📄 একটি বিস্ময়ককর ঘটনা
হজরত হিশাম ইবনে উরওয়াহ রাহি. বলেন-হজরত উমর ইবনে আবদুল আজিজ রাহি, খলিফা নির্বাচিত হওয়ার পূর্বে একবার আমার পিতা হজরত উরওয়াহ ইবনে যুবায়ের রাদিআল্লাহু আনহুর নিকট তাশরিফ আনলেন এবং বললেন-রাতে আমি একটি আশ্চর্য বস্তু দেখেছি। আমি আমার ঘরের ছাদের উপর বিছানায় শুয়েছিলাম। তখন আমি নিচে রাস্তায় কিছু হট্টগোল শুনে উকি মেরে নিচের দিকে দেখে প্রথমে ভেবেছিলাম রাতে শিকার তালাশকারী কোন জন্তুর আওয়াজ। কিন্তু তা ছিল মূলত শয়তানদের বিভিন্ন দল। অতঃপর এ সবগুলো দল আমার ঘরের পেছনের খালি জায়গায় একত্রিত হল। তারপর তাদের সর্দার ইবলিসও এসে উপস্থিত হল। এরা সকলে যখন ইবলিসের নিকট একত্রিত হল, ইবলিস তখন উচ্চ আওয়াজ দিয়ে বলল-তোমাদের মধ্যে কে আছো, যে উরওয়াহ ইবনে যুবায়ের (রাদিআল্লাহু আনহু) এর জন্য যথেষ্ট হবে। (অর্থাৎ কে তার নিকট গিয়ে তাকে বিপথগামী করবে এবং ক্ষতিসাধন করবে)। শয়তানদের একটি গ্রুপ বলল, আমরা। অতঃপর সেই দলটি চলে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এসে বলতে লাগল, আমরা তাকে কোনভাবেই কাবু করতে পারিনি। ইবলিস এটা শুনে এত জোরে চিৎকার দিয়ে উঠল যে, আমার মনে হল তার চিৎকারে যেন জমিন ফেটে গেছে। সে পুনরায় তার উক্ত ঘোষণার পুনরাবৃত্তি করল। তখনও শয়তানদের একটি দল চলে গেল এবং অনেকক্ষণ পরে এসে বলতে লাগল-আমরা তার কিছুই করতে পারিনি। এটা শুনে ইবলিস রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেল এবং সকল শয়তানরাও তার পেছনে পেছনে চলে গেল।
হজরত উরওয়াহ ইবনে যুবায়ের রাদিআল্লাহু আনহু এ ঘটনা শুনে বললেন, আমার পিতা হজরত যুবায়ের ইবনুল আওয়াম রাদিআল্লাহু আনহু আমাকে বলেছেন, তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-যে ব্যক্তি দিনে বা রাতের শুরুতে এই দু'আটি পাঠ করবে, আল্লাহ তা'আলা তাকে ইবলিস এবং তার দল থেকে নিরাপদ রাখবেন। দু'আটি হল-
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ذِي الشَّانِ عَظِيمِ الْبُرْهَانِ شَدِيْدِ السُّلْطَانِ مَا شَاءَ اللهُ كَانَ أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَنِ
অর্থ: আল্লাহ তা'আলার নামে যিনি রহমান ও রাহিম এবং মর্যাদাসম্পন্ন। বড় প্রমাণওয়ালা। সুদৃঢ় ক্ষমতাশীল। আল্লাহ তা'আলা যা ইচ্ছা করেন, তা-ই হয়ে থাকে। আমি শয়তান থেকে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদের সকলকে সর্বপ্রকার গুনাহ থেকে, শয়তানদের থেকে, জালিমদের থেকে এবং নফসে আম্মারার ক্ষতি থেকে হেফাজত করুন।
আমিন ইয়া রাব্বাল মুসতাদআফীন।