📄 আহলে সুন্নাতের পরিচয়
ইজমালি তথা সংক্ষিপ্ত ঈমানের ব্যাপারে গোটা মুসলিম উম্মাহ একমত। ফলে ঈমানের ছয়টি রুকন (আল্লাহ, ফেরেশতা, নবি-রাসুল, আসমানি কিতাব, আখেরাত ও তাকদির) বিষয়ে সামগ্রিকভাবে সকল মুসলিম ঈমান রাখে। কেউ এগুলোর কোনোটা সরাসরি নাকচ করলে সে মুমিনই থাকবে না। ফলে এগুলোর উপর ঈমান আনার আবশ্যকতার ক্ষেত্রে গোটা মুসলিম উম্মাহর মাঝে দ্বিমত নেই। কিন্তু এসব বিষয়ের যখন তফসিলি ব্যাখ্যার কথা আসে, তখনই জটিলতা তৈরি হয়। কারণ, এগুলোর বিস্তারিত আলোচনা করতে গিয়েই মুসলিম উম্মাহর মাঝে চরম মতভেদ-মতবিরোধ, বিবাদ ও দ্বন্দ্ব-সংঘাত তৈরি হয়েছে। মুসলিম উম্মাহর অন্তর্গত অনেক ফিরকা বিভ্রান্তির শিকার হয়েছে। ফলে আমরা দেখব :
ঈমানের প্রশ্নে বেশকিছু সম্প্রদায় বিভ্রান্ত হয়েছে। কেউ কেউ ঈমানকে স্রেফ জানার নাম দিয়েছে। কেউ বিপরীতে ঈমানকে স্রেফ মুখের স্বীকৃতি আখ্যা দিয়েছে। কেউ কোনো গুনাহ করলেই সঙ্গে সঙ্গে তাকে মুমিনদের তালিকা থেকে ফেলে দিয়ে কাফের বানিয়ে দিয়েছে। কেউ আবার বলেছে, যত গুনাহই করুক, যত অপরাধে জড়াক, কালিমা পড়লেই সে খাঁটি মুমিন গণ্য হবে! কুফর বিষয়টা তারা সম্পূর্ণ ভুলেই গেছে।
আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে বিশাল একদল লোক গোমরাহ হয়ে গিয়েছে। কেউ আল্লাহকে সৃষ্টির মতো বানিয়ে ফেলেছে; আবার কেউ তাঁর সকল গুণ নাকচ করে তাকে ‘অস্তিত্বহীন’ (মাদুম) করে দিয়েছে। আরেক দল তাঁর উপর এমন অনেক শব্দ প্রয়োগ করেছে, তাঁর শানে এমন আকিদা ও বিশ্বাস রেখেছে, যেগুলো তাঁর জন্য শোভনীয় নয়। কেউ আল্লাহর তাওহিদ জানতে না পেরে শিরকে লিপ্ত হয়েছে, কেউ সুন্নাহ চিনতে না পেরে বিদআতে ডুবে গেছে।
ফেরেশতার ক্ষেত্রে নানান সম্প্রদায় নানা প্রকারের বিচ্যুতির শিকার হয়েছে; নবি-রাসুলদের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে। নবিদের মুজিযা অস্বীকার করেছে। ওলিদের নবি-রাসুলের চেয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আরেক দল নবিদের দার্শনিক মনে করেছে। নবিদের সহচর তথা সাহাবাদের ক্ষেত্রে বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে—একজনকে ভালোবেসে আরেকজনকে শত্রু বানিয়ে ফেলেছে।
আসমানি কিতাবের ক্ষেত্রে কেউ কেউ বিভ্রান্ত হয়েছে। আল্লাহর কুরআন, যা তাঁর সিফাত বা গুণ, সেটাকে সৃষ্টি বানিয়ে দিয়েছে। আল্লাহর ‘কালাম’ (কথা) সিফাত নিয়ে উম্মাহ শতাব্দের পর শতাব্দ সংক্ষুব্ধ ও শতধাবিভক্ত থেকেছে, আজও আছে।
পরকালসম্পৃক্ত অনেক বিষয় বিভিন্ন ফিরকা অস্বীকার করেছে। কবরের শাস্তি, দৈহিক পুনরুত্থান, মিযান (দাঁড়িপাল্লা), হিসাব, হাউযে কাউসার, পুলসিরাত, আল্লাহর দিদার—এ সবকিছু অস্বীকার করেছে কিংবা নিদেনপক্ষে অপব্যাখ্যা করেছে। অনেকে জান্নাত-জাহান্নামের বর্তমানে বিদ্যমান থাকা এবং এগুলোর সৃষ্টি হওয়াকে অস্বীকার করেছে। কেউ কেউ জাহান্নামকে অস্থায়ী ও ধ্বংসশীল বলেছে।
তাকদিরের ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত্রির শিকার হয়েছে—একদল মানুষকে পূর্ণ স্বাধীন স্বীকৃতি দিয়ে তাকদির অস্বীকার করেছে; আরেক দল মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাকদিরের ক্ষেত্রে বাড়াবাড়ি করে মানুষকে মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মতো বানিয়ে ফেলেছে, যা বাতাসের সঙ্গে ভেসে বেড়ায়, যার নিজের নড়াচড়ার কোনো ক্ষমতা নেই।
এভাবে দ্বীনের প্রত্যেকটি মাসআলায় কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে। বিভিন্নমুখী প্রান্তিক সম্প্রদায়ের উদ্ভব ঘটেছে, যারা কেউ একেবারে ডানে আবার কেউ একেবারে বামে চলে গেছে; মাঝামাঝি থাকেনি। যেহেতু আল্লাহ তায়ালা এ সবকিছু জানতেন, এ জন্য কুরআনে আমরা দেখব বারবার মধ্যপথ থেকে সরে ডানে-বামে চলে যেতে আল্লাহ নিষেধ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসুলুল্লাহ(ﷺ) একদিন মাটিতে একটি সোজা দাগ দিলেন। বললেন, এটা আল্লাহর পথ। অতঃপর সেটার ডানে ও বামে অনেকগুলো দাগ দিলেন। বললেন, এগুলোর প্রত্যেকটি পথের উপর শয়তান দাঁড়িয়ে ডাকছে। অতঃপর তিনি তেলাওয়াত করলেন,
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُم عَن سَبِيلِهِ ذَلِكُمْ وَضَّكُم بِهِ، لَعَلَّكُمْ تَتَّقُونَ অর্থ : ‘আর এ পথই আমার সরল পথ। সুতরাং তোমরা এরই অনুসরণ করো। অন্য পথগুলোতে যেয়ো না। গেলে তা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দেন, যাতে তোমরা আল্লাহভীরু হও।’ [আনআম : ১৫৩]
আকিদাকে কেন্দ্র করে যে মুসলিম উম্মাহর মাঝে অসংখ্য ফিরকার জন্ম হবে সেটা রাসুলুল্লাহ (ﷺ) ওহির মাধ্যমে আগেই জেনেছেন। ফলে তিনি সাহাবাদের এ ব্যাপারে বারবার সতর্ক করেছেন। পরবর্তী উম্মাহর জন্য নসিহত রেখে গিয়েছেন। কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। ইরবাজ ইবনে সারিয়াহ রাযি. থেকে বর্ণিত, একদিন রাসুলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে নামায পড়লেন। নামায শেষে আমাদের দিকে ফিরে গুরুগম্ভীর ওয়াজ করলেন। তাতে অশ্রু প্রবাহিত হলো, হৃদয় কম্পিত হলো। কেউ বলল, হে আল্লাহর রাসুল, মনে হচ্ছে আপনি বিদায়ের ওয়াজ করলেন! আমাদের প্রতি আপনার ওসিয়ত কী? রাসুলুল্লাহ (ﷺ) বললেন, ‘আমি তোমাদের তাকওয়া ও আনুগত্যের ওসিয়ত করছি। একজন হাবশি দাসকেও তোমাদের শাসক বানানো হলে তার আনুগত্য করবে। কেননা আমার পরে তোমরা প্রচণ্ড মতভেদ দেখতে পাবে...।’
বরং তিনি কতগুলো ফিরকাতে বিভক্ত হবে সেটাও বলে গিয়েছেন। এ ব্যাপারে প্রসিদ্ধ হাদিসে এসেছে, তিনি বলেন, ‘ইহুদিরা একাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে; খ্রিষ্টানরা বাহাত্তর ফিরকায় বিভক্ত হয়েছে। আমার উম্মত তিয়াত্তর ফিরকায় বিভক্ত হবে। সবগুলো ফিরকা জাহান্নামে যাবে, কেবল একটি জান্নাতে যাবে...।’ আবু হুরাইরা থেকে হাদিসটি বর্ণনার পরে ইমাম তিরমিযি লিখেন, ‘এ হাদিসটি সাদ, আবদুল্লাহ ইবনে আমর, আউফ ইবনে মালেক-সহ বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত।’
