📄 হায়াতুল আম্বিয়া (নবিদের কবরের জীবন)
বাহ্যিক চোখে মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। ইসলাম আমাদের চোখের দেখার বাইরে ও ঊর্ধ্বেও অনেক বিষয় জানিয়েছে যা খোলা চোখে কিংবা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়। বরং তা দেখার জন্য কুরআন-সুন্নাহর দিকে তাকানো জরুরি, ওহির চোখে দেখা জরুরি। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে শহিদদের সম্পর্কে বলেছেন, ﴿وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُরজَقُونَ﴾ অর্থ : ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত ভেবো না। বরং তারা তাদের রবের কাছে জীবিত, রিযিকপ্রাপ্ত।’ [আলে ইমরান : ১৬৯] অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে, দুনিয়াবাসীকে খালি চোখে তাদের মৃত্যুবরণ করতে দেখলেও আসলে তারা অমর। তারা মৃত্যুঞ্জয়ী। ফলে যখন তাদের কবরে রাখা হয় কিংবা তাদের রুহ আল্লাহর নির্দেশে যেখানে নিয়ে যাওয়া হয়, সেখানে তারা জীবিত হয়ে আল্লাহর নেয়ামত উপভোগের সৌভাগ্য লাভ করেন। পার্থক্য এটুকু যে, আমরা মানুষ সেটা দেখতে পাই না, অনুভব করি না। আল্লাহ তায়ালা বলেন, ﴿وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ﴾ অর্থ : ‘আল্লাহর পথে যাদের প্রাণ যায়, তাদের তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না।’ [বাকারা : ১৫৪]
ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেন, যখন তোমাদের ভাইয়েরা উহুদের যুদ্ধে শহিদ হলো, তখন আল্লাহ তায়ালা তাদের রুহগুলো সবুজ পাখির পেটে প্রবেশ করিয়ে দিলেন। তারা জান্নাতের নদীগুলো থেকে পানি পান করছে। জান্নাতের ফল খাচ্ছে। আরশের ছায়ায় ঝুলন্ত প্রদীপের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। এভাবে যখন তারা জান্নাতের সুস্বাদু খাদ্য, পানীয় ও অবসর-বিনোদনের স্বাদ পেল, তখন বলে উঠল, আমরা যে জান্নাতে জীবিত আছি এবং পানাহার করছি এসব কথা কে আমাদের ভাইদের দুনিয়াতে পৌঁছিয়ে দেবে, যাতে তারা আমাদের কথা শুনে জিহাদে অমনোযোগী না হয় এবং যুদ্ধে ভীরুতা প্রদর্শন না করে? তখন আল্লাহ তায়ালা বললেন, আমিই তাদের তোমাদের অবস্থার কথা পৌঁছিয়ে দেবো। নবিজি (ﷺ) বলেন, তখন আল্লাহ তায়ালা এ আয়াত নাযিল করেন, ﴿وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُواْ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ ﴾ অর্থ : ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা মৃত ভেবো না। বরং তারা তাদের রবের কাছে জীবিত, রিযিকপ্রাপ্ত।’ [আলে ইমরান : ১৬৯]৯৫১
এই যদি হয় উম্মাহর সাধারণ একজন সদস্যের ফযিলত, তবে নবি ও রাসুলের মর্যাদা কত বেশি সেটা সহজেই বোধগম্য হওয়ার কথা। উক্ত শহিদের ঈমান, আমল, জিহাদ, শাহাদাত সবকিছুর পিছনে তাঁর নবির অবদান রয়েছে। নবির হাতে সে মুসলমান হয়েছে, নবির উপর অবতীর্ণ কিতাবে সে ঈমান এনেছে, নবির কথার উপর ভরসা করে সে জিহাদের ময়দানে জীবন বিলিয়ে দিয়েছে, ফলে এসব পুণ্যে নবির পূর্ণ অংশ থাকবে। নবির মর্যাদা হবে তাঁর চেয়ে অনেক বেশি। সুতরাং শহিদ যদি মৃত্যুর পরে পাখি হয়ে ঘোরাফেরা করে, জান্নাতের খাদ্য ও পানাহার উপভোগ করে, তবে নবি-রাসুলরা যে এগুলো পাওয়ার এবং এরচেয়ে শতগুণ বেশি পাওয়ার উপযুক্ত, সেটা তো সুস্পষ্ট ও সুপ্রমাণিত বিষয়।
এটা কেবল গবেষণালব্ধ মতামত নয়; কুরআন-সুন্নাহর অনেক বক্তব্য দ্বারাও প্রমাণিত। রাসুলুল্লাহ (ﷺ) একটি হাদিসে বলেছেন, ‘নবিগণ তাদের কবরে জীবিত। তারা নামায আদায় করেন।’৯৫২ মিরাজের রাতে রাসুলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে বোরাকের পিঠে করে বাইতুল মাকদিস যাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে তাঁর কবরে নামায আদায় করতে দেখেছেন।৯৫৩ অন্য বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘আমি একদল নবিকে দেখতে পাই। মুসা আলাইহিস সালামকে নামায পড়তে দেখতে পাই। তিনি কোঁকড়াকেশী শানুআ গোত্রের লোকদের মতো ছিলেন। আমি ঈসা আলাইহিস সালামকে নামাযরত দেখতে পাই। তাকে দেখতে হুবহু উরওয়া ইবনে মাসউদের মতো লাগছিল। আমি ইবরাহিম আলাইহিস সালামকে নামাযরত দেখতে পাই। তাকে আমার মতো লাগছিল।’