📘 ইমাম আজমের আকিদা > 📄 মুতাকাল্লিমদের বক্তব্যের পর্যালোচনা

📄 মুতাকাল্লিমদের বক্তব্যের পর্যালোচনা


প্রশ্ন আসতে পারে, তাহলে মুতাযিলা ও আশআরি উলামায়ে কেরাম 'মুকাল্লিদের ঈমান'-এর সমালোচনা এবং দলিল-প্রমাণের মাধ্যমে আল্লাহকে জানার যে শর্ত করেছেন, অন্যকথায়, তারা মুকাল্লিদের ঈমান গ্রহণযোগ্য নয় বলে বিশুদ্ধ ঈমানের জন্য দলিল-প্রমাণের যে শর্ত করেছেন, সেটা কি সর্বতোভাবেই ভুল ও বিচ্যুতি?

মুতাযিলাদের বক্তব্য সুস্পষ্টভাবেই ভুল। তারা কেবল উক্ত মাসআলায় নয়, ঈমানের অধিকাংশ মাসআলাতেই আকলকে নকল (তথা যুক্তিকে কুরআন-সুন্নাহর) আগে রাখতে গিয়ে কোনো-না-কোনো বিভ্রান্তির শিকার হয়েছে। ফলে এটাও তাদের বিভ্রান্তি। ঈমানের জন্য অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও আত্মসমর্পণই যথেষ্ট। অন্য কারও অনুসরণে ঈমান আনাই যথেষ্ট। এমন ঈমান গ্রহণযোগ্য নয়, এমন মুমিন কাফের—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ পরিত্যাজ্য। কারণ, এমন বক্তব্য সাধারণ মানুষকে প্রকারান্তরে কাফের বানিয়ে ফেলে। এটা রিসালাত ও নবুওতের ক্ষেত্রে আল্লাহর হিকমত (তথা প্রজ্ঞার) সঙ্গে সাংঘর্ষিক। স্বয়ং রাসুলুল্লাহ (সা.)-কে আল্লাহ তায়ালা মানুষের কাছে ইসলাম পেশ করার নির্দেশ দিয়েছেন। যদি ইসলাম পেশ ও গ্রহণের মধ্য দিয়ে ঈমান সংঘটিত না হয়, তবে তাঁর মিশনের উদ্দেশ্যই পূর্ণ হবে না। হ্যাঁ, দলিল-প্রমাণের মাধ্যমে আল্লাহকে চেনার মূল্য নিঃসন্দেহে কেবল অনুসরণমূলক (তাকলিদি) ঈমানের চেয়ে অনেক বেশি দামি। তাই বলে সাধারণ মুমিনদের ঈমানকে প্রত্যাখ্যান করা এবং তাদের কাফের বলার সুযোগ নেই। রাসুলুল্লাহ (সা.), সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশেদিন এবং মুসলমানদের ইমামের কেউ এটা করেননি। রাসুলুল্লাহ (সা.) এমন একটি সম্প্রদায়ের কাছে প্রেরিত হন, যাদের কাছে দলিল-প্রমাণ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তারা আল্লাহর রাসুলের রিসালাতকে স্বীকৃতি দেয়, মূর্তিপূজা পরিত্যাগ করে, পরকালে ঈমান আনে। রাসুলুল্লাহ (সা.) তাদের ঈমান কবুল করে নেন। একইভাবে আবু বকর (রা.) দলিল-প্রমাণ ছাড়াই মুরতাদদের ইসলাম কবুল করেন। উমর রাযি.-এর যুগে যেসব বিজিত এলাকার মানুষজন মুসলিম হয়, তাদেরও উমর রাযি. দলিল-প্রমাণের শর্ত ছাড়াই গ্রহণ করেছেন। তিনি তাদের বলেননি, আগে ঈমানের দলিল শেখো, এর পর ঈমান কবুল করা হবে। কিংবা তাদের ঈমানের দলিল-প্রমাণ শেখানোর জন্য কোনো লোক নিয়োগ দেননি। আমাদের সালাফে সালেহিন, বুযর্গানে দ্বীন ও মুবাল্লিগিনে ইসলাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ে মানুষকে কালিমার দাওয়াত দিয়েছেন। সমাজের খেটে খাওয়া, অক্ষরজ্ঞান-বর্জিত, দীনহীন মানুষরা দলে দলে তাদের হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমানে দাখিল হয়েছে, তাদের কারও কাছে যুক্তিনির্ভর দলিল-প্রমাণ চাওয়া হয়নি, চাওয়া হলেও তারা জবাব দিতে পারত না। বোঝা গেল, বিশ্বাসটাই যথেষ্ট। বরং এভাবে ঈমানকে যথেষ্ট না বলে যদি দলিল-প্রমাণের উপর নির্ভশরীল বলা হয়, তবে রাসুলুল্লাহ (সা.)-এর পুরো নবুওতি জীবনকে গলত বলতে হবে, দলিল-প্রমাণ ছাড়া মানুষকে মুমিন সাব্যস্ত করাকে ভুল বলতে হবে। এটা তো সুস্পষ্ট বিচ্যুতি।