ইমাম আজম আবু হানিফা নিজস্ব সনদে আবু হুরাইরা রাযি. সূত্রে রাসুলুল্লাহ (ﷺ)-এর এই হাদিস বর্ণনা করেন, ‘বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে। তারা সকলে জাহান্নামে। (মুক্তি পাবে) কেবল সংখ্যাগরিষ্ঠ সাধারণ মুসলমান (সাওয়াদে আজম)।’
ফলে আকিদার ক্ষেত্রে মুসলিম উম্মাহর শতধাবিভক্ত হওয়া কুরআন ও সুন্নাহর মাধ্যমে প্রমাণিত। বিভিন্ন ভ্রান্ত ফিরকার আবির্ভাব সুন্নাহ দ্বারা সুস্পষ্ট ও সন্দেহাতীতভাবে সাব্যস্ত। এ কারণে কেবল ‘আমি ইসলামি আকিদা’ মানি অথবা ‘আমি মুসলিম’ এটুকুই যথেষ্ট নয়। কারণ, ইসলামের উপর থেকেও, মুসলিম দাবি সত্ত্বেও বিভ্রান্ত হওয়া স্বতঃসিদ্ধ বিষয়। তিয়াত্তর দলের মাঝে সবাই নিজেকে মুসলিম দাবি করবে, অথচ কেবল একটি জান্নাতে যাবে, সেটাও প্রমাণিত। সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত ইসলামের দাবি সত্ত্বেও বিভ্রান্ত ও গোমরাহ শত শত ফিরকার উদ্ভব এ তিক্ত বাস্তবতার সাক্ষী। এগুলোর কিছু ফিরকা বিভ্রান্তি ও বিচ্যুতি সত্ত্বেও সামগ্রিকভাবে মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত। আর কোনো কোনো ফিরকা কুফরে নিমজ্জিত, ইসলাম থেকে সম্পূর্ণরূপে খারিজ তথা বহিষ্কৃত।
প্রশ্ন হতে পারে, তাহলে কারা সত্যের উপর প্রতিষ্ঠিত? হকপন্থি দল কারা? কোন পথে কিংবা কাদের সঙ্গে থাকলে এই শত শত বিভ্রান্ত ফিরকা থেকে বেঁচে থেকে প্রকৃত ইসলামের অনুসারী হওয়া যাবে? ইসলামের বিশুদ্ধ রূপ কাদের কাছে বিদ্যমান? এই সবকিছুর উত্তর হলো ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশুদ্ধ আকিদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ বিশুদ্ধ পথ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে থাকা হকপন্থি দলের সঙ্গে থাকা। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকা মানে বিশুদ্ধ কুরআন ও সুন্নাহর পথে থাকা, সালাফে সালেহিনের সঙ্গে থাকা।
কেউ কেউ মনে করেন, কুরআন ও সুন্নাহতে তো এমন কোনো ফিরকার কথা নেই; বরং এর নামে ইসলামে কি আরেকটি ফিরকা বানানো হলো না? এটা অজ্ঞতাপ্রসূত বক্তব্য। কারণ, ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’ কারও বানানো মত নয়, কারও মনগড়া শিরোনাম নয়; বরং এটা খোদ রাসুলুল্লাহ (ﷺ) বলে গিয়েছেন। ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’-কে তিনি বিশুদ্ধতার সনদ দিয়েছেন।
পিছনে উল্লিখিত ইরবাজ ইবনে সারিয়ার হাদিসের শেষাংশে রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘আমার পরে তোমাদের যারা বেঁচে থাকবে, প্রচণ্ড মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশেদিনের সুন্নাত আঁকড়ে ধরবে। সেগুলো তোমরা মজবুতভাবে ধরে রাখবে। দাঁত কামড়ে পড়ে থাকবে। সাবধান! (দ্বীনের মাঝে) নবসৃষ্ট বিষয়গুলো থেকে বেঁচে থাকো। কারণ, (দ্বীনের ক্ষেত্রে) প্রত্যেক নবসৃষ্ট বিষয় বিদআত; আর প্রত্যেক বিদআত গোমরাহি।’ উম্মাহর বিভক্তিসংক্রান্ত হাদিসের শেষে রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘সবগুলো ফিরকা জাহান্নামে যাবে। কেবল একটি জান্নাতে যাবে।’ জিজ্ঞাসা করা হলো, তারা কারা, হে আল্লাহর রাসুল? তিনি বললেন, ‘যারা আমার এবং আমার সাহাবাগণের পথে থাকবে।’ অর্থাৎ, সুন্নাত এবং সাহাবাগণের জামাত বা দলের সঙ্গে থাকবে। অন্যকথায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে।
ইমাম আজম বলেন, ‘তোমরা যেসব বস্তু শিখছ এবং মানুষকে শেখাচ্ছ, তন্মধ্যে সবচেয়ে উত্তম (ইলম) হলো সুন্নাত। মানুষের আবিষ্কৃত বিদআতের মাঝে হেদায়াত নেই। হেদায়াত তো কেবল কুরআন, রাসুলুল্লাহর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের পথে। এ ছাড়া সবই দ্বীনের ক্ষেত্রে সংযোজন ও বিদআত।’ ইমাম আরও বলেন, ‘সুন্নাতকে আঁকড়ে ধরো। সালাফের অনুসরণ করো। প্রত্যেক নবসৃষ্ট বিষয় থেকে বেঁচে থাকো। কারণ, সেগুলো বিদআত!’
মোটকথা, রাসুলুল্লাহর সুন্নাত এবং তাঁর সাহাবাদের পথ মুক্তির পথ। এই পথে যারা থাকবে তারাই ‘আহলে সুন্নাত’ তথা সুন্নাতের অনুসারী হিসেবে মুক্তিপ্রাপ্ত ও সত্যপন্থি দল হিসেবে বিবেচিত হবে। সাহাবায়ে কেরাম রাযি. এ পথেই অটল-অবিচল ছিলেন। তাদের পরে তাদের ছাত্ররা (তাবেয়িন) এ পথের অনুসরণ করেছেন। তাদের পরে তাদের ছাত্ররা (তাবে-তাবেয়িন) এ পথেই হেঁটেছেন। এ পথে ছিলেন চার ইমাম এবং প্রত্যেক যুগের সকল ফকিহ ও মুহাদ্দিস। সকল যুগের সংখ্যাগরিষ্ঠ আলেম এবং তাদের অনুসারী এই ‘আহলে সুন্নাতের’ পথেই ছিলেন। আর আল্লাহর অনুগ্রহে যুগে যুগে তারাই যেহেতু সংখ্যাগরিষ্ঠ (সাওয়াদে আজম) ছিলেন, বিভ্রান্ত ও প্রান্তিক সম্প্রদায়গুলো সংখ্যালঘু ছিল, এ কারণেই তাদের বলা হয়েছে ‘জামাত’। তারা সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে-তাবেয়িন তথা সালাফে সালেহিনের জামাতের পথের উপর প্রতিষ্ঠিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মাহ। আর এভাবে এই সত্যপন্থি ও মুসলিম উম্মাহর বৃহত্তর জনগোষ্ঠীর নাম হয়েছে ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’। তাদের আকিদাই ইসলামের বিশুদ্ধ আকিদা। তারাই ইসলামের প্রকৃত প্রতিনিধি। হ্যাঁ, আহলে সুন্নাতের মাঝেও বিভিন্ন শাখাগত বিষয়ে বিরোধ রয়েছে, তথাপি সামগ্রিকভাবে তারা সকলেই সত্যের উপর প্রতিষ্ঠিত।
রাসুলুল্লাহ () একটি হাদিসে বলেছেন, ‘আল্লাহ তায়ালা আমার উম্মতকে গোমরাহির উপর একত্র করবেন না। তাই যখন মতভেদ দেখতে পাবে, তখন সাওয়াদে আজম তথা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের সঙ্গে থাকবে।’ (৫১) অর্থাৎ, আল্লাহর অনুগ্রহে অধিকাংশ মুসলিম সবসময় হকের উপর থাকবে। বিভ্রান্ত ফিরকাগুলো মূল ধারার মুসলিমদের চেয়ে নিতান্তই ক্ষুদ্র ও গৌণ হবে। এটাই উক্ত হাদিসের সঠিক ব্যাখ্যা। দুঃখজনক ব্যাপার হলো, একদল লোক খোদ আহলে সুন্নাতের বিভিন্ন ধারার উপর এই হাদিস প্রয়োগ করেন। তারা সাওয়াদে আজম কিংবা জামাতের অপব্যাখ্যা করে নিজেদের বিচ্ছিন্ন মতামত ও সংখ্যালঘু দলকে ‘জামাত’ ও ‘সাওয়াদে আজম’ আহলে সুন্নাত দাবি করেন এবং আহলে সুন্নাতের অনুসারী বিভিন্ন ধারার সংখ্যাগরিষ্ঠ মুসলিমকে বিভ্রান্ত আখ্যা দেন। এটা যুগপৎ ভয়ংকর ও বেদনাদায়ক; বরং যুগে যুগে সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মাহ, উলামা-ফুকাহা, মুতাকাল্লিমিন-মুহাদ্দিসিন, সুফি-সাধক, দাঈ, সংস্কারক এবং সাধারণ মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত নামক হক, মধ্যমপন্থি ও সত্যাগ্রহী দল হিসেবে বিবেচিত হবেন, ইনশাআল্লাহ।