৯৫৪ বরং রাসুলুল্লাহ (ﷺ) যখন ঊর্ধ্বজগতে গেলেন, সেখানে বিভিন্ন আকাশে নামাযরত এসব নবি এবং তারা ছাড়াও বিভিন্ন নবিকে দেখতে পান। মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ঈসা, তৃতীয় আকাশে ইউসুফ, চতুর্থ আকাশে ইদরিস, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা এবং সপ্তম আকাশে ইবরাহিম আলাইহিস সালামের সঙ্গে তিনি মুলাকাত করেন। অর্থাৎ, প্রথমে মুসা আলাইহিস সালামকে কবরে নামায পড়তে দেখেন, আবার ষষ্ঠ আকাশেও তাঁর সঙ্গে মুলাকাত করেন। বরং তাঁর অনুরোধেই আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের দৈনন্দিন ফরয নামায পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্তে নামিয়ে আনেন।৯৫৫
এসব অদৃশ্য জগতের কথা। ফলে এগুলোকে কাল্পনিক ঘটনা ভাবা যাবে না। আবার এগুলোর ব্যাপারে মনগড়া ব্যাখ্যাও দেওয়া যাবে না। বরং একজন সাচ্চা মুমিন হিসেবে আল্লাহ ও আল্লাহর রাসুল (ﷺ) থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সবকিছু বিনা বাক্যে গ্রহণ করে নিতে হবে। এখানেই একজন বিশ্বাসী ও অবিশ্বাসীর পার্থক্য। বিভিন্ন কুযুক্তির কারণে অতীত ও সমকালীন অনেক পণ্ডিত দাবিদার লোকজন মিরাজকে অস্বীকার করেছে। এগুলো কুরআন-সুন্নাহ থেকে বিমুখতা ও বিবেক-বুদ্ধির উপর নির্ভরতার ক্ষেত্রে সীমালঙ্ঘনের কুফল। আল্লাহ আমাদের হেফাজত করুন。
মোটকথা, মত্যুই শেষ নয়। বরং মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্বের মাঝে প্রবেশ করে। নবিদের ক্ষেত্রে বিষয়টা আরও বিস্তৃত ও ব্যাপক। ফলে নবিগণ মৃত্যুর পরও জীবিত। ভূপৃষ্ঠের জীবনের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্য না রাখলেও তাদের জীবন অত্যন্ত পরিপূর্ণ ও সমৃদ্ধ সেটা বোঝা যায়। একটি হাদিসে এসেছে, রাসুল (ﷺ) বলেন, ‘তোমরা আমার উপর সালাম পাঠ করো। কেননা, তোমরা যেখানেই থাকো, তোমাদের সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়।’৯৫৬ স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, আমাদের এবং আমাদের পিতার নাম-পরিচয়সহ রাসুলুল্লাহর কাছে সালাম পৌঁছে দেওয়া হয় এবং তিনি আমাদের উপর সন্তুষ্ট হন আর দোয়া করেন। পরকালে হয়তো এ ভিত্তিতে শাফায়াতও করবেন। নতুবা সালাম পৌঁছে দেওয়ার বিশেষ কোনো অর্থ থাকে না। বরং আরেক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি আমার উপর দূর থেকে সালাম পাঠ করে, সেটা আমাকে পৌঁছে দেওয়া হয়। আর যে ব্যক্তি আমার উপর আমার কবরের কাছে এসে সালাম দেয়, আমি সেটা শুনতে পাই।’৯৫৭ ফলে কবরের ভিতর থেকে রাসুলুল্লাহ (ﷺ) আমাদের আওয়াজ শোনেন এবং কে সালাম দিলো সেটাও জানেন। বরং আবু দাউদে আবু হুরাইরা রাযি.-এর হাদিসে আরও স্পষ্টভাবে এসেছে। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘যখন কোনো মুসলিম আমাকে সালাম দেয়, আল্লাহ আমার রুহ ফিরিয়ে দেন, আমি তাঁর সালামের জবাব দিই।’৯৫৮
আরও একটি হাদিসে রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘তোমাদের সর্বোত্তম দিন হলো জুমার দিন। এ দিন আদমকে সৃষ্টি করা হয়েছে এবং এ দিন তিনি মৃত্যুবরণ করেছেন। এ দিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে। এ দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং এ দিন তোমরা আমার উপর বেশি বেশি সালাম পাঠ করো। কেননা, তোমাদের দরুদ-সালাম আমার কাছে পেশ করা হয়। সাহাবাগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ, কীভাবে পেশ করা হয়, অথচ আপনার তখন মাটিতে মিশে যাওয়ার কথা? রাসুলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তায়ালা মাটির উপর নবিদের দেহভক্ষণ হারাম করে দিয়েছেন। ’৯৫৯ বাযযারের বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যুও তোমাদের জন্য কল্যাণকর। আমার জীবন কল্যাণকর এভাবে যে, আমি তোমাদের সঙ্গে কথা বলি, তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো। আর মৃত্যু কল্যাণকর এভাবে যে, আমার কাছে তোমাদের আমল পেশ করা হয়। তাতে ভালো কিছু দেখলে আল্লাহর প্রশংসা করি, মন্দ দেখলে তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করি।’৯৬০
