📄 কাদারিয়্যাহদের বিরুদ্ধে ইমাম
বাশশার ইবনে কিরাত বর্ণনা করেন, একবার কুফায় কাদারিয়্যাহ সম্প্রদায়ের সত্তর জন ফকিহ আগমন করেন। তারা কুফার মসজিদে তাকদির বিষয়ে কথা বলেন। আবু হানিফা রহ.-এর কাছে এ সংবাদ পৌঁছলে তিনি বলেন, ‘গোমরাহি প্রচার করতে এসেছে।’ আবু হানিফা রহ.-এর এ মন্তব্য শুনে তারা তাঁর কাছে এসে বলল, আমরা আপনার সঙ্গে মুনাযারা করতে চাই। তিনি বললেন, ‘কী বিষয়ে?’ তারা বলল, তাকদির বিষয়ে। ইমাম বললেন, ‘তোমরা কি জানো তাকদিরের দিকে তাকানো কিয়ামতের সূর্যের দিকে তাকানোর মতো—যতই সেদিকে তাকাবে, ততই অস্থিরতা বাড়বে?’ তারা (কৌশলের আশ্রয় নিয়ে) বলল, তাহলে আল্লাহর ফয়সালা ও ইনসাফ (কাযা ও আদল) নিয়ে বিতর্ক করব। ইমাম বললেন, ‘ঠিক আছে, আল্লাহর নামে শুরু করো।’
কাদারিয়্যাহ সম্প্রদায় : কোনো মানুষের আল্লাহর দুনিয়ায় তাঁর ফয়সালার বাইরে কিছু করার সাধ্য আছে? (তাহলে কাফেরদের দোষ কী?)
ইমাম : না। তবে ফয়সালা দুই প্রকার। একটা হলো ওহির নির্দেশ তথা অপার্থিব, আরেকটা হলো পার্থিব। পার্থিব নির্দেশ চূড়ান্তরূপে বাস্তবায়িত হয়। বিপরীতে ওহির নির্দেশ। এখানেও আল্লাহর ফয়সালা আছে (কিন্তু তিনি এক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেন)। ফলে তিনি কাফেরদের বিরুদ্ধে কুফরের ফয়সালা করেন, কিন্তু সেটার নির্দেশ দেন না; বরং উলটো নিষেধ করেন (ফলে মানুষ নিজ ইচ্ছামতো ঈমান ও কুফর বেছে নিতে পারে)।
কাদারিয়্যাহ সম্প্রদায় : আল্লাহর নির্দেশ কি তাঁর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি সাংঘর্ষিক?
ইমাম : আল্লাহর নির্দেশ তাঁর ইচ্ছার অন্তর্ভুক্ত। কিন্তু ইচ্ছা নির্দেশের অন্তর্ভুক্ত নয় (অর্থাৎ, যখন নির্দেশ দেন, তখন নিজের ইচ্ছাতেই দেন। কিন্তু নির্দেশ দিলেই সেটা বাস্তবায়নের ইচ্ছা করবেন, সেটা জরুরি নয়। ফলে নির্দেশ দেওয়ার পরও কোনোটা বাস্তবায়িত নাও হতে পারে)। যেমন-ইবরাহিম আ.-এর ব্যাপারে আল্লাহর বক্তব্য : ﴿فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَبُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَابَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّبِرِينَ﴾ অর্থ : “এরপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইবরাহিম বলল, ‘বৎস, আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবাই করছি। এখন তোমার অভিমত কী, বলো।’ সে বলল, ‘হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন’।” [সাফফাত : ১০২] এখানে না চাইলেও ধৈর্যশীল হবেন এমন কথা বলেননি। কারণ, এটা তাঁর নির্দেশ (আর ইচ্ছা নির্দেশের অন্তর্ভুক্ত নয়)। যেহেতু তার যবাই হওয়া আল্লাহর ইচ্ছা ছিল না, তাই তাকে যবাই হতে হয়নি।
কাদারিয়্যাহ সম্প্রদায় : ইহুদি ও খ্রিষ্টানদের ব্যাপারে আল্লাহ বলেছেন, وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرُ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَرَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُنَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِن قَبْلُ قَتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মসিহ আল্লাহর পুত্র। এটা তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন। কোন উলটো পথে যাচ্ছে তারা?’ [তাওবা : ৩০] আল্লাহ কি নিজের ব্যাপারে চেয়েছেন যে, তাকে গালি দেওয়া হবে অথবা তার জন্য স্ত্রী ও সন্তান নির্ধারণ করা হবে?