প্রশ্ন হলো, তাহলে আশআরি উলামায়ে কেরামের ব্যাপারে কী বক্তব্য? তাদের ব্যাপারেও কি মুতাযিলাদের ব্যাপারে লেখা উপরের কথাগুলো প্রযোজ্য? বিষয়টি ব্যাখ্যাসাপেক্ষ। মুতাকাল্লিমদের মধ্য থেকে একদল আলেম মুতাযিলাদের পথ অনসরণ করেছেন। তারাও আকলের ব্যাপারে বাড়াবাড়িতে লিপ্ত হয়ে আকলকেই সবকিছুর মূল ধরেছেন। কুরআন-সুন্নাহের পরিবর্তে তর্কশাস্ত্রকে আকিদার ভিত্তি বানিয়ে ফেলেছেন। ফলে কালামশাস্ত্রের আলোকে দলিল-প্রমাণের মাধ্যমে কেউ ইমান না আনলে তার ঈমানকে প্রত্যাখ্যান করেছেন, তাকে কাফের বলেছেন। তাদের ব্যাপারে উপরের কথাই প্রযোজ্য।

এ কারণে খোদ মুহাক্কিক আশআরিগণ তাদের সমালোচনা করেছেন। শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে সিমনানি থেকে বর্ণনা করেন, 'এটা মুতাযিলাদের মতাদর্শ। দুঃখজনকভাবে আমাদের মাযহাবে রয়ে গেছে। আল্লাহর কাছে পানাহ চাই।'⁴⁸⁹ হুজ্জাতুল ইসলাম গাযালি এই মতাদর্শের সমালোচনা করে লিখেছেন, 'এক সম্প্রদায় বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করেছে। তারা মুসলিম আমজনতাকে কাফের সাব্যস্ত করেছে। তাদের ধারণা, যে ব্যক্তি তাদের লেখা দলিলসহ আকিদা শিখবে না, সে কাফের! এভাবে তারা আল্লাহর বিস্তৃত রহমতকে সংকীর্ণ করে ফেলেছে। আল্লাহর জান্নাতকে কেবল একদল ক্ষুদ্র মুতাকাল্লিমের জন্য সীমাবদ্ধ করে ফেলেছে।⁴⁹⁰ ইমামুল হারামাইন জুয়াইনি লিখেন, 'আহলে সুন্নাতের সাধারণ মানুষের ঈমান বিশুদ্ধ। এর জন্য দলিল-প্রমাণ দরকার নেই। কেবল সাধারণ মানুষ কেন, যারা ইমাম হিসেবে পরিচিত, তাদের জিজ্ঞাসা করা হলেও একটি মাসআলার দলিল দিতে গিয়ে পেরেশান হয়ে পড়বে। বোঝা গেল, সাধারণ মানুষের আকিদা দলিল-প্রমাণভিত্তিক নয়, বরং হৃদয়ের গভীরে প্রোথিত বিশ্বাস। আল্লাহ তায়ালা মানুষকে তাঁর স্বরূপ জানার নির্দেশ দেননি। এ কারণেই আমাদের সালাফে সালেহিন দলিলের পিছনে পড়েননি। বরং মজবুত বিশ্বাস, শাহাদাত (সাক্ষ্য) ও আমলই যথেষ্ট ছিল (অর্থাৎ ঈমানের তিনটি রুকন : অন্তরের সত্যায়ন, মুখের স্বীকৃতি এবং অঙ্গপ্রত্যঙ্গের আমল)। যে ব্যক্তি এই আকিদার উপর অটল থাকবে, সে মুক্তি পাবে, সাফল্য লাভ করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যার সর্বশেষ কথা হবে 'লা ইলাহা ইল্লাল্লাহ', সে জান্নাতে প্রবেশ করবে। কারণ, পৃথিবীতে গবেষণা করতে পারে এমন মানুষ কম। সাধারণভাবে বিশ্বাসী মানুষ বেশি।⁴৯¹