এসব হাদিস দ্বারা প্রমাণিত হয়, নবিদের কবরের জীবন, যাকে ‘বারযাখি জীবন’ বলা হয়, সাধারণ মানুষের বারযাখি জীবনের তুলনায় অনেক বেশি পরিপূর্ণ, বিস্তৃত ও মাহাত্ম্যপূর্ণ। ফলে রাসুলুল্লাহ (ﷺ)-এর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা জরুরি। রাসুলুল্লাহ (ﷺ)-কে মহব্বত করা, তাঁর অনুসরণ করা জরুরি, যাতে প্রত্যেক শুক্রবার যখন তাঁর কাছে আমাদের সালাম পেশ করা হয়, তিনি আমাদের উপর সন্তুষ্ট হন, দোয়া করেন। পরকালে এগুলো আমাদের জন্য তাঁর শাফায়াত প্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায়。
সতর্কতা : কিন্তু এসব হাদিস থেকে ভুল ব্যাখ্যা গ্রহণের সুযোগ নেই। নবি-রাসুলগণ কবরে জীবিত, রাসুলুল্লাহ (ﷺ)-এর কাছে আমাদের আমলনামা পেশ করা হয়, সালাম পেশ করা হয়, কবরের কাছে গিয়ে সালাম দিলে তিনি সালাম শুনতে পান, তাই তাঁর কবরের জীবনকে হুবহু দুনিয়ার জীবনের মতো মনে করা, তাঁর কবরের কাছে গিয়ে দরুদ-সালামের পরিবর্তে সন্তান-সম্পদ ও সুখ-সৌভাগ্য প্রার্থনা করা কিংবা পরকালে জান্নাত চাওয়ার কোনো বৈধতা নেই। কারণ, এখানে হাদিসে যেসব বিষয় বলা হয়েছে, সেগুলো স্বাভাবিক জীবন ও যুক্তিভিত্তিক বাস্তবতা নয়। বরং এগুলো যুক্তির ঊর্ধ্বে এক অদৃশ্য জগতের কথা, যার বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা নেই। ফলে কুরআন-সুন্নাহতে যতটুকু এসেছে, ততটুকুতে সীমাবদ্ধ থাকতে হবে। সীমালঙ্ঘন করা যাবে না।
দুঃখজনকভাবে একদল লোক সীমালঙ্ঘন করেছে। তারা কবরে থাকা রাসুলুল্লাহ (ﷺ)-কে ‘আলিমুল গায়েব’ তথা যাবতীয় অদৃশ্য জ্ঞানের অধিকারী বানিয়ে দিয়েছে। তিনি আমাদের সকল আমল সম্পর্কে জানেন, আমাদের সার্বিক অবস্থা সম্পর্কে খবর রাখেন—মনে করেছে। অথচ দুনিয়ার জীবনেও তিনি এমন ক্ষমতার অধিকারী ছিলেন না। বরং আল্লাহর অনুমতি ছাড়া কয়েক কদম দূরের বস্তু সম্পর্কেও তিনি জানতে পারতেন না। ‘যাতুর রিকা’ যুদ্ধে আয়েশা রাযি.-এর গলার হার হারিয়ে যায়। রাসুলুল্লাহ (ﷺ) অত্যন্ত পেরেশান হন। সকল মুসলমানের যাত্রা বিলম্বিত হয়। পানির অভাবে তাদের তায়াম্মুম করে নামায পড়তে হয়। শেষ পর্যন্ত এক সাহাবি হারটি খুঁজে পান! অথচ রাসুলুল্লাহ(ﷺ) খুঁজে পাননি।৯৬১ ‘ইফকে’র ঘটনায় স্ত্রী আয়েশা রাযি.-এর নামে অপবাদ দেওয়া হয়। দীর্ঘ এক মাসের অধিক সময় রাসুলুল্লাহ (ﷺ) তাঁর ব্যাপারে ওহির অপেক্ষা করেন। এ দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত থাকেন। অবশেষে আল্লাহ তায়ালা আম্মাজান আয়েশার পবিত্রতা ও নির্মলতার সাক্ষ্য দিয়ে আয়াত নাযিল করেন। রাসুলুল্লাহ (ﷺ) সন্তুষ্ট হন। অথচ ওহি আসার আগ পর্যন্ত তিনি সত্যতা জানতে পারেননি।৯৬২ বিরে মাউনার ঘটনায় তিনি সত্তরজন সাহাবিকে ইসলাম প্রচারের জন্য পাঠান। তাদের জঘন্যভাবে হত্যা করা হয়। রাসুলুল্লাহ (ﷺ) এতটাই মর্মাহত হন যে, তিনি তাদের বিরুদ্ধে দীর্ঘ ত্রিশ দিন নামাযে বদদোয়া করেন।৯৬৩ এটা ছিল একটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড। তিনি যদি গায়েব জানতেন, তাহলে এমন পরিস্থিতি সহজেই এড়িয়ে যেতে পারতেন, কিন্তু পারেননি। কারণ, তিনি গায়েবের মালিক ছিলেন না। গায়েবের একমাত্র মালিক আল্লাহ তায়ালা। গায়েব থেকে আল্লাহ যতটুকু তাঁকে জানাতেন, তিনি ততটুকুই জানাতেন। এটাকে গায়েব জানা বলা হয় না। ফলে যে মানুষটি দুনিয়ার জীবনেও সর্বজ্ঞানী ছিলেন না, গায়েবের অধিকারী ছিলেন না, মৃত্যুর পরে কবরে থাকা অবস্থায় তাকে সর্বজ্ঞানী মনে করা, তিনি দুনিয়ার সবার অবস্থা সম্পর্কে জানেন, সবার কথা শোনেন এবং প্রয়োজন পূর্ণ করার ক্ষমতা রাখেন, সব জায়গায় উপস্থিত হন এবং সবকিছু দেখেন (হাজির-নাজির) বলে বিশ্বাস করা সীমালঙ্ঘন ছাড়া আর কী হতে পারে?