ইমাম : আল্লাহ নিজের উপর কোনো ফয়সালা করেন না, বরং বান্দাদের উপর ফয়সালা করেন। নিজের উপর ফয়সালা করলে তিনি নিজেও তাকদিরের ভিতরে পড়ে যান (অর্থাৎ, ইহুদি ও খ্রিষ্টানরা নিজেদের জন্য আল্লাহর সমালোচনাকে বেছে নিয়েছে, তখন আল্লাহ তাদের ব্যাপারে উক্ত ফয়সালা দিয়েছেন, অর্থাৎ সমালোচনার সুযোগ ও ক্ষমতা দিয়েছেন। নিজ থেকে নিজের বিরুদ্ধে তাদের সমালোচনার নির্দেশ ও তৌফিক দিয়েছেন-এমন নয়)।
কাদারিয়্যাহ সম্প্রদায় : আল্লাহ যখন কোনো বান্দার কাছ থেকে কুফর চান, তিনি কি তার প্রতি ইনসাফ করলেন, নাকি জুলুম করলেন?
ইমাম : নির্দেশের বিরোধিতার নাম জুলুম। আল্লাহ এটা থেকে পবিত্র। কারণ, তিনি বান্দাদের জানিয়ে দিয়েছেন যে, তিনি তাদের কাছ থেকে ঈমান চান (অর্থাৎ, আল্লাহ বান্দাদের থেকে ঈমান চান, তাদের ঈমানের নির্দেশ দেন। ফলে আল্লাহ ইনসাফগার। বিপরীতে মানুষ নিজে কুফর বেছে নিয়ে আল্লাহর নির্দেশের বিরোধিতা করে। ফলে মানুষ নিজে জালেম)।
কাদারিয়্যাহ সম্প্রদায় : আবু হানিফা, আপনি কি মুমিন?
ইমাম : আলবত।
কাদারিয়্যাহ সম্প্রদায় : আপনি কি আল্লাহর কাছেও মুমিন?
ইমাম : তোমরা কি আমার জানার থাকা কথা জানতে চাইছ, নাকি আল্লাহর কাছে যেটা আছে সেটা?
কাদারিয়্যাহ সম্প্রদায় : আপনার যেটা জানা সেটা বলুন, আল্লাহরটা না।
ইমাম : আমি যেটা জানি সেটা হলো আমি মুমিন। আল্লাহর কাছে কী আছে সেটা আমার জানা দরকার নেই (অর্থাৎ, পরিণতির ব্যাপারে আল্লাহর প্রতি সদিচ্ছা রেখে নিজের দায়িত্ব নিজে পালন করে যাওয়া মুমিনের কাজ)।
কাদারিয়্যাহ সম্প্রদায় : আবু হানিফা, কত দিন পর্যন্ত মানুষকে গোমরাহ করতে থাকবেন?
ইমাম : গোমরাহ তিনিই করতে পারেন, যিনি হেদায়াত দিতে পারেন। আর আল্লাহ যাকে ইচ্ছা হেদায়াত দেন, যাকে ইচ্ছা গোমরাহ করেন।
আলি ইবনে হারমালা এবং ইমামপুত্র হাম্মাদ বর্ণনা করেন, (কাদারিয়্যাত সম্প্রদায়ের নেতা) গায়লান দিমাশকির এক শাগরেদ শাম থেকে কুফায় এলেন। তার উদ্দেশ্য ছিল আবু হানিফা রহ.-এর সঙ্গে তাকদির বিষয়ে বিতর্ক করা। ইমাম তাকে বললেন, তোমার প্রশ্ন উত্থাপন করো।
আগন্তুক বললেন : আল্লাহ তায়ালা ফিরাউনের জন্য কী চেয়েছেন?