আবুল ইউসর বাযদাবি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ভারসাম্যপূর্ণ ও মধ্যমপন্থার উপর প্রতিষ্ঠিত, যে পথে ছিলেন সাহাবা, তাবেয়িন, তাবে-তাবেয়িন এবং উম্মাহর প্রথম প্রজন্ম। তারা ‘জাহমিয়্যাহ’, ‘মুতাযিলা’ ও ‘কাদারিয়্যাহ’দের মতো আল্লাহর সিফাত অস্বীকার করে না। আবার সিফাত সাব্যস্তের নামে চরমপন্থি ‘হাম্বলি’, ‘কাররামিয়্যাহ’ ও ‘মুজাসসিমাহ’দের মতো আল্লাহর জন্য শরীর, অঙ্গপ্রত্যঙ্গ, চলাফেরা ও স্থানান্তর সাব্যস্ত করে না। বরং তারা আল্লাহর ‘ইলম’, ‘কুদরত’, ‘দর্শন’, ‘শ্রবণ’, ‘সৃষ্টি’-সহ সকল কদিম সিফাতে বিশ্বাস করে। আল্লাহকে ‘দেহ’, ‘অঙ্গপ্রত্যঙ্গ’, ‘স্থানান্তর’ ও ‘পরিবর্তনে’র ঊর্ধ্বে মনে করে। ... তাকদিরের ক্ষেত্রে আহলে সুন্নাত তাকদির অস্বীকারকারী ‘কাদারিয়্যাহ’ এবং তাকদিরের ক্ষেত্রে অতিরঞ্জনকারী ‘জাবরিয়্যাহ-দের মাঝামাঝি থাকে। ঈমানের প্রশ্নে ‘খারেজি’ ও ‘মুরজিয়া’-দের মাঝামাঝি থাকে। সাহাবাদের ভালোবাসার প্রশ্নে ‘নাসেবি’ (খারেজি) ও ‘রাফেযি’-দের মাঝামাঝি থাকে। এভাবে দ্বীনের মৌলিক বিষয়ের প্রত্যেকটি ক্ষেত্রে আহলে সুন্নাত সকল প্রান্তিকতামুক্ত ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থি জামাত।
এটা মূলত ইমাম আজম রহ.-এর বক্তব্যের সারমর্ম। ইমাম আজম বলেন, ‘আমরা (সর্বত্র) দুই প্রান্তিক বক্তব্যের মাঝামাঝি অবস্থান করি। ফলে (সিফাতের ক্ষেত্রে) আল্লাহকে সৃষ্টির সদৃশ মনে করি না, আবার তাঁর সিফাতগুলো নাকচও করি না। (তাকদিরের ক্ষেত্রে) মানুষকে বাধ্য বলি না, আবার সর্বৈব ক্ষমতার অধিকারী মনে করি না।’
‘আল-হাভি’র উদ্ধৃতিতে তাতারখানিয়্যাহতে এসেছে-আহলে সুন্নাতের দশটি বৈশিষ্ট্য রয়েছে : এক. আল্লাহর জন্য শোভনীয় নয় এমন কিছু তাঁর ব্যাপারে না বলা। দুই. কুরআনকে আল্লাহর কালাম গাইরে মাখলুক (সৃষ্টি নয়) বলা। তিন. প্রত্যেক সৎ-অসৎ ব্যক্তির পিছনে নামায পড়া। চার. তাকদিরের ভালো ও মন্দ দুটোই আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করা। পাঁচ. মোজার উপর মাসাহ করা বৈধ মনে করা। ছয়. শাসকের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ না করা। সাত. আবু বকর, উমর ও উসমানকে বাকি সকল সাহাবির চেয়ে শ্রেষ্ঠ মনে করা। আট. গুনাহের কারণে আহলে কিবলার কাউকে কাফের না বলা। নয়. আহলে কিবলার অন্তর্ভুক্ত সকল মৃত ব্যক্তির জানাযা পড়া। দশ. জামাত তথা ঐক্যকে আল্লাহর রহমত মনে করা, অনৈক্য ও বিশৃঙ্খলাকে আযাব মনে করা।
টিকাঃ
৪৩. ইবনে হিব্বান (মুকাদ্দিমা : ৬)। দারেমি (মুকাদ্দিমা: ২০৮)।
৪৪. আবু দাউদ (কিতাবুস সুন্নাহ: ৪৬০৭)। দারেমি (মুকাদ্দিমা : ৯৬)। ইবনে হিব্বান (মুকাদ্দিমা : ৫)।
৪৫. তিরমিযি (আবওয়াবুল ঈমান: ২৬৪০)। আবু দাউদ (কিতাবুস সুন্নাহ: ৪৫৯৬)। ইবনে মাজা (আবওয়াবুল ফিতান: ৩৯৯১)।
৪৬. আল-ফিকহুল আবসাত (৫২)।
৪৭. আবু দাউদ (কিতাবুস সুন্নাহ: ৪৬০৭)। দারেমি (মুকাদ্দিমা: ৯৬)। ইবনে হিব্বান (মুকাদ্দিমা : ৫)।
৪৮. তিরমিযি (আবওয়াবুল ঈমান: ২৬৪০)। আবু দাউদ (কিতাবুস সুন্নাহ: ৪৫৯৬)। ইবনে মাজা (আবওয়াবুল ফিতান: ৩৯৯১)।
৪৯. আর-রিসালাহ (৩৫)।
৫০. যাম্মুল কালাম ওয়া আহলিহি (৫/২০৭)।
৫১. ইবনে মাজা (আবওয়াবুল ফিতান: ৩৯৫০)। মুসনাদে আহমদ (আউয়ালু মুসনাদিল কুফিয়্যিন (১৯৬৫৯)।
৫২. ইসলামের ইতিহাসের জঘন্যতম ভ্রান্ত সম্প্রদায়। তাদের নেতা জাহম ইবনে সাফওয়ানের দিকে সম্পৃক্ত হয়ে তারা জাহমিয়্যাহ নামে পরিচিত হয়েছে। এই ফিরকা ইসলামের ইতিহাসের সকল বিভ্রান্তির কারখানা। আল্লাহর সিফাতের ক্ষেত্রে তারা ‘মুআত্তিলাহ’ তথা সিফাত অস্বীকারকারী। তাকদিরের ক্ষেত্রে তারা জাবরিয়্যাহ। তারা মনে করে, মানুষের কোনো ক্ষমতা নেই; মানুষ পরাধীন ও বাধ্য। একইভাবে আল্লাহর কালামের ক্ষেত্রে মুতাযিলা (তথা কালামকে সৃষ্টি আখ্যাদানকারী), ঈমানের ক্ষেত্রে মুরজিয়া। তারা মনে করে, কেবল জানার নামই ঈমান; সত্যায়ন কিংবা স্বীকৃতির প্রয়োজন নেই। [আল-ফাসল, ইবনে হাযাম; উসুলুদ্দিন, বাযদাবি: ২৫৮]
৫৩. কুরআন-সুন্নাহর পরিবর্তে আকলের অনুসারী ভ্রান্ত সম্প্রদায়। যুগে যুগে তারা উলামায়ে সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের বিকৃতি সাধন করেছে। আকিদার অধিকাংশ মাসআলাতে তারা কাদারিয়্যাহ সম্প্রদায়ের অনুসারী। ফলে কাদারিয়্যাহরা আল্লাহ ও পরকালসংশ্লিষ্ট যেসব বিষয় অস্বীকার করে, তাদের অধিকাংশ ব্যক্তি সেসব বিষয় অস্বীকার করত। আবার জাহমিয়্যাহদের অনুসরণে কুরআনকে মাখলুক বলত। [উসুলুদ্দিন, বাযদাবি : ২৫৫, ২৫৭]
৫৪. আল্লাহর সিফাত অস্বীকার, পরকালে আল্লাহর দিদার অস্বীকার, আল্লাহর কালামকে মাখলুক বলা-সহ বিভিন্ন গোমরাহির উৎস এই ফিরকা। তাকদিরের ক্ষেত্রেও তারা বিভ্রান্ত। তারা আল্লাহকে মানুষের কর্মের স্রষ্টা মনে করে না, বরং মানুষকে নিজেদের কর্মের স্রষ্টা বলে। তাদের মাঝে প্রথম যুগের চরমপন্থি কাদারিয়্যাহরা আল্লাহর ইলমকে অস্বীকার করত। পরকাল-সম্পৃক্ত—যেমন কবরের শাস্তি, মুনকার নাকিরের প্রশ্ন, পুলসিরাত, মিযান-সহ—অধিকাংশ বিষয় তারা অস্বীকার করে। কিয়ামতের দিন আমলনামা পাঠকে তারা নাকচ করে। জান্নাত ও জাহান্নামের সৃষ্টি হওয়াকে প্রত্যাখ্যান করে। মিরাজকে অস্বীকার করে। কারামতে আউলিয়াতে বিশ্বাস রাখে না। প্রথম যুগের কাদারিয়্যাহ সম্প্রদায় পরবর্তীকালে ‘মুতাযিলাহ’তে রূপান্তরিত হয়। [উসুলুদ্দিন, বাযদাবি : ২৫৬]