মুতাযিলা-প্রভাবিত মুতাকাল্লিমদের বিপরীতে আহলে সুন্নাতের মুতাকাল্লিমগণের বক্তব্য মুতাযিলাদের বক্তব্য থেকে ভিন্ন। তাদের বক্তব্য আর মুতাযিলাদের বক্তব্যের মাঝে একটা মৌলিক পার্থক্য আছে। অনেকে সেটা ধরতে না পারার কারণে তাদেরও মুতাযিলাদের সঙ্গে একত্রে ফেলে বিচার করেছেন; অথচ এটা সঠিক নয়। সে পার্থক্য হলো দলিল-প্রমাণের ধরন ও প্রকৃতি। মুতাযিলারা মুকাল্লিদের ঈমানকে একবাক্যে নাকচ করে দেয়। কালামি ও ফালসাফি স্টাইলে দলিল-প্রমাণের শর্ত করে। বিপরীতে আহলে সুন্নাতের মুতাকাল্লিমগণ শাস্ত্রীয় দলিল-প্রমাণের মাধ্যমে ঈমান আনার শর্ত করেন না, বরং আল্লাহ যে বিবেক-বুদ্ধি দিয়েছেন, সেটার ন্যূনতম ব্যবহারপূর্বক যেসব বিষয়ে ঈমান আনছে, সেগুলোকে ন্যূনতম পর্যায়ে পরখ করা, সত্য ও মিথ্যার সর্বনিম্ন পার্থক্য ধরতে পারার শর্ত করেন, আমরা যেটাকে 'ফিতরতি' প্রমাণ হিসেবে আখ্যা দিতে পারি, যেটুকু পার্থক্য ছাড়া মানুষকে 'বুদ্ধিমান' এবং সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আখ্যা দেওয়া যায় না।⁴⁹²

সুবকি বলেন, 'আশআরিদের মতেও মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ। তারা এক্ষেত্রে যে দলিল-প্রমাণ এবং যুক্তিসহ চিন্তাভাবনার শর্ত দেন, সেটা ঈমান আনার মধ্য দিয়ে অর্জিত হয়ে যায়। '⁴৯৩ অর্থাৎ, একজন মানুষ কালিমা পড়ার সময় স্বতঃস্ফূর্তভাবেই অনুভব করে যে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। পৃথিবীতে দুজন সৃষ্টিকর্তা ও প্রতিপালক থাকা সম্ভব নয়। এই যে স্বতঃস্ফূর্ত অনুভব এবং সুস্থ বিবেকের সাক্ষ্য, এটুকুই দলিল-প্রমাণ হিসেবে যথেষ্ট। এমন ব্যক্তির শাহাদাত ও ঈমান গ্রহণযোগ্য। কিন্তু কেউ যদি কালিমা পড়ার সময় কী পড়ছে সেদিকে ভ্রুক্ষেপ না করে, তাওহিদের সাক্ষ্য দেওয়ার সময় তাওহিদের মর্ম ও তাৎপর্য সম্পর্কে তাঁর কোনো ধারণাই না থাকে, ইসলাম অন্যান্য ধর্ম থেকে আলাদা নাকি ইসলাম অন্যান্য ধর্মের মতোই একটা ধর্ম—এ ব্যাপারে তাঁর বিন্দুমাত্র জানাশোনা কিংবা আগ্রহ না থাকে, এক কথায়, ইসলাম সম্পর্কে তাঁর হৃদয় ও মন বিলকুল গাফেল ও ভ্রুক্ষেপহীন থাকে, এমন ব্যক্তির ঈমান গ্রহণযোগ্য নয়।

