📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 আল-জামেউস সহীহ

📄 আল-জামেউস সহীহ


নিদিষ্টভাবে একথা জানা নেই যে, ইমাম বুখারী রহ. সহীহ বুখারী রচনার কাজ কখন শুরু করেছিলেন এবং তা শেষ করেছিলেন। তবে এ কথার প্রমাণ আছে যে, যখন ইমাম বুখারী রহ. সহীহ বুখারীর রচনা কাজ শেষ করেন, তখন তিনি তাঁর শায়েখদের মধ্যে হতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. (মৃত্যু: ২৪১ হিজরী), আলী ইবনুল মাদীনী (মৃত্যু: ২৩৪ হিজরী), ইবনে মুঈন (মৃত্যু: ২৩৩ হিজরী) এর নিকট অভিমত জানতে তা পেশ করেছিলেন।

সর্বপ্রথম ইবনে মুঈন রহ. ইন্তিকাল করেন ২৩৩ হিজরী সনে। এর দ্বারা প্রমাণিত হয় যে, ইমাম বুখারী রহ. সহীহ বুখারী রচনার কাজ ২৩৩ হিজরী সনে শেষ করেছিলেন। যদিও তারপরে কিছু কিছু সংযোজন ও বিয়োজনের কাজ করেছেন। ২১২

সহীহ বুখারীর রচনার কাজ তিনি দীর্ঘ ষোল বছরে শেষ করেন। ইমাম বুখারী রহ. নিজে বর্ণনা করেন, صنفت كتابي الصحيح لست عشرة سنة আমার সহীহ বুখারী রচনা করতে ষোল বছর সময় লেগেছে। ২১০ সুতরাং এ হিসাব মতে সহীহ বুখারীর রচনা শুরুর সন ২১৭ হিজরী ধরা হবে। যখন ইমাম বুখারী রহ. এর বয়স মাত্র তেইশ বছর ছিল। ২১৪

টিকাঃ
২১২. জামে বলা হল, এমন হাদীসের গ্রন্থকে, যে গ্রন্থে আট ধরনের শিরোনামে হাদীসসমূহ বিন্যস্ত হয়। (১) আকাইদ (বিশ্বাস) (২) আহকাম (শরীয়তের আদেশ-নিষেধ) (৩) রিকাক (দয়া-সহানুভূতি/আত্মশুদ্ধি) (৪) আদব (শিষ্টাচার ও নিয়ম পদ্ধতি) (৫) তাফসীর (কুরআনের আয়াতের ব্যাখ্যা-বিশ্লেষণ) (৬) সিয়ার ও তারীখ (রাসূলুল্লাহ সাঃ এর জীবন চরিত) (৭) ফিতান ও আশরাত (বিশৃঙ্খলা ও কিয়ামতের আলামত) (৮) মানাকিব (সাহাবায়ে কেরামের মান-মর্যাদা)।
২১০. ওফাইয়াতুল আ'ইয়ান (২/৩৩৫)
২১৪. লামে' (পৃষ্ঠা ৬২)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 সহীহ বুখারীর নামকরণ

📄 সহীহ বুখারীর নামকরণ


হাদীস বিশারদগণের নিকট সংক্ষিপ্তভাবে কিতাবটি সহীহুল বুখারী বা 'আল জামী' নামে পরিচিত হলেও ইমাম বুখারী স্বয়ং নিজে গ্রন্থটির পূর্ণ নামকরণ করেছেন এভাবে: الجامع الصَّحِيح المسند من حَدِيث رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وسنته وأيامه

আল-জামী: এমন সংকলন যার মধ্যে হাদীস শাস্ত্রের আটটি অধ্যায় থাকবে এবং সহীহ বুখারীতে এই আটটি অধ্যায় রয়েছে। আর এ কারণে এটিকে জামী বলা হয়।

আস-সহীহ: ২১৫ এ কিতাবের সমস্ত হাদীস সহীহ। ইমাম বুখারী রহ. এতে বিশুদ্ধতাকে বাধ্যতামূলক করে নিয়েছেন। তাঁর তথ্যানুসন্ধান অনুযায়ী এতে কোন রেওয়ায়েত দুর্বল নেই।

আল-মুসনাদ ২১৬: মুসনাদ বলার কারণ হল, এর হাদীসগুলো মুত্তাসিল সনদে মারফু' আকারে বর্ণিত। যে সব আছার ইত্যাদি বর্ণিত আছে, সেগুলো অধিনস্থ এবং শিরোনামে আছে। শব্দটি গুরুত্বের জন্য এসেছে।