ইমাম : আল্লাহ তার জন্য কুফর চেয়েছেন।
আগন্তুক : ইবলিস ফিরাউনের জন্য কী চেয়েছে?
ইমাম : ইবলিস তার জন্য কুফর চেয়েছে।
আগন্তুক : ফিরাউন নিজের জন্য কী চেয়েছে?
ইমাম : সে নিজের জন্য কুফর চেয়েছে।
আগন্তুক : মুসা আ. ফিরাউনের জন্য কী চেয়েছেন?
ইমাম : মুসা আ. তার জন্য ঈমান চেয়েছেন।
আগন্তুক : তাহলে কি মুসার চাওয়া আল্লাহর চাওয়ার সঙ্গে সাংঘর্ষিক, আর ইবলিসের চাওয়া আল্লাহর চাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল না? কারণ, আল্লাহ কুফর চেয়েছেন, ইবলিসও কুফর চেয়েছে; অথচ মুসা আল্লাহর চাওয়ার বিরুদ্ধে গিয়ে তার জন্য ঈমান চেয়েছেন!
ইমাম : না। কারণ, আল্লাহ ফিরাউনের জন্য কুফর চেয়েছেন। ইবলিসের জন্য চেয়েছেন সে যেন ফিরাউনের জন্য কুফর চায়। ফিরাউনের জন্য চেয়েছেন সে যেন নিজের জন্য কুফর চায়। আর মুসার জন্য চেয়েছেন তিনি যেন ফিরাউনের জন্য ঈমান চান। ফলে ইবলিসের চাওয়া, ফিরাউনের চাওয়া এবং মুসার চাওয়া- সবগুলো আল্লাহর চাওয়ার অধীনে।
আগন্তুক : (ইমামের জবাব শুনে হতভম্ব হয়ে) আল্লাহ মুসলমানদের জন্য আপনাকে দীর্ঘজীবী করুন। আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমার অতীতের বক্তব্য থেকে তাওবা করছি। কিন্তু আমার প্রকৃত তাওবা কীভাবে হবে? ইমাম বললেন, ‘তোমার তাওবা হলো, শামে ফিরে গিয়ে যাদের এতদিন বিভ্রান্ত করেছ, তাদের হেদায়াতের পথে ফিরিয়ে আনবে।’ তখন লোকটি তাওবা করে শামে ফিরে গেল। সেখানকার বিভ্রান্ত লোকদের মাঝে দাওয়াত ও মুনাযারার কাজ করতে লাগল। একসময় অনেক লোক তার হাত ধরে সুন্নাহর পথে ফিরে এলো।
টিকাঃ
৭৬. আল-ইনতিকা (৩১৫-৩১৭)।
৭৭. আল-ইতিকাদ, নিশাপুরি (১২২)। তালখিসুল আদিল্লাহ (৭৪৩-৭৪৪)। কাদারিয়্যাহ সম্প্রদায় মূলত আল্লাহ কর্তৃক মানুষের জন্য নির্ধারিত তাকদিরকে অস্বীকার করত। ফলে ইমাম তাদের এভাবে জবাব দিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা তাকদিরের উপর ঈমান অধ্যায়ে দেখুন।
📄 মুতারিলাদের বিরুদ্ধে ইমাম
মুতাযিলাদের বিভিন্ন সংশয় ও বিভ্রান্তি নিরসনেও ইমামের ভূমিকা ছিল সরব। তাদের সঙ্গে তিনি মুনাযারা করতেন, তাদের খণ্ডন করতেন। একবার মুতাযিলা ফিরকার প্রতিষ্ঠাতা আমর ইবনে উবাইদ ইমাম আজম রহ.-এর কাছে এসে প্রশ্ন করল :
আমর : মানুষের কর্মের ব্যাপারে আপনার বক্তব্য কী?
