📄 ভরপুর ইস্তিগফার
হজরত আবু মালেক আশআরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- বান্দার ভরপুর দু'আ হল-
اللَّهُمَّ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ أَيْ رَبِّ فَاغْفِرْ لِي ذَنْبِي
অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব এবং আমি আপনার বান্দা। আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমি আমার নিজের গুনাহ স্বীকার করছি। আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। হে আমার রব! আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন।
টিকাঃ
৭৭. মাজমাউয-যাওয়ায়েদ: হাদিস নং ৭৫৯৩
📄 হজরত আদম আলাইহিস সালামের ইস্তিগফার
হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-আল্লাহ তা'আলা যখন আদম আলাইহিস সালামকে জমিনে অবতরণ করালেন, তখন তিনি কা'বার দিকে উঠলেন এবং দুই রাকাত সালাত পড়লেন। আল্লাহ তা'আলা তখন আদম আলাইহিস সালামকে এই দু'আটি ইলহাম করলেন। অতঃপর আল্লাহ তা'আলা তাকে ওহী প্রেরণ করলেন যে, হে আদম! আমি তোমার তাওবা কবুল করেছি এবং তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছি এবং যে কেউ এই দু'আ পাঠ করবে তার গুনাহও ক্ষমা করে দেব এবং তার গুরুত্বপূর্ণ কাজসমূহের জন্য আমি যথেষ্ট হয়ে যাব এবং শয়তানকে তার থেকে দূরে হটিয়ে দেব। প্রত্যেক ব্যবসায়ীর জন্য তার ব্যবসাকে প্রশস্ত করে দেব এবং দুনিয়া তার নিকট নাক ছিটকে আসবে, যদিও সে তা না চায়। দু'আটি হল-
اَللَّهُمَّ إِنَّكَ تَعْلَمُ سَرِيرَتِي وَعَلَانِيَتِي فَاقْبَلْ مَعْذِرَتِي وَتَعْلَمُ حَاجَتِي فَأَعْطِنِي سُؤْلِي وَتَعْلَمُ مَا فِي نَفْسِي فَاغْفِرْلِي ذَنْبِي اَللَّهُمَّ إِنِّي أَسْتَلُكَ إِيْمَانًا يُبَاشِرُ قَلْبِي وَيَقِيْنَا صَادِقًا حَتَّى أَعْلَمَ أَنَّهَ لَا يُصِبُنِي إِلَّا مَا কَتَبْتَ لِي وَرِضَى بِمَا قَسَمْتَ لِي
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আপনি আমার যাহের ও বাতেনকে ভাল করেই জানেন। সুতরাং আমার অক্ষমতাকে কবুল করে নিন। আপনি আমার প্রয়োজনসমূহ খুব ভাল করেই জানেন। সুতরাং আপনি আমার চাওয়াগুলো পূরণ করে দিন। আমার অন্তরে যা কিছু আছে, আপনি তা ভাল করেই জানেন। এজন্য আপনি আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমি এমন ইমান কামনা করি, যা আমার অন্তরে উদয় হবে এবং এমন ইয়াকিন কামনা করছি, যাতে আমার এ কথার দৃঢ় বিশ্বাস হয় যে, আমার তা-ই অর্জিত হবে, যা আপনি আমার জন্য লিখেছেন। আপনি আমাকে আপনার বণ্টনের উপর সন্তুষ্টি দান করুন।
টিকাঃ
৭৮. মু'জামুল আওসাত; তাবরানী