📄 পর্যালোচনা
আল্লাহর নাজিলকৃত আইন ব্যতীত অন্য কোনো আইনের শাসন আন্তরিক সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করে নেওয়া কুফরি। এর কারণে মানুষ ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। কোনো সন্দেহ নেই এতে। কিন্তু আন্তরিক সন্তুষ্টি ছাড়া মানবরচিত আইনে শাসন করা নিয়ে কথা আছে।
বুখারি ও মুসলিমে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'কোনো ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করে না। কোনো মদ্যপায়ী মুমিন অবস্থায় মদ পান করে না। কোনো চোর মুমিন অবস্থায় চুরি করে না।"১
এই হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে, যে ব্যক্তি এ ধরনের কাজ হালাল মনে করে কিংবা আল্লাহর হারামকৃত বিষয়কে ঠাট্টা করে বা হালকা মনে করে, সে নিঃসন্দেহে কাফের। কিন্তু যে বিশ্বাস করে, কাজগুলো হারাম, ভয়াবহ গুনাহ, কিন্তু প্রবৃত্তির তাড়নায় ও হারাম কাজ না করার ধৈর্যে ঘাটতি থাকায় এর যে কোনো কাজ করে ফেলে, সে গুনাহগার, কাফের নয়। হাদিসের ব্যাখ্যায় তখন বলা হয়, এ ধরনের কাজ করা অবস্থায় তার ঈমান সেই পর্যায়ের থাকে না, যা তাকে আল্লাহর শান্তি থেকে মুক্তি দিতে পারে।
আমাদের আলোচিত মাসআলায়ও সাধারণভাবে ধরেই বিধান আরোপ করে দেওয়া অনুচিত। বিষয়টি অবশ্যই ব্যাখ্যাসাপেক্ষ। যে বিশ্বাস করে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শের চেয়ে অন্য কোনো আদর্শ অধিক পরিপূর্ণ, মানবকল্যাণের অধিক উপযোগী অথবা যে এ ধরনের বিধানকে আন্তরিক সন্তুষ্টিসহ গ্রহণ করে, সে কাফের। কিন্তু যার মাঝে এ ধরনের বিশ্বাস থাকে না, দুর্বলতাবশত বা প্রবৃত্তির তাড়নায় আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে শাসন করে, সে কাফের নয়, এর কারণে তাকে ইসলাম থেকে বহিষ্কৃত গণ্য করাও অসম্ভব।
আল্লাহর আইন ব্যতীত অন্য আইনে শাসন কুফরি হওয়ার ব্যাপারে একটি হাদিস দিয়েও দলিল দেওয়া হয়। মাসরুক ইবনুল আজদা বলেন, 'এক লোক আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি.-কে 'সুহত' সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, 'এটি হল ঘুষ।' লোকটি বলল, 'শাসনকার্যে জুলুমের বিধান কী?' তিনি বললেন, 'সেটি কুফর।' হাদিসটির সনদ সহিহ। এই হাদিসের কোনো এক সনদে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি. এ কথা বলার পর এই আয়াত তেলাওয়াত করেন, 'যারা আল্লাহ যা নাজিল করেছেন, সে অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের।'১ তাবারানি শরিফে আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি. থেকে অন্য এক সনদে বর্ণিত, তিনি বলেন, 'শাসনকার্যে ঘুষগ্রহণ কুফরি। আর এই ঘুষটাই মানুষের মাঝে 'সুহত' নামে পরিচিত।'২
হাদিসে কুফর শব্দের ব্যবহার অনেক গুনাহের ব্যাপারে এসেছে। সাহাবায়ে কেরাম থেকে অলসতাবশত নামাজ-তকরকারীর ব্যাপারেও কাফের শব্দের প্রয়োগ হয়েছে। নামাজ তরকের অধ্যায়ে এ সংক্রান্ত আলোচনা চলে গেছে যে, এর দ্বারা উদ্দেশ্য বড় পর্যায়ের কুফরি নয়, ছোট পর্যায়ের কুফরি।
আল্লাহর আইন ব্যতীত শাসন করা যে বড় পর্যায়ের কুফরি নয়, বরং ছোট পর্যায়ের কুফরি, এ ব্যাপারে সামনে সালাফের কিছু বক্তব্য তুলে ধরা হচ্ছে:
'যারা আল্লাহর নাজিলকৃত আইনে ফয়সালা করে না, তারাই কাফের।'-এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি. বলেন, 'এর দ্বারা উদ্দেশ্য সেই কুফর নয়, যা তোমরা মনে করো।"১