জামালুদ্দিন খাব্বাযি (৬৯২ হি.) লিখেন, 'হ্যাঁ, দলিল-প্রমাণ বলতে যদি ফিতরতি জ্ঞান ও প্রকৃতিগতভাবে আল্লাহর অস্তিত্বের অনুভব উদ্দেশ্য হয়, তবে সেটা ঠিক আছে।⁴৯৪ বায়াযি (১০৯৮ হি.) লিখেন, 'প্রত্যেকের জন্য দলিল-প্রমাণের স্তর তার অবস্থার প্রেক্ষিতে নির্ধারিত হবে। সবার জন্য মুতাকাল্লিমদের দলিল জানা জরুরি নয়।⁴৯৫ অর্থাৎ, যারা আলেম, তারা অন্য কারও তাকলিদ করে ভ্রুক্ষেপহীনভাবে ঈমান আনবেন না, বরং তারা জেনেবুঝে ঈমান আনবেন। বিপরীতে সাধারণ মানুষ ফিতরতিভাবে আল্লাহর অস্তিত্ব ও হক্কানিয়্যাতের অনুভব থেকে ঈমান আনবে। তাদের জন্য দলিল-প্রমাণ জানা জরুরি নয়।

কামাল ইবনুল হুমাম লিখেন, 'বিশুদ্ধ মত হলো, ঈমান সঠিক হওয়ার জন্য দলিল-প্রমাণ জানা জরুরি নয়। কারণ, সাধারণ মানুষের কাছেও দলিল-প্রমাণ থাকে। বাজার-ঘাটে কথা বলার সময় তারাও কত ধরনের দলিল পেশ করতে পারে। স্রেফ তাকলিদ কেউ করে না। তাই দলিল-প্রমাণ পরিত্যাগের কারণে কাউকে গুনাহগার বলা যাবে না।'⁴৯৬ আবু শাকুর সালেমি লিখেন, “কেউ যদি এটুকু জানে যে, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি আসমান-যমিনেরও প্রতিপালক—এটুকুতেই 'নজর' (পর্যবেক্ষণ) প্রমাণিত হবে এবং সে 'তাকলিদ'-এর সীমারেখা থেকে বাইরে চলে যাবে। অর্থাৎ, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার সৃষ্টিকর্তা কে এবং সে জবাবে বলে, 'আল্লাহ' অথবা 'আসমান ও যমিনের সৃষ্টিকর্তা', এটুকুইতেই তার ঈমান বিশুদ্ধ হবে। বিপরীতে 'মুকাল্লিদের ঈমান শুদ্ধ নয়'—এ কথার অর্থ হলো, সে ব্যক্তির ঈমান শুদ্ধ নয় যে এটুকুও জানে না যে, আল্লাহ তার ও আসমান-যমিনের সৃষ্টিকর্তা।”⁴৯৭

উক্ত বক্তব্যের মাঝে আর সংখ্যাগরিষ্ঠ আলেমদের বক্তব্যের মাঝে মৌলিক কোনো বিরোধ নেই। কারণ, যিনি কালিমা পড়ছেন, তার স্বতঃস্ফূর্তভাবেই এতটুকু জানা হয়ে যায়। আর যে কী পড়ছে সেটাই জানে না, এমন ব্যক্তির ঈমান কারও মতেই বিশুদ্ধ নয়। এটা যৌক্তিকও নয়। ঈমানের নামে তামাশা এটা। একব্যক্তি পরিবারসূত্রে মুসলমান। সে ইসলামের কিছুই বোঝে না, কিছুই জানে না। আল্লাহর উপর কেন বিশ্বাস রাখে—এ ব্যাপারে তার কোনো ধারণাই নেই। তার বাপ-দাদা রাখত, এ জন্য সেও রাখে। আহলে সুন্নাতের মুতাকাল্লিমগণ মূলত এ ধরনের তাকলিদেরই সমালোচনা করেছেন। আর এমন তাকলিদ কেবল মুতাকাল্লিমিন নয়; সকল আলেমদের কাছে প্রত্যাখ্যাত ও নিন্দাযোগ্য। ফলে গভীরে গেলে সংখ্যাগরিষ্ঠ ফকিহ ও মুহাদ্দিস আর আহলে সুন্নাতের মুতাকাল্লিমদের মাঝে মৌলিক কোনো মতবিরোধ চোখে পড়বে না।