উপরন্তু এখানে আরও যে ভয়ংকর অবস্থা তৈরি হয় তা হলো, রাসুলুল্লাহ (ﷺ) সম্পর্কে হাদিসে বর্ণিত বিভিন্ন মুজিযার ক্ষেত্রে অন্যান্য মানুষকেও শরিক করা। ফলে পির-মাশায়েখের ক্ষেত্রেও উপরের বিশ্বাসগুলো রাখা হয়। কারামতের নামে তাদের সকল খবর সম্পর্কে জ্ঞাত দাবি করা হয়। অথচ এগুলো সুস্পষ্ট বিচ্যুতি। সাহাবায়ে কেরাম কিংবা পরবর্তী সময়ের সাধারণ ওলি-আউলিয়াদের কারও কারও ব্যাপারে কবরে নামায কিংবা কুরআন তেলাওয়াতের কথা এলেও সেগুলো তাদের কারামত বিবেচিত হবে এবং বিশুদ্ধ সনদে প্রমাণিত হওয়াসাপেক্ষে যেটুকু এসেছে সেটুকুতে সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু তারা আমাদের আমল সম্পর্কে জানেন, সালাম দিলে শোনেন বা জবাব দেন-এমন কোনো বৈশিষ্ট্যের কথা কুরআন-সুন্নাহতে আসেনি। বরং এগুলো রাসুলুল্লাহ (ﷺ)-এর একক বৈশিষ্ট্য। আর কবরে বসে প্রয়োজন পূর্ণ করেন-এমন আকিদা কারও ব্যাপারেই রাখা যাবে না।৯৬৪
উপরন্তু আমাদের মনে রাখতে হবে, সকল চাওয়া-পাওয়ার একমাত্র মালিক আল্লাহ তায়ালা। যখন কিছু চাওয়ার, আল্লাহর কাছে চাইতে হবে। বিপদে পড়লে আল্লাহর কাছে ছুটে যেতে হবে। দুনিয়া ও আখেরাতের যাবতীয় কল্যাণ ও সুখ-সৌভাগ্যের মালিক আল্লাহ তায়ালা; কোনো ফেরেশতা বা মানুষ নন। আল্লাহর পরিবর্তে কোনো মানুষকে—হোন তিনি রাসুলুল্লাহ (ﷺ)—যাবতীয় কল্যাণ-অকল্যাণের স্বতন্ত্র ও স্বাধীন ক্ষমতার অধিকারী মনে করা উম্মাহর মুহাক্কিক আলেমদের সর্বসম্মতিক্রমে শিরক। কবরকেন্দ্রিক যাবতীয় বাড়াবাড়ি ও বিচ্যুতির সূচনা এখান থেকেই। সুতরাং এ ব্যাপারে সতর্ক ও রক্ষণশীল দৃষ্টিভঙ্গি রাখা আবশ্যক।
টিকাঃ
৯৫১. আবু দাউদ (কিতাবুল জিহাদ : ১৫২০)। মুসতাদরাকে হাকেম (কিতাবুল জিহাদ : ২৪৫৮)।
৯৫২. বাযযার (মুসনাদু আনাস ইবনে মালেক : ৬৮৮৮)। মুসনাদে আবি ইয়ালা (মুসনাদু আনাস ইবনে মালেক : ৩৪২৫)।
৯৫৩. মুসলিম (কিতাবুল ফাযায়েল : ২৩৭৫)। নাসায়ি (কিতাবু কিয়ামিল লাইল : ১/১৬৩০)। মুসনাদে আহমদ (মুসনাদু আনাস ইবনে মালেক : ১২৬৯৯)।
৯৫৪. মুসলিম (কিতাবুল ঈমান: ১৭২)।
৯৫৫. মুসলিম (কিতাবুল ঈমান: ১৬৩-১৬৪)। ইবনে হিব্বান (কিতাবুল ইসরা : ৫০)।
৯৫৬. আবু দাউদ (কিতাবুল মানাসিক: ২০৪২)। হাদীসটির সনদ সহীহ। তা ছাড়া, উক্ত হাদিসের বেশ কিছু শাওয়াহিদ তথা কাছাকাছি বর্ণনা রয়েছে যা এর সত্যতাকে সমর্থন করে। ফলে হাদিসটি নির্ভরযোগ্য গণ্য করা হবে। মুসনাদে আহমদ (মুসনাদু আবি হুরাইরা : ৮৯২৬)। বাযযার (মুসনাদু আলি ইবনে আবি তালিব : ৫০৯)। মুসান্নাফে আবদির রাযযাক (কিতাবুস সালাত: ৪৮৩৯)।
৯৫৭. আবুশ শাইখের কিতাবুস সাওয়াবের উদ্ধৃতিতে ইবনে হাজার এটা বর্ণনা করেছেন এবং এর সনদকে ‘জাইয়িদ’ (ভালো) বলেছেন। দেখুন: ফাতহুল বারি (৬/৪৮৮)।
৯৫৮. আবু দাউদ (কিতাবুল মানাসিক: ২০৪১)। আলিমদের মতে এটার সনদও সহীহ। [দেখুন : আউনুল মাবুদ ২/১৬৯]।