৫৫. মুজাসসিমাহ মানে দেহবাদী সম্প্রদায়। ইসলামের অনেকগুলো ভ্রান্ত সম্প্রদায় এর অন্তর্ভুক্ত। অর্থাৎ, যারাই আল্লাহর সিফাতগুলো সাব্যস্তের নামে বাড়াবাড়ি করে আল্লাহকে সৃষ্টির মতো মনে করবে, তারাই মুজাসসিমাহ (দেহবাদী) ও মুশাব্বিহাহ (সাদৃশ্যবাদী) নাম পাবে। এ হিসেবে মুহাম্মাদ ইবনে কাররামের অনুসারী কাররামিয়্যাহ, মুকাতিল ইবনে সুলাইমান, হিশাম ইবনুল হাকাম সকলে এবং তাদের অনুসারী মুজাসসিমাহ। উল্লেখ্য, এখানে ‘হাম্বলি’ বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এবং তাঁর প্রকৃত অনুসারীদের বোঝানো হয়নি। কারণ, তারা বিশুদ্ধ আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত; বরং ফিকহের ক্ষেত্রে ইমাম আহমদের অনুসারী এবং নিজেদের হাম্বলি পরিচয় দেওয়া সত্ত্বেও পরবর্তী সময়ে হাম্বলিদের একটি ধারা প্রচণ্ডভাবে দেহবাদের শিকার হয়। এখানে সেই চরমপন্থি দেহবাদীদেরই বোঝানো হয়েছে। [উসুলুদ্দিন, বাযদাবি: ২৫৮-২৫৯]
৫৬. তাকদিরের ক্ষেত্রে ভ্রান্ত সম্প্রদায়। কাদারিয়্যাহদের বিপরীত প্রান্তে তাদের অবস্থান। তারা আল্লাহকে সকল কাজের স্রষ্টা ও কর্তা মনে করে। ফলে বান্দাকে সম্পূর্ণ অক্ষম এবং কোনোকিছু করতে সক্ষম নয় বলে বিশ্বাস করে। তাদের ধারণা-বান্দার কোনো স্বাধীনতা নেই। তাদের কাছে মানুষের নড়াচড়া, কম্পন, নাচানাচি সব সমান। সিফাত অস্বীকারের কারণে এরা জাহমিয়্যাহ নামেও পরিচিতি।
৫৭. ইসলামের প্রথম দিকের একটি বিচ্যুত সম্প্রদায়। এরা আলি, উসমান, যুবাইর, তালহা, আয়েশা ও মুআবিয়া রাযি.-কে কাফের মনে করে; বরং যেকোনো মুমিন কবিরা গুনাহ করে ফেললে তাকে কাফের বলে। মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ বৈধ মনে করে। আল্লাহর সিফাত, তাকদির-সহ বিভিন্ন মাসআলায় তারা ভ্রান্ত কাদারিয়্যাহ সম্প্রদায়ের মতো আকিদা রাখে। তারা মুসলিম উম্মাহর একটি নিকৃষ্টতর ভ্রান্ত সম্প্রদায়। তারা ‘মুহাক্কিমাহ’, ‘শুরাহ’, ‘ওয়াইদিয়্যাহ’ নামেও পরিচিত। [দেখুন: আল-ফারকু বাইনাল ফিরাক, বাগদাদি; আল-মিলাল ওয়ান নিহাল, শাহরাস্তানি]
৫৮. এরাও বিভিন্ন গোমরাহির উৎস। তাদের মূল মাযহাব ছিল ঈমানের প্রশ্নে। তারা মনে করত, জানার নামই ঈমান। সুতরাং কেউ মুমিন হওয়ার পরে যত গুনাহ করুক কোনো সমস্যা নেই। আল্লাহ কোনো মুমিনকে জাহান্নামের শাস্তি দেবেন না। গুনাহ ঈমানের কোনো ক্ষতি করে না। অতঃপর তারা সকল ভ্রান্ত সম্প্রদায় থেকে ভ্রান্তি ধার করে-জাহমিয়্যাহদের কাছ থেকে সিফাত অস্বীকারের আকিদা নেয়; জাবরিয়্যাহদের কাছ থেকে তাকদির নিয়ে বাড়াবাড়ি এবং মানুষের পরাধীনতার আকিদা নেয়; রাফেযিদের কাছ থেকে সাহাবা-সম্পর্কিত আকিদার বিভ্রান্তি নেয়; বরং অনেক ক্ষেত্রে তারা খারেজিদের আকিদাও গ্রহণ করে। ঈমানের সংজ্ঞার্থে তাদের একদল কাররামিয়্যাহদের আকিদাও গ্রহণ করে। [বাগদাদি; শাহরাস্তানি]
৫৯. দেখুন: উসুলুদ্দিন, বাযদাবি (২৪৪-২৪৫)।
৬০. তালখিসুল আদিল্লাহ, সাফফার (১৫১)।
৬১. ফাতাওয়া তাতারখানিয়্যাহ (১৮/১৩)।
📄 আবু হানিফা : আহলে সুন্নাতের আকিদার ইমাম
ইমাম আজম রহ.-এর সকল জীবনীকার ও ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে, ফিকহের প্রতি মনোযোগী হওয়ার আগে তিনি বিধর্মী, নাস্তিক ও ইসলামবিরোধীদের বিরুদ্ধে ইসলামের একজন প্রখ্যাত মুনাযির হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। কুরআন-সুন্নাহ ও যুক্তির মাধ্যমে তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেন। সালাফের আকিদার সুরক্ষা নিশ্চিত করতেন। বিভ্রান্ত ফিরকাগুলোর বিভ্রান্তি খণ্ডন করতেন। আকিদা ছাড়া সে সময়ে তিনি আর কোনো শাস্ত্র চর্চা করতেন না। ফলে তিনি ছিলেন তাঁর যুগের শ্রেষ্ঠ মুনাযির, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার শ্রেষ্ঠ ভাষ্যকার। খালেদ ইবনে ইয়াযিদ আল-উমরি বলেন, ‘আবু হানিফা, আবু ইউসুফ, যুফার ও হাম্মাদ ইবনে হানিফা, তাদের প্রত্যেকেই কালাম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। তারা মানুষের সঙ্গে মুনাযারা করেছেন, তাদের খণ্ডন করেছেন। তারা এ শাস্ত্রের ইমাম।’
যুফার বলেন, ‘আমি আবু হানিফা রহ.-কে বলতে শুনেছি—(ইমাম বলেন) আমি কালাম চর্চা করতাম। এ শাস্ত্রে পর্বতপ্রমাণ প্রসিদ্ধি লাভ করি...।’ কবিসা ইবনে উকবা বলেন, ‘আবু হানিফা তাঁর জীবনের প্রথম দিকে প্রবৃত্তিপূজারী ও বাতিলপন্থিদের বিরুদ্ধে মুনাযারা (বিতর্ক) করতেন। এক্ষেত্রে তিনি অত্যন্ত প্রসিদ্ধি লাভ করেন। পরবর্তীকালে তর্কশাস্ত্র পরিত্যাগ করে ফিকহ ও সুন্নাহতে মনোযোগী হন, আহলে সুন্নাতের ইমামে পরিণত হন।’ ইয়াহইয়া ইবনে শাইবান থেকে বর্ণিত, আবু হানিফা রহ. বলেন, ‘আমাকে কালামশাস্ত্রে আল্লাহ গভীর জ্ঞান দান করেছিলেন। বিশাল একটা সময় আমি এ শাস্ত্রে ব্যাপৃত থাকি, চর্চা করি, এর সুরক্ষা নিশ্চিত করি। বসরা তখন ছিল (ধর্মীয় বিষয়গুলো নিয়ে) বিতর্ক-বিবাদের কেন্দ্র বিন্দু। আমি কুড়িবারেরও বেশি সেখানে গিয়েছি। কোনো কোনোবার এক বছর থেকেছি। কখনো আরও কম বা বেশি। আমি ইবাযিয়্যাহ ও সুফরিয়্যাহ-সহ বিভিন্ন খারেজি ও হাশাভি সম্প্রদায়ের সঙ্গে বিতর্ক করি...। পরবর্তীকালে আমি বিতর্ক ছেড়ে দিই। সালাফে সালেহিনের আদর্শ (ফিকহ, হাদিস ইত্যাদিতে) মনোযোগী হই।’
জীবনের এই পরিবর্তনের মুখে তিনি আকিদাচর্চা কিংবা আকিদার সুরক্ষা ছেড়ে দিয়েছিলেন এমন নয়, বরং তৎকালীন কালামশাস্ত্র ও প্রচলিত বিতর্ক ছেড়ে দিয়েছিলেন; কিন্তু কুরআন-সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদাচর্চা এবং বিভ্রান্ত আকিদার খণ্ডন কখনোই পরিত্যাগ করেননি। সেটা সম্ভবও ছিল না। কারণ, ইরাক ছিল বিভিন্ন বিভ্রান্ত ফিরকার কারখানা। কুফা ও বসরাতে প্রতিদিন নতুন নতুন বিভ্রান্তি ও বিদআতের জন্ম হতো, মক্কা কিংবা মদিনা যা থেকে মুক্ত ছিল। ফলে ইমাম আজমকে জীবনভর সহিহ আকিদার সুরক্ষা এবং নানামুখী গোমরাহির বিরুদ্ধে যতটা লড়াই করতে হয়েছে, খুব কম ইমামকেই সেটা করতে হয়েছে। কেবল নিজে নন, ছাত্রদেরও তিনি আকিদার ক্ষেত্রে বীর সেনানী করে গড়ে তোলেন। ফিকহের পাশাপাশি তাঁর মজলিসগুলোতে আকিদাচর্চা অব্যাহত রাখেন। আবু ইউসুফের সঙ্গে এক কুরআনের মাসআলা নিয়ে দীর্ঘ ছয় মাস আলোচনা করেন। আকিদার বিভিন্ন মাসআলায় তাঁর বিছিন্ন ছাত্র ও আলেমের কাছে চিঠি লিখেন। বিভ্রান্ত ফিরকাগুলোর বিরুদ্ধে তিনি ও তাঁর ছাত্ররা মুনাযারা অব্যাহত রাখেন। হিজরি দ্বিতীয় শতকের তিনিই একমাত্র ব্যক্তি, যার দিকে আকিদার কমপক্ষে পাঁচটি কিতাব সরাসরি সম্পৃক্ত করা হয়। এ কারণে ফিকহের ক্ষেত্রে তিনি যেমন ইমাম, আকিদার ক্ষেত্রেও তিনি আহলে সুন্নাতের প্রধান সারির ইমাম।
