📄 নিজের জীবনের উপর দয় করুন
আমি আমার সকল মুসলিম ভাই ও বোনকে বলছি যে, নিজের জীবনের উপর দয়া করুন। জ্বী হ্যাঁ! আমরা সকলে নিজের উপর দয়া করি এবং নিজেকে আজাব থেকে বাঁচানোর জন্য সকল গুনাহ থেকে তাওবা করে নেই। সর্বপ্রথম কথা এটা বলি যে, নিজেদের সালাতগুলোকে পুরোপুরি ঠিক করে নেই। জামা'আত ও যথাযথ গুরত্বের সাথে, পূর্ণ মহব্বত ও মনোযোগ এবং উৎসাহ-উদ্দীপনার সাথে সালাত আদায় করুন। প্রিয় পাঠক! সালাত তো জান্নাতের হুরের চেয়েও অধিক মাজাদার ও মিষ্টি। এটা কীভাবে সম্ভব যে, মুসলিম হয়ে সালাতে অলসতা করে? আল্লাহর ওয়াস্তে এমনটি করবেন না। আল্লাহ তা'আলা নিজে আমাদেরকে দৈনিক পাঁচ ওয়াক্ত তাঁর মহান দরবারে হাজির হওয়ার জন্য ডাকছেন। হ্যাঁ! খুবই গুরুত্বের সাথেই ডাকছেন। সুতরাং খাঁটি তাওবার দাবী হল আমরা সালাতের সাথে সর্বোচ্চ প্রেম ও ভালোবাসার সম্পর্ক রাখব।
📄 গুনাহের পরে নেকি
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ مَثَلَ الَّذِي يَعْمَلُ السَّيِّئَاتِ ثُمَّ يَعْمَلُ الْحَسَنَاتِ كَمَثَلِ رَجُلٍ كَانَتْ عَلَيْهِ دِرْعُ ضَيِّقَةٌ قَدْ خَنَقَتْهُ ثُمَّ عَمِلَ حَسَنَةٌ فَأَنْفَكَّتْ حَلُقَةٌ، ثُمَّ عَمِلَ حَسَنَةٌ أُخْرَى فَانْفَكَّتْ أُخْرَى حَتَّى يَخْرُجَ إِلَى الْأَرْضِ
“হজরত উকবা ইবনে আমের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি গুনাহের পরে নেকি করে, তার উপমা হল এমন, যেমন কোন ব্যক্তির শরীরে সংকীর্ণ লৌহবর্ম রয়েছে। এমন সংকীর্ণ যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অতঃপর সে একটি নেকি করে তো লৌহবর্মের একটি কড়া খুলে যায়। তারপর আরেকটি নেকি করে তো আরেকটি কড়া খুলে। এভাবে খুলতে খুলতে সে জমিনের উপর সম্পূর্ণ মুক্ত হয়ে যায়।”
টিকাঃ
[৬৬] আহমাদ; তাবরানী
📄 গুনাহগার হয়ে গেল সিদ্দীক
হজরত কা'ব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত—বনি ইসরাইলে এক ব্যক্তির কোন গুনাহ হয়ে গেছে। তখন উক্ত গুনাহের উপর অত্যন্ত পেরেশান হল যে, পেরেশানির কারণে কখনো এদিকে যায় তো কখনো ঐদিকে। আর বার বার বলছে যে, আমি আমার রবকে কীভাবে সন্তুষ্ট করব? আমি আমার রবকে কীভাবে সন্তুষ্ট করব? তার এই পেরেশান অবস্থা দেখে আল্লাহ তা'আলা তাকে সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন।
দেখেছেন! অনুশোচনা ও ভয় একজন গুনাহগারকে সিদ্দিকীনের মর্যাদায় উন্নীত করে দিয়েছে। অবশ্যই তাওবা ও ইস্তিগফার অনেক বড় এক নি'আমত। আর নি'আমত তারই নসিব হয়, যে আল্লাহ তা'আলাকে ভয় করে।
টিকাঃ
[৬৭] শুআবুল ইমান লিল বায়হাকী
📄 ইসলাম গ্রহণের পর পুনরায় ইসলাম গ্রহণ করা
হজরত আবদুর রহমান ইবনে আবুল কাসিম রাহি. থেকে বর্ণিত যে, একবার কাফিরদের তাওবার আলোচনা হল। যেমন পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
قُل لِلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ
"যারা কুফরী করেছে আপনি তাদেরকে বলুন, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে।"[৬৮]
ইসলামের শত্রু কাফিরও যদি স্বীয় কুফরী থেকে ফিরে এসে ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহ তা'আলা তার অতীতের সকল অপরাধ ও গুনাহ ক্ষমা করে দিবেন। এর ভিত্তিতে হজরত আবদুর রহমান বলেন- যেখানে কাফিরদের সাথেই এ অবস্থা, তাহলে আমি আশাবাদী যে, মুসলিমদের আল্লাহ তা'আলার নিকট এরচেয়েও ভাল হবে। আমার নিকট বর্ণনা পৌঁছেছে যে, মুসলিমদের তাওবা করা হল এমন, যেমন ইসলাম গ্রহণের পর পুনরায় ইসলাম গ্রহণ করা। অর্থাৎ তাওবার দ্বারা অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। [৬৯]
টিকাঃ
[৬৮] আনফাল- ৮: ৩৮
[৬৯] এহইয়াউল উলুম (সারমর্ম)