📄 ‘তাকফির’ বিষয়ে কতিপয় শায়েখের বক্তব্য ও তার পর্যালোচনা
কিতাবটি পর্যালোচনামূলক। ‘তাকফির’ বিষয়ে প্রচলিত আছে নানা জনের নানা মত। বাড়াবাড়ি যেমন আছে, আছে শিথিলতাও। লেখক এখান থেকে এ প্রসঙ্গে বিভিন্ন শায়খের বক্তব্য উল্লেখ করে সেগুলোর ব্যাপারে কুরআন-সুন্নাহর আলোকে পর্যালোচনা উপস্থাপন করবেন। কারও বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করবেন, কারও বক্তব্য খণ্ডন করবেন। তবে, একেবারে নির্মোহ ভাষায়, কুরআন-সুন্নাহ ও সালাফের উক্তির আলোকে। আশা করা যায়, পাঠ শেষে তাকফির বিষয়ে পাঠক নানা প্রান্তিকতা থেকে মুক্ত থাকার রসদ খুঁজে পাবেন। আল্লাহই সর্বোত্তম তাওফিকদাতা। (অনুবাদক)
টিকাঃ
১. এটি আরবি ক্রিয়ামূলের একটি অধ্যায় ‘বাবে তাফয়িল’-এর মাসদার। অর্থ, কাউকে কাফের সাব্যস্ত করা। সংক্ষিপ্ততার জন্য আমরা শব্দটির বাংলা না করে, মূল শব্দটিই অনুবাদে ব্যবহার করব। (অনুবাদক)
📄 মাখলুকের নামে শপথ করা
মাখলুককে ডাকার প্রায় কাছাকাছি মাসআলা, মাখলুকের নামে শপথ করা। কারণ, শপথের মাধ্যমে, যার নামে শপথ করা হয়, তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।২
ইবনে তাইমিয়া রহ. বলেন, 'মুসলমান মাখলুকের নামে শপথ করতে পারে না-এটা শিরক। মাখলুকের নামে শপথ, যেমন-কাবা শরিফ, ফেরেশতা, পির-মাশায়েখ, রাজা-বাদশা ও এমন কারও নামে শপথ করা।৩
তিনি আরও বলেন, 'শপথ দুই প্রকার: এক. মুসলিমদের শপথ। দুই. অমুসলিমদের শপথ।
মাখলুকের নামে শপথ করা, যেমন-ফেরেশতা, পির-মাশায়েখ, কাবা শরিফ ইত্যাদির নামে শপথ মুশিরকদের শপথ। এটা মুসলমানদের শপথ নয়।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'যে আল্লাহ ব্যতীত অন্য কারও নামে শপথ করল, সে কুফরি করল।l'৪ ইমাম তিরমিজি রহ. হাদিসটিকে সহিহ বলেছেন। বুখারি ও মুসলিম শরিফে এসেছে, 'শপথ যদি করতেই হয়, আল্লাহর নামে করবে, না হয় চুপ থাকবে।১ মাখলুকের নামে শপথ করলে সেটি শপথ হিসেবে গণ্য হবে না। তা ভঙ্গ করলে, কাফফারাও দিতে হবে না।'
টিকাঃ
১. মাখলুক মানে সৃষ্ট বস্তু। আল্লাহ ছাড়া আর সবই মাখলুক। মাখলুকের নামে শপথ করা দ্বারা উদ্দেশ্য, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর নাম নিয়ে কসম খাওয়া বা কিরা কাটা। (অনুবাদক)
২. কেউ কোনো কাজ বা বক্তব্যকে গুরুত্ববহ করে তোলার জন্য সম্মানিত কারও নামে শপথ করে বক্তব্যটি উপস্থাপন করে। যেমন কেউ বলল, 'আল্লাহর কসম, কিছুতেই আমি এমনটি করব না বা আল্লাহর কসম, এমনটি আমি করবই।' এখানে আমাদের আলোচ্য বিষয়, আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারও নাম নিয়ে এ ধরনের কসম খাওয়া বা শপথ করা। (অনুবাদক)
৩. মাজমুউল ফাতাওয়া, খ. ৩৪, পৃ. ২০৮。
৪. সুনানে তিরমিজি, ১৫৩৫。
১. বুখারি, ২৬৭৯; মুসলিম, ১৬৪৬।
📄 ইবনে তাইমিয়া রহ.-এর কথার পর্যালোচনা
কিন্তু কখনও এমন হয় যে, কোনো শপথকারী নেককার কোনো মাখলুকের নামে শপথ করে। তার উদ্দেশ্য হয়, আল্লাহ তায়ালা এই বান্দাকে যে বিশেষ অনুগ্রহ করেছেন, সেটা উপলক্ষ্য করে শপথ করা। এটা কুফর নয়। কারণ, এই মানসিকতায় শপথ করলে আল্লাহর সঙ্গে শরিক করা সাব্যস্ত হয় না। তবে এটা জায়েজ আছে কি না, সেটা ভিন্ন মাসআলা।
দুটো ক্ষেত্রে ব্যক্তির বিশ্বাসের মাঝে অবশ্যই পার্থক্য করতে হবে। কোন ব্যক্তিকে খোদার স্তরে রেখে শপথ করল আর কোন ব্যক্তির প্রতি খোদার অনুগ্রহ স্মরণ করে শপথ করল, সেটা বিবেচনায় নিতে হবে। কাউকে কাফের বলার ব্যাপারটি যেন গোলমেলে না হয়ে যায়। অন্যকে কাফের সাব্যস্তকরণে অতি তৎপর হওয়া বিপদজনক।