৯৫৯. আবু দাউদ (কিতাবুস সালাত : ১০৪৭)। ইবনে মাজা (আবওয়াবু ইকামাতিস সালাত : ১০৮৫)। নাসায়ি (১/১৩৭৩)। মুসনাদে আহমদ (আউয়ালু মুসনাদিল মাদানিয়্যিন: ১৬৪১৩)। সহিহ ইবনে খুযাইমা (কিতাবুল জুমুআহ : ১৭৩৩)। দারেমি (কিতাবুস সালাত : ১৬১৩)। ইবনে হিব্বান (কিতাবুর রাকায়েক : ১১০)। উক্ত হাদিসটি বিশুদ্ধ। আবু দাউদ, নাসায়ি ও ইবনে মাজা তিন ইমামই হাদিসটি বর্ণনা করেছেন। ইবনে খুযাইমা, ইবনে হিব্বান ও হাকেম এটাকে সহিহ বলেছেন। হাকেম লিখেছেন, এটা বুখারির শর্ত মোতাবেক সহিহ (মুসতাদরাকে হাকেম : কিতাবুল জুমুআহ : ১০৩৪)।
৯৬০. মুসনাদে বাযযার (মুসনাদু আবদিল্লাহ ইবনে মাসউদ ১৯২৫)। আল-মাতালিবুল আলিয়াহ (কিতাবুল মানাকিব: ৩৮২৪) হাইসামি এটার সনদ সহিহ বলেছেন। যুরকানি ‘জাইয়িদ’ (ভালো) বলেছেন। [শরহুয যুরকানি আলাল মুওয়াত্তা ১/১৪৭]
৯৬১. মুয়াত্তা মালেক (১/৫৩: হাদিস নং ৮৯; তাহকিক: আবদুল বাকি)। বুখারি (কিতাবুত তায়াম্মুম ৩৩৪)। মুসলিম (কিতাবুল হায়েয : ৩৬৭)।
৯৬২. বুখারি (কিতাবুশ শাহাদাত: ২৬৬১)। মুসলিম (কিতাবুত তাওবা: ২৭৭০)।
৯৬৩. বুখারি (কিতাবুল জিহাদ: ৩০৬৪)। মুসলিম (কিতাবুল মাসাজিদ: ৬৭৭)।
৯৬৪. ইস্তিশফা তথা রাসুলুল্লাহ (ﷺ)-এর কবরের কাছে গিয়ে তাঁর কাছে শাফায়াত প্রার্থনা করা, তিনি যেন পরকালে আল্লাহর কাছে শাফায়াত করেন এমন দোয়া চাওয়ার বৈধতা-অবৈধতা নিয়ে বিস্তারিত আলোচনা দেখুন এই গ্রন্থের শেষ দিকে এবং অধমের ‘আকিদাহ তহাবিয়্যাহ’র ভাষ্যগ্রন্থে।
📄 খিযির ও ইলিয়াসের বর্তমানে জীবিত থাকার দাবি
পিছনে আমরা ‘হায়াতুল আম্বিয়া’ বা নবিদের কবরের জীবন সম্পর্কে আলোচনা করেছি। এবার একটু দুনিয়ার জীবন সম্পর্কে আলোচনা প্রয়োজন। অর্থাৎ, যদি প্রশ্ন করা হয়: দুনিয়াতে কি বর্তমানে কোনো নবি বা-হায়াত তথা জীবিত আছেন? সহজাত ও যৌক্তিক উত্তর ‘না’ হওয়া স্বাভাবিক হলেও এত সহজে এখানে ‘না’ বলার সুযোগ নেই। কারণ, উম্মাহর বড় একদল আলেম এক্ষেত্রে বিপরীত বিশ্বাস রাখেন। তারা মনে করেন, একদল নবি এখনও জীবিত, মৃত্যুহীন। হাজার হাজার বছর পরও তারা এখনও মৃত্যুবরণ করেননি। পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তারা বেঁচে থাকবেন। গযনবি লিখেন, ‘চারজন নবি এখনও জীবিত। তারা হলেন: ঈসা, ইদরিস, খিযির ও ইলিয়াস। ’৯৬৫
ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত। এটা সন্দেহাতীত সত্য। কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। ফলে এটা নিয়ে আহলে সুন্নাতের কোনো দ্বিমত নেই। কিন্তু ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত, পৃথিবীতে নন। ইদরিস আলাইহিস সালামের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। তিনিও আকাশে, দুনিয়াতে নন। আর দুনিয়ার বাইরে সকল নবিই তাদের কবরে জীবিত। মিরাজের রাতে রাসুলুল্লাহ (ﷺ) একাধিক নবিকে তাদের কবরে ও আসমানে জীবিত দেখেছেন। এটা দুনিয়ার বাইরের জীবন। ফলে উক্ত জীবনকে দুনিয়ার জীবনের উপর কিয়াস করার সুযোগ নেই। তাই ঈসা ও ইদরিস (আলাইহিমাস সালাম) আমাদের আলোচনার বাইরে। বাকি রইল খিযির ও ইলিয়াস (আলাইহিমাস সালাম)-এর কথা।