মোটকথা, উক্ত বক্তব্য আর সালাফের বক্তব্যের মাঝে কোনো পার্থক্য নেই। কারণ, এটুকু জ্ঞান প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক এবং তা কালিমার মাঝেই বিদ্যমান। কেউ 'লা ইলাহা ইল্লাল্লাহ' পড়ল, অথচ আল্লাহ তাঁর সৃষ্টিকর্তা কিংবা তিনি সবকিছুর সৃষ্টিকর্তা এটা জানল না, তাহলে সে কী পড়ল? এমন ব্যক্তি কীসের ভিত্তিতে মুমিন গণ্য হবে? তার মাঝে আর একজন কাফেরের মাঝে ফারাক কী? তাই ইসলাম ও ঈমান সম্পর্কে তফসিলি জ্ঞান আবশ্যক নয়। নির্দিষ্ট শব্দে ইসলাম ও ঈমানের সংজ্ঞায়নও আবশ্যক নয়। কিন্তু ইসলাম সত্য অন্যান্য ধর্ম মিথ্যা, ইসলাম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম, বরং একমাত্র সত্য ও আল্লাহর মনোনীত দ্বীন—এটুকু বিশ্বাস যেকোনো কালিমা পাঠকারীর থাকতে হবে। মুখে প্রকাশ করতে পারা জরুরি নয়। ইমাম আজম থেকেও এটা বর্ণিত আছে।

টিকাঃ
৪৮৯. দেখুন: ফাতহুল বারি (১/৭০-৭১)।
৪৯০. প্রাগুক্ত (১৩/৩৪৯)।
৪৯১. আল-আকিদাহ নিযামিয়্যাহ, জুয়াইনি (২৬৭-২৬৮)।
৪৯২, দেখুন: হিদায়াতুল মুরিদ (১/২০১)। আত-তামহিদ, আবু শাকুর সালেমি (১০২)।
৪৯৩. আস-সাইফুল মাশহুর (৪১)।
৪৯৪. আল-হাদি ফি উসুলিদ্দিন (২৭৪, ২৭৯-২৮০)।
৪৯৫. ইশারাতুল মারাম (৮৪)।
৪৯৬. আল-মুসায়ারাহ (১৭৭)।
৪৯৭. দেখুন: আত-তামহিদ, আবু শাকুর সালেমি (১০০-১০১)।

📘 ইমাম আজমের আকিদা > 📄 মুকাল্লিদ কি গুনাহগার?

📄 মুকাল্লিদ কি গুনাহগার?


মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ—এটাই মুসলমানদের সকল ধারার গ্রহণযোগ্য মত। কিন্তু প্রশ্ন হলো, দলিল-প্রমাণ পরিত্যাগের কারণে সে গুনাহগার হবে কি? আশআরি ধারার আলেমগণ মনে করেন, সে গুনাহগার হবে। অধিকাংশ হানাফি মুতাকাল্লিম তাদের অনুসরণে মনে করেন, মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ হলেও সে দলিল পরিত্যাগের কারণে গুনাহগার হবে।⁴৯৮

মাইমুন নাসাফি বলেন, 'কেউ অন্তরে সত্যায়ন করলেই মুমিন গণ্য হবে। সেটা দলিলভিত্তিক হোক কিংবা দলিলবিহীন হোক। ফলে মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ। তাঁর ঈবাদত সঠিক। পরকালে সে জান্নাতি।' তবে নাসাফি দলিল-প্রমাণ পরিত্যাগের কারণে তাকে গুনাহগার ও অবাধ্য সাব্যস্ত করেন। এটাকে তিনি ইমাম আজমসহ চার ইমামের মাযহাব বলেন।⁴৯৯ সাবুনি লিখেন, 'ইমাম আবু হানিফা, সুফিয়ান সাওরি, মালেক, আওযায়ি এবং অধিকাংশ ফকিহ ও মুহিদ্দিসের বক্তব্য হলো, মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ। হ্যাঁ, (যদি কোনো যৌক্তিক কারণ ব্যতীত) ঈমানের দলিল-প্রমাণ সম্পর্কে অজ্ঞ থাকে, তবে সে অবাধ্য গণ্য হবে। এটাই সঠিক বক্তব্য।’⁵⁰⁰ রুকনুদ্দিন সমরকন্দি বলেন, 'বিশুদ্ধ মাযহাব অনুযায়ী মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ। তবে দলিল পরিত্যাগ করলে গুনাহগার হবে।⁵⁰¹ হাফিজুদ্দিন নাসাফিও মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ স্বীকার করার পরে দলিল পরিত্যাগ করার কারণে গুনাহগার আখ্যা দিয়েছেন, তাকে 'ফাসিকুল মিল্লাহ' (পাপী মুসলিম) বলেছেন। শেষে এটাকে আবু হানিফা, সুফিয়ান সাওরি, মালেক, শাফেয়ি, আওযায়ি, আহমদ ইবনে হাম্বল প্রমুখের মাযহাব বলেছেন। ⁵⁰²

