📄 কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির বিধান
কবিরা গুনাহে লিপ্ত মুসলিমের বিধান কী—এ ব্যাপারে মুসলিম জাতি তিন ভাগে বিভক্ত। এক. কবিরা গুনাহে লিপ্ত হলে কোনো সমস্যা নেই, শাস্তি নেই। এটা ভ্রান্ত চরমপন্থি মুরজিয়াদের বক্তব্য। দুই. কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির শাস্তি নিশ্চিত এবং চিরস্থায়ী জাহান্নাম। এটা ভ্রান্ত খারেজি ও মুতাযিলাদের বক্তব্য। তিন. ক্ষমা অথবা শাস্তি দুটোর একটারও নিশ্চয়তা দেওয়া যাবে না। এমন ব্যক্তি তাওবা করলে ক্ষমা পাবে। তাওবা ছাড়া মৃত্যুবরণ করলে আল্লাহর ইচ্ছার অধীনে থাকবে—চাইলে তিনি সাময়িক শাস্তি দেবেন, আর চাইলে ক্ষমা করে দেবেন। এটা ইমাম আজম আবু হানিফাসহ আহলে সুন্নাতের সকল আলেমের বক্তব্য এবং একমাত্র সঠিক বক্তব্য। নিচে আমরা প্রত্যেকটি মাযহাব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি।
📄 খারেজিদের মাযহাব
খারেজিদের মতে, কোনো ব্যক্তি যদি কোনো ধরনের কবিরা গুনাহে লিপ্ত হয়, তবে সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। বরং তাদের কিছু মত দেখলে বোঝা যায়, কেবল কবিরা গুনাহ নয়, আল্লাহর যেকোনো নির্দেশের অবাধ্য হলে, হোক সেটা কবিরা কিংবা সগিরা, এমন ব্যক্তি কাফের হয়ে যাবে। চিরকাল জাহান্নামে অবস্থান করবে।⁴³¹ তারা মনে করে, পবিত্র কুরআনের এ বাণী তাদের দলিল:
‘যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, তার শাস্তি হবে জাহান্নাম; সেখানে সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রুষ্ট হন। তাকে লানত করেন। তার জন্য মহা শাস্তি প্রস্তুত করেন।’ [নিসা : ৯৩]
তাদের যুক্তি হলো, আল্লাহ তায়ালা এখানে হত্যাকারী তথা কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে চিরতরে জাহান্নামে নিক্ষেপের কথা বলেছেন। আর এটা হচ্ছে কাফেরদের জন্য নির্ধারিত শাস্তি। বোঝা গেল, কবিরা গুনাহকারী কাফের।
আবুল লাইস সমরকন্দি তাদের খণ্ডনে বলেন, এটা গলত বক্তব্য, বিদআতি তাফসির। কারণ, এক. কুরআনের আয়াতের এমন তাফসির সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে-তাবেয়িন তথা উম্মাহর কেউ করেননি; বরং তাদের সকলের ঐকমত্যে এখানে হত্যা দ্বারা উদ্দেশ্য হলো হালাল মনে করা। অর্থাৎ, যদি কেউ হত্যাকে হালাল মনে করে, তবে সে কাফের হয়ে যাবে। হালাল মনে না করে হত্যা করলে কাফের হবে না। ইবনে আব্বাস রাযি.-এর মত এটাই। দুই. আয়াতের আরেকটা অর্থ হলো, এখানে 'চিরস্থায়ী' বলতে দীর্ঘ সময় বোঝানো হয়েছে। হত্যার শাস্তির ভয়াবহতা বোঝাতে এমন শব্দ ব্যবহার করা হয়েছে। চিরস্থায়ী বোঝানো উদ্দেশ্য নয়। কুরআনের এ ধরনের বর্ণনাপদ্ধতি বিভিন্ন জায়গায় রয়েছে। তিন. তা ছাড়া, কুরআনের বিভিন্ন আয়াত দেখলে স্পষ্ট হয় যে, খোদ কুরআনেও কবিরা গুনাহকারীকে কাফের না বলে ফাসেক বলা হয়েছে। যেমন—আল্লাহ তায়ালা একটি আয়াতে ইরশাদ করেন : ‘হে মুমিনগণ, যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে সেটা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে নাও।’ [হুজুরাত : ৬] এখানে ফাসেক (পাপী) বলতে মিথ্যাবাদী বোঝানো হয়েছে। অন্যকথায়, মিথ্যাবাদীকে ফাসেক বলা হয়েছে। যদি মিথ্যা বলা কুফর হতো, তবে ফাসেক না বলে কাফের বলা হতো। চার. সাহাবি মায়েয ইবনে মালেক রাযি. ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এসে স্বীকারোক্তি দেন। কবিরা গুনাহ যদি কুফর হতো, তবে নবিজি তাকে মুরতাদ হিসেবে হত্যা করতেন অথবা তাকে ঈমানে ফিরে আসতে বলতেন; অথচ এমন কিছু ঘটেনি।⁴³²
ইমাম মাতুরিদি বলেন, “আল্লাহ তায়ালা কুরআনে রাসুলুল্লাহকে নিজের জন্য এবং মুমিনদের জন্য ইস্তিগফার করতে বলেছেন। আল্লাহ বলেন, ‘সুতরাং (হে রাসুল) জেনে রাখুন, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। ক্ষমা প্রার্থনা করুন আপনার এবং মুমিন নর-নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন।’ [মুহাম্মাদ : ১৯] আবার অন্যদিকে তাকে এবং মুমিনদেরকে মুশরিকদের জন্য ইস্তিগফার করতে নিষেধ করেছেন। ‘আত্মীয়স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবি ও মুমিনদের জন্য সংগত নয় যখন সুস্পষ্ট হয়ে গেছে যে, তারা নিশ্চিতই জাহান্নামি।’ [তাওবা : ১১৩] বোঝা গেল, গুনাহগার হওয়া সত্ত্বেও মুমিনরা মুমিনই থাকে। তাদের উপর 'কুফর' শব্দ প্রয়োগ করা যায় না। এসব আয়াত খারেজি ও মুতাযিলা উভয় সম্প্রদায়ের খণ্ডন।”⁴³³
তারা আরও বিভিন্ন আয়াত দিয়ে দলিল দেয়। যেমন-আল্লাহর বাণী: ‘যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা তো তাদের উদরে অগ্নি ভক্ষণ করে। তারা অচিরেই দোযখের জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।’ [নিসা: ১০] তাদের বক্তব্য হলো, এখানে জাহান্নামে প্রবেশের কথা বলা হয়েছে, কিন্তু বের হওয়ার কথা বলা হয়নি! বোঝা গেল, তারা চিরকাল জাহান্নামে থাকবে! একইভাবে আল্লাহ তায়ালার বাণী : ‘আর যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের অবাধ্য হবে এবং আল্লাহর সীমা অতিক্রম করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সে তথায় চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি।’ [নিসা: ১৪] এখানে তো জাহান্নামে চিরস্থায়ী থাকা স্পষ্ট। সুতরাং কোনো ব্যক্তি মুমিন থাকার পরে যদি কবিরা গুনাহ করে, তাহলে সে স্থায়ীরূপে জাহান্নামে থাকবে।
আহলে সুন্নাতের বক্তব্য হলো, কোনো বিষয়ে কুরআনের কোনো একটি আয়াত দেখেই হুট করে স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে না; বরং অন্যান্য আয়াত থেকে সেটার তাফসির গ্রহণ করতে হবে। আল্লাহ তায়ালা বলেন, ‘মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে সফলকাম হও।’ [নুর: ৩১] আরও বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট খাঁটি তাওবা করো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলি মোচন করে দেবেন এবং তোমাদের দাখিল করাবেন জান্নাতে, যার পাদদেশে নদীসমূহ প্রবহমান।’ [তাহরিম : ৮] এসব আয়াতে একসঙ্গে তাদের মুমিন হিসেবে সম্বোধন করছেন, আবার তাওবা করতেও বলছেন। বোঝা গেল, গুনাহ কুফর নয়। কবিরা গুনাহের কারণে মানুষ ঈমান থেকে বের হয় না। কবিরা গুনাহের মাধ্যমে কেউ কাফের হয় না। তা ছাড়া, এসব আয়াতে কোথাও চিরস্থায়ী হওয়ার কথা নেই, বরং সর্বোচ্চ 'খুলুদ'-এর কথা আছে। আর 'খুলুদ' লম্বা সময়ের অর্থেও ব্যবহৃত হয়। চিরস্থায়ী হওয়া জরুরি নয়।⁴³⁴
হত্যার শাস্তির ব্যাপারে আহলে সুন্নাতের আকিদা হলো, যে ব্যক্তি কোনো মুমিনকে ভুলে হত্যা করে ফেলবে, তাকে 'দিয়ত' (রক্তপণ) ও কাফফারা দিতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তবে তাকেও 'কিসাস'-স্বরূপ হত্যা করা হবে। কিন্তু তাতে সে কাফের হবে না। যদি তাওবা করে মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আর যদি তাওবা ছাড়া মারা যায়, তবে আল্লাহর ইচ্ছার অধীনে থাকবে—চাইলে তিনি তাকে নিজ অনুগ্রহে ক্ষমা করে দেবেন, আর চাইলে ইনসাফপূর্বক অপরাধ অনুপাতে শাস্তি দেবেন। অতঃপর তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন। এটাই সঠিক কথা। সুতরাং কেউ যদি বলে, হত্যাকারী চিরকাল জাহান্নামে থাকবে, সে বিদআতি ও বিভ্রান্ত। কেননা, মুমিনকে হত্যার মাধ্যমে কোনো মুমিন কাফের হয় না। আর জাহান্নামে কাফের ছাড়া অন্য কেউ স্থায়ীরূপে থাকবে না।⁴³⁵
টিকাঃ
৪৩১. দেখুন: শরহুল ফিকহিল আকবার, সমরকন্দি (৫)। আত-তামহিদ, নাসাফি (১৩৪)।
৪৩২. দেখুন : শরহুল ফিকহিল আকবার, সমরকন্দি (৬)।
৪৩৩. আত-তাওহিদ (২৩৬-২৩৭)।
৪৩৪. উসুলুদ্দিন, বাযদাবি (১৩৮)।
৪৩৫. দেখুন: আস-সাওয়াদুল আজম (১৩)।
📄 মুতাযিলা ও কাদারিয়্যাহদের মাযহাব
মুতাযিলা ও কাদারিয়্যাহদের মতে, কবিরা গুনাহকারী ঈমান থেকে বেরিয়ে যাবে, কিন্তু কুফরের মাঝে প্রবেশ করবে না; বরং ঈমান ও কুফরের মাঝামাঝি অবস্থান করবে। তাদের কেউ কেউ এমন ব্যক্তিকে মুনাফিকও সাব্যস্ত করেছে। যদি মৃত্যুর আগে তাওবা করে ঈমানে প্রবেশ করে, তবে বেঁচে যাবে। আর যদি তাওবা ছাড়া মৃত্যুবরণ করে, তবে পরকালে চিরস্থায়ীরূপে জাহান্নামে থাকবে। আল্লাহর জন্য তাকে ক্ষমা করা বৈধ হবে না! তবে তাদের শাস্তি অবাধ্য মুমিনদের মতো হবে; কাফেরদের মতো শাস্তি হবে না। এক্ষেত্রে তারা সেসব দলিল দিয়ে তাদের মাযহাব প্রমাণিত করার চেষ্টা করে, খারেজিরা যেগুলো তাদের মাযহাবের দলিল হিসেবে পেশ করে।⁴³⁶
তারা বলে, আল্লাহ তায়ালা বলেছেন : ‘আর যে ব্যক্তি আল্লাহ ও রাসুলের অবাধ্য হবে এবং আল্লাহর সীমা অতিক্রম করবে, তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সে তথায় চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি।’ [নিসা: ১৪] নামায, রোযা, হজ, যাকাত ইত্যাদি পরিত্যাগ করা মূলত আল্লাহর সীমা লঙ্ঘন করা। আর এগুলো ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। সুতরাং বোঝা গেল, কবিরা গুনাহকারী পরকালে চিরস্থায়ী জাহান্নামে থাকবে!
