📘 ইমাম আজমের আকিদা > 📄 বিতর্কের রূপরেখা

📄 বিতর্কের রূপরেখা


প্রথম কথা হলো—কুরআনকেন্দ্রিক বিতর্ক মূলত আল্লাহর 'কালাম' সিফাতকেন্দ্রিক বিতর্কের সঙ্গে সংশ্লিষ্ট। অর্থাৎ, (এক.) আল্লাহর 'কালাম'-এর অর্থ ও রূপরেখা কী? (দুই.) আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন—এর রূপরেখা কী? (তিন.) আমাদের সামনে বিদ্যমান 'কুরআন'-এর রূপরেখা কী? এই সবগুলো বিষয়কে কেন্দ্র করেই উম্মাহর মাঝে মতবিরোধ তৈরি হয়েছে। ফলে এটা একটা জটিল, কুটিল, বিস্তৃত মতপার্থক্য। উম্মাহর অসংখ্য ফিরকা এগুলো নিয়ে বিতর্কে জড়িয়েছে। প্রত্যেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি ও ইজতিহাদ অনুযায়ী কথা বলেছে। আমরা এখানে সেগুলো আলোচনা করতে যাব না। যেহেতু এই গ্রন্থের আলোচ্য বিষয় ইমাম আজম আবু হানিফা রহ.-এর আকিদা, তাই আমরা এ ব্যাপারে কেবল হানাফি আলেমগণ এবং আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত তাদের বিপরীত ধারার বক্তব্যগুলো দেখব। শেষে ইমাম আজম রহ.-এর বক্তব্যের আলোকে সবগুলো মূল্যায়নের চেষ্টা করব।

📘 ইমাম আজমের আকিদা > 📄 হানাফি ধারার বাইরের মত

📄 হানাফি ধারার বাইরের মত


হানাফি ধারার বাইরে এক্ষেত্রে একাধিক বক্তব্য রয়েছে। সেগুলোর কিছু ধারার বক্তব্য হানাফিদের বক্তব্যের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক নয়। ফলে এখানে সেগুলোর উল্লেখও নিষ্প্রয়োজন। আমরা এখানে কেবল তাদের কথা উল্লেখ করব, যাদের বক্তব্য মৌলিকভাবেই হানাফিদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক এবং যারা হানাফিদের বক্তব্যকে বিভ্রান্ত মনে করেন। এ ধারার বক্তব্য হলো :

(এক.) আল্লাহ যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা কথা বলেন। তিনি অক্ষর ও আওয়াজসহ কথা বলেন। অর্থাৎ, তিনি কথা বললে আওয়াজ হয় এবং সেটা শোনা যায়। তাঁর মূল কালাম কদিম তথা চিরন্তন। কিন্তু কথা বলার সময় বিশেষ আওয়াজটি কদিম হওয়া নিষ্প্রয়োজন। তাদের মতে, অক্ষর ও আওয়াজ ছাড়া কোনো কথা কল্পনা করা যায় না। সুতরাং আল্লাহ এগুলোসহ কথা বলেন। ৮৩৮

(দুই.) ফলে আল্লাহ যখন মুসার সঙ্গে কথা বলেছিলেন, তখন অক্ষর ও আওয়াজসহ কথা বলেছিলেন। কারণ, অক্ষর ও আওয়াজ ছাড়া কথা হয় না, অক্ষর ও আওয়াজ ছাড়া ডাক দেওয়া যায় না, অক্ষর ও আওয়াজ ছাড়া মানুষ কথা শুনতে পায় না। মুসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ ডাক দেওয়ার কথা বলেছেন [মারইয়াম : ৫২] মুসা আলাইহিস সালাম যেহেতু তাঁর কথা শুনেছেন, সুতরাং আল্লাহ তাঁর সঙ্গে অক্ষর ও আওয়াজসহ কথা বলেছেন। অক্ষর ও আওয়াজ না থাকলে মুসা সে কথা শুনতে পেতেন না।

(তিন.) আমাদের সামনে বিদ্যমান কুরআন শব্দ ও অর্থসহ আল্লাহর কালাম। শব্দ ছাড়া অর্থ আল্লাহর কালাম নয়, আবার অর্থ ছাড়া শব্দ আল্লাহর কালাম নয়; বরং শব্দ ও অর্থ দুটোই আল্লাহর কালাম। বরং তাদের কেউ কেউ আরও আগে বেড়ে কুরআনের মাঝে লিখিত অক্ষরগুলো এবং মানুষের কণ্ঠে উচ্চারিত শব্দগুলোকেও 'হুবহু আল্লাহর কালাম' বলেন। সুতরাং যদি কেউ কুরআনের মাঝে লিখিত অক্ষরগুলো আল্লাহর কালাম না বলে, তাকে কাফের সাব্যস্ত করেন। ৮৩৯

টিকাঃ
৮৩৮. শরহুল আকিদাহ তহাবিয়্যাহ, ইবনে আবিল ইয (১২৯)।
৮৩৯. কাতফুস সামার ফি বায়ানি আকিদাতি আহলিল আসার (৭৪)।

📘 ইমাম আজমের আকিদা > 📄 হানাফি আলেমদের মত

📄 হানাফি আলেমদের মত


হানাফি আলেমগণ উপরের বক্তব্যগুলোর সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেন। তারা এসব বক্তব্যকে বিভ্রান্তিকর মনে করেন। তাদের বক্তব্য হলো :

(এক.) আল্লাহর কালাম তাঁর সত্তার সঙ্গে বিদ্যমান একটি অর্থ বা গুণ (সিফাত/মা'না কায়িমুন বিযাতিহি)। এটাকে কখনো কখনো 'আত্মকথা' (আল-কালামুন নাফসি) বলা হয়। শব্দ, অক্ষর ও আওয়াজের সঙ্গে এর সম্পৃক্ততা নেই। শব্দ, অক্ষর ও আওয়াজ নবসৃষ্ট। এগুলো আল্লাহর কালামের অংশ নয়; আল্লাহর কালামের উপর নির্দেশক স্রেফ। ৮৪০ আবুল লাইস সমরকন্দি বলেন, 'আল্লাহর কালাম তাঁর সিফাত। কিন্তু অক্ষর, সুর ও আওয়াজ ইত্যাদি সবকিছু মাখলুক তথা সৃষ্টি। অথচ আল্লাহর সিফাত তাঁর সৃষ্টি হতে পারে না। এ কারণে আল্লাহর কালামের কোনো আওয়াজ, সুর, অক্ষর ও স্বর নেই। এটাই সমরকন্দের মাশায়েখের মত।' ৮৪১ সাফফার বুখারি বলেন, “আল্লাহর কালাম 'অক্ষর ও আওয়াজ' নয়; বরং ধরনহীন।” ৮৪২