যদি তারা এসব ইমামের মাযহাব বলতে স্রেফ 'মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ' অংশটুকু বোঝান, তবে তাদের বক্তব্য সঠিক। কিন্তু তারা যদি 'মুকাল্লিদ গুনাহগার' অংশটুকু বোঝান, তবে এমন দাবি সঠিক নয়, বরং ভিত্তিহীন পরিগণিত হবে। ইমাম আজম, শাফেয়ি, মালেক ও আহমদ ইবনে হাম্বলরা কখনো মুকাল্লিদকে গুনাহগার বলেননি। ইমাম আজম থেকেও এ ধরনের কোনো বক্তব্য নেই। হ্যাঁ, যদি কারও সুযোগ থাকে, তবে তাওহিদের দলিলগুলো জেনে নেওয়াই উত্তম, যাতে সন্দেহের মুখে পা ফসকে না যায়। কিন্তু মুকাল্লিদকে কালামি দলিল পরিত্যাগের কারণে গুনাহগার বলা মুতাযিলা এবং মুতাযিলা-প্রভাবিত পরবর্তী সময়ের একদল মুতাকাল্লিমের বক্তব্য। সালাফে সালেহিন এ ধরনের কোনো আকিদা রাখতেন না। প্রথম যুগের হানাফি আলেমগণও এমন বক্তব্য দেননি, যা পিছনে উল্লেখ করা হয়েছে।

কাযি সদরুল ইসলাম বাযদাবি বলেন, 'আহলে সুন্নাতের বক্তব্য হলো- মুকাল্লিদ প্রকৃত অর্থেই মুমিন। মুতাযিলাদের কাছে সে মুমিন নয়। আশআরিদের প্রতিষ্ঠিত মত অনুযায়ীও সে মুমিন। এটাই উম্মাহর অধিকাংশ মানুষের আকিদা। সাহাবায়ে কেরামের মতাদর্শ। এর বিরোধিতা করা গোমরাহি ও বিদআত। যুক্তিও তা-ই বলে। পথ চলার উদ্দেশ্য হলো গন্তব্যে পৌঁছানো। যদি কেউ গাইড নিয়ে (মুকাল্লিদ) মক্কায় পৌঁছয়, আর যদি কেউ গাইড ছাড়া (গাইরে মুকাল্লিদ) মক্কায় পৌঁছয়, দুজনেই মক্কায় পৌঁছেছে ধর্তব্য হবে। দুজনেই গন্তব্যে পৌঁছেছে। কারও সহায়তায় পৌঁছল নাকি সহায়তা ছাড়া, সেটা মুখ্য নয়। '⁵⁰³

গাযালি লিখেন, 'আল্লাহর উপর ঈমান রাখা, আল্লাহ ও রাসুলকে সত্যায়ন করা, হকের উপর দৃঢ় বিশ্বাস রাখা, ইবাদতে মগ্ন থাকাই যথেষ্ট। কেননা, নবিজি (সা.) যখন দাওয়াত নিয়ে এসেছেন, তখন মানুষের কাছ থেকে সত্যায়ন (তথা ঈমান) ছাড়া আর কিছু চাননি। এই ঈমান কারও তাকলিদ করে নাকি দলিল-প্রমাণের ভিত্তিতে, আল্লাহর রাসুল সে পার্থক্য খোঁজেননি। বরং যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে সে-ই মুমিন। এরচেয়ে বেশি কোনোকিছু নিয়ে তাকে উত্ত্যক্ত না করা চাই। দলিল খুঁজতে গেলে অনেক সময় তাদের মনের মাঝে উলটো বিভিন্ন সংশয়-সন্দেহ তৈরি হতে পারে—এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। এ কারণেই সাহাবায়ে কেরাম এসবের মাঝে প্রবেশ করেননি; দাওয়াত ও ইবাদতের মাঝে সময় কাটিয়েছেন। দ্বীন ও দুনিয়ায় মানুষের কী করে কল্যাণ হবে, সবাইকে সে পথে ডেকেছেন। ⁵⁰⁴