খিযির আলাইহিস সালাম ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর চরিত্র—কেউ তাকে জিন আখ্যা দিয়েছেন; কেউ তাকে ফেরেশতা বলেছেন; কেউ নবি বলেছেন; কেউ ওলি বলেছেন; কেউ মারা গেছেন বলেছেন; কেউ জীবিত আছেন বলেছেন। কেউ মনে করেন, তিনি জঙ্গলে আছেন। কেউ মনে করেন, সাগরে আছেন। কেউ বলেন, প্রত্যেক শুক্রবার তিনি মসজিদুল হারামে মাহদি ও ঈসার সঙ্গে বৈঠক করেন। আবার কেউ বলেছেন, প্রত্যেক রাতে যুল কারনাইনের প্রাচীরের কাছে তিনি আর ইলিয়াস বৈঠক করেন! প্রত্যেক বছর হজ ও উমরা করেন। তখন যমযমের পানি পান করেন, যা পুরো এক বছরের খাবার হিসেবে যথেষ্ট হয়ে যায়! আবার কেউ তাঁর সূত্রে রাসুলুল্লাহ (ﷺ) থেকে শত শত হাদিস বর্ণনা করেছেন! কেউ খিযিরকে ব্যক্তির পরিবর্তে ‘খিযিরিয়্যাত’ নামে তাসাওউফের রুতবা হিসেবে ব্যাখ্যা করেছেন। কেউ ইলিয়াস ও খিযির দুজনকেই তাসাওউফের দুটো হালত ‘কবজ’ ও ‘বাসত’ দিয়ে ব্যাখ্যা করেছেন! এভাবে অসংখ্য মতভেদপূর্ণ বিষয় ও বিতর্কের মিশ্রণে এক অদ্ভুত অস্পষ্টতা, অনিশ্চয়তা ও সন্দেহের বেড়াজালে বন্দি হয়ে আছেন এ মহাপুরুষ। ৯৬৬
সুফিয়ায়ে কেরাম এবং একদল আলেমের কাছে খিযির আলাইহিস সালাম এখনও জীবিত। এটা বিশাল একদল আলেম ও মাশায়েখের বক্তব্য। তারা এ বিষয়ের উপর অসংখ্য স্বতন্ত্র বই-পুস্তকও লিখেছেন। বিভিন্ন গ্রন্থে আলোচনা করেছেন। নববি লিখেন, ‘সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে খিযির এখনও আমাদের মাঝে জীবিত। এটা সুফিয়ায়ে কেরাম এবং মারেফতপন্থি লোকদের সর্বসম্মত বক্তব্য। তাঁর সঙ্গে তাদের সাক্ষাৎ, তাঁর কাছ থেকে ওয়াজ-উপদেশ গ্রহণ, প্রশ্নোত্তর, বিভিন্ন স্থানে তাঁর উপস্থিতি ইত্যাদি সম্পর্কে তাদের বক্তব্য এত বেশি যা গোনা সম্ভব নয়, লুকানোও সম্ভব নয়। ...সালাবি বলেন, খিযির এখনও জীবিত। অধিকাংশ মানুষের দৃষ্টির অন্তরালে। কিয়ামতের আগ মুহূর্তে কুরআন উঠে যাওয়ার আগ পর্যন্ত তিনি জীবিত থাকবেন।’৯৬৭ হাফেজ ইবনুস সালাহ (৬৪৩ হি.) লিখেন, ‘সংখ্যাগরিষ্ঠ আলেম, বুযুর্গ ও সাধারণ মুসলমানদের নিকট তিনি জীবিত হিসেবে গণ্য। কেবল কিছু মুহাদ্দিস তাঁর বেঁচে থাকার বিষয়টি নাকচ করেছেন।’৯৬৮
বিপরীতে ইমাম বুখারি, ইবরাহিম ইবনে ইসহাক হরবি, আবুল হুসাইন ইবনুল মুনাদি, ইবনুল জাওযি, ইবনে তাইমিয়্যাহ, ইবনুল কাইয়িম, ইবনে কাসির ও ইবনে হাজার আসকালানিসহ উম্মাহর অসংখ্য মুহাক্কিক আলেম খিযির আলাইহিস সালামের জীবিত থাকাকে নাকচ করে দিয়েছেন।৯৬৯ বুখারিকে খিযিরের জীবিত থাকার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘তিনি কীভাবে জীবিত থাকবেন, অথচ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন একশো বছর পরে কেউ জীবিত থাকবে না?’ ইবনুল কাইয়িম বলেন, ‘খিযির আলাইহিস সালামের জীবিত থাকার ব্যাপারে যেসব হাদিস বর্ণনা করা হয়, সবগুলো বানোয়াট। তাঁর জীবিত থাকার ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই।’৯৭০
টিকাঃ
৯৬৫. উসুলুদ্দিন, গযনবি (১৪৬-১৫১)।
৯৬৬. বিস্তারিত দেখুন: আয-যাহরুন নাযির ফি হায়াতিল খাযির, ইবনে হাজার আসকালানি।
৯৬৭. শরহে মুসলিম, নববি (১৫/১৩৫-১৩৬)।
৯৬৮. ফাতাওয়া ইবনিস সালাহ (১/১৮৫)।