আবু ইউসর বাযদাবি (৪৯৩ হি.) বলেন, 'আহলে সুন্নাতের আকিদা হলো—আল্লাহ তায়ালা তাঁর কদিম কালাম দ্বারা কথা বলেন। তাঁর সকল সিফাত যেমন কদিম, কালামও কদিম। কাররামিয়্যাহদের মতে, আল্লাহর কালাম অক্ষর ও আওয়াজের সমন্বয়ে তাঁর সঙ্গে বিদ্যমান। এটা ভ্রান্ত বক্তব্য।' ৮৪৩ কাযি ইসমাইল শাইবানি (৬২৯ হি.) আকিদাহ তহাবিয়্যাহর ব্যাখ্যায় বলেন, “আল্লাহর কালামের উপর 'অক্ষর' ও 'আওয়াজ' প্রয়োগ করা যাবে না। কেননা, অক্ষর ও আওয়াজ আল্লাহর সৃষ্টি। মানুষের প্রয়োজনে মানুষের ভাবের আদান-প্রদানের জন্য তিনি এগুলো সৃষ্টি করেছেন। অথচ আল্লাহ সব ধরনের প্রয়োজন থেকে অমুখাপেক্ষী।" ৮৪৪ খাব্বাযি (৬৯২ হি.) বলেন, 'আল্লাহর কালাম অক্ষর ও আওয়াজজাতীয় নয়। মুতাযিলাদের মতে, এটা অক্ষর ও আওয়াজজাতীয়।' ৮৪৫

মাইমুন নাসাফি বলেন, 'আল্লাহর কালাম কদিম, নবসৃষ্ট নয়। অক্ষর ও আওয়াজ ছাড়া। তিনি জিবরাইল আলাইহিস সালামকে সেটা অক্ষর ও আওয়াজ দিয়ে শুনিয়েছেন! অর্থাৎ, তিনি আওয়াজ সৃষ্টি করেছেন, জিবরাইল সেই আওয়াজ ও অক্ষর মুখস্থ করেছেন এবং নবিজির কাছে অবতীর্ণ করেছেন।' ৮৪৬ নাসাফি তাঁর 'তামহিদ' গ্রন্থে বলেন, 'কালাম আল্লাহর চিরন্তন সিফাত। অক্ষর ও আওয়াজ নয়।' ৮৪৭

আবদুল্লাহ নাসাফি তাঁর 'উমদাহ'-তে লিখেন, 'আল্লাহর কালাম এক, অবিনশ্বর। তাঁর সঙ্গে বিদ্যমান। অক্ষর ও আওয়াজজাতীয় নয়।' ৮৪৮ নাসাফি তাঁর 'ইতিমাদ' গ্রন্থেও লিখেন, 'আল্লাহর কালাম এক ও অবিনশ্বর। এটা তাঁর সত্তার সঙ্গে বিদ্যমান গুণ। অক্ষর ও আওয়াজজাতীয় নয়।' ৮৪৯ নুরুদ্দিন সাবুনি বলেন, 'আল্লাহ তায়ালার কালাম চিরন্তন, চিরস্থায়ী। ...এটা অক্ষর ও আওয়াজজাতীয় নয়।' ৮৫০ কামাল ইবনুল হুমাম লিখেন, 'আল্লাহ কদিম তথা চিরন্তন কথার মাধ্যমে কথা বলেন। এটা অক্ষর ও আওয়াজজাতীয় নয়।' ৮৫১

শামসুদ্দিন সমরকন্দি আল্লাহর কালাম সম্পর্কে বিভিন্ন ধারার বক্তব্য খণ্ডনের পর লিখেন, “হক কথা হলো, আল্লাহর কালাম 'আত্মকথা' (কালামে নাফসি)।” ৮৫২ হুসাইন ইবনে ইসকান্দার হানাফি লিখেন, 'আল্লাহর কালাম তাঁর সত্তার সঙ্গে বিদ্যমান একটি অর্থ (বৈশিষ্ট্য)। অক্ষর কিংবা আওয়াজ নয় (কালামুল্লাহি তায়ালা মা'নান কায়িমুন বিযাতিহি, লাইসা বিহারফিন ওয়ালা সাউতিন)। কেননা অক্ষর ও আওয়াজ মাখলুক। আল্লাহর কালাম মাখলুক নয়। তা ছাড়া, অক্ষর ও আওয়াজ হাদেস (নবসৃষ্ট)। আল্লাহর সত্তার সঙ্গে কোনো নবসৃষ্ট বিষয় সম্পৃক্ত হতে পারে না। সুতরাং আল্লাহর কালাম অক্ষর ও আওয়াজসহ হতে পারে না। ৮৫৩ মোল্লা আলি কারি লিখেন, “কালাম আল্লাহ তায়ালার সত্তাগত সিফাত। এটাকে 'কালামে নফসি' (আত্মকথা) বলা হয়। অক্ষর ও আওয়াজ থেকে মুক্ত। আল্লাহ তায়ালা যখন আদেশ ও নিষেধ করেন, তখন তাঁর মাঝে নতুন কোনো গুণের অস্তিত্ব আসে না, বরং চিরন্তন 'কালাম' গুণের মাধ্যমে করেন। ফলে অক্ষর ও আওয়াজসহ তৈরি শাব্দিক ও নবসৃষ্ট কথা (আল-কালামুল লফযিয়্যুল হাদেস) আল্লাহর কালাম হতে পারে না।” ৮৫৪ কওনভি বলেন, 'আল্লাহর কালামকে অক্ষর ও আওয়াজ বলা বাতিল।' ৮৫৫

