📄 অনুবাদকের কথা
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। দয়াময়, পরম করুণাময়, অতি দয়ালু। শতকোটি দুরূদ ও সালাম সমগ্র মানবতার নবি, শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবিজি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি।
মাগফিরাত! শব্দটি শুনতেই হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি-প্রশান্তি শিহরণ অনুভব হয়। একজন মুমিনের গোটা জীবনের পরম চাওয়াটাই হল এই মাগফিরাত। আল্লাহ তা'আলার ক্ষমা আর পরকালের চিরমুক্তি। মাগফিরাতের জন্য প্রয়োজন খাঁটি তাওবা আর ইস্তিগফার। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের ও উম্মতের গাফেল-হৃদয়কে সজাগ করতে এ বিষয়ে কিছু লিখব।
কিন্তু আমার জাহালত, গাফলত ও আর কমজুরির কারণে তা একদম হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ! এবার আল্লাহ তা'আলার রহমত শামেলে হাল হয়েছে। তাই এরই মধ্যে হাতে আসে পাকিস্তানের মাজলুম কারাবন্দি মুজাহিদ আলেম মুফতি খুবাইব হাফি.-এর রচিত "ইলা-মাগফিরাহ” গ্রন্থটি। যে গ্রন্থটির প্রথম খন্ডে মুহতারাম লেখক পুরো কুরআনুল কারিমের মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার সংক্রান্ত সকল আয়াত, আয়াতের অর্থ ও সংক্ষিপ্ত তাফসির সুরার বিন্যাস অনুসারে একত্রিত করেছেন। দ্বিতীয় খণ্ডে মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফারের সংজ্ঞা, ফজিলত ও মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার বিষয়ের হাদিস ও আসার তথা বিভিন্ন বাণী একত্রিত করেছেন। মোটকথা মাগফিরাত, তাওবাহ ও ইস্তিগফার সম্পর্কে অসাধারণ একটি গ্রন্থ।
তাই আমিও ভাবলাম, এ গ্রন্থটির অনুবাদই হতে পারে আমার সেই দুর্বল ও অলস ভাবনাটির যথাযথ ও চমৎকার বাস্তবায়ন। মাগফিরাত শব্দটির প্রতি এক বুক মহব্বত, ভালোবাসা ও প্রত্যাশায় অনুবাদ গ্রন্থটিও মূল নামেই নামকরণ করেছি “ইলা-মাগফিরাহ বা মাগফিরাতের আহ্বান"।
অনুবাদে কতটা সফল হয়েছি তা বিচারের ভার প্রিয় পাঠকের। তবে সাধ্যানুযায়ী চেষ্টা করেছি লেখকের মূলভাব অক্ষুন্ন রাখতে এবং ভুল কমাতে। তারপরও মানুষ হিসেবে ভুল থেকে যাওয়াই স্বাভাবিক। সুতরাং বিজ্ঞ পাঠকের দৃষ্টিতে কোন ভুল পরিলক্ষিত হলে আমাদের জানালে কৃতজ্ঞ থাকব। আর পরবর্তী সংস্করণে তা সংশোধন করে নেব ইন শা' আল্লাহ।
পরিশেষে মহান রবের দরবারে লেখক-অনুবাদক, সম্পাদক-প্রকাশক ও পাঠকসহ গ্রন্থটির সাথে সংশ্লিষ্ট সকলের মাগফিরাত কামনা করছি। আমিন
নিবেদক মাগফিরাতের ভিখারী এনামুল হক মাসউদ psfoundation2001@gmail.com ২৬ নভেম্বর, ২০২১
📄 সূরাতুল ফাতিহা
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে।
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
“সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। বিচার দিবসের মালিক। আমরা আপনারই ইবাদাত করি এবং আমরা আপনার নিকটই সাহায্য চাই। আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন। তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন। যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়।”১।
টিকাঃ
[১]. ফাতিহা- ১: ১-৭
📄 দরূদ শরিফ
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
“হে আল্লাহ! আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবার-পরিজনের উপর, যেরূপ রহমত বর্ষণ করেছেন ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি প্রশংসিত, সম্মানিত। হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর পরিবার-পরিজনের উপর, যেরূপ বরকত নাযিল করেছেন ইবরাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবার-পরিজনের উপর। নিশ্চয় আপনি প্রশংসিত, সম্মানিত."১।
টিকাঃ
[১]. সহিহ বুখারী: হাদিস নং ৩৩৭০; সহিহ মুসলিম: হাদিস নং ৪০৫; সুনানে আবু দাউদ: হাদিস নং ৯৭৮; সুনানে তিরমিজি: হাদিস নং ৪৮৩; সুনানে নাসাঈ: হাদিস নং ১২৮৫; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৯০৩; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৩৯৬
📄 সাইয়্যেদুল ইস্তিগফার
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَى، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
“হে আল্লাহ আপনিই আমার রব, আপনাকে ব্যতীত আর কোন উপাস্য নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি যথাসাধ্য আপনার সঙ্গে করা প্রতিজ্ঞা ও অঙ্গিকারের উপর রয়েছি। আমি আমার সকল কৃতকর্মের কুফল থেকে আপনার নিকট পানাহ চাই। আপনি আমার প্রতি আপনার যে নিয়ামত দান করেছেন তা স্বীকার করছি এবং স্বীকার করছি আমার পাপরাশি। আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না."[১]
টিকাঃ
[১]. সহিহ বুখারী: হাদিস নং ৬৩০৩; সুনানে আবু দাউদ: হাদিস নং ৫০৭০; সুনানে তিরমিজি: হাদিস নং ৩৩৯৩; সুনানে নাসাঈ: হাদিস নং ৫৫২২; সুনানে ইবনে মাজাহঃ হাদিস নং ৩৮৭২; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৭১১১