📄 মুফতী মুহাম্মাদ আবু ইউছুফ
মুফতী মুহাম্মাদ আবু ইউছুফ খান ১৯৬৮ সালের ১২ মার্চ নেত্রকোনা জিলার সদর থানার অন্তর্গত মাহমুদপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট আলিমে দীন মরহুম মাওলানা মফিজ উদ্দিন। মাতা মরহুমা আবিদা আক্তার খানম। বর্তমানে তিনি ৪৫২ মিরহাজীর বাগ, যাত্রাবাড়ী, ঢাকায় অবস্থান করছেন। তিনি ১৯৮৪ সালে ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কুরআনীয়া আরাবিয়া লালবাগ থেকে দাওরায়ে হাদীস, ১৯৮৮ সালে কামিল হাদীস, ১৯৯০ সালে কামিল ফিকহ, ১৯৯৩ সালে কিং সউদ বিশ্ববিদ্যালয় থেকে আরবী ভাষায় উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে আরবী সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে এম.এ পাস করেন। এছাড়া তিনি ইসলামী শরী'আহ ও এ্যারাবিক ক্যালিওগ্রাফীর উপর সার্টিফিকেট লাভ করেন এবং National Academy for Education Management (NAEM) থেকে শিক্ষা ও ব্যবস্থাপনার উপর গুরুত্বপূর্ণ ট্রেনিং-এ অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সনদ অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি গবেষক।
তিনি ১৯৮৯ সালে ঐতিহ্যবাহী তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রভাষক (আরবী) হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে মুহাদ্দিস হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০০ সাল থেকে অত্র দীনি প্রতিষ্ঠানে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটিতে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মুফতী মুহাম্মাদ আবু ইউছুফ খান শিক্ষা বিস্তারে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান, কমিটি ও প্রোগ্রামের সাথে সক্রিয় রয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর 'আল মুনজিদ অভিধান' সম্পাদনা কমিটির সদস্য। গ্রন্থকার শিক্ষা, গবেষণা এবং বিষয়ভিত্তিক পুস্তক প্রণয়নের ক্ষেত্রেও ব্যাপক অবদানের স্বাক্ষর রেখে চলছেন। বিশেষ করে "জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড" এর মাধ্যমিক পর্যায়ের আরবী প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চ মাধ্যমিক পর্যায়ের আরবী প্রথম ও দ্বিতীয় পত্র (যৌথ) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নবম ও দশম শ্রেণীর সিলেবাসভুক্ত কুরআন ও হাদীস এবং প্রথম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত আরবী সাহিত্য (যৌথ) এবং ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর আরবী ইন'শা গ্রন্থাবলীর সংকলক ও রচনাকারী।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা পত্রিকাসহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সাময়িকীতে বিভিন্ন বিষয়ে তাঁর প্রবন্ধ প্রকাশিত হয়। বর্তমানে তাঁর লিখিত ও অনূদিত গ্রন্থের সংখ্যা ২৩টি।