📄 ইমাম মুহাম্মদ
ইমাম মুহাম্মদ ইবনে হাসান (১৩২ হিজরী থেকে ১৮৯ হিজরী)
নামঃ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান ইবনে ফারকাদ আশ শায়বানী। ৬০৩
জন্মঃ ইমাম মুহাম্মদ রহ. ১৩২ হিজরী সনে ইরাকের ওয়াসিত শহরে জন্মগ্রহণ করেন। ৬০৪
ইলম অর্জনঃ চৌদ্দ বছর বয়সে তিনি ইমাম আযম আবু হানীফা রহ. এর খিদমতে হাযির হন। তিনি ইমাম আবু ইউসুফ রহ. এর নিকট থেকেও ইলম অর্জন করেন। তিনি পৈতৃক সূত্রে পাওয়া পনের হাজার দিরহাম আরবী ব্যাকরণ ও কাব্য শিক্ষায় এবং পনের হাজার দিরহাম হাদীস ও ফিকহ জ্ঞান অর্জনে ব্যয় করেন। ৬০৫
উস্তাদগণঃ ইমাম আযম আবু হানীফা রহ, ইমাম আবু ইউসুফ রহ, সুফয়ান সাওরী রহ, ইমাম মালিক ইবনে আনাস রহ. প্রমুখ। ৬০৬
ছাত্রবৃন্দঃ উল্লেখযোগ্য হলেন ইমাম শাফেয়ী রহ, আবু সুলাইমান জুযাজানী রহ, আবু উবাইদুল কাসেম ইবনে সালাম প্রমুখ। ৬০৭ ৬০৮
ইমাম মুহাম্মদ রহ. সম্পর্কে মনীষীদের মন্তব্যঃ (এক) ইমাম শাফেয়ী বলেন, ‘ইমাম মুহাম্মাদ রহ. যখন কোন মাসআলা বর্ণনা করতেন তখন মনে হত যেন ওহী অবতীর্ণ হচ্ছে।’ ৬০৯ তিনি আরো বলেন, ‘আমি ইমাম মুহাম্মাদ রহ. অপেক্ষা এতো বড় মেধাবী ও বুদ্ধিমান লোক আর দেখিনি।’ ৬১০ (দুই) ইমাম আহমদ ইবনে হাম্বল সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলার জ্ঞান ইমাম মুহাম্মাদ রচিত গ্রন্থসমূহ থেকে অর্জন করেছিলেন। ৬১১ (তিন) ইবনে মুঈন বলেন, ‘আমি ইমাম মুহাম্মদ রহ. থেকে জামেউস সাগীর লিখেছি।’ ৬১২
গ্রন্থাবলীঃ ১. আল মুয়াত্তা। ২. আল মাবসূত। ৩. আল জামিউল কাবীর। ৪. আল জামিউস সাগীর। ৫. আস সিয়ারুল কাবীর। ৬. আস সিয়ারুস সাগীর। ৭. আল জুরজানিয়্যাত। ৮. আয যিয়াদাত। ৯. আল কায়সানিয়্যাত। ১০. আর রুকায়্যাত।
মুয়াত্তা মুহাম্মাদের বৈশিষ্ট্যঃ (এক) এখানে কোন মাওযু (জাল) হাদীস নেই। (দুই) প্রত্যেক পরিচ্ছেদে হাদীস বর্ণনা করার পর ইমাম মুহাম্মদ নিজের মতামত বর্ণনা করেন। (তিন) তাকরারে হাদীস নেই। (৪) কোথাও কোথাও তিনি ইমাম মালিক রহ. এর মাযহাবও উল্লেখ করেছেন। (৫) বিশেষ অর্থ বুঝাতে পারিভাষিক শব্দ ব্যবহার করেছেন।
ব্যাখ্যাগ্রন্থের তালিকাঃ মোল্লা আলী কারী রহ. 'ফতহুল মুগতিসা শারহিত মুয়াত্ত' রচনা করেন। ইবরাহীম বীরীযাদা এবং মাওলানা আব্দুল হাই লখনবী রহ. ও এর ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।
মৃত্যুঃ ইমাম মুহাম্মদ রহ. ১৮৯ হিজরী সনে ইন্তিকাল করেন। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ৬১৩
টিকাঃ
৬০৩. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬০৪. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬০৫. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬০৬. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬০৭. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬০৮. সিয়ারু আ'লামিন নুবালা (৯/১৩৫)