ইমাম : আল্লাহর সৃষ্টি, বান্দার কামাই।
আমর : তাহলে বান্দা যা করে না, আল্লাহ সেটা সৃষ্টি করেন না?
ইমাম : এভাবে বলা যাবে না; বরং এভাবে বলতে হবে—আল্লাহ সৃষ্টি করেন, বান্দা কর্ম করে। কারণ, আল্লাহ মানুষের কর্মেরও সৃষ্টিকর্তা।
আমর : এটা তো যৌক্তিক কথা হলো না।
ইমাম : বরং এটাই যৌক্তিক। কুরআনে আল্লাহ তায়ালা সৃষ্টির মৃত্যুদানকে কখনো নিজের দিকে সম্পৃক্ত করেছেন, তিনি বলেন, ﴿اللَّهُ يَتَوَفَّى الْأَنفُسَ حِينَ مَوْتِهَا ﴾ অর্থ : ‘আল্লাহই প্রাণ হরণ করেন জীবসমূহের তাদের মৃত্যুর সময়।’ [যুমার : ৪২] কখনো একজন মৃত্যুর ফেরেশতার দিকে সম্পৃক্ত করেছেন : ﴿ قُلْ يَتَوَفَّكُمْ ﴾ مَلَكُ الْمَوْতِ الَّذِي وُكَّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُوْনَ অর্থ: ‘বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে।’ [সাজদা : ১১] আবার কখনো একাধিক ফেরেশতার দিকে সম্পৃক্ত করেছেন: ﴿ وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ، وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْত تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ ) তিনি স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী, আর তিনিই তোমাদের জন্য রক্ষক প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারও মৃত্যু উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায়, আর তারা কোনো ত্রুটি করে না।’ [আনআম: ৬১] এই সম্পৃক্ততা দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে। একইভাবে আল্লাহ তায়ালা অন্য আয়াতে বলেন, ﴿ فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى) হত্যা করোনি, আল্লাহই তাদের হত্যা করেছেন। (হে রাসুল) আপনি যখন নিক্ষেপ করেছিলেন, তখন আপনি নিক্ষেপ করেননি, আল্লাহই নিক্ষেপ করেছিলেন।’ [আনফাল : ১৭] এখানেও আল্লাহ তায়ালা হত্যাকে কখনো নিজের দিকে সম্পৃক্ত করেছেন। এটা সৃষ্টি হিসেবে। কিন্তু মূল কাজ মানুষই করেছে। একইভাবে নিক্ষেপটা সৃষ্টি হিসেবে নিজের দিকে সম্পৃক্ত করেছেন। নতুবা এটা করেছেন রাসুলুল্লাহ নিজেই। আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। সুতরাং যে আল্লাহর গুণকে সৃষ্টির উপর প্রয়োগ করল, সে যেন আল্লাহর সঙ্গে শিরক করল! পৃথিবীতে অসংখ্য উপাস্য বানাল!