আমরা যা বলেছি, এমন কথা ইবনে তাইমিয়া রহ.-ও বলেছেন। তিনি বলেন, 'আমার জানামতে সাহাবা, তাবেইন ও আইম্মায়ে মুজতাহিদিন' গাইরুল্লাহর নামে শপথ মাকরুহ হওয়া ও তা থেকে নিষেধ করার ব্যাপারে একমত। যে আল্লাহ ছাড়া অন্য কারও নামে শপথ করে, সে আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করে। ইবাদতের উদ্দেশ্যে কারও নামে শপথ করলে ব্যক্তি কাফের হয়ে যাবে। ইবাদতের বিশ্বাস না থাকলে শপথের কথাটি কুফরি কথা হবে। কিন্তু সেটা বড় পর্যায়ের শিরক হবে না, যাতে মানুষ ইসলাম থেকেই বেরিয়ে যায়। এ ধরনের কুফর বোঝাতে উলামায়ে কেরাম বলেন, এগুলো হচ্ছে, 'বড় শিরকের চেয়ে হালকা পর্যায়ের শিরক (শিরকুন দুনা শিরক)'।"১
যে আল্লাহ ছাড়া অন্য কারও নামে শপথ করে, সে যদি বিশ্বাস করে, যার নামে শপথ করা হচ্ছে, আল্লাহ তায়ালার মতো সেও এমন সম্মানের উপযোগী, যার কারণে তার নামে শপথ করা যায়—এই ব্যক্তি নিঃসন্দেহে কাফের। তবে, হৃদয়ে যদি এমন বিশ্বাস না থাকে, তা হলে কাফের হবে না।
হাম্বলি মাজহাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামে শপথ করার বৈধতা প্রমাণ করে, আল্লাহ ছাড়া অন্য কারও নামে শপথ করলেই সেটা কুফর-শিরক হয়ে যায় না।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. ও হাম্বলি মাজহাবের ফকিহগণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামে শপথ করা বৈধ মনে করেন। এই বিশ্বাস নিয়ে যদি কেউ শপথ করে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন সম্মান ও অবস্থানের অধিকারী, যার কারণে আল্লাহর মতো তাঁর নামেও শপথ করা যায়—তা হলে সে কাফের হয়ে যাবে। এ ব্যাপারে সবাই একমত। ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. ও হাম্বলি মাজহাবের ফকিহগণ এ ধরনের শপথকে বৈধ বলবেন, এটা অকল্পনীয়।
তবে, এ ধরনের বিশ্বাস ছাড়া যদি শপথ করে, তা হলে তাকে এই শপথের কারণে কাফের বলা হবে না। সে নিজের শপথের মাধ্যমে যেন বলছে—হে আল্লাহ, আমি শপথ করছি আপনার ওই দয়া ও অনুগ্রহের, যা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর করেছেন; তাঁকে দান করেছেন নবুওত, উঁচু মর্যাদা ও মাকামে মাহমুদ।
এখানে বিশ্বাসগত পার্থক্যটা আমলে নেওয়া উচিত। কারণ, এ ধরনের মাসআলায় বিশ্বাসগত পার্থক্য বিবেচনায় না নিলে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাজহাবের ফকিহগণ ও যারা এই মাসআলাকে অস্বীকৃতি ছাড়া নিজেদের কিতাবে উল্লেখ করেছেন, তাদের সকলকে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের গণ্য করতে হয়। কত মারাত্মক ধারণা এটা! আল্লাহ তায়ালা আমাদের এই বিভ্রান্তি থেকে হেফাজত করুন।
টিকাঃ
২. মুজতাহিদ ইমামগণ। যারা কুরআন-হাদিস গবেষণা করে শরিয়তের বিধি-বিধান মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদ ইবনে হাম্বল-এ চারজন ফিকহের বড় বড় ইমাম। তারা ছাড়া আরও অনেকেই ছিলেন। কালের বিবর্তনে কারও নাম উচ্চারিত হয়, কারও নাম থেকে যায় অনুচ্চারিত, কেবল কিতাবের পাতাতেই যাদের মতগুলোর দেখা মেলে। (অনুবাদক)
১. এটি উলামায়ে কেরামের ব্যবহৃত একটি পরিভাষা। কোনো কথা বা কাজের ক্ষেত্রে হাদিসে যদি শিরক বা কুফর শব্দ ব্যবহার হয় আর সামগ্রিকভাবে কুরআন-হাদিস পর্যালোচনায় কাজটিকে বড় পর্যায়ের কুফর বলার অবকাশ না থাকে, তখন উলামায়ে কেরাম এই পরিভাষাটি ব্যবহার করে থাকেন। অর্থাৎ, কাজটি বড় পর্যায়ের কুফর নয়; কুফর, তবে ছোট কুফর; শিরক, তবে ছোট শিরক। এর কারণে ব্যক্তি ইসলাম থেকে একেবারে বেরিয়ে যায় না। (অনুবাদক)