কিন্তু এটা এত সহজ ছিল না। অসংখ্য কুরবানি দিতে হয়েছে এর জন্য। বিশুদ্ধ আকিদা প্রচার এবং ভ্রান্তদের খণ্ডনের কারণে তিনি কম মুসিবতের শিকার হননি। বরং আকিদার কারণে ইমাম আজম আবু হানিফা রহ. যতটা চতুর্মুখী সংকট, নানামুখী জটিল সমস্যা ও প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন, সালাফে সালেহিনের ইমামদের মাঝে সেটা একদম বিরল। খারেজিরা বারবার তাঁর মাথায় তরবারি ধরেছে, হত্যা করতে চেয়েছে। দাহরিয়্যিন নাস্তিকরা তাকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে কুফার মসজিদে হামলা করেছে। জাহমিয়্যাহরা তাকে খারেজি আখ্যা দিয়েছে। মুরজিয়ারা তার নামে নিজেদের মতাদর্শ বিক্রির উদ্দেশ্যে তাকে মুরজিয়া বলে প্রচার করেছে। এগুলো বাইরের আঘাত। ভিতরের আঘাতও কম নয়। একদল তাকে ‘খালকে কুরআন’ (কুরআন সৃষ্টির) মিথ্যা অভিযোগে মুশরিক আখ্যা দিয়েছে, আরেক দল মুরজিয়া বানিয়ে দিয়েছে। একদল হাদিস-বিরোধী হিসেবে চিহ্নিত করেছে, আরেক দল তাকে যমিনের উপর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ইসলামের কলঙ্ক বানিয়ে দিয়েছে। শেষে শাসকগোষ্ঠীর হাতে তিনি অন্তরিন অবস্থায় শাহাদাত বরণ করেছেন।
আকিদা ও আদর্শের কারণে ঘর ও বাইরের এত আঘাত আর কোনো তাবেয়ি ইমামকে সহ্য করতে হয়নি। জীবনভর বিভ্রান্ত লোকেরা তার বিরুদ্ধে লড়াই করেছে, অপবাদ রটিয়েছে, হত্যার চেষ্টা করেছে। আর ঘরের লোকেরা ভুল বুঝেছে। কিন্তু আল্লাহ তাকে চিনেছেন। তাঁর কুরবানির মূল্য দিয়েছেন। ফলে জীবদ্দশায় যে মানুষটি মুশরিক, মুরজিয়া, পরিত্যক্ত-সহ নানান অপবাদবাণে জর্জরিত হয়েছেন, মৃত্যুর পরে আল্লাহ তাকে সুরাইয়াসম উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাকে ‘ইমাম আজম’ হিসেবে কবুল করে নিয়েছেন। ফিকহ ও আকিদা উভয় ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম বানিয়ে দিয়েছেন। রাযিয়াল্লাহু আনহু।
এই গ্রন্থে আমরা তাঁর উপর ঘরে-বাইরের লোকদের পক্ষ থেকে উত্থাপিত সকল অভিযোগ-অপবাদের জবাব দিতে পারব না। কারণ, এটা আমাদের মূল আলোচ্য বিষয় নয়। তবে বিশুদ্ধ আকিদা প্রচার এবং ভ্রান্ত আকিদা খণ্ডনে তাঁর কুরবানির কিছু দিক অবশ্যই উল্লেখ করার চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন মাসআলা নিয়ে আলোচনার সময় প্রতিপক্ষ কীভাবে তাকে ভুল বুঝেছে কিংবা ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত করেছে, সেগুলো দেখাব, ইনশাআল্লাহ।
টিকাঃ
৬২. মানাকিব, মক্কি (১০০)। বাযযাযি (৪৪)।
৬৩. মানাকিবে মক্কি (৫১, ৫৪,৫৫)।
৬৪. আসমা ওয়াস সিফাত, বাইহাকি (১/৩৮১)।
৬৫. শাদ্দাদ ইবনে হাকিম বর্ণনা করেন, আবু হানিফা রহ. কাদারিয়্যাহদের সঙ্গে মুনাযারার পদ্ধতি শেখাতে গিয়ে বলেন, “যখন তাকদির অস্বীকারকারীর সঙ্গে বিতর্ক করবে, তখন মাত্র দুটো কথা দিয়েই তাকে পরাস্ত করতে পারবে। হয়তো তাওবা করবে, নয়তো কাফের হয়ে যাবে। তৃতীয় কোনো পথ নেই। তাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তায়ালা অনাদিতে বর্তমানের সবকিছু সম্পর্কে জানতেন কি না? যদি বলে, ‘না’, তবে সে কাফের। আর যদি বলে, ‘হ্যাঁ’, তবে তাকে জিজ্ঞাসা করবে, তিনি কি চেয়েছেন তাঁর জানা ঠিক থাকুক এবং তাঁর নির্দেশে সবকিছু সেভাবেই ঘটুক, নাকি চাননি? যদি বলে, ‘না’, তবে সে কাফের। আর যদি বলে, ‘হ্যাঁ’, তবে সে তাকদির স্বীকার করে নিল।” [তারিখে বাগদাদ: ১৫/৫১৬] হাসান বসরির শাগরেদ উসমান আল-বাত্তির কাছে লেখা চিঠিতে ইমাম তাকে আকিদার ব্যাপারে বলেন, ‘এটা আপনার সঙ্গী-শাগরেদদের শিক্ষা দিন। তাদের এ পথে ডাকুন। এর উপর উৎসাহিত করুন। কেননা, এটাই সর্বোত্তম ইলম। এরচেয়ে উত্তম কোনো ইলম আপনি শিখতে পারবেন না, শেখাতে পারবেন না। এটা করতে পারলে নামাযি, রোযাদার এবং আল্লাহর পথে জিহাদকারীর চেয়ে আপনার বেশি পুণ্য মিলবে। যদি আহলে বিদআত আপনার মাঝে কোনো সন্দেহ তৈরি করে, তবে আমাকে জানান। আমি আপনার সংশয় দূর করতে সহায়তা করব।’ [আর-রিসালাহ : ৩৭; তালখিসুল আদিল্লাহ: ৫৪]
৬৬. ইমাম আজম রহ. তাবেয়ি ছিলেন। তিনি আনাস ইবনে মালেক (৯৩ হি.), আবদুল্লাহ ইবনে আবি আওফা (৮৭ হি.), আবদুল্লাহ ইবনুল হারিস (৮৮ হি.), আবুত তুফাইল-সহ (১১০ হি.) একাধিক সাহাবিকে দেখেছেন। এটা ইবনে সাদ, শিরাজি, সাইমারি, বাযযাযি, খতিবে বাগদাদি, নববি, আসকালানি, সাখাভি, সুয়ুতি, আইনি-সহ সকল মুহাক্কিক ইমামের বক্তব্য। কাযি সাইমারি (৪৩৬ হি.) আনাস ইবনে মালেক রাযি.-এর সঙ্গে ইমামের কথোপকথনের কথাও উল্লেখ করেছেন। খতিবে বাগদাদিও আনাস রাযি.-এর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করেছেন। শিরাজি (৪৭৬ হি.) তাকে ফকিহ তাবেয়িদের অন্তর্ভুক্ত বলেছেন। এ এমন এক বিরল সৌভাগ্য যা তাঁর সামসময়িক অন্যান্য প্রসিদ্ধ ইমামের কারও নসিব হয়নি।
📄 জাহমিয়্যাহদের বিরুদ্ধে ইমাম
আবদুল্লাহ ইবনুল মুবারক রহ. আবু হানিফার কাছে এলে তিনি জিজ্ঞাসা করেন, কী খবর? ইবনুল মুবারক বলেন, জাহম নামের এক লোকের আর্বিভাব ঘটেছে। ইমাম বললেন, সে কী বলে? ইবনুল মুবারক বললেন, কুরআনকে মাখলুক বলে। তখন আবু হানিফা রহ. এ আয়াত তেলাওয়াত করলেন, لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَابِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا : مَا অর্থ : ‘এই বিষয়ে এদের কোনো জ্ঞান নেই এবং এদের পিতৃপুরুষদেরও ছিল না। এদের মুখনিঃসৃত কথা কী সাংঘাতিক! এরা তো কেবল মিথ্যাই বলে।’ [কাহাফ : ৫] তিনি তাঁর পিছনে নামায পড়তেও নিষেধ করেন।
