📄 বদান্যতা
ইমাম বুখারী রহ. সম্পদের দিক থেকে যতনা ধনী ছিলেন, তার চেয়ে আত্মীকভাবে বেশি ধনী ছিলেন। কখনো কখনো তিনি একসাথে তিনশত দিরহাম সদকা করে দিয়েছেন। ইবনে আবী হাতেম বর্ণনা করেন, ইমাম বুখারী রহ. এর মাসিক উপার্জন পাঁচশত দিরহাম ছিল। তিনি পুরোটাই তালিবে ইলমদের জন্য খরচ করে ফেলতেন।
📄 আত্মদান ও মানবতা
ইমাম বুখারী রহ. ব্যক্তি জীবন দরিদ্রতার মধ্যে কাটিয়ে দিতেন, কিন্তু তার বদান্যতা ছিল ঈর্ষাণীয়। আল্লামা মোল্লা আলী ইবনে সুলতান আল কারী রহ. বর্ণনা করেন, ইমাম বুখারী রহ. কয়েকদিন পর্যন্ত না খেয়ে অথবা একটি বাদাম খেয়ে কাটিয়ে দিতেন। কিন্তু নিজের পাঁচশত দিরহাম অনায়াসে তোলাবা, মুহাদ্দিসীন, ফকির ও মিসকিনদের জন্য খরচ করে ফেলতেন।
ইমাম বুখারী রহ. আত্মদান ও মানবতার এমন নযীর ছিলেন যে, আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আস সীয়ারুফী বলেন, একদা ইমাম বুখারী রহ. এর পাশে দিয়ে তার ভৃত্য যাচ্ছিল। অতঃপর দোয়াতের সাথে পা লেগে কালী চারিদিকে ছড়িয়ে গেল। ইমাম বুখারী রহ. তাকে বললেন, তুমি দেখে চলতে পারো না? উত্তরে ভৃত্য বললেন, চলাচলের রাস্তা থাকলে তো দেখে চলতে পারি। অর্থাৎ চারিদিকে কিতাব ছড়িয়ে থাকার দরুন রাস্তা না থাকায় তার চলাচলে অসুবিধে হচ্ছিল। ইমাম বুখারী রহ. ভৃত্যের জবাব শুনে বললেন, যাও আমি তোমাকে আযাদ করে দিলাম। কেউ একজন বললেন, হে আল্লাহর বান্দা! সে আপনার আত্ম মর্যাদায় আঘাত করেছে এবং আপনাকে নাখোশ করেছে আর আপনি তাকে আযাদ করে দিলেন? ইমাম বুখারী রহ. বললেন, فقد أرضيت نَفْسِي بِمَا فعلত আমি তাকে আযাদ করার মধ্যদিয়ে নিজে প্রশান্তি লাভ করেছি।
টিকাঃ
১০৩. মিরকাতুল মাফাতিহ (১/১৫)
১০৪. হাদইয়ুস সারী (৬৭২ পৃষ্ঠা)
📄 ইবাদত ও সাধনা
ইমাম বুখারী রহ. ইবাদাত করতে, রাত্রি জাগরণ করতে এবং বেশি বেশি নফল নামায আদায় করতে এবং নফল রোজা পালন করতে ভাল বাসতেন। রমযান মাসে তিনি প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন এবং প্রতিদিনই অর্ধরাত্রে উঠে দশপারা করে কোরআন তেলাওয়াত করতেন। সেই সাথে তারাবীহের নামাজেও এক খতম কোরআন তেলাওয়াত করতেন।
আবু বকর ইবনে মুনীর রহ. বর্ণনা করেন, একদা মুহাম্মদ ইবনে ইসমাঈল নামায আদায় করছিলেন। অতঃপর নামায শেষ করে নিজের জামা উঠিয়ে শাগীরদকে বললেন, আমার জামার নীচে কী আছে দেখ? অতঃপর শাগীরদ দেখলেন, তার জামার নিচে একটি ভিমরুল জায়গায় জায়গায় ক্ষত সৃষ্টি করেছে। ইবনে মুনীর রহ. ইমাম বুখারী রহ. কে জিজ্ঞেস করলেন, আপনাকে যখন প্রথমবার ভিমরুল দংশন করল, তখন কেন আপনি নামায ছেড়ে দিলেন না? ইমাম বুখারী রহ. জবাবে বললেন, আমি কোরআনের যে আয়াতে কারীমা তিলাওয়াত করছিলাম, তাতে এতোটাই স্বাদ ও উদ্দীপনা অনুভব করছিলাম যে, অন্য কোন কষ্ট অনুভব করা সম্ভবই ছিল না।