ইমামের এ কথা শুনে আমর নীরবে উঠে চলে গেল।
মুতাযিলাদের বিভিন্ন কুতর্কের ব্যাপারে ইমাম ব্যাপক সমালোচনা করেছেন। তাকে ‘জিসম’ (দেহ) ও ‘আরাজ’ (অমৌল; রূপ-রং) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ‘আমর ইবনে উবাইদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। সে মুসলমানদের উপর এটা নিয়ে বিতর্কের দরজা উন্মুক্ত করেছে।’
নুহ আল-জামি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হানিফাকে জিজ্ঞাসা করলাম ‘জিসম’, ‘আরাজ’ ইত্যাদি নিয়ে মানুষ যেসব নতুন কথা শুরু করেছে, সে ব্যাপারে আপনার মন্তব্য কী? তিনি বললেন, “এগুলো দার্শনিকদের কথা। ‘আসার’ তথা সুন্নাত ও সালাফের অনুসরণ করো। প্রত্যেক নবসৃষ্ট বিষয় থেকে বেঁচে থাকো। কারণ, সেগুলো বিদআত।”
টিকাঃ
৭৮. তালখিসুল আদিল্লাহ (৬৬৫-৬৬৬)।
৭৯. তাবসিরাতুল আদিল্লাহ (১/২৬১-২৬২)। শরহুল ফিকহিল আকবার, আলি কারি (৩৪-৩৫)।
৮০. যাম্মুল কালাম ওয়া আহলিহি (৫/২০৭)।
📄 শিয়াদের বিরুদ্ধে ইমাম
অন্যান্য সম্প্রদায়ের মতো শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধেও ইমাম আজম রহ. সংগ্রাম করেছেন। তাদের বিরুদ্ধে মুনাযারা করেছেন। বিশেষত কুফায় বসবাসকারী শিয়া নেতা মুহাম্মাদ ইবনে আলি আল-বাজালির সঙ্গে তিনি একাধিকবার বিতর্কে অবতীর্ণ হয়েছেন এবং তাকে পরাস্ত করে আহলে সুন্নাতের আকিদার বিজয়-নিশান উড়িয়েছেন।
শানে সাহাবার ইজ্জত-আবরু রক্ষার ক্ষেত্রেও রাফেযিদের বিরুদ্ধে ইমামের সংগ্রাম প্রসিদ্ধ। ইয়াহইয়া ইবনে নসর ইবনে হাজেব মারওয়াযি বলেন, ‘ইমাম আজম রাসুলুল্লাহর সাহাবাদের প্রতি সর্বাপেক্ষা শ্রদ্ধাশীল (মুআদ্দাব) ছিলেন। তাদের ব্যাপারে সর্বোত্তম কথা বলতেন।’ ফলে স্বাভাবিকভাবেই সাহাবিবিদ্বেষী রাফেযিদের তিনি অপছন্দ করতেন। তাদের সাহাবাবিদ্বেষী মতাদর্শকে ঘৃণা করতেন। আবদুল্লাহ ইবনুল মুবারক থেকে বর্ণিত, নুহ ইবনে আবি মারইয়াম ইমামকে জিজ্ঞাসা করলেন, আমি কার কাছ থেকে হাদিস গ্রহণ করব? তিনি বললেন, ‘প্রত্যেক ইনসাফগার সত্যে অবিচল (আদল) ব্যক্তির কাছ থেকে গ্রহণ করো। তবে রাফেযিদের কাছ থেকে গ্রহণ করো না। কেননা, তাদের মাযহাবের ভিত্তিই হচ্ছে নবিজির সাহাবাদের গোমরাহ বলা। আবু বকর ও উমরকে শ্রেষ্ঠ বলো। আলি ও উসমানকে ভালোবাসো। তাদের যে ভালো না বাসে, তার থেকে হাদিস গ্রহণ করো না।’
ইমাম রাফেযিদের খণ্ডনে আরও বলেন, ‘খাদিজাতুল কুবরার পরে আয়েশা রাযি. জগতের নারীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ। তিনি মুমিনদের মাতা (উম্মুল মুমিনিন)। ব্যভিচার থেকে পূত-পবিত্র। রাফেযিদের অপবাদ থেকে সম্পূর্ণ মুক্ত। যদি তাকে কেউ ব্যভিচারিণী বলে, তবে সে নিজে ব্যভিচারের ফসল (হারামজাদা)।’ এ বিষয়ে বিস্তারিত আলোচনা সাহাবা-সংক্রান্ত আকিদা অধ্যায়ে আসবে, ইনশাআল্লাহ।
টিকাঃ
৮১. দেখুন: মিনহাজুস সুন্নাহ (৮/১৯৮)।
৮২. আল-ইতিকাদ, নিশাপুরি (১৫৭)।
৮৩. প্রাগুক্ত (১৫৮)।
৮৪. আল-ওয়াসিয়্যাহ (৬১)।
📄 মুরজিয়াদের বিরুদ্ধে ইমাম