(দুই.) শব্দ, অক্ষর ও আওয়াজ যেহেতু আল্লাহর কালামের অংশ নয়, এ জন্য তারা মুসার সঙ্গে আল্লাহর কালামকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তারা বলেন, আল্লাহ যখন মুসার সঙ্গে কথা বলেছিলেন, তখন তাঁর শাশ্বত কালাম গুণের মাধ্যমে কথা বলেছিলেন। আর তাঁর শাশ্বত কালাম অক্ষর ও আওয়াজের প্রতি মুখাপেক্ষী নয়। তাঁর সিফাত পরিবর্তনশীল নয়। সুতরাং মুসা আলাইহিস সালামের সঙ্গে তাঁর কথাও অক্ষর ও আওয়াজবিহীন চিরন্তন সিফাত ছিল। ৮৫৬ প্রশ্ন হতে পারে, যদি আল্লাহর কালামের অক্ষর ও আওয়াজ না-ই থাকে, তবে মুসা আলাইহিস সালাম আসলে শুনলেনটা কী? কারণ, মানুষ তো অক্ষর ও আওয়াজ ছাড়া কিছু শুনতে পায় না।

এটা নিয়ে খোদ হানাফি আলেমগণ মতবিরোধ করেছেন। আবু মনসুর মাতুরিদি বলেন, “আল্লাহ তায়ালা তাকে তাঁর সৃষ্টি করা অক্ষর ও আওয়াজ শুনিয়েছেন। অর্থাৎ, তিনি আল্লাহর 'গাইরে মাখলুক' কথাই শুনেছেন। কিন্তু আল্লাহ তাকে মানুষের ভাষায় এবং সৃষ্ট অক্ষর ও নবিজির শব্দের মাধ্যমে শুনিয়েছেন (আসমাআহু বিলাহনি মুসা ওয়াবিহুরুফিন খলাকোহা ওয়া সাউতিন আনশাআহু, ফাহুযা আসমাআহু মা লাইসা বিমাখলুকিন)।” ৮৫৭ তাফতাযানি এর ব্যাখ্যায় বলেন, 'শায়খ আবু মনসুর মাতুরিদির মতে, আল্লাহর কালাম শোনা যায় না। সুতরাং তিনি আল্লাহর কালামের নির্দেশক আওয়াজ শুনেছেন।' ৮৫৮ মুফতি যাদাহ এর ব্যাখ্যায় বলেন, 'তিনি আল্লাহর কালামের নির্দেশক কথা শুনেছেন।' ৮৫৯ মোল্লা আলি কারি বলেন, 'আল্লাহ যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, এমন নয় যে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে অক্ষর ও আওয়াজসহ কথা বলতে শুনেছেন। বরং তিনি একটি আওয়াজ শুনেছেন যা তাঁর কথার নির্দেশক ছিল।' ৮৬০ আহমদ গযনবি লিখেন, 'আল্লাহর কালাম শোনা যায় না।' ৮৬১ সাবুনি বলেন, “শায়খ আবু মনসুর 'তাবিলাত'-এ লিখেছেন, 'মুসা আলাইহিস সালাম একটি আওয়াজ শুনেছেন যা আল্লাহর কালামের নির্দেশক ছিল; প্রকৃত কালাম (নফসু কালাম) নয় (সামিআ সাউতান দাল্লান আলা কালামিল্লাহ লা নাফসি কালাম)'।” ৮৬২ মাইমুন নাসাফি বলেন, 'আল্লাহর কালাম অক্ষর ও আওয়াজবিহীন। তিনি জিবরাইলকে সেটা অক্ষর ও আওয়াজের মাধ্যমে শোনান। এভাবে যে, তিনি আওয়াজ সৃষ্টি করেন, জিবরিল সেই আওয়াজ ও অক্ষরের মাধ্যমে শোনেন।' ৮৬৩ মাইমুন নাসাফি অন্যত্র লিখেন, 'আল্লাহর কালাম কোনোভাবে শোনা যায় না। কারণ, সেটা অক্ষর ও আওয়াজ নয়। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর কালামের উপর নির্দেশক অক্ষর ও আওয়াজ শুনেছেন! আল্লাহ তায়ালা তাকে নিজ কালাম শোনানোর জন্য সেই আওয়াজ সৃষ্টি করেছেন।' ৮৬৪ কওনভি মাতুরিদির উদ্ধৃতিতে লিখেছেন, 'মুসা আলাইহিস সালাম আল্লাহর কালামের নির্দেশক আওয়াজ শুনেছেন।' ৮৬৫

বিপরীতে আবুল ইউসর বাযদাবি বলেন, 'কালাম আল্লাহ তায়ালার সত্তাগত গুণ। ফলে অন্য কোথাও তিনি কালাম সৃষ্টি করে সেটা দিয়ে কথা বলবেন—এটা বৈধ নয়।' ৮৬৬ আবু ইসহাক সাফফার বলেন, 'আল্লাহর কালামকে এভাবে তাবিল করা বৈধ নয় যে, তিনি কথা ও আওয়াজ সৃষ্টি করে সেটা মুসার কানে ঢেলে দিয়েছেন, যেমনটা কিছু লোক মনে করে! কেননা, মুসার সঙ্গে তাঁর কথা বিশেষ এক বৈশিষ্ট্য ও মর্যাদা। আর সেটা এ পদ্ধতিতে অবশিষ্ট থাকে না। মুসা আলাইহিস সালামের তখন মাধ্যম ও দোভাষী ছাড়া আল্লাহর কালাম শোনা হয় না।' ৮৬৭ মুহাম্মাদ ইবনুল ফযল বলখি বলেন, 'আল্লাহ তায়ালা মুসা আলাইহিস সালামের সঙ্গে হাকিকি (বাস্তব অর্থেই) কথা বলেছেন, রূপকভাবে নয়।' ৮৬৮ রুকনুদ্দিন সমরকন্দি বলেন, 'আবুল লাইস, আবু ইয়াহইয়াসহ অনেকের মত হলো, আল্লাহর কালাম হাকিকিভাবেই শোনা যায়। আল্লাহ সেটা করতে সক্ষম।' ৮৬৯