৯৬৯. দেখুন। রুহুল মাআনি (৮/৩০৩-৩০৬)। আল-বিদায়া ওয়ান নিহায়া (২/২৭০)। আল-মানারুল মুনিফ (৭৩-৭৪)। মাজমুউল ফাতাওয়া (১/২৪৯)। ইবনে তাইমিয়্যাহর ফাতাওয়া সংকলনের একটি স্থান থেকে খিযিরের জীবিত থাকার যে উদ্ধৃতি দেখানো হয়, সেটা তাঁর নিজের বক্তব্য নয়; ভুলে অন্য কোনো গ্রন্থ থেকে ঢুকে পড়েছে। নতুবা তিনি ফাতাওয়ার অন্যান্য স্থান-সহ বিভিন্ন গ্রন্থে খিযিরের মৃত্যুর কথা বলেছেন। মিনহাজে তিনি লেখেন, ‘খিযিরের জীবিত থাকার উপর তাদের দলিল বাতিলের উপর বাতিল। সকল আলেম ও মুহাক্কিকের মতে খিজির মৃত্যুবরণ করেছেন।’ [মিনহাজুস সুন্নাহ: ৪/৯৩] শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানি খিযিরের উপর তাঁর স্বতন্ত্র গ্রন্থ ‘আয-যাহরুন নাযির’-এ উভয় পক্ষের দলিল-প্রমাণ উল্লেখ করে শেষে বলেন, ‘এসব মজবুত দলিল-প্রমাণের ভিত্তিতে আমার মন তাঁর জীবিত থাকার ব্যাপারে জনসাধারণের বিশ্বাসের বিপরীতে যায়।’ [আয-যাহরুন নাযির: ২০৮] এটাই সঠিক, ইনশাআল্লাহ।
৯৭০. আল-মানারুল মুনিফ (৬৭-৭২)।
📄 অধমের পর্যবেক্ষণ
ইমাম আজম রহ. এ ব্যাপারে কোনো কথা বলেননি। চার ইমাম থেকেও এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায় না। কারণ, এটা দ্বীনের কোনো মৌলিক আকিদা নয়। জানা জরুরি এমন কোনো আবশ্যক বিষয় নয়। তদুপরি যেহেতু এটা নিয়ে বিতর্ক রয়েছে, এ জন্য প্রসঙ্গক্রমে সামান্য আলোচনা করা হচ্ছে。
বস্তুত উপরের মতপার্থক্যের ক্ষেত্রে যেহেতু উভয় পক্ষে বড় বড় আলেম আছেন, সুতরাং কোনো একটাকে সরাসরি ভুল বলে অন্যটাকে সন্দেহাতীত সত্য বলার সাহস আমাদের নেই। কিন্তু দিলের রুজহান প্রকাশ করা জরুরি হলে আমাদের বক্তব্য হলো, কুরআন-সুন্নাহর দলিলগুলো পর্যালোচনার পরে খিযির আলাইহিস সালামের নবি হওয়া আমাদের কাছে অগ্রগণ্য। বিশেষত মুসা আলাইহিস সালামের সঙ্গে তাঁর ঘটনা-পরিক্রমা, তাঁর হাতে বিভিন্ন আশ্চর্য বিষয় সংঘটন এবং আল্লাহর পক্ষ থেকে তাঁর নিশ্চিত জ্ঞানলাভ-ওহি ছাড়া যার অন্য কোনো ব্যাখ্যা দেওয়া কঠিন-সবকিছু তাঁর নবি হওয়ার সুস্পষ্ট আলামত। হুজ্জাতুল ইসলাম গাযালিসহ আহলে সুন্নাতের বিভিন্ন ধারার মুহাক্কিক আলেমদের মত এটাই। বিপরীত মত দুর্বল যা গ্রহণ করা কঠিন。
আর তাঁর জীবনের ব্যাপারে আমাদের কথা হলো-খিযির আলাইহিস সালাম যেহেতু স্বাভাবিক মানুষ ছিলেন, আর স্বাভাবিক মানুষের ব্যাপারে আল্লাহ তায়ালার নীতি হলো নির্দিষ্ট সময় পরে মৃত্যুবরণ করা, আল্লাহ তায়ালা বলেন, ﴿وَمَا جَعَلْنَا لِبَشَرِ مِّنْ قَبْلِكَ الْخُلْدَ أَفَائِنُ مِتَ فَهُمُ الْخُلِدُونَ﴾ অর্থ : ‘আমি আপনার পূর্বে কোনো মানুষকে চিরস্থায়িত্ব দান করিনি। সুতরাং আপনি যদি মারা যান তারা কি চিরকাল থাকবে?’ [আম্বিয়া: ৩৪] অন্য আয়াতে আল্লাহ বলেন, ﴿إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّسْئُولُونَ﴾ অর্থ : ‘নিশ্চয়ই আপনি মরণশীল। তারাও মরণশীল।’ [যুমার : ৩০] রাসুলুল্লাহ (ﷺ) থেকে বিশুদ্ধ হাদিসে এসেছে, তিনি জীবনের শেষ দিকে এক রাতে ইশার নামাযের পরে সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ‘আজকের রাতটি তোমরা লক্ষ করেছ? বর্তমানে যারা পৃথিবীর বুকে জীবিত রয়েছে একশো বছরের মাথায় তাদের কেউ বেঁচে থাকবে না।’