📄 খারাপ দিন কোনটি?
আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদের সকলকে খারাপ দিন এবং খারাপ রাতসমূহ থেকে বাঁচিয়ে রাখুন। আপনারা কি জানেন যে, খারাপ দিন কোনটি? হ্যাঁ! খারাপ দিন হল সেদিন সেদিন মানুষের কোন গুনাহ হয়ে যায়, জুলুম হয়ে যায় এবং তাওবার তাওফিক হয় না। আমরা তো মনে করি যেদিন আমাদের নিকট কোন টাকা-পয়সা না থাকে কিংবা কোন বিপদাপদ আসে, সেদিনটি হল খারাপ দিন। আসলে এমনটি নয়। এক বর্ণনায় এসেছে—মৃত্যু হল গণিমত আর গুনাহ হল মুসিবত। অভাব- অনটন হল শান্তি আর প্রাচুর্য হল শাস্তি তথা পরীক্ষা। বিবেক হল আল্লাহ তা'আলার পক্ষ থেকে উপহার আর মূর্খতা হল পথভ্রষ্টতা। জুলুম হল লজ্জা আর আল্লাহ তা'আলার অনুগত্য হল চোখের শীতলতা। আল্লাহ তা'আলার ভয়ে কাঁদা হল জাহান্নাম থেকে মুক্তি আর হাসি হল শরীরের ধ্বংস। আর গুনাহসমূহ থেকে তাওবাকারী ব্যক্তি হল ঐ ব্যক্তির ন্যায় যার কোন গুনাহ নেই। [২৬]
টিকাঃ
[২৬] বায়হাকী
📄 উত্তম গুনাহগার কে?
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ : كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ
“হজরত আনাস রাদিআল্লাহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—প্রত্যেক আদম সন্তানই কমবেশী গুনাহগার। আর উত্তম গুনাহগার হল ঐ ব্যক্তি যে বেশি বেশি তাওবা করে। [২৭]
টিকাঃ
[২৭] সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৪২৫১; সুনানে দারেমী: হাদিস নং ২৭৬৯
📄 বার বার পিছলে পড়া এবং বার বার উঠে দাঁড়ানো
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَডِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ الْعَبْدَ الْمُؤْمِنَ الْمُفْتَنَ التَّوَّابَ
“হজরত আলী রাদিআল্লাহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— নিশ্চয় আল্লাহ তা'আলার এমন মুমিন বান্দাই পছন্দ, যে বার বার গুনাহে (শয়তানের ধোকায় পড়ে) লিপ্ত হয় এবং সে বার বার তাওবা করে। "[২৮]
তাওবা যদি বার বার ভেঙ্গে যায়, তাহলে শয়তানের এই ধোঁকায় পড়া উচিত নয় যে, কতক্ষণ পর্যন্ত স্বীয় রবের সাথে এমন ঠাট্টা করতে থাকবে। অনেক বার তো তাওবা ভেঙ্গে ফেললে। সুতরাং তাওবা ছেড়ে দাও। মূলত বিষয়টি এমন নয়, বরং বার বার তাওবা করা আল্লাহ তা'আলার অধিক প্রিয়।
টিকাঃ
[২৮] মুসনাদে আহমাদ: হাদিস নং ৮১০
📄 তাওবা সম্পর্কে একটি হৃদয়গ্রাহী বাণী
সর্বদা গুনাহ থেকে পবিত্র থাকা একমাত্র ফেরেশতাদের কাজ এবং তাদের পক্ষেই সম্ভব। সর্বদা গুনাহে ডুবে থাকা এবং হকের বিরোধিতায় লিপ্ত থ াকা শয়তানের কাজ। আর এ দুটির মধ্যবর্তী থেকে গুনাহ ত্যাগ করে তাওবাকারী হওয়া এবং আল্লাহ তা'আলার অভিমুখী হওয়া এটা হল হজরত আদম আলাইহিস সালাম ও বনী আদমের বৈশিষ্ট্য। আর বাস্তবতা হল যে ব্যক্তি তাওবা করে অতীতের গুনাহসমূহ ক্ষমা ও মার্জনার চেষ্টা করে, সে যেন স্বীয় পিতা হজরত আদম আলাইহিস সালামের সাথেই নিজের সম্পর্ক ঠিক করে নিল। যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গুনাহ ও অবাধ্যতার উপর অটল রইল, সে যেন শয়তানের সাথে নিজের সম্পর্ক স্থাপন করে নিল এবং এটাকেই সুদৃঢ় করতে ব্যস্ত রইল। [২৯]
টিকাঃ
[২৯] কিমিয়ায়ে সা'আদাত