(তিন.) এটা নিয়েও হানাফি আলেমগণ নিজেরা অভ্যন্তরীণ মতবিরোধের শিকার হয়েছেন। বিশেষত সমরকন্দ ও বুখারার ধারাকেন্দ্রিক এই মতপার্থক্য তৈরি হয়েছে। সমরকন্দের অধিকাংশ আলেমের মতে, আমাদের সামনে বিদ্যমান মুসহাফের লেখাগুলো মূলত আল্লাহর সত্তার সঙ্গে বিদ্যমান অর্থের উপর নির্দেশক (আল-আলফাযুদ দাল্লাতু আলাল মা'নাল কায়িমি বিযাতিহি)। আল্লাহ যেমন সৃষ্টির মাঝে বিদ্যমান নন; তাঁর সঙ্গে বিদ্যমান সেই অর্থ (বা বৈশিষ্ট্যও) মানুষের সৃষ্টিকৃত উপকরণের মাঝে বিদ্যমান নেই। ৮৭০ মাতুরিদি বলেন, 'আল্লাহর হাকিকি কালাম কোনো গ্রন্থ বা বুক ধারণ করতে পারে না। ফলে মুসহাফে যেটা লেখা আছে সেটা আল্লাহর কালামের অর্থ অথবা আল্লাহর কালাম সম্পর্কে বিবরণ' (মা ইউফহামু বিহি যালিকা / হিকায়াতুন আন যালিকা)। ৮৭১ বাযদাবি বলেন, 'অক্ষর মাখলুক। সুতরাং এটা আল্লাহর কালাম নয়। বরং আমাদের সামনে বিদ্যমান ছন্দ আল্লাহর কালামের নির্দেশক। একইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত হয় কালামের উপর নির্দেশক ছন্দ তেলাওয়াতের মাধ্যমে। কুরআন হিফজ করা হয় আল্লাহর কালামের উপর নির্দেশক ছন্দ হিফজ করার মাধ্যমে। এ কারণেই আল্লাহর কালামের তেলাওয়াত কিংবা আল্লাহর কালামের হাফেজ বলা সঠিক।' ৮৭২ সাফফার বলেন, 'যে ব্যক্তি কুরআন পড়বে বা লিখবে অথবা শুনবে, সে মূলত অক্ষরের পাঠ, শ্রবণ ও লেখাকে মাধ্যম হিসেবে গ্রহণ করে আল্লাহর কালামের শ্রোতা, পাঠক ও লেখক বিবেচিত হবে। অর্থাৎ, আল্লাহ তায়ালা লাওহে মাহফুজে তাঁর কালামকে অক্ষর (আল-হুরুফুল মু'জামাহ) দ্বারা লিখেছেন। এসব অক্ষরের সমন্বয়ে 'অর্থ' গঠিত হয়। অক্ষরগুলো মাধ্যম (আল্লাহর কালাম নয়); অর্থটা আল্লাহর কালাম (আল-হুরুফু দাল্লাতু আলাল মা'না, ওয়া যালিকাল মা'না, কালামুল্লাহ)। ... সুতরাং যে ব্যক্তি কুরআন পড়বে, তাঁর পড়াটা অক্ষর ও আওয়াজের সমন্বয়ে হবে। কিন্তু পঠিত বস্তুটা আল্লাহর কালাম।' ৮৭৩

মোটকথা, তাদের কাছে আমাদের সামনে বিদ্যমান কুরআনের অর্থটা (আল-মা'না) আল্লাহর কালাম; শব্দ, অক্ষর, আওয়াজ কোনোকিছুই আল্লাহ কালাম নয়। সাফফার অন্যত্র লিখেন, “যখন বলা হবে, 'কুরআন আল্লাহর কালাম গাইরে মাখলুক', তখন অর্থ উদ্দেশ্য। কেননা, অক্ষর আল্লাহর কালাম নয়। বরং আল্লাহর কালামকে ছন্দবন্ধকারী। আল্লাহ তায়ালা এই অক্ষরগুলোর মাঝে তাঁর কালামকে দিয়েছেন ধরনহীনভাবে। এর অর্থ এই নয় যে, এসব অক্ষর, শব্দ, আওয়াজ আল্লাহর প্রকৃত কালাম।” ৮৭৪

কাসানি লিখেন, 'আল্লাহর তায়ালার কালাম অক্ষর ও আওয়াজ নয়। অক্ষর ও আওয়াজ কেবল তাঁর কালামের বর্ণনা (ইবারত) এবং সেটার নির্দেশক। অক্ষর ও আওয়াজ নবসৃষ্ট। বিপরীতে আল্লাহর কালাম সৃষ্ট নয়। ফলে আমরা যখন মুখে কুরআন পড়ি, আমাদের পড়াটা আল্লাহর কালামের নির্দেশক। আমরা যখন কুরআন লিখি, আমাদের লেখাটা আল্লাহর কালামের নির্দেশক। আমাদের পড়া কিংবা লেখাটাই মূল কালাম এমন নয়।' ৮৭৫ ইবনুল আলা দেহলভি লিখেন, 'কুরআন আল্লাহর কালাম, গাইরে মাখলুক। কিন্তু মুসহাফের মাঝে লিখিতটা আল্লাহর কালামের নির্দেশক (প্রকৃত কালাম নয়), ফলে এটা মাখলুক।' ৮৭৬ সাবুনি আরও স্পষ্ট করে বলেন, 'কুরআন বলতে কখনো পঠিত বিষয়টা বোঝানো হয়, কখনো পড়াটাকে বোঝানো হয়, আবার কখনো লিখিত বস্তুটাকে বোঝানো হয়। সুতরাং কুরআন বলতে যদি পঠিত বিষয়টা বোঝানো হয়, তখন সেটা গাইরে মাখলুক। আর যদি কুরআন বলতে পড়া কিংবা লেখার অক্ষর বোঝানো হয়, সেটা মাখলুক। সেটা আল্লাহর হাকিকি কালাম নয়; বরং কালামের উপর নির্দেশক। হাম্বলিরা কুরআনের অক্ষরকে, মুসহাফের মাঝে লিখিত রূপকে গাইরে মাখলুক মনে করে। এটা স্পষ্ট বাতিল বক্তব্য।' ৮৭৭ রুকনুদ্দিন সমরকন্দি একইভাবে বলেন, 'হাম্বলিরা মুসহাফের মাঝে লিখিত রূপকে হাকিকি (প্রকৃত) কালাম বলে। এটা স্পষ্ট ভ্রান্ত কথা। কারণ, কাগজ ও কালি না থাকলে এই অক্ষরের অস্তিত্ব থাকে না। অথচ আল্লাহর কালাম সদা বিদ্যমান। এগুলো সৃষ্টির মাঝে অবস্থান করে না। ফলে বোঝা গেল, কাগজ ও কালির মাঝে মূল কালাম বিদ্যমান নয় (বরং অর্থ বিদ্যমান)। মুতাযিলারাও এই পঠিত ও লিখিত বস্তুকে আল্লাহর কালাম বলে এবং এর ভিত্তিতে আল্লাহর কালামের চিরন্তনতাকে নাকচ করে তারা আল্লাহর কুরআনকে মাখলুক বলে।' ৮৭৮

