📄 একটি ঈমানদীপ্ত ঘটনা
মদিনা মুনাওয়ারায় একজন ইবাদাতগুজার মহিলা ছিলেন। উক্ত মহিলার একটি ছেলে ছিল। অনেক গাফেল ও অনেক বড় গুনাহগার। মহিলা যখনই সময় পেতেন, তখনই তাকে বুঝাতেন। হে আমার ছেলে! তাওবা করে নাও। দেখো! অতীতে গাফলতের মধ্যে জীবন যাপনকারীদের কত ভয়ঙ্কর মৃত্যু হয়েছে এবং তাদের কত ভয়াবহ পরিণতি হবে। হে আমার ছেলে! মৃত্যুকে স্মরণ কর এবং তার প্রস্তুতি গ্রহণ কর। কিন্তু ছেলের উপর এ সকল উপদেশের কোন প্রভাব পড়ত না। সে মায়ের বয়ান শুনে গান গাইতে গাইতে বাইরে চলে যেত। আর বলত যে, আল্লাহ তা'আলার অনুগ্রহ অনেক বড়। এভাবেই দিন-রাত অতিবাহিত করত।
একবার আরবের অনেক প্রসিদ্ধ ও দরদী এক বক্তা হজরত আবু আমের আলবানী রাহি, পবিত্র রমজানে মদিনা মুনাওয়ারা তাশরিফ আনলেন। লোকেরা তার নিকট বয়ানের আবেদন করল। তাই জুমার রাতে তারাবীর সালাতের পর তার বয়ানের সময় নির্ধারণ হল। মানুষ একত্রিত হয়ে গেল। ভাগ্য সুপ্রসন্ন যে, ঐ যুবকও এসে মজলিসে বসল। আল্লাহ তা'আলার তাওফিকে শাইখ বয়ান শুরু করলেন। কখনো উপদেশ ও কখনো ভয়। কখনো জান্নাতের প্রেরণা তো কখনো জাহান্নামের ভয়। সত্য রবের সত্য বাণী যখন সামনে আসল, তখন মৃত অন্তরও জীবিত হতে শুরু করল। ঐ যুবকেরও চেহারার রঙ পরিবর্তন হয়ে গেল এবং শাইখের উপদেশ তার হৃদয় ছুঁয়ে গেল। সে মজলিস থেকে উঠে তার মায়ের কাছে আসল এবং অঝোরে কাঁদতে লাগল। হে আমার মা! আজ তাওবা আমার শরীরের তালা খুলে দিয়েছে। হে মা! আল্লাহর রাস্তায় আহ্বানকারীর দরদী আহ্বানের সুর লহরী শয়তানী জিঞ্জিরসমূহকে ভেঙ্গে দিয়েছে। হে আমার মা! আমিও এই আহ্বানে সাড়া দিয়েছি, তবে আমার মালিক কি আমার মত গুনাহগার মানুষকে কবুল করবেন? হায়! তিনি যদি আমাকে কবুল না করেন, তাহলে তো এটা আমার জন্য খুবই খারাপ হবে। অতঃপর সেই যুবক ইবাদাত-বন্দেগীতে লেগে যায়। সারা দিন সিয়াম এবং সারা রাত ইবাদাত-বন্দেগী ও আল্লাহ তা'আলার জিকির-আজকার। এমনভাবে ইবাদাত-বন্দেগী ও জিকির-আজকারে মগ্ন হয়েছে যে, না কণ্ঠ বিরত হয়, না শরীর ক্লান্ত হয়। কিছু দিন পরেই প্রচণ্ড জ্বর হল। চারদিন সেই প্রচণ্ড জ্বর ও দুর্বলতা নিয়েই দিন-রাত ইবাদাত করে চলেছে। একদিন সে দু'আর মধ্যে বলল-
হে আল্লাহ! যখন আমি শক্তিশালী ছিলাম তখন আপনার নাফরমানী করেছি। আর এখন যখন দুর্বল হয়ে গেছি তখন আপনার ইবাদাতে লেগেছি। যখন মজবুত ছিলাম, তখন আপনাকে অসন্তুষ্ট করেছি। আর যখন রোগা হয়েছি, তখন আপনার কাজে লেগেছি। হায় আফসোস! দয়া করে আপনি আমাকে কবুল করে নিন। এ কথা বলে বেহুঁশ হয়ে পড়ে যায়। মা চিৎকার করে মাথ ায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলে সে বলতে লাগল-মা! সেই সময়ের ব্যাপারে আপনি আমাকে সাবধান করতেন। হায় আফসোস ঐ দিনসমূহের উপর, যে দিনগুলো ইবাদাতবিহীন কেটেছে। আমার ভয় হচ্ছে যে, আমার গুনাহের কারণে আমাকে অনেক দীর্ঘ সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হে মা! আপনাকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনি আপনার পাগুলো আমার চেহারার উপর রেখে দিন। তাহলে যেন আমার এই লাঞ্ছনা দেখে আমার রবের আমার উপর দয়া হয়। মাও এমনটিই করলেন। এরই মধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। জুমার রাতে তার মা তাকে স্বপ্নে দেখলেন যে, তার ছেলের চেহারা চাঁদের মত উজ্জ্বল। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার ছেলে! আল্লাহ তা'আলা তোমার সাথে কেমন ব্যবহার করেছেন। সে বলল, অনেক ভাল ব্যবহার করেছেন এবং আমাকে অনেক উঁচু মর্যাদা দান করেছেন। মা জিজ্ঞেস করলেন, আবু আমেরের সাথে কি আচরণ করা হয়েছে? আবু আমের হল ঐ বক্তা যে বক্তার বক্তৃতা শুনে এই যুবক হিদায়াত পেয়েছিল এবং সেও ইন্তিকাল করেছিল। এই যুবক বলল, আম্মু! কোথায় আমি আর কোথায় আবু আমের! অতঃপর সে কিছু কবিতা পাঠ করল। যার সারমর্ম হল-
"আবু আমেরকে এমন চূড়ায় রাখা হয়েছে, যার সর্বনিম্ন উচ্চতাও অন্য জান্নাতিদের নিকট আরশের ন্যায় উঁচু। তিনি এমন হুরদের মাঝখানে রয়েছেন, যারা তাকে পাত্র ভরে ভরে পরিবেশন করছে এবং বিনয়ের সাথে বলছে নিন নিন। ধন্যবাদ আপনাকে হে মানুষকে নসীহতকারী।"
টিকাঃ
[৭৫] কিতাবুত-তাওয়্যাবীন
📄 তাওবার দরজা সকলের জন্য উন্মুক্ত
গুনাহগারদের জন্য সুসংবাদ। আল্লাহ তা'আলা অধিক তাওবাকারীকে ভালোবাসেন। যেমন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন-
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
। "নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। "
সুবহানাল্লাহ! গুনাহগারদের জন্য কত বড় সুসংবাদ যে, তাওবা করবে আর আল্লাহ তা'আলার প্রিয় হয়ে যাবে।
টিকাঃ
[৭৬] বাকারা- ২: ২২২
📄 তাওবা করো হে আমার বোনেরা! তাওবা করো
তাওবা করো আমার বোনেরা! তাওবা করো। মুসলিম নারী সালাতের মধ্যে আরাম ও প্রশান্তি পায় এবং কখনোই সালাতে অলসতা করতে পারে না। বরং সে তো সকল সমস্যা সালাতের মাধ্যমেই সমাধান করে থাকে। এটা বাজারে যাওয়ার মন্দ প্রভাব। বর্তমানে কি বাজারের পরিবেশ এমন উপযুক্ত যে, মুসলিম বোন সেখানে যেতে পারে? হে আমার বোনেরা! আল্লাহর জন্য বাজারে যাওয়া ছেড়ে দাও। একান্ত বাধ্য হয়ে যদি যেতেই হয়, তাহলে শুধুমাত্র স্বামীর সাথে যাবে। না বাবার সাথে, না ভাই ও ছেলের সাথে। শুধুমাত্র স্বামীর সাথেই যাবে। আর মুসলিম স্বামীদের প্রতি অনুরোধ তারা যেন তাদের স্ত্রীদেরকে বাজারে না নিয়ে যায়। বরং সবকিছু নিজেরাই নিয়ে আসে। মনে রাখবেন! যুবতী নারীরা যদি বাজারে যেতে থাকে, তাহলে অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে।
📄 আমাদের মুসলিম বোনেরা অনেক উচ্চ মর্যাদাশীল
আমাদের মুসলিম বোনেরা অনেক উচ্চ মর্যাদাশীল। তাদের কাজ এটা নয় যে, বাজারে গিয়ে পুরুষদের সাথে বেচা-কেনা করবে কিংবা মোবাইলের উপর নিজের মূল্যবান সময় নষ্ট করবে। বর্তমান সময়ের মুসলিম নারী সালাতের স্বাদ ও শক্তি থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ হল- বাজারে যাওয়া এবং মোবাইলের অবৈধ ও অহেতুক ব্যবহার করা। হে আমার বোনেরা! কবরসমূহ মুখ হা করে অপেক্ষা করছে। শুকরিয়া আদায় করুন যে, এখনো শরীরে প্রাণ আছে এবং তাওবার দরজা খোলা আছে।