📄 ইস্তিগফারের একটি পরীক্ষিত অজিফা
আল্লামা জালালুদ্দীন সুয়তী রাহি. বলেন-যে কেউ দৈনিক ফজরের সালাতের পরে তিন বার নিম্নের বাক্যসমূহ দ্বারা ইস্তিগফার করবে, তাহলে ইন শা' আল্লাহ তার তিনটি উপকার হবে। যথা- ক. ইলম বা জ্ঞানের গভীরতা খ. সম্পদের প্রাচুর্য গ. রিজিকের প্রশস্ততা। ইস্তিগফারের বাক্যসমূহ হল- اسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا مِنْ جَمِيعِ جُرْمِي وَإِسْرَافِي عَلَى نَفْسِي وَأَتُوْبُ إِلَيْهِ। এর অর্থ কোন আলেমের কাছ থেকে জেনে নিবেন এবং নিয়মিত আমলের অংশ বানিয়ে নিন।
টিকাঃ
[৩৪] কাশফুল মাহজুব
📄 ইস্তিগফারের সাথে রিজিকের প্রশস্ততার দু‘আ
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা হজরত মাইমুনা রাদিআল্লাহু আনহার নিকট রাত্রি যাপন করলাম। রাতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হলেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু করলেন এবং রুকুর মধ্যে এই দু'আ পড়লেন- سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمُ। অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথা উঠালেন। অতঃপর আল্লাহ তা'আলার হামদ-প্রসংশা করলেন। হজরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু বলেন, তারপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদা করলেন। আর সিজদায় গিয়ে এই দু'আ পড়লেন- سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى। অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথা উঠালেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উভয় সিজদার মাঝখানে এই দু'আ পড়েছিলেন- رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَارْزُقْنِي وَاهْدِنِي
“অর্থ: হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। আমার উপর অনুগ্রহ করুন। আমাকে ভাল বানিয়ে দিন। আমাকে উচ্চ মর্যাদা দান করুন। আমাকে রিজিক দান করুন এবং আমাকে হিদায়াত দান করুন।"
টিকাঃ
[৩৫] মুসনাদে আহমাদ
📄 ইস্তিগফারের অন্তর্ভুক্ত একটি ব্যাপক দু‘আ
হজরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আরজ করলেন! হে আল্লাহর রাসুল! আমি রাতে আপনার দু'আ শুনেছি। আর দু'আর যে অংশটি আমার কান পর্যন্ত পৌঁছেছে, তা হল- اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِعْ لِي فِي دَارِي، وَবَارِكْ لِي فِيمَا رَزَقْتَنى
অর্থ: হে আল্লাহ! আমার গুনাহকে ক্ষমা করে দিন এবং আমার রিযিকের মধ্যে প্রশস্ততা দান করুন এবং আপনি আমাকে যা কিছু দিয়েছেন, তার মধ্যে বরকত দান করুন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-তোমার কি মনে হয় যে, এই দু'আতে কোন কিছু বাদ পড়েছে? (অর্থাৎ এই দু'আর মধ্যে দীন ও দুনিয়ার সকল কল্যাণ এসে গেছে)।
টিকাঃ
[৩৬] সুনানে তিরমিজি: হাদিস নং ৩৫০০; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৬৫৯৯
📄 নও মুসলিমদের জন্য একটি দু‘আ
হজরত আবু মালেক আশজায়ী রাহি, তার পিতা থেকে বর্ণনা করেন-যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করত, তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সালাত শেখাতেন এবং এই দু'আটি পড়ার জন্য নির্দেশ দিতেন- اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي
অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর অনুগ্রহ করুন এবং আমাকে হিদায়াত দান করুন এবং আমাকে নিরাপত্তা দান করুন এবং রিজিক দান করুন।
টিকাঃ
[৩৭] সহিহ মুসলিম: হাদিস নং ২৬৯৭; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৫৬১০