ইমাম বুখারী রহ. যখন নামায আদায় করতেন, তখন তিনি নামাজে এভাবে মনোনিবেশ করতেন যে, তিনি দুনিয়ার সকল বিষয় থেকে গাফেল থাকতেন। সুতরাং ইবাদতের প্রতি তার খুশু-খুজু, তন্ময়তা ও নিবিষ্টচিত্তা অনুমান করা আমাদের সাধারণের জন্য অসম্ভব।
টিকাঃ
১০৫. তারীখে বাগদাদ (২/১২)
📄 ইবাদতের প্রতি উদ্দীপনা
ইমাম বুখারী রহ. সমন্ধে যতো বেশিই প্রশংসা করি না কেন, তা বেশি করা হবে এমন না। তিনি তো প্রত্যেক কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণরূপে অনুসরণ করতেন। এছাড়াও তিনি সর্বদায় শেষ রাতে তের রাকাত নামায আদায় করতেন। আর রমযান মাসে তা আরো গুরুত্বসহ বেশি বেশি আদায় করতেন।
ইবনে হাজার আসকালানী রহ. ইমাম বুখারী রহ. সম্পর্কে বলেন, كَانَ مُحَمَّد بن إِسْمَاعِيلَ البُخَارِيّ إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ يَجْتَمع إِلَيْهِ أَصْحَابه فيصلى بهم وَيقْرَأ في كل رَكْعَة عشرين آيَةٍ وَكَذَلِكَ إِلَى أَن يختম الْقُرْآن وَكَانَ يقْرَأ في السحر ما بين النّصف إِلَى الثلث من الْقُرْآن فيختم عند السحر في كل ثلاث ليال وَكَانَ يختم بِالنَّهَارِ فِي كل يوم ختمة ويكون ختمه عِنْد الْإِفْطَار كل لَيْلَة وَيَقُول عِند كل ختمة دَعْوَة مستجابة
ইমাম বুখারী রহ. এর সাধারণ নিয়ম ছিল যে, যখন রমযানের প্রথম রাত্রি আসতো, তখন তাঁর দরবারে যারা সমবেত হতেন, তাদেরকে সাথে নিয়ে তিনি প্রতি রাকাআতে বিশটি করে আয়াত পাঠের মধ্যদিয়ে নামায আদায় করতেন। এভাবে তিনি পুরো রমযানে কোরআন খতম করতেন। সেই সাথে সাহরীর সময়ও অর্ধেক অথবা এক তৃতীয়াংশের মাঝামাঝি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন। এভাবে তিনি সাহরীর সময়ে তিন রাতে কোরআন খতম করতেন। এছাড়াও তিনি পুরো দিন কোরআন তেলাওয়াত করতেন এবং প্রতিদিন একবার খতম করতেন এবং বলতেন, প্রত্যেক খতমে দোয়া কবুল হয়।
ইবনে হাজার আসকালানী রহ. বর্ণনা থেকে দুটি বিষয় সামনে আসে। প্রথমতঃ ইমাম বুখারী রহ. রমযানুল মোবারকে তারাবীহের নামায ছাড়াও তাহাজ্জুদের নামায পড়তেন। এর দ্বারা প্রমাণ হয় যে, ইমাম বুখারী রহ. এর নিকট তারাবীহ ও তাহাজ্জুদের মধ্যে পার্থক্য আছে। দু'টি এক নামায নয়; বরং আলাদা নামায। কিন্তু গায়রে মুকাল্লিদ তথা আহলে হাদীস হযরতরা ইমাম বুখারী রহ. এর এই আমল বিরোধী। এ বিষয়ে তাদের উগ্র হঠকারি মতামত এই যে, তারাবীহ ও তাহাজ্জুদ আলাদা আলাদা নামায় নয়; বরং একই নামায। যেমন- গায়রে মুকাল্লিদদের শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ ইসমাঈল সালাফী