📄 অধমের পর্যবেক্ষণ
সামগ্রিকভাবে মুকাল্লিদের ঈমান শুদ্ধ-অশুদ্ধ এবং মুকাল্লিদ গুনাহগার কিংবা গুনাহগার নয়—এ বিষয়ে সালাফে সালেহিন ও মুতাকাল্লিমদের মতপার্থক্য অধমের মতে শাব্দিক, তাত্ত্বিক, সংজ্ঞায়ন ও স্তর নির্ধারণের ক্ষেত্রে জটিলতাভিত্তিক। মৌলিক ও বাস্তবিক কোনো মতপার্থক্য নয়।
অর্থাৎ, অধিকাংশ মুতাকাল্লিম তাকলিদের পরিবর্তে ঈমানের জন্য পর্যবেক্ষণ (নজর) এবং যৌক্তিক পর্যালোচনার (ইসতিদলাল) যে শর্ত করেছেন, সেটা বাস্তবায়নের জন্য আলাদাভাবে কালাম কিংবা মানতিক শেখা নিষ্প্রয়োজন। বরং প্রত্যেক সচেতন ও সুস্থ মস্তিষ্কের অধিকারী কালিমা পাঠকারীর ভিতরে সেটা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান থাকে। শাহাদাহ দানের মাঝেই সেই ন্যূনতম পর্যবেক্ষণ উপস্থিত থাকে। ফলে প্রত্যেক মুমিনই সে ভিত্তিতে 'গাইরে মুকাল্লিদ' হয়ে থাকে এবং তার ঈমান বিশুদ্ধ হয়। এভাবে প্রত্যেকেই গুনাহ থেকেও বেঁচে যায়। কারণ, ফিতরতিভাবে কেউই 'মুকাল্লিদ' থাকে না। হ্যাঁ, যে ব্যক্তি ঈমানের প্রতি একেবারেই ভ্রুক্ষেপ করে না, কিংবা সুযোগ থাকা সত্ত্বেও সন্দেহের দোলাচলে দুলতে থাকে, এমন ব্যক্তির পদস্খলনের আশঙ্কা অস্বীকার করার সুযোগ নেই এবং তাকে ত্রুটিপূর্ণ মুমিন বলাও অযৌক্তিক নয়।