফফিফীন ইত্যাদি সূরাসমূহের মধ্যে। এ ব্যাপারে অনেক কিতাবও রচিত হয়েছে। সেসব পাঠ করা উচিত।
টিকাঃ
১১৯. মাদারেজুস সালেকীন: ১/১২৩
📄 প্রাকৃতিক কোনো কিছু দেখলে পরকালের চিন্তা করা
১০. যেসব বিষয় ঈমানকে তরতাজা করে তার মধ্যে একটি হলো, প্রাকৃতিক কোনো কিছু দেখলে পরকালের চিন্তা করা। যেমন, বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, "রাসূল ﷺ যখন আকাশে কালো মেঘ দেখতে পেতেন, তখন তাঁর চেহারায় একটা শঙ্কার ভাব ফুটে ওঠত। হযরত আয়শা রাযি. বলেন, হে আল্লাহর রাসূল! লোকজনকে দেখি, মেঘ দেখলে আনন্দিত হয় এ বলে যে, বৃষ্টি নামবে। আর আপনাকে দেখি, চিন্তিত; যা আপনার চেহারা দেখলেই বুঝা যায়। তখন তিনি বললেন, হে আয়েশা! আমাকে কে নিশ্চয়তা দেবে যে, এতে আল্লাহর আযাব নেই। এক সম্প্রদায়কে মেঘ-বাতাস দ্বারা শাস্তি দেওয়া হয়েছিল। তারা মেঘ দেখে বলেছিল, এই তো বৃষ্টি আসছে। "
নবী কারীম ﷺ সূর্যগ্রহণ দেখলে ভয়ে ভীত হয়ে পড়তেন। হযরত আবু মূসা রাযি. হতে বর্ণিত, “যখন সূর্যগ্রহণ লাগত, তখন রাসূল ﷺ ভীতসন্ত্রস্ত হয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। হয়তো বা কিয়ামত সংঘটিত হতে যাচ্ছে।”
রাসূল ﷺ চন্দ্র বা সূর্যগ্রহণ লাগলে আমাদেরকে নামাজে দাঁড়াতে নির্দেশ দিতেন এবং জানাতেন যে, “এগুলো হলো, আল্লাহর নির্দেশ। যা দ্বারা তিনি তাঁর বান্দাদেরকে ভয়-ভীতি দেখান।”
এ কথা নিঃসন্দেহ সঠিক যে, এসব বাহ্যিক নিদর্শন দেখলে এবং এর দ্বারা ভয়-ভীতি আসলে ঈমান নবরূপ লাভ করে আল্লাহমুখী হয়। আল্লাহর শক্তি ও কুদরত, তাঁর শাস্তি ও আযাবের কথা স্মরণ হয়। হযরত আয়েশা রাযি. বলেন, "রাসূল ﷺ আমার হাত ধরে চাঁদের দিকে ইশারা করে বলেন, হে আয়েশা! এর অনিষ্ট থেকে আল্লাহর নিকট পানাহ চাও। কেননা, এটাই কুরআনে বর্ণিত আয়াতের দৃষ্টান্ত। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়।”
তেমনিভাবে ধ্বংসপ্রাপ্ত জাতির আবাসস্থল এবং কাফের জালেমদের কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময়, তা দেখে মনে মনে চিন্তা করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা। হযরত ইবনে উমর রাযি. হতে বর্ণিত, “রাসূল ﷺ যখন হিজরবাসীদের আবাসস্থল অতিক্রম করে যাচ্ছিলেন, তখন তিনি তাঁর সাহাবাদের বলেছিলেন, তোমরা এ শাস্তিপ্রাপ্তদের এলাকায় প্রবেশ করবে ক্রন্দনরত অবস্থায়। তোমরা ক্রন্দনরত অবস্থা ব্যতিরেকে সেখানে প্রবেশ করলে, তাদের মতো আক্রান্ত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।”
আজকাল লোকজন সেখানে যায় ভ্রমণ করার উদ্দেশ্যে!! এরপর সেখানে গিয়ে ছবি তুলে!! মূলত বিষয়টি গভীরভাবে চিন্তা করে দেখা প্রয়োজন।
টিকাঃ
১২০. সহীহ মুসলিম: ৮৯৯
১২১. ফাতহুল বারী: ২/৫৪৫
১২২. মুসনাদে আহমাদ: ৬/২৩৭
১২৩. সহীহ বুখারী: ৪২৩
📄 সর্বদা আল্লাহর যিকির বা তাঁর স্মরণ করা
১১. ঈমানী দুর্বলতার জন্য সর্বোত্তম চিকিৎসা হলো, সর্বদা আল্লাহর যিকির বা তাঁর স্মরণ করা। মহান আল্লাহ এ ব্যাপারে নির্দেশ দিয়ে বলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ কর। "
যারা তাঁকে বেশি বেশি স্মরণ করবে, তাদের সফলতার ব্যাপারে ঘোষণা দিয়ে তিনি ইরশাদ করেন-
وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
“এবং তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ কর; তাহলে আশা করা যায় তোমরা সফলকাম হবে।”
আল্লাহর স্মরণ ও যিকির সবচেয়ে বড় জিনিস। মহান আল্লাহ বলেন, “এবং আল্লাহর স্মরণ, এটা সবচেয়ে বড়।” রাসূল ﷺ ঐ ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, (যার নিকট ইসলামী শরীয়তের বিধি-বিধান অধিক (প্রিয়/ কার্যকর) বলে মনে হয়ে থাকে) তোমার জিহ্বা যেন সর্বদা আল্লাহর যিকিরে সিক্ত থাকে। "
ঈমানকে মজবুত করতে হলে অবশ্যই সদা-সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। মহান আল্লাহ বলেন, যখন ভুলে যাবে তখন তোমার প্রভুকে স্মরণ কর। আল্লাহর স্মরণে যে, অন্তরে সুপ্রতিক্রিয়া ঘটে তা বর্ণনা করে মহান প্রভু বলেন-
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
“জেনে রেখ! প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি পায়। "
অনেকেই বিভিন্ন আমল যেমন, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ আদায় করতে কষ্ট অনুভব করে, তাদের জন্য সহজ হলো, সর্বদা দুআ-দরুদ এবং যিকির-আযকারে মশগুল থাকা। এখানে কিছু দুআর কথা উল্লেখ করা হলো-
لا إله إلا الله لا شريك له ، له الملك وله الحمد، وهو على كل شيء قدير
“আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তাঁর কোনো শরীক নেই। তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই প্রশংসা। আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।”
سبحان الله وبحمده، وسبحان الله العظيم
“আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য। আল্লাহ পবিত্র, সুমহান মর্যাদাশীল।”
لا حول ولا قوة إلا بالله
“আল্লাহর অনুগ্রহ ছাড়া পাপ থেকে বিরত থাকা এবং নেক কাজ করা যায় না।”
টিকাঃ
১২৪. সূরা আহযাব: ৪১
১২৫. সূরা জুমুআ: ১০
১২৬. সুনানে তিরমিযী: ৩৩৭৫
১২৭. সূরা রা'দ: ২৭