লিখেন, কিছু লোক তারাবীহ ও তাহাজ্জুদ আলাদা আলাদা নামায মনে করেন, তবে এটি সঠিক নয়। কেননা এ সমন্ধে কোন দলীলই হাদীসের মধ্যে পাওয়া যায় না। আল্লামা ওহীদুজ্জামান সাহেব লিখেন, শুদ্ধ মতামত তো এটিই যে, তারাবীহ, তাহাজ্জুদ, সালাতুল লাইল একই নামায। হাকীম সাদেক শিয়ালকুঠি সাহেব লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের তারাবীহের নামায বিতিরসহ পড়িয়েছেন এবং এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনোই তাহাজ্জুদ পড়েননি ও বিতিরও পড়েননি। এতে প্রতীয়মান হয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রমযান মাসের কিয়ামুল লাইল (তাহাজ্জুত), কিয়ামু রামাযান (তারাবীহ) দ্বারা পরিবর্তন হয়েছে। অর্থৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তাহাজ্জুদ এবং বিতির গায়রে রমযানে (রমযান ছাড়া অন্য মাসে) ঘুম থেকে উঠে শেষ রাতে পড়তেন, রমযান মাসে তিনি সেই তাহাজ্জুদ ও বিতির তারাবীহ নামে ঘুমের পূর্বে এশার নামাযের পর পড়ে নিতেন। প্রায় সমস্ত গায়রে মুকাল্লিদীনদের মতামত ও রায় এমনই, যা ইমাম বুখারী রহ. এর মতামত, রায় ও আমলের সম্পূর্ণ বিরোধী।
দ্বিতীয়তঃ ইমাম বুখারী রহ. রমযান মাসে দিনের বেলায় পুরো কোরআন খতম করতেন। এর দ্বারা প্রমাণিত হয়, ইমাম বুখারী রহ. এর নিকট তিনদিনের কম সময়ে কোরআন খতম করা যায়েজ আছে। যেমন তিনি সহীহ বুখারীতে ২/৭৫৫ একটি বাব কায়েম করে এর প্রমাণ দিয়েছেন। অথচ গায়রে মুকাল্লিদ উলামারা এর কঠোর বিরোধী। তাদের মত হল, তিন দিনের কম সময়ে কোরআন খতম করা মাকরুহ ও খেলাফে আদব। যেমন- আল্লামা অহীদুজ্জামান লিখেন, ভাল উপায় হল, কোরআনের তরজমা বুঝে বুঝে চল্লিশ দিনে অথবা সাতদিনে অথবা তিনদিনে খতম করবে। এর থেকে কম সময়ে কোরআন খতম করা আমাদের আহলে হাদীস মাকরুহ বলেছেন। সেই সাথে আদব ও সম্মানের বিরোধীও হয়। তিনি অন্যত্রে লিখেন, তিন দিনের কম সময়ে কোরআন খতম করা মাকরুহ।
ইতিহাস থেকে জানা যায়, ইমাম আবু হানীফা রহ. পুরো বছর তাহাজ্জুদের নামাযে প্রতিদিনই এক খতম কোরআন তেলাওয়াত করতেন। এ বিষয়ের উপর গায়রে মুকাল্লিদীন বিদ্রুপ করে বলেন, এটি হাদীস বিরোধী। কিন্তু ইমাম বুখারী রহ. এর বেলায় তারা কিছুই বলেন না। যদিও ইমাম আবু হানিফা রাহ. ও ইমাম বুখারী রহ.এর রায় ও আমল একই, তবে তাদের পার্থক্য করার কারণ কী? এই প্রশ্নটিই পাঠক মহলের কাছে রাখলাম।
টিকাঃ
১০৬. আল বিদায়া ওয়ান নিহায়া (১১/২৬)
