📄 নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তিগফার করা
মানুষের দীনি ও দুনিয়াবী প্রয়োজনসমূহ অসংখ্য। ধন-সম্পদ, স্ত্রী-সন্তান, সুখ-শান্তি, সুস্থতা, মেধা, জ্ঞান-বুদ্ধি, ইবাদাতের তাওফিক ইত্যাদি ইত্যাদি। তবে মানুষের যে বস্তুর প্রয়োজন সবচেয়ে বেশি, তা হল—গুনাহসমূহ ক্ষমা পাওয়া। আল্লাহ তা'আলার গজব এবং জাহান্নাম থেকে বাঁচা।
হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত—তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর সময় এই দু'আ পাঠ করতে দেখেছেন—
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
"হে আল্লাহ আমাকে মাগফিরাত দান করুন। আমার উপর দয়া করুন এবং আমাকে শ্রেষ্ঠ বন্ধুর (নবিগণ ও ফেরেশতাগণ) সাথে মিলিয়ে দিন।"।৩।
টিকাঃ
(২) তারীখে হাকেম।
(৩) সুনানে তিরমিজি: হাদিস নং ৩৪৯৬; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ১৬১৯; মুয়াত্তা মালেক: হাদিস নং ৬৩৯; মুসনাদে আহমাদ: হাদিস নং ২৪৭৭৪
📄 নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে অধিক পরিমাণে তাসবিহ ও ইস্তিগফার করা
হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা বর্ণনা করেন—নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় রুকু এবং সিজদায় অধিক পরিমাণে এই দু'আ পাঠ করতেন। যেন কুরআনুল কারিমের আয়াত— فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ
। "আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন"
এর উপর আমল হয়ে যায়। দু'আটি হল-
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
“হে আল্লাহ! হে আমাদের রব! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।” [৪]
টিকাঃ
[৪] সহিহ বুখারী: হাদিস নং ৫৭৩; সহিহ মুসলিম: হাদিস নং ৪৮৪; মুসনাদে আহমাদ: হাদিস নং ৩১২৭
📄 সর্বপ্রকার গুনাহ থেকে ইস্তিগফার
হজরত আবু মূসা আশআরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু'আটি পাঠ করতেন-
رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِى، وَجَهْلِي، وَهَزْلِي وَكُلُّ ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“হে আমার রব! আমার ভুল-ত্রুটি এবং আমার অজ্ঞতা এবং সকল কাজে আমার সীমালঙ্ঘনকে ক্ষমা করুন এবং ঐ সকল গুনাহ যা আপনি আমার থেকে ভাল জানেন। হে আল্লাহ! আমার ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং জেনে-বুঝে করা এবং না জেনে করা এবং হাসি-ঠাট্টার ছলে করা গুনাহসমূহ ক্ষমা করুন। এ সকল প্রকারের গুনাহই আমি করেছি। হে আল্লাহ! আমার পূর্বের ও পরের, গোপনে করা ও প্রকাশ্যে করা গুনাহসমূহ ক্ষমা করুন। আপনিই সর্বপ্রথম এবং আপনিই সর্বশেষ। আর আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।” [৫]
টিকাঃ
[৫] সহিহ বুখারী: হাদিস নং ৬৩৯৮; সহিহ মুসলিম: হাদিস নং ২৭১৯; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৯৭৩৮
📄 ইস্তিগফারের উপর নিশ্চিত মাগফিরাতের ওয়াদা
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِنَّ الشَّيْطَانَ قَالَ: وَعِزَّتِكَ يَا رَبِّ لَا أَبْرَحُ أُغْوِى عِبَادَكَ مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ : فَقَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى: وَعِزَّتِي وَجَلَالِي لَا أَزَالُ اغْفِرْ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي
“হজরত আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-শয়তান বলেছে, হে আমার রব! আপনার ইজ্জতের কসম! নিশ্চয় আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকব যতক্ষণ তাদের শরীরে রূহ থাকবে। তখন আল্লাহ তা'আলা ইরশাদ করেন- আমার ইজ্জত ও সম্মানের কসম! যতক্ষণ তারা আমার নিকট ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ আমি তাদেরকে মাগফিরাত তথা ক্ষমা করতে থাকব।”১৬।
টিকাঃ
(৬) মুসনাদে আহমাদ: হাদিস নং ১১২৩৭