কিন্তু আমরা দেখব কেবল হাম্বলিরা নয়; হানাফিদের মাঝে মাশায়েখে বুখারা, বলখ ও ফারগানার মতামত অনেকটা 'হাম্বলি' মতের অনুরূপ, সমরকন্দিদের বিপরীত। অর্থাৎ, তাদের মতে, আমাদের সামনে বিদ্যমান কুরআনটাই আল্লাহর প্রকৃত কালাম। যেমন—আবু হাফস বুখারি লিখেন, 'মুসহাফের মাঝে যা লেখা আছে সেটা হাকিকি কুরআন। বাচ্চারা ফলকে যা লেখে সেটা কুরআন।' আবু হাফসের কথায় স্পষ্ট যে, তিনি লিখিত রূপটাকেই প্রকৃত কুরআন তথা আল্লাহর কালাম বলেন; অর্থ বা নির্দেশক বলেন না। বরং তিনি আরও স্পষ্ট করে বলেন, 'আল্লাহ তায়ালা কুরআনকে কিতাব বলেছেন। কিতাব বলা হয় লিখিত রূপকে। সুতরাং লিখিত রূপটাই কুরআন। একইভাবে আল্লাহ কুরআন পড়ার সময় শুনতে বলেছেন। সুতরাং কেউ যখন কুরআন পড়ে এবং আমরা শুনি সেটাই আল্লাহর হাকিকি কালাম' [অর্থ নয়]। ৮৭৯ এ বক্তব্যের সঙ্গে উপরের বক্তব্যগুলোর সংঘাত সুস্পষ্ট। এ কারণে 'আস-সাওয়াদুল আজম'-এর ব্যাখ্যাগ্রন্থ 'সালামুল আহকাম' লেখক সমরকন্দি ধারার আলেম ইবরাহিম হুলমি কিছুটা গোসা করে বলেন, 'এখানে গ্রন্থকারের বক্তব্য ভুল! কারণ 'আল্লাহর কালাম মাখলুক' বলতে শাব্দিক কালাম উদ্দেশ্য নয়; বরং অর্থের দিকে লক্ষ করে 'আত্মকথা' (কালামে নফসি) উদ্দেশ্য। এটাই সঠিক মাযহাব। অন্য কোনো বক্তব্য সঠিক নয়...। গ্রন্থকার এই বক্তব্য হাম্বলিদের কাছ থেকে গ্রহণ করেছেন। ...কিন্তু এটা সঠিক বক্তব্য নয়। সঠিক হলো যা আমরা উল্লেখ করেছি। সুতরাং অন্তর্চক্ষুসম্পন্ন হলে সেটা গ্রহণ করুন। না হলে খান বা ঘুমান।' ৮৮০

সমরকন্দি ধারার বিপক্ষে মুহাম্মাদ ইবনুল ফযল আল-বলখি (৪১৯ হি.) এর বক্তব্য আরও শক্ত। তিনি বলেন, 'মুসহাফের মাঝে যা লেখা আছে সেটা কুরআন। আমাদের বুকে যা সংরক্ষিত, মুখে যা পঠিত, কানে যা শ্রুত হয়—সব কুরআন। যে ব্যক্তি এগুলোকে কুরআন না বলে কুরআন সম্পর্কে বিবরণ (হিকায়াতুল কুরআন) বলবে, সে অভিশপ্ত কাররামি।' ৮৮১ আবুল আব্বাস নাতেফি (৪৪৬ হি.) লিখেন, 'মোটকথা, পঠিত বস্তু ও লিখিত অক্ষর সবগুলোই আমাদের ফকিহদের কাছে কুরআন।' ৮৮২