সুন্নাতীহী: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা, কাজ ও অবস্থাকে বুঝানো হয়েছে।

আইয়্যামিহী: শব্দটি দ্বারা বুঝানো হয়েছে, ইমাম বুখারী রহ. যুদ্ধসমূহের ও জাহেলিয়্যাত যুগের এমন কিছু ঘটনার বিবরণ দিয়েছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বরকতময় জীবনের সাথে সম্পর্ক রয়েছে।

টিকাঃ
২১৫. সহীহ শব্দটি একবচন, বহুবচন হল, সিহাহ। এর আভিধানিক অর্থ হল, বিশুদ্ধ, ত্রুটিমুক্ত, নির্ভুল, যথার্থ, সত্য, সঠিক, সুস্থ। যে হাদীস নির্ভরযোগ্য সনদ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত এবং দোষ-ত্রুটি ও রোগ থেকে মুক্ত তাই সহীহ।
২১৬. মুসনাদ কর্মবাচক বিশেষ্য। অর্থ: সম্পৃক্ত বা মিলিত বস্তু। মুসনাদ বলা হয়, যার সনদ রাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত মিলিত এবং কোথাও কোন বিচ্ছেদ ঘটেনি।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 সহীহ বুখারী রচনার কারণ

📄 সহীহ বুখারী রচনার কারণ


সহীহ বুখারী রচনার কারণ কী ছিল, তা নিয়ে কয়েকটি মতামত পাওয়া যায়। এক, ইমাম বুখারী রহ. এর জীবনী থেকে জানা যায় যে, শুধু দশ বছর বয়স থেকে তাঁর হাদীসে নববী মুখস্থ করার অসীম আগ্রহ সৃষ্টি হয়। আর এ জন্য তিনি বিভিন্ন দেশের সহস্রাধিক মাশায়েখ ও বড় বড় ইমাম থেকে হাদীস গ্রহণ করেন। ২৩ বছর বয়সে ইমাম বুখারী রহ. এর নিকটে ছয় লক্ষ হাদীসের বিশাল ভান্ডার জমা হয়ে যায়। ৩ লাখ মুখস্থ আর তিন লাখ পাণ্ডুলিপিতে। অতঃপর তাঁর মনে বারবার আসতে লাগল যে, সহীহ হাদীসগুলিকে একত্র করে প্রত্যেক বিষয়ে তা সন্নিবেশিত করতে পারলে উম্মাতের অনেক ফায়দা হবে। আর এর ভিত্তিতেই তিনি সহীহ বুখারীর সংকলনের কাজ শুরু করেন।

দুই, ইমাম বুখারী রহ. এর তৎকালীন শায়েখ ইসহাক ইবনে রাহওয়াইহ একদা ছাত্রদের মজলিসে এ আকাঙ্খা প্রকাশ করলেন যে, لَوْ جَمَعْتُمْ كِتَابًا مُخْتَصَرًا لِصَحِيحِ سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুনান দিয়ে একটি সহীহ বিশুদ্ধ গ্রন্থ সন্নিবেশিত করতে! ঘটনাক্রমে ইমাম বুখারী রহ. সে মজলিসে উপস্থিত ছিলেন এবং তাঁর মনে বিষয়টি গেঁথে গেল এবং সহীহ হাদীস জমা করার কাজ শুরু করে দিলেন। ২১৭

তিন, ইমাম বুখারী রহ. একদা স্বপ্নে দেখলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে দাঁড়িয়ে পাখা দ্বারা বাতাস করছিলেন আর পবিত্র দেহ থেকে মাছি উড়ে উড়ে যাচ্ছিল। স্বপ্ন ব্যাখ্যাকারী বিশেষজ্ঞরা এ স্বপ্নের ব্যাখ্যায় বললেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস থেকে মিথ্যা ও অভিযোগগুলো দূর করবেন। অর্থাৎ হাদীসের ভান্ডার থেকে জাল ও দূর্বল হাদীসগুলো ছেঁটে বের করে দিবেন। অতঃপর তিনি এ ব্যাখ্যা পাওয়ার পর সহীহ বুখারী রচনার কাজ শুরু করলেন।

