📘 ইমাম আজমের আকিদা > 📄 বিদআত থেকে রাসূলুল্লাহর (সা.) সতর্কবার্তা

📄 বিদআত থেকে রাসূলুল্লাহর (সা.) সতর্কবার্তা


উলামায়ে কেরামপ্রদত্ত বিদআতের বিভিন্ন সংজ্ঞার্থের মূল ভিত্তি হলো রাসুলুল্লাহ (ﷺ)-এর কিছু হাদিস। যেমন—আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, 'যে ব্যক্তি আমাদের দ্বীনের মাঝে এমন কোনো নতুন বিষয় যোগ করল যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত হবে।'¹⁷¹⁰ এই নবসৃষ্ট প্রত্যাখ্যাত বিষয়টিই বিদআত।

অন্য হাদিসে রাসুলুল্লাহ (ﷺ) বলেন, 'মনে রেখো, সর্বোত্তম কথা হলো আল্লাহর কালাম (কুরআন)। আর সর্বোত্তম হেদায়াত হচ্ছে রাসুলুল্লাহর হেদায়াত (সুন্নাত)। আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে দ্বীনের মাঝে নবসৃষ্ট বিষয়গুলো। প্রত্যেক নবসৃষ্ট বিষয় বিদআত। প্রত্যেক বিদআত গোমরাহি। আর প্রত্যেক গোমরাহির পরিণতি হলো জাহান্নাম।'¹⁷¹¹

ইরবাজ ইবনে সারিয়াহ থেকে বর্ণিত, 'একদিন রাসুলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে নামায পড়লেন। নামাযশেষে আমাদের দিকে ফিরে গুরুগম্ভীর ওয়াজ করলেন। ... রাসুলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাদের তাকওয়া ও আনুগত্যের ওসিয়ত করছি, একজন হাবশি দাসকেও (তোমাদের শাসক বানানো হলে তার আনুগত্য করবেন)। কেননা, আমার পরে তোমাদের যারা বেঁচে থাকবে, প্রচণ্ড মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশেদিনের সুন্নাত আঁকড়ে ধরবে। সেগুলো তোমরা মজবুতভাবে ধরে রাখবে। দাঁত কামড়ে পড়ে থাকবে। সাবধান! (দ্বীনের মাঝে) নবসৃষ্ট বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ, (দ্বীনের ক্ষেত্রে) প্রত্যেক নবসৃষ্ট বিষয় বিদআত। আর প্রত্যেক বিদআত ভ্রষ্টতা।'¹⁷¹²

আলি রাযি. রাসুলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন, 'যে ব্যক্তি দ্বীনের মাঝে নতুন কিছু সৃষ্টি করবে, অথবা নতুন কিছু সৃষ্টিকারীকে আশ্রয় দেবে (অর্থাৎ, বিদআত শুরু করবে কিংবা বিদআতিকে আশ্রয় দেবে), তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সকল মানুষের অভিসম্পাত!'¹⁷¹³

আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেন, 'সর্বোত্তম হেদায়াত হলো আল্লাহর রাসুল মুহাম্মাদ (ﷺ)-এর হেদায়াত। সর্বোত্তম কথা হলো আল্লাহর কথা। অতি শীঘ্রই তোমরা দ্বীনে নতুন বিষয় সৃষ্টি করবে। তোমাদের জন্য নতুন বিষয় সৃষ্টি করা হবে। মনে রেখো, প্রত্যেক নতুন সৃষ্টি (বিদআত) গোমরাহি। আর প্রত্যেক গোমরাহির পরিণতি জাহান্নাম।'¹⁷¹⁴ অন্য বর্ণনায় এসেছে, 'সুতরাং যখন তোমাদের মাঝে কোনো বিদআত সৃষ্টি করা হবে, তখন তোমরা সেটা বর্জন করে প্রথম যুগের হেদায়াত আঁকড়ে ধরবে। আহলে কিতাব (তথা ইহুদি ও খ্রিষ্টানরা) মূলত এ কারণেই ধ্বংস হয়েছে। ... অবস্থা এমন হয়ে গিয়েছে যে, আল্লাহর কিতাব সম্পর্কে আজ তারা কিছুই জানে না।'¹⁷¹৫