একপর্যায়ে ইমাম আজম রহ. জাহম ইবনে সাফওয়ানের বিভ্রান্তি সম্পর্কে জানার পর সেগুলোকে কুফর আখ্যা দেন। জাহমিয়্যাহদের বিভ্রান্ত ফিরকা হিসেবে গণ্য করেন; বরং তাকফিরের ক্ষেত্রে ইমাম আজম রহ. অত্যন্ত সতর্ক ও রক্ষণশীল হওয়া সত্ত্বেও জাহম ইবনে সাফওয়ানকে তিনি কাফের ফাতাওয়া দেন।
আবু ইসহাক খাওয়ারযেমি বলেন, একবার জাহম ইবনে সাফওয়ান আবু হানিফার কাছে এলেন। জাহম বললেন : আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য এসেছি। ইমাম বললেন : তোমার সঙ্গে কথা বলা কলঙ্কের। আর ওসব বিষয়ে প্রবেশ করা আগুনের মাঝে প্রবেশের মতো।
জাহম : আমার সঙ্গে দেখা কিংবা আমার কথা শোনার আগেই এ ধরনের মন্তব্য করা উচিত হলো?
ইমাম : আমি তোমার ব্যাপারে এমন অনেক কথা শুনেছি যা কোনো মুসলিম বলতে পারে না।
জাহম : আপনি অদৃশ্যের উপর ভিত্তি করে আমার উপর ফয়সালা করবেন?
ইমাম : এগুলো তোমার ব্যাপারে প্রসিদ্ধ হয়ে গেছে। সকল জনসাধারণের কাছে এগুলো স্পষ্ট হয়ে গেছে। ফলে এ ব্যাপারে তোমার উপর অভিযোগ করতে বাধা নেই।
জাহম : আমি আপনার কাছে শুধু ঈমান সম্পর্কে জানতে এসেছি। ফলে কেবল এটা নিয়েই কথা বলুন।
ইমাম : এখন পর্যন্ত ঈমান চিনতে পারোনি?
জাহম: হ্যাঁ, পেরেছি। কিন্তু আমি একটু দ্বিধাদ্বন্দ্ব ও সংশয়ে আছি।
ইমাম : ঈমানের বিষয়ে কোনো ধরনের সংশয় কুফর।
জাহম : কোন দিক থেকে কুফর বুঝিয়ে বলবেন কি?
ইমাম : তুমি কোনটা জানতে চাও?
জাহম: যদি কেউ তার হৃদয়ে আল্লাহকে চেনে। জানে যে, আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই। অংশীদার ও প্রতিপক্ষ নেই। তাঁর সকল গুণও জানে। তাঁর মতো কেউ নেই জানে। কিন্তু মুখে সেগুলো স্বীকার না করে মৃত্যুবরণ করে। এমন ব্যক্তির মৃত্যু মুমিন না কাফের অবস্থায় হলো?
ইমাম : যদি অন্তরের জানা মুখে স্বীকার না করে মৃত্যুবরণ করে, তবে সে কাফের, জাহান্নামের অধিবাসী।
জাহম : আল্লাহর সকল সিফাত জানার পরও মুমিন হবে না কীভাবে?
ইমাম : যদি তুমি কুরআনকে দলিল হিসেবে মানো, তবে তোমার সাথে কথা বলব। আর যদি কুরআনকে দলিল হিসেবে না মানো, তবে তোমার সাথে কথা নেই।
জাহম : কুরআনে আমি বিশ্বাস করি এবং দলিল হিসেবে মানি।
ইমাম : আল্লাহ তায়ালা কুরআনে ঈমানকে হৃদয় ও মুখ দুটোর সঙ্গে সম্পৃক্ত করেছেন। আল্লাহ বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّমْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا ءَامَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّهِدِينَ وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللَّهِ وَمَا جَاءَنَا مِنَ الْحَقِّ وَنَطْمَعُ أَن يُدْখِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصَّالِحِينَ * فَأَتَبَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَاءُ الْمُحْسِنِينَ
অর্থ : আর তারা রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন শোনে, তখন আপনি তাদের চোখ অশ্রুসিক্ত দেখতে পাবেন। এ কারণে যে, তারা সত্যকে চিনে নিয়েছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা মুসলমান হয়ে গেলাম। অতএব, আমাদেরও মান্যকারীদের তালিকাভুক্ত করে নিন। আল্লাহ এবং আমাদের কাছে আগত সত্যে আমাদের ঈমান না আনার কী কারণ থাকতে পারে যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করুন? সুতরাং তাদের এ কথার কারণে আল্লাহ তাদের এমন সব উদ্যান দান করবেন, যার তলদেশে নহর প্রবহমান থাকবে। তাতে তারা সর্বদা থাকবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান।’ [মায়িদা: ৮৩-৮৫] ফলে জান্নাতে যাওয়ার জন্য অন্তরের জানা এবং মুখের স্বীকৃতি দুটোই জরুরি।
قُوْلُوْا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَعِيْلَ وَإِسْحَقَ وَيَعْقُوْবَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُوْনَ ﴿১৩৬﴾ فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَ إِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿১৩৭﴾ অর্থ : ‘তোমরা বলে দাও যে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং সেই বাণীর প্রতি যা আমাদের উপর নাযিল করা হয়েছে আর যা ইবরাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের সন্তানদের প্রতি নাযিল করা হয়েছে এবং যা দেওয়া হয়েছিল মুসা ও ঈসাকে, যা অন্য নবিগণকে তাঁদের প্রতিপালকের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আমরা নবিগণের মাঝে কোনো পার্থক্য করি না। আমরা তাঁরই অনুগত। এবং তারা যদি ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছ, তবে তারা সুপথ পাবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তারা হঠকারিতায় রয়েছে। সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট। তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী।’ [বাকারা: ১৩৬-১৩৭]
আল্লাহ আরও বলেন, ﴾وَأَلْজَمَهُمْ كَلِمَةَ التَّقْوَى ﴿ অর্থ : ‘আর তাদের তাকওয়ার বাক্যে সুদৃঢ় করলেন...।’ [ফাতাহ : ২৬]
তিনি আরও বলেন, ﴾ وَهُدُوا إِلَى الطَّيِّبِ مِنَ الْقَوْلِ وَهُدُوا إِلَى صِرَاطِ الْحَمِيدِ ﴿ অর্থ : ‘তাদের পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল এবং তারা পরিচালিত হয়েছিল পরম প্রশংসাভাজন আল্লাহর পথে।’ [হজ : ২৪]
আরও বলেন, ﴾ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ﴿ অর্থ : ‘তাঁরই দিকে পবিত্র বাণীসমূহ সমুত্থিত হয়।’ [ফাতির : ১০]
অন্যত্র বলেন, ﴾ يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ ءَامَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَوةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ﴿ অর্থ : ‘যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী, তাদের দুনিয়ার জীবনে এবং আখেরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন।’ [ইবরাহিম : ২৭]
