📘 ইখলাস ২ > 📄 নিয়ত যখন ভালো হবে

📄 নিয়ত যখন ভালো হবে


নিয়ত ভালো হলে আল্লাহ তাআলা আমলে বরকত দেন। অল্প আমলের সওয়াব অনেক বাড়িয়ে দেন। এক ব্যক্তি তার মাথায় লৌহ শিরস্ত্রাণ পরিধান করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল—
: আগে ইসলাম গ্রহণ করব, নাকি জিহাদে অংশ নেব?
নবীজি উত্তর দিলেন—
: প্রথমে ইসলাম গ্রহণ করো, তারপর জিহাদ।
লোকটি ইসলাম গ্রহণ করার পর সে যখন যুদ্ধ করতে গেল তখন সে শাহাদাত বরণ করল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন—
কাজ করেছে খুব অল্প অথচ সওয়াব পেয়েছে অনেক বেশি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাকে দ্বীনি ইলম শেখাচ্ছিলেন তখন ওই ব্যক্তি উটে চড়ে পথ চলছিল, হঠাৎ তার উটের পা ‘ইয়ারবু’র গর্তে ঢুকে যায়। লোকটি পড়ে গেলে উট তার ঘাড় মটকে দেয় এবং সে মৃত্যুবরণ করে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন—
আমল করেছে অল্প; কিন্তু প্রতিদান পেয়েছে অনেক বেশি।

**দুনিয়ার কাজেও সাওয়াব**
নেক নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজেও সওয়াব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন—
কোনো ব্যক্তি যখন সওয়াবপ্রাপ্তির আশায় পরিবার-পরিজনের ওপর খরচ করে তখন তা তার জন্য সদকা হয়ে যায়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাআদ রাজিয়াল্লাহু আনহুকে বলেছিলেন—
তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাই খরচ করো না কেন, এর সওয়াব অবশ্যই তুমি পাবে এমনকি স্ত্রীর মুখে যদি খাবার তুলে দাও, তবুও।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে চার ধরনের মানুষ রয়েছে—
১. যাকে আল্লাহ তাআলা ইলম ও মাল দু’টোই দিয়েছেন। অতঃপর সে তাতে তাকওয়া অনুযায়ী চলে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। মালে যে আল্লাহর হক রয়েছে তা আদায় করে, তাহলে এরূপ ব্যক্তি সবচে বেশি মর্যাদার অধিকারী। (অর্থাৎ যে ব্যক্তি সম্পদ লাভ করার পর তা অন্যায়পথে খরচ করে না; বরং সে এই সম্পত্তি থেকে আত্মীয়-স্বজন ও আল্লাহর অধিকার আদায় করে, এর মাধ্যমে সে তাদের সাথে সুসম্পর্ক রাখে, তাহলে সে বিরাট মর্যাদার অধিকারী)
২. যাকে আল্লাহ ইলম দিয়েছেন; কিন্তু সম্পত্তি দেননি। তবে সে মনেপ্রাণে আফসোস করে বলে আমার যদি সম্পদ থাকত তাহলে অমুকের (প্রথম ব্যক্তি) মত আমিও (সৎকাজে) খরচ করতাম। তাহলে এই ব্যক্তি প্রথম ব্যক্তির অনুরূপই সওয়াব পাবে।
৩. যাকে আল্লাহ শুধু মাল দিয়েছেন। সে এই মালে অন্যায় হস্তক্ষেপ করে, তাতে তাকওয়া অনুযায়ী চলে না এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না এবং মালে আল্লাহর যে হক রয়েছে তাও আদায় করে না। তাহলে সে সবচে নিকৃষ্ট মর্যাদার অধিকারী।
৪. যাকে আল্লাহ মাল ও ইলম কোনোটাই দেননি। সে নিয়ত করে যদি তার মাল থাকত তাহলে সে ওই (তৃতীয়) ব্যক্তির মতো (অন্যায় পথে) খরচ করত। তাহলে সে তৃতীয় ব্যক্তির মতোই নিয়ত করল এবং দুজনের একই রকমের গোনাহ হবে।

টিকাঃ
৩২. সহিহ বুখারি: ২৮০৮; সহিহ মুসলিম: ১৯০০; হাদিসের মূল পাঠ: সহিহ বুখারি
৩০. ইঁদুর জাতীয় একপ্রকার প্রাণী, jerboa.
৩৪. মুসনাদে আহমদ: খণ্ড: ৪, পৃষ্ঠা: ৩৫৭
৩৫. সহিহ বুখারি: ৫৫; সহিহ মুসলিম: ১০০২
৩৬. সহিহ বুখারি : ৫৬; সহিহ মুসলিম : ১৬২৮
৩৭. জামি তিরমিজি ২৩২৫ মুসনাদে আহমদ ৪/১৩০; মান: আলবানি রাহিমাহুল্লাহ একে সহিহ বলেছেন; বিস্তারিত জানতে দেখেন—সহিহূত তিরমিজি, খণ্ড: ২, পৃষ্ঠা: ২৭০

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00