📄 হে মুসলিম বোনেরা! সালাতের বিষয়টি ঠিক করে নাও
হে মুসলিম বোনেরা! সালাতের বিষয়টি ঠিক করে নিন। সকল মন্দ স্বভাব ও নির্লজ্জতার অভ্যাস নিজে নিজেই দূর হয়ে যাবে। সালাতের জন্য খুব পবিত্রতা, সময়ানুবর্তিতা ও আদবের প্রতি লক্ষ্য রাখুন। আপনার নিজেরই উপকার হবে। আপনার সন্তানদের উপকার হবে। কাল হাশরের দিন তো কেউ কারো কোন প্রকার কাজে আসবে না। হজরত নূহ আলাইহিস সালাম এবং হজরত লূত আলাইহিস সালামের স্ত্রীরা জাহান্নামে প্রবেশ করবে। তাদেরকে তাদের শারীরিক সৌন্দর্য, ইজ্জত, মোহনীয় কণ্ঠ এবং অতি চালাকি ধ্বংস করে দিয়েছে। কুরআনুল কারিম পাঠকারী প্রতিটি মুসলিম এই দুই নারীর কুফর এবং মন্দ স্বভাবকে বর্ণনা করে থাকে। অথচ তারা মনে করত যে, তারা খুব বুদ্ধিমান এবং যুগ সচেতন নারী। তারা তাদের জাতি ও ভাইদেরকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ তা'আলাকে অসন্তুষ্ট করেছে। নিজের পয়গাম্বর স্বামীর অবমূল্যায়ন করেছে। জানা নেই তাদের জাতি ও তাদের ভাইয়েরা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে কিনা। তবে এ কথা সত্য যে, এই দুই নারী হাজার বছর ধরে আজাবে নিপতিত রয়েছে এবং কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাওবা-তাওবা। তাওবা হে আমার মালিক। আপনার নিকট কবরের আজাব থেকে পানাহ চাই। আপনার নিকট আখিরাতের আজাব থেকে পানাহ চাই।
📄 আল্লাহর তা‘আলার সন্তুষ্টি
অজু করতেছে। কেন? যেন আল্লাহ তা'আলা সন্তুষ্ট হয়ে যান। সালাতের জন্য দৌড়াচ্ছে। কেন? যেন আল্লাহ তা'আলা সন্তুষ্ট হয়ে যান। সিয়াম পালন করতেছে। হজ পালন করতেছে। জিকির-আজকারে লিপ্ত রয়েছে। জিহাদে রত আছে। লোকেরা গান শুনতেছে আর এরা গান থেকে দূরে থাকছে। ফিল্ম থেকে দূরে থাকছে। কুদৃষ্টি থেকে দূরে থাকছে। কেন? যেন আল্লাহ তা'আলা সন্তুষ্ট হয়ে যান। সকাল-বিকাল ইস্তিগফার। দুরূদ শরিফ ও কালিমায়ে তাইয়্যেবার আমল। স্রষ্টার ইবাদাত এবং মাখলুকের খিদমত। এমন আমানত যে, মন সম্ভ্রষ্ট হয়ে যায়। এমন বিনয় যে, জমিন ঈর্ষা করে। কেন? যেন আল্লাহ তা'আলা সন্তুষ্ট হয়ে যান। সকাল-বিকাল, রাত-দিন শুধু কাজই কাজ। অবশেষে ভালোবাসার এই বন্ধন অকল্পনীয় ব্যর্থতায়ই পরিণত হবে এবং "রাহমাতুল্লাহি আলাইহি" এর ঘোষণা সাত আসমানে গুঞ্জরিত হবে।
📄 হে সাহসীগণ! ক্লান্ত হয়ো না
হে সাহসীগণ! ক্লান্ত হয়ো না, যে কোন মুহূর্তে কবুলিয়াতের আওয়াজ এসে যাবে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— বান্দা যদি আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্য একাধারে লেগে থাকে, আল্লাহ তা'আলা তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমার অমুক বান্দা আমাকে সন্তুষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। ভাল করে শুনে রাখ! তার উপর আমার রহমত রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম (এটা শুনে) বলেন- رَحْمَةُ اللهِ عَلَى فُلَانٍ অর্থাৎ তার উপর আল্লাহ তা'আলার রহমত রয়েছে। অতঃপর আরশ বহনকারী ফেরেশতাও এটা বলে এবং তার আশেপাশের সকলে এটা বলে। এমনকি সাত আসমানের ফেরেশতারা পর্যন্ত এটা বলতে থাকে। তারপর এই রহমতের বার্তা জমিনে অবতীর্ণ করা হয়। [৮১]
টিকাঃ
[৮১] মুসনাদে আহমাদ: হাদিস নং ২২৪০১