টিকাঃ
৮৪০. দেখুন : তাবসিরাতুল আদিল্লাহ (১/৪৬৫-৪৬৬)। আল-কিফায়াহ ফিল হিদায়াহ (১২০)। আল-বিদায়াহ মিনাল কিফায়াহ (৬১)। আল-আকিদাহ রুকনিয়্যাহ (১৪)। লুবাবুল কালাম (পাণ্ডুলিপি : ৫০)। উসুলুদ্দিন, গযনবি (১০২)। আত-তামহিদ, লামিশি (৭১)। শরহুল আকায়েদ, তাফতাযানি (১৫৪)। শরহুল ফিকহিল আকবার, আলি কারি (২৪)। শরহুল ওয়াসিয়্যাহ, মুফতি যাদাহ (১১৩)। জামেউল মুতুন (১১)। মাকালাত, কাওসারি (৪৪)।
৮৪১. শরহুল ফিকহিল আকবার, সমরকন্দি (৩৫)।
৮৪২. তালখিসুল আদিল্লাহ (১৫৬)।
৮৪৩. উসুলুদ্দিন, বাযদাবি (৬২-৬৪)।
৮৪৪. শরহুল আকিদাহ তহাবিয়্যাহ (১৭)।
৮৪৫. আল-হাদি ফি উসুলিদ্দিন (৯২)।
৮৪৬. বাহরুল কালাম (১৩০)।
৮৪৭. আত-তামহিদ ফি উসুলিদ্দিন (৪৪)।
৮৪৮. উমদাতু আকিদাতি আহলিস সুন্নাহ (৭)।
৮৪৯. আল-ইতিমাদ ফিল ইতিকাদ (১৮৩)।
৮৫০. আর-কিফায়াহ ফিল হিদায়াহ (১১৩)। আল-বিদায়াহ মিনাল কিফায়াহ (৬০)।
৮৫১. আল-মুসায়ারাহ (৩২)।
৮৫২. আস-সাহায়িফুল ইলাহিয়্যাহ (৩৫৪)।
৮৫৩. আল-জাওহারাতুল মুনিফাহ (৬৫-৬৬)।
৮৫৪. শরহুল ফিকহিল আকবার (১৬)।
৮৫৫. আল-কালাইদ (৫৫)।
৮৫৭. আত-তাওহিদ (৪৭)।
৮৫৮. শরহুল আকায়েদ, তাফতাযানি (১৬৭)।
৮৫৯. শরহুল ওয়াসিয়্যাহ, মুফতি যাদাহ (১২৪)।
৮৬০. শরহুল ফিকহিল আকবার (২৫)।
৮৬১. উসুলুদ্দিন, গযনবি (১০৫)।
৮৬২. আল-কিফায়াহ ফিল হিদায়াহ (১৩৩-১৩৫)।
৮৬৩. বাহরুল কালাম (১৩০)।
৮৬৪. তাবসিরাতুল আদিল্লাহ (১/৪৮৯)।
৮৬৫. আল-কালাইদ ফি শরহিল আকাইদ (৫৭)।
৮৬৬. উসুলুদ্দিন (৬৬)।
৮৬৭. তালখিসুল আদিল্লাহ (৭৪৮)।
৮৬৮. আল-ইতিকাদ (১১৩)।
৮৬৯. আল-আকিদাহ রুকনিয়্যাহ (১৫)।
৮৭০. দেখুন : আল-জাওহারাতুল মুনিফাহ (৬৫-৬৬)। মুখতাসারুল ইতিমাদ ফিল ইতিকাদ, কাওকজি (১৫)।
৮৭১. তাফসিরে মাতুরিদি (৭/১০৭)।
৮৭২. উসুলুদ্দিন (৭১)।
৮৭৩. তালখিসুল আদিল্লাহ (১৫৭-১৫৮)।
৮৭৪. তালখিসুল আদিল্লাহ (৭৭০)।
৮৭৫. আল-মুতামাদ ফিল মুতাকাদ (৭-৮)।
৮৭৬. ফাতাওয়া তাতারখানিয়্যাহ (১৮/৫)।
৮৭৭. আল-বিদায়াহ মিনাল কিফায়াহ (৬২-৬৩)।
৮৭৮. দেখুন : আল-আকিদাহ আর রুকনিয়্যাহ (১৪)।
৮৭৯. আস-সাওয়াদুল আজম (৩৩-৩৫)।
৮৮০. সালামুল আহকাম আলা সাওয়াদিল আজম (১৩৯)।
৮৮১. আল-ইতিকাদ, বলখি (১০৫)।
৮৮২. আল-আজনাস (১/৪৪৩)।

📘 ইমাম আজমের আকিদা > 📄 ইমাম আজমের মাযহাব

📄 ইমাম আজমের মাযহাব


প্রথমেই যেটা আমরা বলেছিলাম, এ ব্যাপারে ইমাম আজম রহ.-এর সরাসরি কোনো বক্তব্য নেই, তাঁর ছাত্রদেরও বক্তব্য নেই। কারণ, এসব বিষয়ে তিনি কথা বলা পছন্দ করতেন না। আবু ইউসুফ রহ. বর্ণনা করেন, 'আমরা আবু হানিফা রহ.-এর কাছে ছিলাম। এমন সময় একদল লোক দুই ব্যক্তিকে নিয়ে এলো। এসে বলল, এই ব্যক্তি কুরআনকে মাখলুক বলে। আর দ্বিতীয় জন তাকে নিষেধ করে বলে, কুরআন মাখলুক নয়। (আমরা তাদের ব্যাপারে কী করব?) ইমাম বললেন, 'তাদের কারও পিছনে নামায পড়ো না।' আমি বললাম, প্রথম জনের ব্যাপার তো স্পষ্ট। কারণ, সে কুরআনকে মাখলুক বলে। কিন্তু দ্বিতীয় জনের পিছনে নামায বাদ দেওয়ার কারণ কী? তার কথা তো ঠিকই আছে! ইমাম বললেন, 'কারণ, তারা দ্বীন নিয়ে বিবাদ করেছে। অথচ দ্বীন নিয়ে বিবাদ বিদআত।' ৮৮৩ হাসান ইবনে আবি মালিক বলেন, আমি আবু ইউসুফ রহ.-কে বলতে শুনেছি, “কুরআন আল্লাহর কালাম। যদি কেউ বলে, 'কীভাবে' কিংবা 'কেন', অথবা এটা নিয়ে বিতর্ক করে, তাকে বন্দি করা হবে। ভালো করে বেত্রাঘাত করা হবে।” ৮৮৪

ইমাম আবু ইউসুফের মতে, আল্লাহর কালামের ব্যাপারে যদি কেউ 'কীভাবে' কিংবা 'কেন' বলে, তবে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। পাঠক খেয়াল করবেন, উপরের বিতর্কগুলো সেই ‘কীভাবে’-কেন্দ্রিকই। অন্যকথায়, আল্লাহর সিফাতের কাইফিয়্যাত অনুসন্ধান, যা আহলে সুন্নাতের সকল ধারার কাছে সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ। এখানে এসে তারা সেটাই সন্ধান করেছেন। সেটা নিয়েই বিতর্ক করেছেন। অবশ্য প্রত্যেকেই সেটা করেছেন প্রতিপক্ষের 'বিভ্রান্তি' খণ্ডনের উদ্দেশ্যে বা অজুহাতে।

মোটকথা, এটা যেহেতু একরকম নিষিদ্ধ বিতর্ক, সে জন্য এ ব্যাপারে আমরা ইমাম আজম রহ. এবং তাঁর প্রথম স্তরের শাগরেদদের বিস্তারিত ও সুস্পষ্ট বক্তব্য পাই না। তবে যেহেতু জাহমিয়্যাহ ও কাররামিয়্যাহদের বিভ্রান্তি ইমাম আজমের যুগেই প্রকাশ পেয়েছিল, ফলে তাদের খণ্ডনে ইমাম আজম এবং তাঁর শাগরেদদের কিছু কিছু বক্তব্য আমরা পাই। সেগুলোর আলোকে উদ্ভূত বিতর্ক সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।