১০৭. (১) ইমাম বুখারী রহ. প্রতি রাকাআতে বিশটি করে আয়াত পড়তেন। (২) আর এভাবে তিনি পবিত্র কোরআন খতম করতেন। এবার এই বর্ণনা অনুযায়ী হিসাব করা যাক। মাস যদি ৩০ দিনে হয়, আর তিনি যদি ৮ রাকাআত পড়েন তাহলে হিসাব দাঁড়ায়, তিনি প্রতিদিন পড়েন, (৮x ২০)=১৬০ আয়াত। ৩০দিনে পড়েন (৩০x১৬০)=৪৮০০ আয়াত। আমরা জানি পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬৬৬৬টি। তাহলে ৮ রাকাআত করে তারাবীহ পড়লে ৪৮০০টি আয়াত পড়া সম্ভব। বাকি ১৮৬৬টি আয়াত পাঠ না করে তিনি কিভাবে পবিত্র কোরআন খতম করতেন? অথচ ৮ রাকাআত তারাবীহ পড়ে কস্মিনকালেও পবিত্র কোরআন খতম করা সম্ভব নয়। সুতরাং এর দ্বারা প্রমাণ হয়, ইমাম বুখারী রহ. স্বয়ং নিজেও ৮ রাকাআত তারাবীহ পড়েননি। এছাড়াও ইমাম বুখারী রহ. স্বীয় গ্রন্থ তারিখুল কাবীর এর ৯/২৩৪ নম্বর হাদীসে তারাবীহ এর বিশ রাকাআতের পক্ষে দলিল পেশ করেছেন। তিনি বর্ণনা করেন, أبو الخضيب قَالَ يحيى بن مُوسَى قَالَ نا جَعْفَر بن عون سَمِعَ أبا الخضيب الجعفي كان سويد بن غفلة يؤمنا في رمضان عشرين ركعة. হযরত আবু খুদাইব রহ. হতে বর্ণিত তিনি বলেন, হযরত সুয়াইদ রা. সব সময় ২০ রাকাআত তারাবীহ নামাজ পড়তেন। -তারীখুল কাবীর (৯/২৮) কিতাবুল কুনা, হাদীস (২৩৪)
১০৮. হাদইয়ুস সারী (৪৮১ পৃষ্ঠা)
১০৯. ইবনে হাজার আসকালানী রহ. বর্ণনা থেকে দুটি বিষয় সামনে আসে। প্রথমতঃ ইমাম বুখারী রহ. রমযানুল মোবারকে তারাবীহের নামায ছাড়াও তাহাজ্জুদের নামায পড়তেন। এর দ্বারা প্রমাণ হয় যে, ইমাম বুখারী রহ. এর নিকট তারাবীহ ও তাহাজ্জুদের মধ্যে পার্থক্য আছে। দু'টি এক নামায নয়; বরং আলাদা নামায। বুখারী শরীফে বর্ণিত আছে, আবু সালামা ইবনে আবদুর রহমান থেকে বর্ণিত। তিনি হযরত আয়েশা রা. কে জিজ্ঞাস করলেন, রমযান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামায কেমন ছিল? হযরত আয়েশা রাঃ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযান মাসে ও অন্যান্য মাসে রাতে এগারো রাকাআতের অধিক সালাত আদায় করতেন না। প্রথমে চার রাকাআত পড়তেন। এ চার রাকাআতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস কর না। অতঃপর আরো চার রাকাআত পড়তেন। এ চার রাকাআতের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস কর না। অতঃপর তিন রাকাআত আদায় করতেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি বিতির সালাত আদায়ের পূর্বে ঘুমিয়ে পড়েন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। -সহীহ বুখারী (৩৫৬৯)। গাইরে মুকাল্লিদ হযরতরা এ হাদীসটি দ্বারা তারাবীহ আট রাকাত হওয়ার শক্তিশালী দলিল পেশ করেন। কিন্তু আসলে এ হাদীসটি তাহাজ্জুদ সম্পর্কে, তারাবীহ সম্পর্কে নয়।...
১১০. রাসূল সাঃ কী নামায (৯৮ পৃষ্ঠা)
১১১. তাইসীরুল বারী (২/৭৭)
১১২. সালাতুর রাসূল (৩৮০ পৃষ্ঠা)
১১৩. তাইসীরুল বারী (৩/১৩১)
১১৪. তাইসীরুল বারী (৬/৫৩৫)