৯৭১ উক্ত হাদিসটি বুখারি, মুসলিম, কুতুবে সিত্তাহসহ বিভিন্ন গ্রন্থে এসেছে। ফলে এটার প্রামাণ্যতা শতভাগ নিশ্চিত। ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত; যমিনে নন। দাজ্জালের উপরও কিয়াস করা যাবে না। কারণ, দাজ্জালকে বিশাল উদ্দেশ্য আঞ্জামের জন্যই প্রস্তুত করা হয়েছে। ফলে উক্ত হাদিসের ভিত্তিতে খিযির, ইলিয়াসসহ যাদের জীবনের কথা বলা হয়, সবগুলো নাকচ হয়ে যায়। রাসুলুল্লাহ (ﷺ)-এর জানাযায় উপস্থিত হওয়াসহ সাহাবায়ে কেরামের সঙ্গে তাঁর সাক্ষাতের যেসব বর্ণনা পেশ করা হয়, সেগুলোও প্রমাণিত ও নির্ভরযোগ্য নয়。
তা ছাড়া, খিযির আলাইহিস সালামের বেঁচে থাকার বিশেষ কোনো অর্থ নেই, উদ্দেশ্য নেই। ঈসা আলাইহিস সালামের জীবনের উপর এটাকে কিয়াস করা বিশুদ্ধ নয়। কারণ, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শেষ লগ্নে তাজদিদ ও সংস্কারের বিশাল গুরুত্বপূর্ণ মিশন আঞ্জাম দেবেন। কিয়ামতের আগ মুহূর্তের ঘটনাবহুল পৃথিবীতে তিনি হবেন প্রধান রাষ্ট্রনায়ক। দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজের বিপরীতে মুমিনদের সিপাহসালার তিনি। তাদের বিরুদ্ধে জিহাদ করবেন। আল্লাহর দুশমনদের নিজ হাতে হত্যা করবেন। পৃথিবীতে ইসলাম কায়েম করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। সকল বাতিল সমূলে বিনাশ করবেন। চতুর্দিকে তাওহিদ ও শান্তি ছড়িয়ে দেবেন। তাও হাতেগোনা মাত্র কয়েক বছরে। বিপরীতে খিযির কিংবা ইলিয়াসের কাজ কী? হাজার হাজার বছর ধরে তাদের জীবিত বলা হচ্ছে, অথচ তাসাওউফের কিছু লোকজনের সঙ্গে জঙ্গল ও বনবাদাড়ে সাক্ষাৎ ছাড়া তাদের আর কোনো দায়িত্ব নেই। ইসলামের দাওয়াত, তাযকিয়া, জিহাদ, কিয়াদাত কোনো ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। তাহলে এই বেঁচে থাকা কাদের জন্য?
এ জন্য আল্লামা আলুসি রহ. লিখেন, ‘তিনি রাসুলুল্লাহ (ﷺ)-এর জীবদ্দশায় তাঁর কাছে আসেননি, তাঁর হাতে বাইয়াত হননি। তাঁর সঙ্গে জিহাদ করেননি। বরং তিনি যদি সত্যিই বেঁচে থাকতেন, তবে জঙ্গল থেকে বের হন না কেন? পৃথিবীতে এসে কাফেরদের সঙ্গে জিহাদ করা, ময়দানে সময় কাটানো, জুমা ও জামাতের নামাযে শরিক হওয়া, উম্মাহর অক্ষরজ্ঞানশূন্য সদস্যদের দ্বীনের দাওয়াত দেওয়া কি পাহাড়-পর্বতে পশুপাখির মাঝে ঘুরে বেড়ানোর চেয়ে বেশি জরুরি নয়? ... আলুসি অন্যত্র আবদুল্লাহ ইবনুল মুবারকের এক যুদ্ধে খিযির কর্তৃক সহায়তার ভিত্তিহীন ঘটনাকে খণ্ডন করতে গিয়ে বলেন, এখানে হাজির হওয়ার চেয়ে তাঁর রাসুলুল্লাহর সঙ্গে উহুদের ময়দানে হাজির হওয়া বেশি জরুরি ছিল।’৯৭২
টিকাঃ
৯৭১. বুখারি (কিতাবুল ইলম : ১১৬)। মুসলিম (কিতাবু ফাযায়িলিস সাহাবাহ : ২৫৩৭)। আবু দাউদ (কিতাবুল মালাহিম : ৪৩৪৮)। তিরমিযি (আবওয়াবুল ফিতান: ২২৫১)। মুসনাদে আহমদ (মুসনাদু আবদিল্লাহ ইবনে উমর: ৫৭২১)।
৯৭২. রুহুল মাআনি (৮/৩০৩-৩০৬)।