(এক.) ইমাম আজম এবং তাঁর শাগরেদরা কুরআনকে কেবল 'আল্লাহর কালাম; সৃষ্ট নয়—এটুকু বলার মাঝে সীমাবদ্ধ থেকেছেন। আল্লাহর কালামের রূপরেখা কী, সেটার মাঝে প্রবেশ করেননি। আল্লাহর কালামের উপর 'কালামে নাফসি' (আত্মকথা) শব্দ প্রয়োগ করেননি। তবে তিনি আল্লাহর কালামকে 'অক্ষর' হওয়া নাকচ করেছেন। তাঁর মতে, “আল্লাহর কালাম তাঁর সত্তার সঙ্গে সম্পৃক্ত (কালামুল্লাহি তায়ালা কায়িমুন বিযাতিহি)। লেখা (আল-কিতাবাহ), অক্ষর (আল-হারফ), শব্দ (আল-কালিমাত) ও আয়াত (আল-আয়াত)—এগুলো সেই সিফাতের অর্থের বাহক। মানুষের প্রয়োজনে এগুলো অস্তিত্বে এসেছে।" ৮৮৫ উক্ত বক্তব্যের মাধ্যমে আল্লাহর কালাম 'অক্ষর ও আওয়াজের সমন্বয়'—এটা নাকচ হয়ে যায়। ইমাম আল-ফিকহুল আকবারে বলেন, 'আল্লাহ তায়ালার সকল সিফাত (গুণ) মাখলুকের সিফাতের (গুণ) চেয়ে ভিন্ন। ...আমরা বিভিন্ন উপকরণ ও অক্ষরের মাধ্যমে কথা বলে থাকি। আল্লাহ কথা বলেন কোনো উপকরণ ও অক্ষর ছাড়াই। অক্ষর (আল-হুরুফ) হলো সৃষ্ট। কিন্তু আল্লাহর কালাম সৃষ্ট নয়।' ৮৮৬ এ বক্তব্যেও সুস্পষ্টভাবে আল্লাহর কালাম 'অক্ষরসহ' নাকচ হয়ে যায়। ফলে ইমামের বক্তব্যের অর্থ দাঁড়ায় : 'কালাম আল্লাহর সত্তার সঙ্গে বিদ্যমান চিরন্তন গুণ। অক্ষর ও শব্দজাতীয় নয়।' এ হিসেবে হানাফি আলেমদের বক্তব্য ইমামের বক্তব্যের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। প্রথম ধারার সঙ্গে সাংঘর্ষিক। তবে ইমাম কি অক্ষরের মতো আওয়াজকেও নাকচ করতেন? সে ব্যাপারে স্বতন্ত্র আলোচনা সামনে আসছে।

(দুই.) মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর কথোপকথন সম্পর্কে ইমাম বলেন, “মুসা আলাইহিস সালাম আল্লাহর কালাম (কথা) শুনেছেন, যেমনটি আল্লাহ বলেছেন, ﴾وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا﴿ অর্থ : 'আল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন।' [নিসা : ১৬৪] কিন্তু মুসার সঙ্গে কথা বলার অনেক আগে অনাদিতেও আল্লাহ তায়ালা 'মুতাকাল্লিম' (কালাম গুণসম্পন্ন) ছিলেন, যেমন গোটা সৃষ্টিজগৎ সৃষ্টি করার আগেও আল্লাহ তায়ালা 'খালিক' (সৃষ্টিকর্তা) ছিলেন। সুতরাং তিনি যখন মুসার সঙ্গে কথা বলেছিলেন, তখন তাঁর সেই শাশ্বত 'কালাম' গুণের মাধ্যমে কথা বলেছিলেন।” ৮৮৭ ইমাম আজম আরও বলেন, 'আল্লাহ তায়ালা মুসা আলাইহিস সালামকে তাঁর রিসালাত ও কথোপকথনের জন্য মনোনীত করেছেন। ফলে তিনি তাঁর সঙ্গে কোনো দূত ছাড়া (সরাসরি) কথা বলেছেন।' ৮৮৮

ইমাম আজম রহ.-এর উপরের বক্তব্য দ্বারা বোঝা যায়, আল্লাহ শাশ্বত কালাম গুণের মাধ্যমে মুসার সঙ্গে কথা বলেছেন। এখানে অক্ষর ও আওয়াজের কোনো প্রাসঙ্গিকতা নেই। ফলে (প্রথম দল) যারা বলেন, আল্লাহ তায়ালা মুসা আলাইহিস সালামের সঙ্গে অক্ষর ও আওয়াজসহ কথা বলেছেন, তাদের বক্তব্য এখানেও ইমামের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। বিশেষত ইমাম আল্লাহর কালামের জন্য অক্ষর ও শব্দকে নাকচ করেন, যা আমরা উপরে দেখেছি। ফলে এখানেও মুসার সঙ্গে কথোপকথনের ক্ষেত্রে অক্ষর/শব্দ নাকচ হবে।

একইভাবে (দ্বিতীয় দল তথা সমরকন্দি উলামায়ে কেরাম) যারা বলেন, আল্লাহ অক্ষর ও আওয়াজ সৃষ্টি করে মুসাকে সেটা শুনিয়ে দিয়েছেন—এটাও ইমামের কথার সঙ্গে সাংঘর্ষিক। কারণ, ইমাম এখানে অক্ষর ও আওয়াজ সৃষ্টি করে মুসাকে শোনানোর কথা বলেননি। স্রেফ শাশ্বত গুণের মাধ্যমে কথার বিষয়টি উল্লেখ করেছেন আর এটা স্বতঃসিদ্ধ বিষয়। বিপরীতে এখানে অক্ষর ও আওয়াজ সৃষ্টির কথা এলে 'হাদেস' ঢুকে যাচ্ছে, যা ইমামের কথার দূরতম ব্যাখ্যাও হয় না। ইমাম শাফেয়ি 'আল্লাহ তায়ালা কালাম সৃষ্টি করে মুসাকে সেটা শুনিয়েছেন' এমন বক্তব্যকে জাহমিয়্যাহদের বক্তব্য আখ্যা দিয়েছেন। ৮৮৯ বরং পরবর্তী সময়ে খোদ হানাফি (বুখারা ও বলখের) আলেমগণই 'অক্ষর ও আওয়াজ সৃষ্টি করে শোনানো' এ ধরনের কথাকে অবৈধ বলেছেন, যা পিছনে উল্লেখ করা হয়েছে। ৮৯০