সুফিয়ান ইবনে উয়াইনাহ ইবনে আব্বাস রাজি.-এর কথার ব্যাখ্যায় বলেন, 'অর্থাৎ এর দ্বারা এমন কুফর উদ্দেশ্য নয়, যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়।'
এক লোক আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি.-কে জিজ্ঞেস করল, 'যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের'-কুরআনে তো এ সংক্রান্ত আয়াত আছে, তা হলে যারা এমনটি করবে, তারা কি কাফের হয়ে যাবে? ইবনে আব্বাস রাজি. বললেন, 'যখন কেউ এমনটি করবে, তার সঙ্গে এক ধরনের কুফর যুক্ত হবে; কিন্তু সে তার মতো নয়, যে আল্লাহ তায়ালা ও পরকালকে অস্বীকার করে।'
সারকথা, এই আয়াতের উপর্যুক্ত ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি. থেকে অনেকগুলো সনদে বর্ণিত। সনদের আধিক্যের কারণে বিষয়টির প্রমাণ্যতা সুদৃঢ় সাব্যস্ত হবে।
ইবনে তাইমিয়া রহ. বলেন, 'আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি. ও তার সঙ্গীরা 'যারা আল্লাহর নাজিলকৃত আইন অনুযায়ী ফয়সালা করে না, তারাই কাফের'-এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, 'এর দ্বারা উদ্দেশ্য এমন কুফর নয়, যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। তার এই বক্তব্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যান্য ইমামও গ্রহণ করেছেন।' এরপর ইবনে তাইমিয়া রহ. ইবনে আব্বাস রাজি.-এর এই তাফসিরের বেশ কয়েকটি সনদ উল্লেখ করেন।২
আতা ইবনে আবু রাবাহ রহ. এ আয়াতের ব্যাখ্যায় বলেন, 'এর দ্বারা উদ্দেশ্য বড় পর্যায়ের কুফরি নয়, বরং ছোট কুফর। বড় পর্যায়ের জুলুম (শিরক) নয়, ছোট জুলুম (শিরক); বড় পর্যায়ের পাপাচার নয়, ছোট পাপাচার।'১
তাউস রহ. বলেন, 'এর দ্বারা উদ্দেশ্য এমন কুফর নয়, যা ইসলাম থেকে বের করে দেয়।'২
উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ রহ. বলেন, 'অনেক মানুষ এই আয়াতের এমন অপ্রাসঙ্গিক ব্যাখ্যা করে, যে ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়নি। এই আয়াত অবতীর্ণ হয়েছে ইহুদিদের দুটি গোত্র বনু কুরায়জা ও বনু নাজির সম্পর্কে।'৩
আবদুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলাম, 'যারা আল্লাহ যা নাজিল করেছেন, সে অনুযায়ী ফয়সালা করে না, তারা কাফের'–এই আয়াতের ব্যাখ্যায় বলেন, 'যে আল্লাহর আইন ত্যাগ করে, স্বহস্তে রচিত আইন অনুযায়ী ফয়সালা করে, আর বলে যে, এটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে অবশ্যই কুফরি করল।'৪
ইবনে আব্বাস রাজি. থেকে বর্ণিত প্রথম বর্ণনাটি সনদের দিক দিয়ে দুর্বল হলেও পরবর্তী আরও কয়েকটি দুর্বল বর্ণনা দ্বারা সেটি শক্তিশালী হিসেবে প্রমাণিত হয় এবং সেটি আরও শক্তিশালী হয় তার ছাত্র আতা, তাউস, উবায়দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ রহ. প্রমুখের বর্ণনার মাধ্যমে।
টিকাঃ
১. বুখারি, ৫৫৭৮; মুসলিম, ১০০。
১. মুজামুল কাবির, তাবারানি, হাদিস-৯০৯৮; তাফসিরে ইবনে আবি হাতিম, হাদিস-৬৩৮১; মুসনাদে আবু ইয়ালা মাওসিলি, হাদিস-৫২৬৬।
২. আল-মুজামুল কাবির, হাদিস-৯১০০。
১. আত-তাফসির মিন সুনানি সাইদ ইবনে মানসুর, হাদিস-৭৪৯; ইবনে আবি হাতিম, ৬৪২৬; তাজিমু কাদরিস সালাহ, মুহাম্মাদ ইবনে নাসর আল-মারওয়াজি, ৫৬৯।
২. মাজমুউল ফাতাওয়া, খ. ৭, পৃ. ৩১২。
১. তাফসিরে তাবারি, খ. ৮, পৃ. ৪৬৪; আখবারুল কুজাত, খ. ১, পৃ. ৪০।
২. তাফসিরে তাবারি, খ. ৮, পৃ. ৬৬।
৩. তাফসিরে তাবারি, খ. ৮, পৃ. ৪৫৭।
৪. তাফসিরে ইবনে আবু হাতিম, খ. ৪, পৃ. ১১৪২。