তারা আরও একটি আয়াত দিয়ে দলিল দেয় : ‘যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে, তার জন্য আছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না।’ [তহা : ৭৪] এখানে অপরাধী বলতে ব্যাপক। কাফেরের সঙ্গে কবিরা গুনাহকারীও অন্তর্ভুক্ত হবে। আর এখানে তাকে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা করা হয়েছে।
সেসব দলিলই তাদের খণ্ডন খারেজিদের খণ্ডনে যেসব দলিল উপরে উল্লেখ করা হয়েছে। কারণ, পার্থিব জীবনের বিধানের ক্ষেত্রে তাদের ও খারেজিদের মাঝে সামান্য ব্যবধান থাকলেও পরকালীন পরিণতির ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের বক্তব্য এক ও অভিন্ন। আর আয়াতে 'মরবেও না বাঁচবেও না বলে' চিরস্থায়ী জাহান্নামি বোঝানো হয়নি, বরং এটা দুঃসহ জীবনের বেদনার ব্যাপারে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, জান্নাত কিংবা জাহান্নামের কেউ কখনো মরবে না এটা তো স্পষ্ট। 'বাঁচবে না' অর্থ হলো, জাহান্নামের প্রচণ্ড শাস্তির মাঝে বেঁচে থেকেও বেঁচে না থাকার মতো থাকবে। এটা এমন জীবন যাকে বেঁচে থাকা বলে না。
টিকাঃ
৪৩৬. দেখুন : শরহুল ফিকহিল আকবার, সমরকন্দি (৬)। উসুলুদ্দিন, বাযদাবি (১৩৫)। আত-তামহিদ, নাসাফি (১৩৪)। আল-কিফায়াহ, সাবুনি (৩২৫)।
📄 মুরজিয়াদের মাযহাব
মুরজিয়াদের মতে, ঈমান আনার পরে যত গুনাহই করুক, কোনো ক্ষতি নেই, ঠিক যেমন কুফর করার পরে নেক আমল করলে কোনো লাভ নেই। ফলে যতই কবিরা গুনাহ করুক, তাদের মতে, শাহাদাত পড়া থাকলে সে ব্যক্তি কামেল মুত্তাকি ও পুণ্যবান বিবেচিত হবে। আখেরাতে তার কোনো শাস্তি নেই।⁴³⁷
মুরজিয়ারা এক্ষেত্রে কুরআনের সেসব আয়াত দিয়ে দলিল দেয়, যেখানে কুফরের বিপরীতে ঈমানের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে, আল্লাহর রহমত ও ক্ষমার ঘোষণা করা হয়েছে। তাদের উল্লেখযোগ্য কিছু দলিল হলো :
‘আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ [যুমার : ৫৩] এখানে আল্লাহ তায়ালা তাওবার শর্ত দেননি; বরং এমনিতেই সকল গুনাহ ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। বোঝা গেল, তাওবা করলে যেমন গুনাহ ক্ষমা হয়, তাওবা না করলেও ক্ষমা হয়ে যায়!
‘অতঃপর কিয়ামতের দিন তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেন : আমার অংশীদাররা কোথায় যাদের ব্যাপারে তোমরা বিতর্ক করতে? যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিল তারা বলবে : নিশ্চয়ই আজকের দিনে লাঞ্ছনা ও দুর্গতি কাফেরদের জন্য।’ [নাহল : ২৭] যেহেতু লাঞ্ছনাকে কাফেরদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, আর লাঞ্ছনা মানে এখানে জাহান্নামে প্রবেশ করা—যেমনটা আল্লাহ বলেন, ‘হে আমাদের প্রতিপালক, যাকে আপনি দোযখে নিক্ষেপ করলেন, তাকে তো আপনি নিশ্চয়ই লাঞ্ছিত করলেন, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই।’ [আলে ইমরান : ১৯২] বোঝা গেল, মুমিন যত গুনাহই করুক, কোনো অসুবিধা নেই。