একইভাবে 'আল্লাহর কালাম শোনা যায় না, তাই কালামের নির্দেশক অক্ষর ও আওয়াজ শোনা' কিংবা “বৃক্ষকে আল্লাহর কালামের উপর নির্দেশক অক্ষর ও আওয়াজের 'মহল্ল' বলে আল্লাহর মূল কালাম শোনা নাকচ করাও” ইমামের মাযহাব নয়। খোদ ইমাম আজম বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কালাম শুনেছেন। যদি তারা বলেন, মুসা আলাইহিস সালাম তাহলে আল্লাহর কালাম কীভাবে শুনলেন? আমরা বলব জানি না, আল্লাহ ভালো জানেন। বরং এটা আল্লাহর সিফাতের কাইফিয়্যাত নিয়ে প্রশ্ন, যা আপনাদের কাছেও বৈধ নয়।

(তিন.) আমাদের সামনে বিদ্যমান কুরআন কি শব্দ ও অর্থসহ (আল-লাফজু ওয়াল মা'না) আল্লাহর কালাম, নাকি স্রেফ অর্থ আল্লাহর কালাম; শব্দ সেই কালাম সিফাতের উপর নির্দেশক উপকরণ মাত্র? ইমাম আজম রহ.-এর বক্তব্য দ্বারা বোঝা যায়, তিনি কুরআনের শব্দ ও অর্থ দুটোকে আল্লাহর কালাম মনে করতেন না। বরং তিনি আল্লাহর কালাম সিফাতকে অন্যান্য সিফাতের মতো কদিম তথা শাশ্বত বলতেন। এর বাইরের সবকিছুকে উপকরণ বলতেন। ইমাম আল-ফিকহুল আকবারে বলেন, “কুরআন আল্লাহ তায়ালার ‘কালাম’ (বাণী), গ্রন্থে লিপিবদ্ধ, হৃদয়ে সুরক্ষিত, মুখে পঠিত, নবিজি (ﷺ)-এর উপর অবতীর্ণ। কুরআন (পাঠের সময়) আমাদের শব্দগুলো (আল-লাফজ) সৃষ্ট। কুরআন (লেখার সময়) আমাদের লেখাগুলো সৃষ্ট। আমাদের (কুরআনের) পাঠ সৃষ্ট। কিন্তু স্বয়ং কুরআন সৃষ্ট নয়।” ৮৯১

ইমাম আল-ওয়াসিয়‍্যাহ গ্রন্থে বলেন, 'আমরা বিশ্বাস করি কুরআন আল্লাহর কালাম। মাখলুক নয়। এটা তাঁর ওহি এবং তাঁর পক্ষ থেকে অবতীর্ণ। তাঁর গুণ (সিফাত)। ফলে কুরআন আল্লাহ নয়, আবার তাঁর থেকে আলাদাও নয়। মুসহাফে লিখিত, মুখে পঠিত, হৃদয়ে সংরক্ষিত। কিন্তু এগুলোতে অবস্থানকারী নয় (গইরু হাল্লিন ফিহা)। আর কাগজ, কালি, (কলমের) লেখা—এগুলো সব মাখলুক। কেননা এগুলো মানুষের কাজ। আর মানুষ মাখলুক। ফলে মাখলুকের কাজও মাখলুক। আল্লাহর কালাম মাখলুক নয়। লেখা, অক্ষর (আল-হারফ), শব্দ (আল-কালিমাত) ও আয়াত—এগুলো কুরআনের নির্দেশক। মানুষের প্রয়োজনে এগুলো অস্তিত্বে এসেছে। বিপরীতে আল্লাহর কালাম তাঁর সত্তার সঙ্গে বিদ্যমান। সেই কালামের অর্থ বোধগম্য হয় এসব উপকরণের মধ্য দিয়ে (লিআন্নাল কিতাবাতা ওয়াল হারফা ওয়াল কালিমাতা ওয়াল আয়াতি কুল্লাহা দালালাতুল কুরআনি লিহাজাতিল ইবাদি ইলাইহি, ওয়া কালামুল্লাহি তায়ালা কায়িমুন বিযাতিহি, ওয়া মা'নাহু মাফহুমুন বি হাযিহিল আশ্য়াই)।” ৮৯২

এসব বক্তব্যে ইমাম স্পষ্টভাবে ‘অক্ষর’ (আল-হারফ) ও ‘শব্দ’ (আল-লাফজ/আল-কালিমা) এগুলোকে আল্লাহর সত্তার সঙ্গে বিদ্যমান ‘কালাম’-এর স্রেফ নির্দেশক এবং সেই কালামের অর্থের বাহক বলছেন। প্রকৃত কালাম এতে হুলুল বা অবতরণের দাবি অস্বীকার করেছেন। এর দ্বারা বোঝা যায়, ইমাম রহ.-এর মতে, আমাদের সামনে বিদ্যমান কুরআনের শব্দ ও অক্ষর সরাসরি (সিফাতে) কালাম নয়। বরং এসবের মাধ্যমে ধারণকৃত ‘অর্থ’ আল্লাহর (সিফাতে) কালাম, যা প্রথম দলের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, দ্বিতীয় তথা হানাফি আলেমদের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

টিকাঃ
৮৮৩. তালখিসুল আদিল্লাহ (৫৬)।
৮৮৪. ফাযায়িলু আবি হানিফা, ইবনে আবিল আওয়াম (৩১১)।
৮৮৫. আল-ওয়াসিয়্যাহ (৪০-৪২)।
৮৮৬. আল-ফিকহুল আকবার (২)।
৮৮৭. আল-ফিকহুল আকবার (২)।
৮৮৮. আল-আলিম ওয়াল মুতাআল্লিম (২৮)।
৮৮৯. দেখুন: আল-ইনতিকা, ইবনে আবদিল বার (১৩২)।
৮৯০. দেখুন : তালখিসুল আদিল্লাহ (৭৪৮)।
৮৯১. আল-ফিকহুল আকবার (২)।
৮৯২. দেখুন: আল-ওয়াসিয়্যাহ (৪০-৪২)। শরহুল আকায়েদ, তাফতাযানি (১৬৪)। শরহুল ওয়াসিয়‍্যাহ, খাদেমি (১৬৬-১৬৭)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00