চার, হাফিয ইবনে হাজার আসকালানী রহ. বলেন, অধিকাংশ হাদীস বিশারদ যখন সনদ আকারে হাদীস সংকলন করতেন, তাঁদের মধ্যে যাঁরা অধ্যায় ও সনদের মধ্যে সমন্বয় সাধন করে হাদীস লিপিবদ্ধ করতেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন, আবু বকর ইবনে আবী শায়বা রহ.। ইমাম বুখারী রহ. এ সকল সংকলন, বর্ণনাধারা, লিখন ও বিন্যাস পদ্ধতি অবলোকন করেন। তখন তিনি দেখতে পান, ঐ সমস্ত কিতাবে সহীহ ও হাসান হাদীস একই স্তরে বিন্যাস্ত এবং পাশাপাশি অনেক যঈফ হাদীসও বিদ্যমান। তখন ইমাম বুখারী রহ. এর মনে দৃঢ়তার সাথে সাড়া দিল যে, এমন হাদীসের গ্রন্থকে মহামূল্যবান বলা যায় না। ফলে তিনি সহীহ হাদীস সংকলন কাজে আত্মনিয়োগ ও সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করলেন। ২১৮

ইমাম বুখারী রহ. সহীহ বুখারী কোথায় বসে রচনা করেছেন তা নিয়ে দুই ধরণের বক্তব্য পাওয়া যায়। প্রথমতঃ রওযায়ে আতহার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাওযা মোবারকের পাশে বসে সংকলন করেছেন। আর দ্বিতীয়টি হল, হাতিমে বসে তা সংকলন করেছেন। এখন একটি প্রশ্ন আসে যে, মক্কা-মদীনায় তিনি তো ষোল বছর অবস্থান করেননি; বরং সর্বোচ্চ চার বছর অবস্থান করেছেন। তাহলে তা কিভাবে সম্ভব হয়? তার জবাব এই যে, তিনি রওযায়ে আতহারে বসেই সমস্ত অধ্যায়কে সন্নিবেশিত করেছেন। এরপর যখন যে হাদীস পেয়েছেন, তাকে সে অধ্যায়ে জমা করেছেন।

আল্লামা বদরুদ্দীন আইনী রহ. বলেন, ইমাম বুখারী রহ. মক্কা, মদীনা, বসরা এবং বুখারা নগরীতে গ্রন্থটির সংকলনের কাজ সম্পন্ন করেছেন। কেননা তিনি দীর্ঘ ষোল বছর এ মহান কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। অতঃপর আল্লামা আইনী রহ. মুহাম্মদ ইবনে আলী রহ. এর বর্ণনা উল্লেখ করেন, তিনি বলেন, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি আমার জামী গ্রন্থটি নিয়ে বসরায় পাঁচ বছর থেকেছি এবং গ্রন্থ সংকলনের কাজ করেছি। ২১৯

এ প্রসঙ্গে আল্লামা ইবনে হাজার আসকালানী রহ. বলেন, ইমাম বুখারী রহ. প্রথমে মসজিদুল হারামে বসে তাঁর সহীহ গ্রন্থ সংকলনের সূচনা, বিন্যাস এবং অধ্যায়সমূহ সাজিয়েছেন। অতঃপর স্বদেশ বুখারা ও অন্যান্য স্থানে সফর করে হাদীস সংকলন করেছেন। ২২০

ইমাম ফিরাবরী রহ. বর্ণনা করেন, ইমাম বুখারী রহ. আমাকে বলেছেন যে, আমি সহীহ বুখারীর প্রত্যেকটি হাদীস লিখার পূর্বে গোসল করতাম, দুই রাকাআত নামায আদায় করতাম। এরপর এস্তিখারা করে মনোতুষ্টির পর তা আমার কিতাবে লিপিবদ্ধ করতাম। আর আমি ছয় লক্ষ হাদীস থেকে যাচাই-বাছাই করে সহীহ বুখারী সংকলন করেছি। হযরত শায়খুল হিন্দ বর্ণনা করেন, সহীহ বুখারীর সংকলনের সময়কাল ষোল বছরই তিনি রোযা রাখেন। আর এই রোয়ার বিষয়টি তিনি কাউকে জানতে দিতেন না। ২২১

টিকাঃ
২১৭. সিয়ারু আ'লামীন নুবালা (১২/৪০১)
২১৮. হাদইউস সারী (৭ পৃষ্ঠা)
২১৯. ওমদাতুল কারী (১/০৫)
২২০. ফতহুল বারী (১/৪৮৯)
২২১. ফযলুল বারী (১/৬১)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 সহীহ বুখারীর হাদীস সংখ্যা

