📄 আল্লাহর অগণিত নেয়ামত
মানুষের উপর মহান আল্লাহর নেয়ামত অসীম। শ্বাস একটি নেয়ামত। ভেবে দেখুন এটা কত বড় একটি নেয়ামত। শেখ সাদী রহ. এ কথাকে অতি সংক্ষেপে এভাবে তুলে ধরেছেন যে,
'প্রত্যেক মানুষ যখন শ্বাস গ্রহণ করে, তখন একটি শ্বাসের মাঝে মহান দুটি নেয়ামত বিদ্যমান থাকে। শ্বাস ভেতরে প্রবেশ করা একটি নেয়ামত, আবার ভেতর থেকে বাইরে আসা আরেকটি নেয়ামত। শ্বাস যদি বের হয়ে ভেতরে প্রবেশ না করে, তাহলে মৃত্যু অবধারিত। কিংবা যদি ভেতরে প্রবেশ করে আর বাইরে বের না হয়, তাহলেও মৃত্যু নিশ্চিত।'
একটি শ্বাসে দুটি নেয়ামত নিহিত। আর আল্লাহর প্রত্যেক নেয়ামতের শোকর আদায় করা ওয়াজিব। তাহলে প্রতীয়মান হয়, একটি শ্বাসে দুটি শোকর আদায় করা ওয়াজিব।
অতএব মানুষ যদি শুধু শ্বাস-প্রশ্বাসের শোকর আদায় করতে চায়, তাহলে তা আদায় করতে সক্ষম হবে না। অন্যান্য নেয়ামতের প্রসঙ্গ তো দূরের কথা। কারণ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নেয়ামত প্রতিনিয়ত বৃষ্টির ন্যায় আমাদের উপর বর্ষিত হচ্ছে। যা গণনা করে শেষ করা সম্ভব নয়।
📄 সবচেয়ে বড় নেয়ামত
কিন্তু নেয়ামতসমূহের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত, যার সাথে অন্য কোনো নেয়ামতের তুলনা হতে পারে না, সেটা হচ্ছে ঈমানের নেয়ামত। মহান আল্লাহ অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে ঈমানের নেয়ামত দ্বারা সৌভাগ্যবান করেছেন। এই মহান নেয়ামতের কোনো কদর বা মূল্যায়ন আমাদের নিকট এ জন্য নেই যে, আমরা এই নেয়ামতটি পিতা-মাতার মাধ্যমে বিনামূল্যে পেয়েছি। এটি অর্জন করার জন্য আমাদের কোনো কষ্ট-মেহনত করার প্রয়োজন পড়েনি। কোনো ত্যাগ-তিতিক্ষার প্রয়োজন হয়নি। ফলে এর কোনো গুরুত্ব আমরা অনুধাবন করি না। এর গুরুত্ব বা মূল্য কত অধিক, তা জিজ্ঞেস করুন হযরত বেলাল হাবশী রা.-কে, হযরত সুহাইব রূমী রা.-কে, হযরত যায়েদ বিন হারেসা রা.-কে- যাঁরা কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে অর্জন করার জন্য কত নির্মম ও অমানুষিক নির্যাতন সহ্য করেছেন। কত কঠিন ত্যাগ স্বীকার করেছেন। তারপর তারা এই নেয়ামত লাভ করতে সক্ষম হয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে আমরা এই নেয়ামত লাভ করেছি, তাই এর সঠিক মূল্যমান আমরা অনুমান করতে পারি না। নতুবা সকল নেয়ামতের উপর শ্রেষ্ঠত্ব রাখে এই ঈমানের নেয়ামত।
ঈমানের পর এ জগতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে, ঈমানের দাবি অনুযায়ী ইলমের নেয়ামত। ঈমানের দাবি কী? ঈমান কী চায়? ঈমান আনয়নের ফলে মানুষের উপর কী কী কর্তব্য অর্পিত হয়? এই ইলম হচ্ছে ঈমানের পর সবচেয়ে বড় নেয়ামত।