এ কথা স্পষ্ট যে, উম্মতে মুহাম্মাদি বিদআত আঁকড়ে ধরলেও অভিন্ন পরিণতি তৈরি হবে। উম্মত সুন্নাত বাদ দিয়ে বিদআতের মাঝে ডুবে যাবে। দুঃখজনকভাবে উম্মতের বিভিন্ন অংশে এমন হৃদয়বিদারক বাস্তবতা তৈরি হয়েছেও।

টিকাঃ
১৭১০. বুখারি (কিতাবুস সুলহ: ২৬৯৭)। মুসলিম (কিতাবুল আকযিয়াহ: ১৭১৮)।
১৭১১. মুসলিম (কিতাবুল জুমুআহ : ৮৬৭)।
১৭১২. আবু দাউদ (কিতাবুস সুন্নাহ: ৪৬০৭)। দারেমি (মুকাদ্দিমা: ৯৬)। ইবনে হিব্বান (মুকাদ্দিমা : ৫)।
১৭১৩. বুখারি (ফাযায়িলুল মদিনা: ১৮৭০)। মুসলিম (কিতাবুল হজ: ১৩৭১)।
১৭১৪. শরহু উসুলি ইতিকাদি আহলিস সুন্নাহ, লালাকায়ি (১/৮৬)।
১৭১৫. আল-ইতিকাদ, নিশাপুরি (১৮৬)।

📘 ইমাম আজমের আকিদা > 📄 বিদআতের বিরুদ্ধে ইমাম

📄 বিদআতের বিরুদ্ধে ইমাম


ইমাম আজম রহ. বিদআত থেকে শক্তভাবে সতর্ক করেছেন। তিনি নিজস্ব সূত্রে এ বিষয়ে রাসুলুল্লাহ (ﷺ)-এর একাধিক হাদিস বর্ণনা করেছেন। তিনি (হাম্মাদ → ইবরাহিম → আলকামা → ইবনে মাসউদ সূত্রে) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, 'যে ব্যক্তি ইসলামে নতুন কিছুর উদ্ভাবন করবে, সে ধ্বংস হয়ে যাবে। আর যে কোনো বিদআতের সূচনা করবে, সে গোমরাহ হয়ে যাবে। আর গোমরাহের পরিণতি হলো জাহান্নাম।'¹⁷¹⁶

ইমাম আজম হাম্মাদ থেকে বর্ণনা করেন, ইবনে মাসউদ রাযি. বলতেন, 'সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে (দ্বীনের মাঝে) নব আবিষ্কৃত বিষয়। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত। প্রত্যেক বিদআত গোমরাহি। প্রত্যেক গোমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম।'¹⁷¹⁷

ইমাম আরও বলেন, 'তোমরা যেসব বস্তু শিখছ এবং মানুষকে শেখাচ্ছ, তন্মধ্যে সবচেয়ে উত্তম (ইলম) হলো সুন্নাহ। মানুষের আবিষ্কৃত বিদআতের মাঝে হেদায়াত নেই। হেদায়াত তো কেবল কুরআন, রাসুলুল্লাহর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের পথে। এ ছাড়া সবই দ্বীনের ক্ষেত্রে সংযোজন। বিদআত।¹⁷¹⁸ ইমাম আরও বলেন, 'সুন্নাতকে আঁকড়ে ধরো। সালাফের অনুসরণ করো। প্রত্যেক নবসৃষ্ট বিষয় থেকে বেঁচে থাকো। কারণ, সেগুলো বিদআত।'¹⁷¹৯

ইমাম আজম মাইমুন ইবনে মিহরান থেকে ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেন, একব্যক্তি রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমাকে আপনি শিক্ষা দিন। তিনি বললেন, 'যাও, কুরআন শেখো।' তাঁকে তিনি তিনবার এ কথা বললেন। অতঃপর চতুর্থবার বললেন, 'বন্ধু হোক কিংবা শত্রু হোক, সত্য যার কাছেই পাও, গ্রহণ করে নাও। কুরআন শেখো। কুরআনের পথে চলো।'¹⁷²⁰

টিকাঃ
১৭১৬. আল-উসুলুল মুনিফাহ (৯)।
১৭১৭. আল-ফিকহুল আবসাত (৫২-৫৩)।
১৭১৮. আর-রিসালাহ (৩৫)।
১৭১৯. যাম্মুল কালাম ওয়া আহলিহি (৫/২০৭)।
১৭২০. আল-ফিকহুল আবসাত (৫২-৫৩)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00