‘সেদিন কতক মুখ উজ্জল হবে আর কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, 'ঈমান আনয়নের পর কি তোমরা কুফরি করেছিলে? যেহেতু কুফরি করতে, সুতরাং তোমরা শাস্তি ভোগ করো।’ [আলে ইমরান: ১০৬] এখানে শাস্তিযোগ্য কেবল তাদেরই বলা হয়েছে, যারা ঈমানের পরে কুফর করবে তথা মুরতাদ হয়ে যাবে। কিন্তু গুনাহ করলে কোনো সমস্যা নেই।
খণ্ডন : বস্তুত এগুলো সব অসার যুক্তি। কুরআনের মূল রুহ ও মেযাজকে এড়িয়ে আংশিক ও কর্তিত উপস্থাপন। এভাবে পৃথিবীর যেকোনো মতবাদকে কুরআন থেকে বিশুদ্ধ প্রমাণিত করা যাবে। আর বাতিল ও বিদআতপন্থিরা মূলত সে কাজটাই করে, যেমনটা আমরা প্রথমে খারেজি, মুতাযিলা ও কাদারিয়্যাহ তিনটি সম্প্রদায়ের ক্ষেত্রেই দেখেছি।
প্রথম আয়াতে তাওবার কথা উল্লেখ করা হয়নি ঠিকই, কিন্তু ওটা মূলত তাওবাকে নাকচ নয়; বরং তাওবার সুফল হিসেবেই বলা হয়েছে। অর্থাৎ, গুনাহ করার পর খারেজি কিংবা মুতাযিলাদের মতো হতাশ হয়ে যাওয়ার কিছু নেই। তাওবা করলেই আল্লাহ ক্ষমা করে দেবেন। তাওবাও করা লাগবে না—এ ধরনের তাফসির মুসলিম উম্মাহর কোনো নির্ভরযোগ্য আলেম করেননি। হ্যাঁ, তাওবা ছাড়া মারা গেলে সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে—চাইলে তিনি তাকে শাস্তি দেবেন, চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু তাওবা করা না-করা বরাবর—এমন জঘন্য কথা ইসলামি শরিয়াহতে নেই। কাযি সদর বাযদাবি বলেন, ‘আল্লাহ এখানে ক্ষমার ঘোষণা করেছেন। কিন্তু ক্ষমা কি শাস্তির আগে করবেন নাকি শাস্তি দিয়ে ক্ষমা করবেন, সেটা বলেননি। অন্যান্য আয়াত দ্বারা বোঝা যায়, (তাওবা ছাড়া মারা গেলে) তিনি শাস্তি দিয়ে ক্ষমা করবেন। সুতরাং এ আয়াত তাদের দলিল নয়।’⁴³⁸
দ্বিতীয় আয়াতও তাদের দলিল নয়। কারণ, দ্বিতীয় আয়াতে যদিও কাফেরদের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু গুনাহগার মুমিনদের শাস্তি দেওয়া হবে না—এমন কোনো কথা বলা হয়নি। বরং কুরআনের বিভিন্ন আয়াতে গুনাহের কারণে মুমিনদের শাস্তির কথা বলা হয়েছে।
বস্তুত খারেজি ও মুরজিয়া উভয় দলের মতাদর্শ বিভ্রান্তির উপর দণ্ডায়মান। এক্ষেত্রে কুরআন-সুন্নাহ থেকে আলাদাভাবে দলিল দেওয়ার দরকার নেই। বরং তাদের এক পক্ষের দলিল সহজেই অন্য পক্ষের বিরুদ্ধে ব্যবহার করা যায়। অর্থাৎ, খারেজি ও মুরজিয়া সম্প্রদায় কবিরা গুনাহের বিধানের ক্ষেত্রে দুই প্রান্তিকতায় অবস্থিত। ফলে খারেজিদের বিরুদ্ধে মুরজিয়াদের পেশকৃত দলিলগুলো উল্লেখ করলেই তাদের খণ্ডন হয়ে যায়। আবার মুরজিয়াদের বিরুদ্ধে খারেজিদের দলিলগুলো উল্লেখ করলেই তাদের খণ্ডন হয়ে যায়। তথাপি ইমাম আজম রহ.-এর মুখে তাদের আরও খণ্ডন সামনে আসছে।
টিকাঃ
৪৩৭. দেখুন: শরহুল ফিকহিল আকবার, সমরকন্দি (৬)। আল-কিফায়াহ (৩২৫)।
৪৩৮. দেখুন : উসুলুদ্দিন, বাযদাবি (১৪৩)।