৬০৯. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬১০. তারিখে বাগদাদ (২/৫৬১)
৬১১. সিয়ারু আ'লামিন নুবালা (৯/১৩৬)
৬১২. সিয়ারু আ'লামিন নুবালা (৯/১৩৫)
৬১৩. তারিখে বাগদাদ (২/৫৬২)
📄 ইমাম ত্বহাবী
ইমাম আবু জাফর ত্বহাবী (২৩৯ হিজরী থেকে ৩৩১ হিজরী)
নামঃ ইমাম হাফেয আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামাহ ইবনে আবদুল মালিক আল আযদী, আল হাজারী আল মিসরী আত ত্বহাবী আল হানাফী। ৬১৪
জন্মঃ তিনি মিসরের 'ত্বহা' নামক প্রাচীন গ্রামে ২৩৯ হিজরীর যিলকদ মাসে জন্মগ্রহণ করেন।
ইলম অর্জনঃ তাঁর শিক্ষা জীবনের সূচনা হয় তাঁর মামা আবু ইবরাহীম মুযানী রহ. এর নিকট। তিনি সিরিয়া, বায়তুল মুকাদ্দাস, ইয়ামান, হিজায ইত্যাদি শহর সফর করেছেন।
উস্তাদগণঃ উল্লেখযোগ্য হলেন আবু ইবরাহীম মুযানী, আহমদ ইবনে আবু ইমরান হানাফী প্রমুখ। ৬১৫
ছাত্রবৃন্দঃ উল্লেখযোগ্য হলেন ইউসুফ ইবনে কাসেম আল মায়ানাযী রহ, আবুল কাসেম আত তাবরানী রহ. প্রমুখ।
মাযহাবঃ প্রথম দিকে ইমাম ত্বহাবী রহ. শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন। পরবর্তীতে তিনি হানাফী মাযহাবের দলিলগুলো অধিক মযবুত মনে হওয়ায় হানাফী মাযহাব গ্রহণ করেন। ৬১৬ ইমাম ত্বহাবী রহ. অসাধারণ ধীশক্তি ও তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন।
গ্রন্থাবলীঃ ১. শরহু মায়ানিল আসার। ২. মুশকিলুল আসার। ৩. আল মুখতাসারু ফিল ফিকহ। ৪. শরহু জামেউল কাবীর। ৫. শরহু জামেউস সাগীর। ৬. মুখতাসারুল কাবীর। ৭. মুখতাসারুস সাগীর। ৮. তারিখে কাবীর। ৯. মুখতাসারুত ত্বহাবী। ১০. আকিদাতুত ত্বহাবী।
শরহু মায়ানিল আসার (ত্বহাবী শরীফ) এর বৈশিষ্ট্যঃ ১. হাদীসের আলোকে ফিক্হী মাসয়ালার বিবরণ পেশ করা হয়েছে। ২. অনেক বিরল হাদীস এতে রয়েছে। ৩. এতে কোন দুর্বল সনদের হাদীস নেই। ৪. মাসয়ালা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ৫. সাহাবী ও তাবেয়ীদের বিশেষ বাণী এতে রয়েছে। ৬. মুহাদ্দিসদের অসংখ্য উক্তি পেশ করা হয়েছে। ৭. ইমামদের মতভেদসহ উভয় পক্ষের দলিল বর্ণিত হয়েছে। ৮. এটি ফিক্হ শাস্ত্রের গ্রন্থাবলি অনুযায়ী বিন্যস্ত। ৯. হানাফী মাযহাবের প্রাধান্য দিয়ে বিরুদ্ধবাদীদের দলিলও বর্ণনা করা হয়েছে। ১০. একই সনদের অসংখ্য হাদীস আনা হয়েছে। ১১. ফিক্হবিদদের উক্তি এবং জারহ ও তাদীল এর বর্ণনা করা হয়েছে।
ব্যাখ্যাগ্রন্থের তালিকাঃ ১. আল হাভী ফি তাখরিজ আহাদিস আত্ তাহাবী: হাফেয আব্দুল কাদের কুরশী রহ.। ২. আমানিল আখবার: আল্লামা আইনী রহ.। ৩. নুখবাতুর আখবার: আল্লামা আইনী রহ.।
মৃত্যুঃ ইমাম আবু জাফর ত্বহাবী রহ. ৩১১ হিজরী সনে যিলকদ মাসে ৯২ বছর বয়সে মিসরে ইন্তিকাল করেন।
টিকাঃ
৬১৪. সিয়ারু আ'লামিন নুবালা (১৫/২৭)
৬১৫. সিয়ারু আ'লামিন নুবালা (১৫/২৮)
৬১৬. তাযকিরাতুল হুফ্ফায (৩/২১)