📄 সহীহ বুখারীর হাদীস সংখ্যা


হিসাব নিকাশের দিক থেকে সহীহ বুখারীর হাদীস সংখ্যা নিয়ে মতবিরোধ আছে। ইমাম বুখারী রহ. মূলত ছয় লক্ষ হাদীস থেকে যাচাই-বাছাই ও গবেষণা করে সহীহ বুখারীতে পুনরুল্লেখ, মুয়াল্লিকাত, মুতাবিআতসহ সর্বমোট ৯০৮২টি হাদীস বর্ণনা করেন। পুনরুল্লেখ ব্যতীত ২৭৬১টি হাদীস সহীহ বুখারীতে রয়েছে।

ইমাম নববী রহ. ও হাফিয ইবনুস সালাহ রহ. এর মতে বুখারী শরীফের হাদীস সংখ্যা ৭২৭৫টি এবং পুনরুল্লেখ ব্যাতিত ৪০০০টি। আল্লামা ইবনে হাজার আসকালনী রহ. তিনটি জায়গায় এ বিষয়ে আলোচনা করেছেন, প্রথমত ফতহুল বারীর ভূমিকায়। দ্বিতীয়তঃ ফতহুল বারী মিসরী ছাপা ১/৮২ পৃষ্ঠায়। তৃতীয়তঃ ফতহুল বারীর উপসংহারে। শেষের দুই জায়গার বর্ণনা মতে বুখারী শরীফের হাদীস সংখ্যা মুয়াল্লিকাত, মুতাবিআত ছাড়া ২৫১৩ টি। মুকাদ্দামা কিস্তালানীতে বর্ণিত আছে, বুখারীর হাদীস সংখ্যা ১২৬০০টি। যে সংখ্যাকে আল্লামা শাহ্ আনোয়ার কাশ্মিরী রহ. প্রাধান্য দেন। ২২২

সহীহ বুখারীতে সংকলিত হাদীসের সংখ্যা নিরূপণে উল্লিখিত মতপার্থক্যের কারণ এই যে, ইমাম বুখারী রহ. এই গ্রন্থ দীর্ঘ ষোল বছর কঠিন পরিশ্রম, ত্যাগ ও সাধনার বিনিময়ে সংকলন করেছেন। দীর্ঘ সময় ধরে গ্রন্থটি সংকলন হলেও পরবর্তিকালে এতে পরিবর্তন, পরিবর্ধন ও সংযোজনের কাজ অব্যাহত থাকে। ২২৩

মূলতঃ ইমাম বুখারী রহ. থেকে তাঁর হাদীস গ্রন্থ শ্রবণ করেছেন শত-সহস্র লোক। কিন্তু যাঁদের মাধ্যমে প্রচার ও প্রসার ঘটেছে তাঁরা প্রধানত চারজন। এক, ইবরাহীম ইবনে মাকাল ইবনে হাজ্জাজ আন-নাসাফী রহ.। দুই, হাম্মাদ ইবনে শাকের আন-নাসাফী রহ.। তিন, মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরী রহ.। চার, আবু তালহা মনসুর ইবনে মুহাম্মদ আল-বাযদাবী রহ.।

বুখারী শরীফের সর্বপ্রধান বর্ণনাকারী আল্লামা ফিরাবরী রহ. সরাসরি ইমাম বুখারী থেকে দু'বার শ্রবণ করেছেন। তাঁর নিকট সংরক্ষিত এ গ্রন্থের কপিতে হাম্মাদ ইবনে শাকের রহ. এর কপি থেকে ২০০টি হাদীস বেশি রয়েছে এবং ইবরাহীম ইবনে মাকাল রহ. এর সংরক্ষিত কপি থেকে ৩০০টি হাদীস বেশি রয়েছে। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সহীহ বুখারীতে ক্রমশ হাদীসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মোটকথা হল, মুসনাদ হাদীস হল-৭৩৯৭টি, তা'লীক সংখ্যা হল- ১৩৪১টি, মুতাবী সংখ্যা হল-৩৪৪টি।

টিকাঃ
২২২. ফযলুল বারী (১/৭১)
২২৩. হাদইউস সারী (৬৫৩ পৃষ্ঠা)

ফন্ট সাইজ
15px
17px