📄 হাম্বলি ফকিহদের উদ্ধৃতি
হাম্বলি মাজহাবের বিশিষ্ট ফকিহ জারকাশি রহ. মুখতাসারুল খিরাকিতে বলেন, 'আমাদের অধিকাংশ ফকিহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামে শপথকে ব্যতিক্রম গণ্য করেছেন। অর্থাৎ, তাঁর নামে শপথ করে ভঙ্গ করলে তার কাফফারা দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. বিষয়টি স্পষ্টাকারে উল্লেখ করেছেন।"১
তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামে শপথ করে ভঙ্গ করলে তার কাফফারা দেওয়া আবশ্যক সাব্যস্ত করেছেন। আর মতটি গ্রহণ করেছেন আবু তালেবের বর্ণনায় খোদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.-এর বক্তব্য থেকে।
হাম্বলি মাজহাবের আরেক ফকিহ মারদাওয়ি রহ. আল-ইনসাফ নামক কিতাবে উল্লেখ করেন, 'আমাদের ফকিহগণ বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নামে শপথ করে ভঙ্গ করলে কাফফারা ওয়াজিব হবে, এটি শুধু তাঁর সঙ্গেই বিশিষ্ট। তিনি ছাড়া আর কোনো মাখলুকের নামে শপথ করা যাবে না। এটাই আমাদের মাজহাবের বক্তব্য। আমাদের অধিকাংশ ফকিহ এই মতই পোষণ করেন। এটি আমাদের মাজহাবের একক মত।'২
শপথের ব্যাপারটি যদি এমন হয়, তা হলে পৃথিবীতে বসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে কেউ যদি কোনো ব্যাপারে সুপারিশ চায়, কেন তাকে মুশরিক বলা হবে? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মৃত? হ্যাঁ, তিনি মৃত পার্থিব জগতের হিসেবে; কিন্তু কবর-জগতের হিসেবে তিনি জীবিত।১ নবীগণ কবরে জীবিত, তারা নামাজ পড়েন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের রাতে মুসা আ.-এর পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন নিজ কবরে নামাজ আদায় করছিলেন। এই হাদিস ইমাম মুসলিম রহ. আনাস ইবনে মালেক রাজি. থেকে বর্ণনা করেছেন।২ হাদিসটি বর্ণিত আছে আবদুল্লাহ ইবনে আব্বাস ও আবু সাইদ খুদরি রাজি. থেকেও।
(উপর্যুক্ত পার্থক্য আমলে না নিয়ে) কোনো এক শায়খের অভিমত: 'আজকাল যারা নবীদের ডাকে, পির-বুজর্গদের ডাকে, এটা জাহেলি যুগের প্রথার মতো! তারাও মৃত নেককারদের ডাকত। তাদের নামে শপথ করত। তাদের কাছে সুপারিশ প্রার্থনা করত। তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করত। কুরআন-সুন্নাহে তাদের মুশরিক বলা হয়েছে। তা হলে এখন যারা নবী-ওলিদের ডাকে, তাদের কেন মুশরিক বলা হবে না?'
টিকাঃ
১. শরহুজ জারকাশি আলা মুখতাসারিল খিরাকি, খ. ৭, পৃ. ৯৬。
২. ইবনে তাইমিয়া রহ. বলেন, 'রাসুল সা.-এর নামে শপথ করা অধিকাংশ আলেমেরই মতে নিষেধ, এর দ্বারা শপথ সংঘটিত হবে না, কাফফারাও দিতে হবে না। ইমাম মালেক, আবু হানিফা, শাফেয়ি রহ. এ কথাই বলেছেন। ইমাম আহমদ রহ.-এরও একটি মত এমন। ইমাম আহমদ রহ. থেকে আরেকটি মত আছে যে, এ ক্ষেত্রে শপথ হয়ে যাবে। (মাজমুউল ফাতাওয়া, খ. ৩৩, পৃ. ১২৫) হাম্বলি মাজহাবের কিতাবে জারকাশি ও মারদাওয়ি রহ, যা উল্লেখ করেছেন, এর ব্যতিক্রম কারও থেকে পাইনি। (লেখক) (অবশ্য মুখতাসারুল খিরাকিতে এই মাসআলায় হাম্বলি মাজহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. থেকে দুটি মতেরই উল্লেখ করা হয়। - অনুবাদক)
১. বরং অন্যান্য মৃতের চেয়ে রাসুল সা.-এর বরজখি জীবনের অনেক পার্থক্য রয়েছে। হাদিসে এসেছে, 'নবীগণ কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়েন।' (মুসনাদে বাজ্জার, ৬৮৮৮)
২. মুসলিম, ২৩৭৫।