আল্লাহর রাসুল (ﷺ) বলেন, ‘তোমরা বলো লা ইলাহা ইলাল্লাহ, তাহলে সফলতা লাভ করবে।’ ফলে মুখের স্বীকৃতি ছাড়া কেবল অন্তরে জানলে কেউ মুমিন হবে না। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, “জাহান্নাম থেকে সে ব্যক্তি বের হয়ে আসবে যে বলত ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, আর যার অন্তরে দানা পরিমাণ ঈমান থাকবে।” রাসুলুল্লাহ (স) এটা বলেননি যে, আল্লাহকে চিনত; বরং ঈমান যদি স্বীকৃতির পরিবর্তে কেবল জানার নামই হতো, তবে ঈমান প্রত্যাখানকারী পত্যেককে মুমিন বলা হতো। এই যুক্তিতে ইবলিসও মুমিন হতো। কেননা, সে আল্লাহকে চেনে ও জানে। তাঁকে স্রষ্টা, রিযিকদাতা, জীবিত ও মৃত্যুদাতা হিসেবে চেনে। ...বরং এতে সকল কাফের মুখে অস্বীকার করা সত্ত্বেও মুমিন হয়ে যেত।
আল্লাহ বলেন, وَجَحَدُوا بِهَا وَاسَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ অর্থ : ‘তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলিকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল।’ [নামল: ১৪] এখানে তাদের অন্তরের বিশ্বাস সত্ত্বেও তাদের মুমিন বলা হয়নি। কারণ, তারা মুখে অস্বীকার করেছে।
আল্লাহ আরও বলেন, يَعْرِفُونَ نِعْمَتَ اللَّهِ ثُمَّ يُنكِرُونَهَا وَأَكْثَرُهُمُ الْكَافِرُونَ অর্থ : ‘তারা আল্লাহর নেয়ামত চেনার পরও অস্বীকার করে। তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।’ [নাহল : ৮৩] আল্লাহ আরও বলেন, قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَ مَن يُخْرِجُ الْحَى مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَى وَمَن يُدَبِّرُ الْأَمْرَ فَسَیَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ অর্থ: “আপনি জিজ্ঞাসা করুন, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবনোপকরণ সরবরাহ করেন? শোনা ও দেখা কার কর্তৃত্বাধীন? জীবিতকে মৃত থেকে কে বের করেন, আর মৃতকে জীবিত থেকে কে বের করেন? এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করেন? তখন তারা বলবে, ‘আল্লাহ’। বলুন, তবুও কি তোমরা (তাকে) ভয় পাবে না?” [ইউনুস: ৩১] এখানেও দেখো কেবল অন্তরের জানাশোনা কোনো কাজে আসেনি। মুখে অস্বীকার করার কারণে অন্তরে নবিজিকে নিজেদের সন্তানদের মতো চিনেও তারা মুমিন হতে পারেনি।
ইমাম আজম রহ.-এর এই নুসুসভিত্তিক বুদ্ধিদীপ্ত কথা শুনে জাহম কিছুক্ষণ নীরব থেকে আস্তে উঠে চলে গেল।
নুহ ইবনে ইবরাহিম বলেন, ‘আমরা আবু হানিফার কাছে ছিলাম। তখন তিরমিয থেকে জাহমের অনুসারী এক নারী কুফায় এলো। সে কুফাবাসীকে তার (জাহমি) মতবাদের দিকে মানুষকে ডাকতে লাগল। হাজার হাজার মানুষ তার বক্তব্য শুনত। তখন তাকে বলা হলো, এখানে এ বিষয়ে অভিজ্ঞ আবু হানিফা নামের একজন মানুষ আছেন। মাহিলাটি ইমামের কাছে এসে বলল, আপনি মানুষকে মাসআলা-মাসায়েল শেখাচ্ছেন, অথচ নিজে দ্বীন ত্যাগ করে বসে আছেন? আপনি যেই মাবুদের উপাসনা করেন, আপনার সেই মাবুদ কোথায় বলুন তো। ইমাম আজম নীরব থাকলেন। সাত দিন পর বললেন, ‘আল্লাহ তায়ালা আকাশে, যমিনে নন।’ তখন একব্যক্তি বলল, তাহলে আল্লাহর বাণী ‘তোমরা যেখানেই থাকো, তিনি তোমাদের সাথে আছেন’-এর অর্থ কী? ইমাম বললেন, এটার অর্থ ঠিক তেমন, যেমন তুমি কোনো লোকের কাছে চিঠি লিখলে, ‘আমি তোমার সাথে আছি’। অথচ তুমি তার কাছে নেই।
টিকাঃ
৬৭. তারিখে বাগদাদ (১৫/৫১৭)।
৬৮. তালখিসুল আদিল্লাহ, সাফফার (৫৬)।
৬৯. দেখুন: তারিখে বাগদাদ (১৫/৫০২)।
৭০. মানাকিব, মক্কি (১২৪-১২৬)।
৭১. আল-আসমা ওয়াস সিফাত, বাইহাকি (১/৫৮৮-১৫৮৯)।
📄 খারেজিদের বিরুদ্ধে ইমাম
ভ্রান্ত আকিদা থেকে সৃষ্ট সকল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে ইমাম আজম সবসময় সরব ছিলেন। সত্যপ্রকাশ এবং বিশুদ্ধ আকিদা প্রতিষ্ঠা ও প্রসারের ক্ষেত্রে তিনি জালেমের জুলুম কিংবা শাসকের উৎপীড়নকে ভয় করতেন না। খারেজি নেতা যাহহাক ইবনে কাইস শাইবানি যখন কুফা দখল করে নিল, জামে মসজিদে ঢুকে সেখানকার পুরুষদের হত্যা এবং নারীদের বন্দি করার নির্দেশ দিলো। ইমাম আজম একটি জামা ও চাদর গায়ে জড়িয়ে মসজিদে গেলেন। যাহহাককে লক্ষ্য করে বললেন, ‘আমি আপনাকে একটি কথা বলতে চাই।’ যাহহাক বলল, ‘বলুন!’ ইমাম বললেন, ‘কীসের ভিত্তিতে আপনি এসব পুরুষকে হত্যা এবং নারী-শিশুকে বন্দি করা হালাল বানিয়েছেন?’ যাহহাক বলল, ‘তারা ধর্মত্যাগী (মুরতাদ) হয়ে গিয়েছে, তাই।’ ইমাম বললেন, ‘আগে কি তাদের অন্য কোনো ধর্ম ছিল যে, ইসলাম ত্যাগ করে সে ধর্মে ফিরে গিয়েছে?’ যাহহাক বলল, ‘কী বললেন বুঝিনি! আবার বলুন।’ ইমাম আবার বললেন। যাহহাক তাঁর কথা শুনে বলল, ‘ ভুল হয়ে গেছে।’ অতঃপর তারা তরবারি কোষবদ্ধ করে চলে গেল। ইমামের বরকত ও সাহাসে কুফাবাসী রক্ষা পেল। এ কারণে কুফাবাসীকে ‘আবু হানিফার মাওয়ালি’ (আযাদকৃত দাস) বলা হতো।
কাযি আবু বকর আতিক ইবনে দাউদ খারেজিদের সঙ্গে ইমামের আরও একটি মুনাযারার কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, খারেজিরা যখন কুফা দখল করে নিল, আবু হানিফা তাদের হাতে আটক হলেন। তাদের বলা হলো, এই লোক (আবু হানিফা) এখানকার শায়খ। খারেজিরা যেহেতু তাদের প্রতিপক্ষকে কাফের মনে করত, ফলে তারা ইমামকে লক্ষ্য করে বলল, ‘শায়খ, আপনি কুফর থেকে তাওবা করুন।’ ইমাম বললেন, ‘আমি আল্লাহর কাছে সকল প্রকারের কুফর থেকে তাওবা করলাম।’ তারা তাঁর পথ ছেড়ে দিলো। ইমাম চলে যাওয়ার পরে কেউ তাদের বলল, ‘তিনি কুফর বলতে আপনাদের কুফর থেকে তাওবা করেছেন।’ তখন তারা আবার তাকে ডেকে পাঠাল। ইমাম আসার পর খারেজিদের নেতা বলল, ‘শায়খ, আপনি কি আমাদের মতাদর্শকে কুফর মনে করে সেটা উদ্দেশ্য নিয়েছেন?’ ইমাম বললেন, ‘এটা তুমি ধারণা করে বললে, নাকি জেনেশুনে?’ খারেজি নেতা বলল, ‘ধারণা করে।’ ইমাম বললেন, “আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘নিঃসন্দেহে কিছু ধারণা পাপ।’ সুতরাং তুমি পাপ করেছ। আর তোমাদের কাছে পাপ হচ্ছে কুফর। অতএব, তুমি আগে কুফর থেকে তাওবা করো।’ খারেজি নেতা বলল, ‘সত্য বলেছেন। ঠিক আছে, আমি কুফর থেকে তাওবা করছি। আপনিও তাওবা করুন।’ ইমাম বললেন, ‘আমি আল্লাহর কাছে সকল প্রকারের কুফর থেকে তাওবা করছি।’ তারা ইমামকে ছেড়ে দিলো।