কাসানি লিখেছেন, 'মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ। দৃঢ়ভাবে ঈমান আনলেই সে ঈমান তার দুনিয়া ও আখেরাতের জন্য উপকারী হবে। এর জন্য আকলি দলিল নিষ্প্রয়োজন। ⁵⁰৫ খোদ হানাফি মুতাকাল্লিমিনের মাঝে জামালুদ্দিন গযনবি (৫৯৩ হি.) লিখেন, 'মুকাল্লিদের ঈমান বিশুদ্ধ। ফলে কেউ যদি আল্লাহর অস্তিত্ব, তাঁর চিরন্তনতা ও তাওহিদকে স্বীকার করে, তাঁর সকল গুণাবলি, নবি-রাসুল, আসমানি কিতাব ইত্যাদির প্রতি অনড় ও সন্দেহাতীত বিশ্বাস রাখে, তবে সে মুমিন এবং দুনিয়া ও আখেরাতের উভয় জাহানে তার ঈমান বিশুদ্ধ। আলাদা করে আকলি দলিল-প্রমাণ নিষ্প্রয়োজন। ⁵⁰৬

টিকাঃ
৪৯৮. দেখুন : শরহুল মাকাসিদ, তাফতাযানি (২/২৬৫)। লুবাবুল কালাম (৩৮)। জামেউল মুতুন, গুমুশখানভি (২৮)। শরহুল ফিকহিল আকবার, বাহাউদ্দিন যাদাহ (৩১-৩২)।
৪৯৯. দেখুন : তাবসিরাতুল আদিল্লাহ (১/১৫৪-১৫৫, ১৫৭-১৫৮)।
৫০০. আল-বিদায়াহ মিনাল কিফায়াহ (১৫৪)।
৫০১. আল-আকিদাহ আর-রুকনিয়্যাহ (পাণ্ডুলিপি) (২, ৪৫-৪৬)।
৫০২. দেখুন: আল-ইতিমাদ ফিল ইতিকাদ (৩৮৫)।
৫০৩. উসুলুদ্দিন, বাযদাবি (১৫৫)।
৫০৪. আল-ইকতিসাদ ফিল ইতিকাদ (১৯)।
৫০৫. আল মুতামাদ ফিল মুতাকাদ (১৪)।
৫০৬. উসুলুদ্দিন (২৫৯-২৬০)।

📘 ইমাম আজমের আকিদা > 📄 অধমের পর্যবেক্ষণ

📄 অধমের পর্যবেক্ষণ


সামগ্রিকভাবে মুকাল্লিদের ঈমান শুদ্ধ-অশুদ্ধ এবং মুকাল্লিদ গুনাহগার কিংবা গুনাহগার নয়—এ বিষয়ে সালাফে সালেহিন ও মুতাকাল্লিমদের মতপার্থক্য অধমের মতে শাব্দিক, তাত্ত্বিক, সংজ্ঞায়ন ও স্তর নির্ধারণের ক্ষেত্রে জটিলতাভিত্তিক। মৌলিক ও বাস্তবিক কোনো মতপার্থক্য নয়।

অর্থাৎ, অধিকাংশ মুতাকাল্লিম তাকলিদের পরিবর্তে ঈমানের জন্য পর্যবেক্ষণ (নজর) এবং যৌক্তিক পর্যালোচনার (ইসতিদলাল) যে শর্ত করেছেন, সেটা বাস্তবায়নের জন্য আলাদাভাবে কালাম কিংবা মানতিক শেখা নিষ্প্রয়োজন। বরং প্রত্যেক সচেতন ও সুস্থ মস্তিষ্কের অধিকারী কালিমা পাঠকারীর ভিতরে সেটা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান থাকে। শাহাদাহ দানের মাঝেই সেই ন্যূনতম পর্যবেক্ষণ উপস্থিত থাকে। ফলে প্রত্যেক মুমিনই সে ভিত্তিতে 'গাইরে মুকাল্লিদ' হয়ে থাকে এবং তার ঈমান বিশুদ্ধ হয়। এভাবে প্রত্যেকেই গুনাহ থেকেও বেঁচে যায়। কারণ, ফিতরতিভাবে কেউই 'মুকাল্লিদ' থাকে না। হ্যাঁ, যে ব্যক্তি ঈমানের প্রতি একেবারেই ভ্রুক্ষেপ করে না, কিংবা সুযোগ থাকা সত্ত্বেও সন্দেহের দোলাচলে দুলতে থাকে, এমন ব্যক্তির পদস্খলনের আশঙ্কা অস্বীকার করার সুযোগ নেই এবং তাকে ত্রুটিপূর্ণ মুমিন বলাও অযৌক্তিক নয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00