📄 আশ্চর্য এক অবস্থা
মোটকথা মুসিবতের সময় যদি আল্লাহ তা'আলার উপর অভিযোগ তৈরি না হয়, বরং এই বিশ্বাস অন্তরে দৃঢ় হয় যে, আল্লাহ ত'আলার অনুগ্রহ তো অসংখ্য রয়েছে। স্বয়ং আমি নিজেই তো গুনাহগার, অসংখ্য ভুল-ভ্রান্তিতে ভরা ও অপরাধী। এটা হল ঐ আশ্চর্য অবস্থা, যা মাছের পেট থেকেও মানুষকে জীবিত বের করে আনে। হজরত ইউনুস আলাইহিস সালামের দু'আটি পাঠ করে দেখুন-
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ । হে আল্লাহ! আপনি তো পবিত্র। আপনার প্রতি কোন অভিযোগ নেই।
إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ । আমি নিজেই জালিম এবং অপরাধী।
যখন এই বাক্য অন্তরের বাক্যে পরিণত হবে, অর্থাৎ মন থেকে বিশ্বাস করবে যে, ভুল ও অপরাধ আমার নিজের এবং আল্লাহ তা'আলার প্রতি কোন প্রকার অভিযোগ থাকবে না, তখন নুসরাত ও সাহায্যের এমন দরজা খুলবে যে, বিবেক-বুদ্ধি সব হয়রান হয়ে যাবে। কিন্তু আফসোস! আমরা এমন অবস্থা থেকে বঞ্চিত। আর এটা কত আশ্চর্যের কথা যে, হজরত ইউনুস আলাইহিস সালামের ন্যায় নবি, যিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন। তার এই অবস্থা নসিব হয়েছে। হজরত আলী রাদিআল্লাহু আনহু যার নিশ্চিত জান্নাতের সুসংবাদ ছিল। তিনিও এই অবস্থায় ঢুবে নিজেকে গুনাহগার ও অপরাধী মনে করে কেঁদেছেন। আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনাহে ঢুবে আছি। তবুও এই অবস্থা থেকে বঞ্চিত রয়েছি। বস্তুত আমাদের জন্য তো নিজেকে গুনাহগার ও অপরাধী মনে করা অধিক সহজ হওয়া উচিত ছিল।
এ ধরনীর কোন গুনাহ আছে যা আমরা দীনদার দাবিদারদের মাঝে নেই? পদ ও ক্ষমতার অপব্যবহার এবং আত্ম অহমিকা, দুনিয়ার মহব্বত, অহংকার, খ্যাতির লোভ, ফটোসেশন এবং নির্লজ্জতা (নাউযুবিল্লাহ) কোন কোন গুনাহের কথা উল্লেখ করব। হিংসা এবং শত্রুতা আমাদেরকে ভেতর থেকে ঝাঁজরা করে দিয়েছে এবং সম্মিলিত সম্পদের ক্ষেত্রে অসতর্কতা আমাদেরকে ধোঁকার জাল বানিয়ে দিয়েছে। বাস্তবেই আমরা তাওবা ও ইস্তিগফারের সীমাহীন মুখাপেক্ষী। আল্লাহ তা'আলা আমাদেরকে স্বীয় গুনাহের ভয়াবহতা বুঝার তাওফিক দান করুন।
পবিত্র কুরআনকেই নিন না! আমরা এটাকে ছড়িয়ে দেওয়ার কথা বলি। কিন্তু আমাদের রাত-দিন কাটে এর তিলাওয়াত শূন্য অবস্থায়। আমরা এর হক সম্পর্কে উদাসীন। কত হাফেজে কুরআন দীনি কাজের ধোঁকায় হিফজের নি'আমত থেকে বঞ্চিত হয়েছে। আর এটাই যদি হয় আমাদের দীন যে, কুরআনুল কারিম ও ভুলে যাবে, তাহলে আল্লাহ তা'আলাই আমাদেরকে হিদায়াত দান করুন।
মোটকথা আমরা অনেক গুনাহগার। কিন্তু তারপরও আল্লাহ তা'আলার অনুগ্রহ দেখুন! তিনি আমাদেরকে ইমানের মত মহামূল্যবান সম্পদ দান করেছেন। আমাদেরকে দীন এবং জিহাদের সুদৃঢ় দৃষ্টিভঙ্গি দান করেছেন। এ যুগেও আমাদেরকে তাঁর নাম নেওয়ার তাওফিক দান করেছেন। আমাদের থেকে দীনের কাজ নিচ্ছেন এবং আমাদেরকে তাঁর কাজে লাগিয়েছেন। এমন নি'আমতের তালিকা অনেক দীর্ঘ। আমাদের তা গণনা করাও সম্ভব নয়। সুতরাং প্রয়োজন হল-আমাদের প্রত্যেকে নিজের গুনাহসমূহের দিকে তাকিয়ে তার জন্য অশ্রু প্রবাহিত করা। স্বীয় গুনাহসমূহ খুঁজে খুঁজে তা থেকে খাঁটি তাওবা করা এবং দীনের কাজকে আল্লাহ তা'আলার অনেক বড় নি'আমত এবং তাঁর মহান অনুগ্রহ মনে করে তার মূল্যায়ন করা।