ইমামপুত্র হাম্মাদ বর্ণনা করেন, যখন খারেজি সম্প্রদায় জানতে পারে ইমাম আবু হানিফা গুনাহের কারণে কোনো মুসলমানকে কাফের বলেন না, তখন তাদের সত্তর জন লোকের একটি দল কুফায় আসে। ইমামের আশেপাশে তখন অনেক ছাত্র ছিল। তারা তাকে ঘিরে রাখে। খারেজিরা ইমামকে লক্ষ্য করে বলল, আবু হানিফা, আমরা সবাই এক মিল্লাতের অনুসারী। লোকদের দূরে সরে যেতে বলুন। তিনি সবাইকে সরে যেতে বললেন। খারেজিরা ইমামের মাথার কাছে এসে তরবারি খুলে দাঁড়াল। অতঃপর তাকে লক্ষ্য করে বলল, হে আবু হানিফা, হে উম্মাহর দুশমন! তাদের কেউ কেউ বলল, হে উম্মাহর শয়তান! তোমাকে হত্যা করা আমাদের প্রত্যেকের কাছে সত্তর বছর জিহাদ করার চেয়ে উত্তম। কিন্তু আমরা তোমার উপর জুলুম করতে চাই না। ইমাম তাদের বললেন, ‘তাহলে কি ইনসাফ করতে চাও?’ তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, ‘তবে সবার আগে তরবারি কোষবদ্ধ করো।’ তারা বলল, সেটা সম্ভব নয়। তোমার রক্ত দিয়ে আমরা এগুলো সিক্ত করতে চাই। ইমাম বললেন, ‘তবে আল্লাহর নাম নিয়ে কথা শুরু করো।’ তারা বলল, ধরুন মসজিদের দরজায় দুটো জানাযা আছে; একটা হলো পুরুষ লোকের, যে মাত্রাতিরিক্ত মদ্যপান করে মারা গিয়েছে। আরেকটা এক নারীর, যে ব্যভিচারের মাধ্যমে গর্ভবতী হওয়ার পর আত্মহত্যা করেছে। তাদের দুজনের বিধান কী? ইমাম বললেন, ‘তাদের দুজন কি ইহুদি ছিল?’ তারা বলল, না। ইমাম বললেন, ‘খ্রিষ্টান ছিল?’ তারা বলল, না। ইমাম বললেন, ‘অগ্নিপূজক ছিল?’ তারা বলল, না। ইমাম বললেন, ‘তাহলে তারা কোন ধর্মের ছিল?’ তারা বলল, যে ধর্ম বলে, আল্লাহ ছাড়া আর কোনা ইলাহ নেই এবং মুহাম্মাদ (স) তাঁর বান্দা ও রাসুল। ইমাম বললেন, ‘তবে এবার আমাকে বলো, এই সাক্ষ্য ঈমানের কতটুকু অংশ? অর্ধেক নাকি এক- তৃতীয়াংশ অথবা এক-চতুর্থংশ?’ তারা বলল, ঈমানের মাঝে কোনো বিভাজন হয় না। তিনি বললেন, ‘তাহলে এই সাক্ষ্য ঈমানের কতটুকু অংশ?’ তারা বলল, এটাই পূর্ণ ঈমান। তিনি বললেন, ‘তোমরা নিজের মুখেই স্বীকার করেছ তারা দুজন মুমিন ছিল। তাহলে আবার এমন প্রশ্ন কেন?’ তারা বলল, এসব বাদ দিন। আমরা জানতে চাচ্ছি তারা জান্নাতি নাকি জাহান্নামি? ইমাম বললেন, ‘এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। যদি বলতেই হয়, তবে আমি তাদের ব্যাপারে সে কথা বলব, যা আল্লাহর নবি নুহ আ. তাদের চেয়েও অধিক অপরাধী সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন, وَقَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا يَعْمَلُونَ অর্থ : ‘নুহ বললেন, তারা কী কাজ করত আমি কীভাবে বলব?’ [শুরা : ১১২] যেমনটা আল্লাহর খলিল ইবরাহিম আ. তাদের দুজনের চেয়ে অত্যন্ত জঘন্য অপরাধী সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন, رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِ فَمَنْ تَبِعَنِي فَإِنَّهُ مِنِّى وَمَنْ عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ অর্থ : ‘হে আমার প্রতিপালক, এরা অনেক মানুষকে বিপথগামী করেছে। অতএব, যে আমার অনুসরণ করে, সে আমার দলভুক্ত; আর যে আমার অবাধ্য হলো, নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু।’ [ইবরাহিম : ৩৬] যেমনটা ঈসা ইবনে মারইয়াম তাদের দুজনের চেয়ে গর্হিত অপরাধে নিমজ্জিত সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন, إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ অর্থ : ‘যদি আপনি তাদের শাস্তি দেন, তবে তারা তো আপনারই বান্দা। আর যদি আপনি তাদের ক্ষমা করেন, তবে আপনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’ [মায়িদা : ১১৮] আমি সে কথা বলব যা অবতীর্ণ হয়েছিল আমাদের নবি মুহাম্মাদ (স)-এর উপর : وَلَا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ إِنِي مَلَكٌ وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا اللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنفُسِهِمْ إِنِّي إِذًا لَّمِنَ الظَّالِمِينَ অর্থ : ‘আর আমি তোমাদের বলি না যে, আমার কাছে আল্লাহর ধনভান্ডার রয়েছে। এ কথাও বলি না যে, আমি গায়েব তথা অদৃশ্যের সংবাদ জানি। এ কথাও বলি না যে, আমি একজন ফেরেশতা। আর আমি এ কথা বলি না যে, তোমাদের দৃষ্টিতে যারা ক্ষুদ্র-নগণ্য, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব।’ [হুদ : ৩১] ইমামের এসব কথা শুনে তারা বলল, আমাদের মুক্ত করলেন। আল্লাহ আপনাকেও মুক্ত করুন। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাঁর কাছে আমাদের সকল বিভ্রান্তি থেকে তাওবা করছি। অতঃপর তারা খারেজি মতাদর্শ ত্যাগ করে আহলে সুন্নাতের অনুসারী হয়ে গেল।
খারেজিরা আলি ও মুআবিয়া রাযি.-সহ সিফফিনের ‘তাহকিম’ [সালিশ নিয়োগ]-এর ঘটনার সঙ্গে জড়িত সাহাবাদের কাফের মনে করত। তাদের সমর্থন করার কারণে আহলে সুন্নাতকেও তারা বিভ্রান্ত ও কাফের আখ্যা দিত। খারেজিরা যখন কুফা দখল করে নিল, তখন ইমামকে তাওবা করতে বলল। ইমাম বললেন, ‘কীসের তাওবা?’ তারা বলল, আলি ও মুআবিয়ার ব্যাপারে সন্তুষ্টি থেকে তাওবা। তিনি বললেন, ‘তোমরা আমার সঙ্গে মুনাযারা করবে?’ তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, ‘যদি কোনো বিষয়ে আমাদের দ্বিমত হয়, তবে সেটা কে নিরসন করবে?’ তারা তাদের একজনকে দেখিয়ে বলল, অমুক। ইমাম বললেন, ‘তাকে আমাদের মাঝে মীমাংসাকারী হিসেবে তোমরা রাজি?’ তারা বলল, হ্যাঁ। ইমাম বললেন, “এই তোমরাও তো ‘তাহকিম’-এর সমর্থক।” (অর্থাৎ আলি ও মুআবিয়াকে যে কারণে তোমরা কাফের মনে করো, একই কারণ তো তোমাদের মাঝেও বিদ্যমান!) তখন তারা চুপ হয়ে গেল।
টিকাঃ
৭২. দেখুন: মানাকিব, মক্কি (১৪৯)।
৭৩. প্রাগুক্ত (১৪৯)।
৭৪. আল-ইতিকাদ, নিশাপুরি (১১৫-১১৬)। মানাকিব, মক্কি (১০৮-১০৯)। বাযযাযি (১৮১-১৮২)।
৭৫. আল-ইনতিকা (৩০৭)।