অন্যান্য সম্প্রদায়ের মতো ভ্রান্ত মুরজিয়াদের বিরুদ্ধেও ইমাম সংগ্রাম করেছেন। মুনাযারা ও বিতর্ক করে তাদের ভ্রান্তি উন্মোচিত করেছেন। বিভিন্ন সময় তাদের ভ্রান্ত আকিদা খণ্ডন করেছেন। ঈমানের প্রশ্নে জাহমিয়্যাহ সম্প্রদায় মুরজিয়া। ফলে তাদের বিরুদ্ধে সংগ্রাম মূলত মুরজিয়াদের বিরুদ্ধেই সংগ্রাম। এ ছাড়াও ইমাম আজম তাঁর আকিদাবিষয়ক গ্রন্থগুলোতে ঈমান ও ইরজা, ঈমান ও আমল ইত্যাদি সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে মুরজিয়াদের নানান ধারার সকল ভ্রান্তি খণ্ডনপূর্বক এ ব্যাপারে আহলে সুন্নাতের বিশুদ্ধ আকিদা প্রতিষ্ঠা করেছেন।
ইমাম আজম রহ. একদিন কুফার মসজিদে ছিলেন। তখন একব্যক্তি তার কাছে এসে বলল, আপনি কি মুরজিয়া? ইমাম আবু হানিফা বললেন, “আমি আল্লাহর ‘রাজি’ (আশাবাদী)। আল্লাহ তায়ালা কুরআনেও জানিয়েছেন তাঁর বান্দাদের মাঝে কিছু ‘মুরজাআ’ (যাদের পরিণতি স্থগিত/আল্লাহর কাছে সমর্পিত) আছে। আল্লাহ বলেন, وَءَاخَرُونَ مُرْجَوْنَ لِأَمْرِ اللَّهِ إِمَّا يُعَذِّبُهُمْ وَإِمَّا يَتُوبُ عَلَيْهِمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ , ‘আল্লাহর আদেশের প্রতীক্ষায় অন্য কিছু লোকের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত থাকল। তিনি তাদের শাস্তি দেবেন অথবা ক্ষমা করবেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।' [তাওবা : ১০৬] আল্লাহ চাইলে তাদের গুনাহের কারণে তাদের শাস্তি দিতে পারেন। আবার চাইলে নিজ অনুগ্রহে ক্ষমা করতে পারেন। সুতরাং আমি যদি আল্লাহর গুনাহগার বান্দাদের পরিণতি তাদের সৃষ্টিকর্তার হাতে ‘ইরজা করি’ (সঁপে দিই), তবে আমাকে নিষেধ করো না (মুরজিয়া বলো না)। কারণ, স্বয়ং আল্লাহ তাদের ক্ষমার ঘোষণা করেছেন, وَمَا أَصَبَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُوا عَن كَثِيرٍ , অর্থ : ‘তোমাদের উপর যেসব বিপদাপদ পতিত হয়, সেগুলো তোমাদের কর্মের ফল। উপরন্তু তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন'।” [শুরা : ৩০]
আগন্তুক : খুনি ও ব্যভিচারীর ব্যাপারে আপনার মত কী? আল্লাহ কি তাকে জাহান্নামের শাস্তি দেবেন না?
ইমাম : যদি তারা আল্লাহ ও তাঁর রাসুলকে মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস করে, পরকাল, পুনরুত্থান এবং গায়েবের প্রতি ঈমান রাখে, তবে তারা জাহান্নামে চিরস্থায়ী হবে—এমন কথা বৈধ নয়। আল্লাহ চাইলে তাদের অপরাধ পরিমাণ শাস্তি দিতে পারেন; চাইলে একেবারেই শাস্তি না দিয়ে ক্ষমা করে দিতে পারেন।
আগন্তুক : চিরস্থায়ী শাস্তি দিতে কী সমস্যা?
ইমাম : কারণ, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, 'যার অন্তরে এক দানা পরিমাণ ঈমান রয়েছে, তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে।' রাসুলুল্লাহ (ﷺ) আরও বলেছেন, 'আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার পরে আমার শাফায়াতের মাধ্যমে একদল মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে।'
টিকাঃ
৮৫. আল-ইতিকাদ, নিশাপুরি (১৪৮-১৪৯)।