📄 ইমাম নাসায়ী
হাদীসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মূল স্তম্ভ সিয়াহ সিত্তার মধ্যে অন্যতম ইমাম নাসায়ী রহ. এর সুনানে নাসায়ী। ইমাম নাসায়ী রহ. এ প্রসিদ্ধ হাদীসগ্রন্থটি পৃথিবীর সকল দরসের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তিনি ২১৫ হিজরী সনে খুরাসানের উল্লেখযোগ্য নাসা ১৯৪ শহরে জন্মগ্রহণ করেন। নাম আহমদ, উপনাম আবু আবদুর রহমান, তিনি প্রসিদ্ধ লাভ করেন, ইমাম নাসায়ী হিসেবে। বংশ তালিকা হল, আহমদ ইবনে শুয়াইব ইবনে আলী ইবনে বাহার ইবনে সিনান ইবনে দীনার। প্রাথমিক শিক্ষা নিজ শহরের শেষ করেন। এরপর পনের বছর বয়সে তিনি ২৩০ হিজরী সনে মাতৃভূমি ছেড়ে ইমাম কুতাইবা রহ. এর নিকট গমন করেন। এরপর হিযায, শাম, মিসর ইত্যাদি শহরে ভ্রমণ করে যুগশ্রেষ্ঠ মুহাদ্দীসীনদের কাছ থেকে হাদীসের পাঠ গ্রহণ করেন। অতঃপর তিনি মিসরে স্থায়ী হাদীসের পাঠদানে আত্মনিয়োগ করেন। কথিত আছে, তিনি মিসর থেকেই প্রসিদ্ধ ও গ্রহণযোগ্যতা লাভ করেন। তিনি একজন সেকাহ রাবী ছিলেন। সবসময় তাঁর চেহারা ও মুখে আনন্দের ফুলঝুরি থাকতো। তিনি ৩০৩ হিজরী সনে মক্কায় ইন্তিকাল করেন।
টিকাঃ
১৯৪. নাসা বর্তমান তুর্কমেনিস্তানের শাসনাধীন।
📄 ইমাম ফিরাবরী
ইমাম ফিরাবরী রহ. প্রথম ব্যক্তি যিনি ইমামুল মুহাদ্দিসীন ইমাম বুখারী রহ. থেকে সহীহ বুখারী বর্ণনা করেছেন।
নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাতার ইবনে সালেহ ইবনে বাশার আল ফিরাবরী। ২৩১ হিজরী সনে তিনি জন্মগ্রহণ করেন। হাদীস শাস্ত্রে তাঁর পাণ্ডিত্য ছিল প্রসিদ্ধ। তাঁর কাছ থেকে বুখারী শোনার জন্য দূর-দূরান্ত থেকে ছাত্ররা এসে ভিড় জমাতেন। সহীহ বুখারীতে কতক জয়গায় কুলা আল ফিরাবরী (ফিরাবরী বলেছেন) উল্লেখ আছে। আর এ কথা যে বিষয়ে উল্লেখ আছে, এর দ্বারা উদ্দেশ্য হল, এ বিষয়ে ইমাম বুখারী রহ. ইমাম ফিরাবরী রহ. থেকে উপকৃত হয়েছেন। অথবা সহীহ বুখারীর এ অংশটি অন্য কোন মাধ্যমে ইমাম ফিরাবরী পেয়ে ছিলেন। যা তিনি ইমাম বুখারী রহ. থেকে শুনেননি। তিনি ৩৩০ হিজরী সনে ইন্তিকাল করেন।
📄 ইমাম দারেমী
দারেমী শব্দটি দারেম ইবনে মালেকের দিকে সম্পর্কিত। যিনি বনী তামীমের অন্তর্ভুক্ত ছিলেন। ইমাম দারেমী ইমাম বুখারী রহ. এর প্রিয় শিষ্যদের অন্যতম ছিলেন। তাঁর মৃত্যুতে ইমাম বুখারী রহ. এতোটাই কষ্ট পেয়েছিলেন যে, তাঁর মৃত্যু সংবাদ শুনে মাথা নিচু করে ফেলে ছিলেন এবং চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। তিনি এভাবে অনেকক্ষণ শোক পালন করলেন। এ ঘটনা থেকেই ইমাম দারেমীর প্রতি ইমাম বুখারী রহ.এর ভালবাসার বহিঃপ্রকাশ পায়।
ইমাম দারেমী রহ. ১৮১ হিজরী সনে জন্ম গ্রহণ করেন। তাঁর নাম আবদুল্লাহ, উপনাম আবু মুহাম্মদ। তাঁর বংশ তালিকা আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে ফযল ইবনে বাহরাম ইবনে আবদুস সামাদ আত তামীমী আত দারেমী।
উলুমে ইসলামীয়্যাহর বড় বড় প্রাণকেন্দ্রে তিনি ভ্রমণ করেন। বিশেষ করে হিযায, মিসর, খুরাসান, ইরাক উল্লেখযোগ্য। শিক্ষকদের তালিকায় ইমাম বুখারী রহ. ছাড়াও ইয়াযিদ ইবনে হারুন রহ., নযর ইবনে শামিল রহ. ছিলেন। তাঁর ছাত্রদের তালিকাও অনেক বড়। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আয যুহলী রহ., আবু দাউদ রহ., আবদুল্লাহ ইবনে আহমদ রহ. ছিলেন উল্লেখযোগ্য। সহীহ মুসলিম ও জামে তিরমিযিতেও ইমাম দারেমী রহ.এর রেওয়ায়েত উল্লেখ আছে। তিনি ২৫৫ হিজরী সনে ইহলৌকিক জগত ত্যাগ করেন।
📄 যাযরাতুল হাফেয
সালেহ ইবনে যাযারাহ ২০৫ হিজরী সনে জন্মগ্রহণ করেন। তিনি অনেক মেধাবী ও তীক্ষ্ণ স্মরণশক্তির অধিকারী ছিলেন। তিনি দরসের সময় কোন কিতাব সামনে রাখতেন না। তারপরও একটি শব্দ ভুল হতো না। তিনি ইয়াহইয়া ইবনে মুঈন রহ., ইমাম আহমদ ইবনে হাম্বল রহ., সাঈদ ইবনে সুলায়মান রহ. ও আবু নাসর তাম্মার রহ. এর মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দীসদের সহচার্যে হাদীস শ্রবণ করেন। তিনি ২৬৬ হিজরী সনে বুখারায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তৎকালীন বুখারার আমীর পাণ্ডিত্যের কারণে তাঁকে অনেক সম্মান করতেন ও ভালবাসতেন। ইমাম দারা কুতনী রহ. বলেন, তিনি সিকাহ রাবী ছিলেন।
তিনি খোশমেজাজী ছিলেন। ইমাম আয যুহলী তাঁর মুসতাকিল আলোচনা লিখেছেন। তিনি ইমাম বুখারী রহ.এর সমকালীন প্রসিদ্ধ মুহাদ্দীস হওয়া সত্ত্বেও ইমাম বুখারী রহ. এর দরসে উপস্থিত হয়ে হাদীস শ্রবণ করেছেন। তিনি ২৯৩ হিজরী সনে পরলৌকিক জগতে সফর করেন।